সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের একজনের বয়স ৫ মাস ও আরেকজনের ৮ মাস।
শুক্রবার (১৫ মে) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তারা মৃত্যুবরণ করেছে। এ নিয়ে সিলেটে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে।
শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ (শনিবার) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৫৪ রোগী। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৩৬ জন রোগী ভর্তি রয়েছে। তবে এই সময়ে নমুনা পরীক্ষায় সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।
এদিকে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৩০ শিশুর।