‘জেন জি’ অ্যাক্টিভিস্ট
সেপ্টেম্বরের বিক্ষোভে মৃত্যু: নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
গত বছরের সেপ্টেম্বরে নেপালের জেন-জি নেতৃত্বাধীন সরকার পতনের বিক্ষোভে বেশকিছু প্রাণহানির ঘটনায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ (কেপি) শর্মা ওলিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সময় শনিবার ভোরে রাজধানী কাঠমান্ডুর উপকণ্ঠে নিজ বাসভবন থেকে প্রভাবশালী এই কমিউনিস্ট নেতাকে আটক করা হয়। একই সঙ্গে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখাককেও গ্রেপ্তার করা হয়েছে।
দাঙ্গা প্রতিরোধ সরঞ্জাম পরিহিত পুলিশ সদস্যদের বেশ কয়েকটি ট্রাক দুই নেতার বাসভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কাঠমান্ডু জেলা পুলিশ কার্যালয়ে নিয়ে যায়।
নেপালের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের গ্রেপ্তারের ঘোষণা দিয়েছিলেন।
তিনি বলেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ নন। আমরা সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে নিয়ন্ত্রণে নিয়েছি। এটি কারো বিরুদ্ধে প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার শুরু মাত্র।’
সরকার গঠিত একটি তদন্ত কমিশনের প্রতিবেদনে ওলি, লেখাক এবং বিক্ষোভ চলাকালীন তৎকালীন পুলিশ প্রধানের বিরুদ্ধে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের সুপারিশ করা হয়েছিল।
চলতি মাসের সংসদীয় নির্বাচনে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির বিপুল জয়ের পর র্যাপার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বলেন্দ্র শাহর নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার একদিন পরই এই গ্রেপ্তারের ঘটনা ঘটল। শাহ এবং গুরুং উভয়ই বিক্ষোভে হতাহতদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
গত ৮ ও ৯ সেপ্টেম্বর দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে তরুণ প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া ওই বিক্ষোভে ৭৬ জন নিহত এবং ২ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ আহত হন। উত্তেজিত জনতা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়, থানা এবং শীর্ষ রাজনীতিবিদদের বাসভবনে অগ্নিসংযোগ করলে তারা সামরিক হেলিকপ্টারে করে পালিয়ে যেতে বাধ্য হন। ওই ঘটনার পর নেপালে এটিই ছিল প্রথম নির্বাচন।
‘জেন জি’ অ্যাক্টিভিস্টদের সেই তীব্র গণ-আন্দোলনের মুখে গত ১২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুশীলা কারকিকে নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, যিনি নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেন।
৩ ঘণ্টা আগে