বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশ অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার করার উদ্যোগ নেওয়ার মধ্যে তিনি এ আহ্বান জানান।
টোকিওতে স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টা ৪৫ মিনিটে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রেসিডেন্ট সুসুমু কাতাওকার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান বলে জানিয়েছেন তার উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন।
দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে জাপানের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান, বিশেষ করে উন্নত উৎপাদনশিল্প, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), অটোমোবাইল, নবায়নযোগ্য জ্বালানি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে জাপানের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
বাংলাদেশে জাপানের বিনিয়োগ সম্প্রসারণে জেটরোর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দেশে জাপানি কোম্পানিগুলোর জন্য নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে।
বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উভয় পক্ষ একমত হয়েছে।
এছাড়া দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং বাংলাদেশে জাপানি ভাষা প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠায় জাপানের সহযোগিতা চান তারেক রহমান।
তিনি বলেন, এ ধরনের উদ্যোগ জাপানে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে এবং দুই দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে সহায়তা করবে।