আইইউবি
শিক্ষাক্ষেত্রে ব্যাপক সংস্কারের ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির
শিক্ষাক্ষেত্রে ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থা ও রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ২৭তম সমাবর্তনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়েছিল। এসব মানহীন প্রতিষ্ঠান থেকে উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি হয়েছে এবং বিপুলসংখ্যক সম্ভাবনাময় তরুণ হতাশার মধ্যে পড়েছেন।
অনেক বিশ্ববিদ্যালয়কে ব্যবসা ও অতিরিক্ত মুনাফার কেন্দ্রে পরিণত করা হয়েছিল উল্লেখ করে এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
শুধু বিশ্ববিদ্যালয় বা ডিগ্রিধারীর সংখ্যা দিয়ে উচ্চশিক্ষার সাফল্য পরিমাপ করা যায় না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘শিক্ষার গুণগত মান, সময়োপযোগী পাঠ্যক্রম, যোগ্য শিক্ষক, শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও দক্ষতা এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানই একটি বিশ্ববিদ্যালয়ের সাফল্যের প্রকৃত মাপকাঠি।’
দেশে বিভিন্ন ধারার শিক্ষাব্যবস্থা থাকার কারণে সুযোগ, গুণগত মান ও দক্ষতার ক্ষেত্রে বৈষম্য তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন রাষ্ট্রপতি।
শিক্ষার বিভিন্ন ধারার মধ্যে সমন্বয় করে একটি সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিশ্বব্যাপী প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশকে শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে।
এছাড়া বৈশ্বিক জ্ঞান ও অভিজ্ঞতা গ্রহণের পাশাপাশি দেশের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উচ্চশিক্ষার সঙ্গে শ্রমবাজারের চাহিদার আরও নিবিড় সংযোগ তৈরির কথাও বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, কর্মসংস্থানমুখী ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম তৈরি এবং ব্যবহারিক ও কারিগরি শিক্ষা, বাস্তব অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, ‘তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, দক্ষ কর্মী, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে।’
উচ্চশিক্ষায় গবেষণা ও উদ্ভাবনের গুরুত্বের ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন, নতুন জ্ঞান সৃষ্টি ও উদ্ভাবনে উৎসাহ দেওয়ার পাশাপাশি গবেষণার ফলাফল যেন মানুষের কল্যাণে কাজে লাগে, সেদিকে বিশ্ববিদ্যালয়গুলোকে মনোযোগ দিতে হবে।
১৪ দিন আগে
আইইউবি লাইব্রেরিতে ‘উইন্ডো অন কোরিয়া’
দক্ষিণ কোরিয়া সরকার তাদের জাতীয় গ্রন্থাগারের মাধ্যমে এ বছর বাংলাদেশের ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) লাইব্রেরিতে ‘উইন্ডো অন কোরিয়া’ স্থাপনে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রোগ্রামটি কোরিয়া সম্পর্কিত বই এবং উপকরণ সরবরাহ করে বাংলাদেশে কোরিয়ান সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে বোঝা এবং আগ্রহ বাড়াবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-গুণ আশা প্রকাশ করে বলেছেন, উইন্ডো অন কোরিয়া বাংলাদেশের তরুণদের কোরিয়ান সংস্কৃতি ও ভাষার প্রতি ক্রমবর্ধমান আগ্রহ ও চাহিদাকে আরও ভালোভাবে পূরণ করতে পারবে এবং কোরিয়া ও বাংলাদেশের সাংস্কৃতিক ও জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই প্রোগ্রামের অধীনে, কোরিয়ার ন্যাশনাল লাইব্রেরি প্রথম বছরে ১৫০০ থেকে ৩০০০ ভলিউম পর্যন্ত কম্পিউটার, চেয়ার, ডেস্ক এবং সাইনবোর্ডের মতো সুবিধা সরঞ্জামের খরচ এবং পরবর্তী পাঁচ বছরে কোরিয়া সম্পর্কিত ২০০ ভলিউম বই ও উপকরণ দিবে।
আরও পড়ুন: বাংলাদেশ - দ.কোরিয়ার সমঝোতা স্মারক সই
আইইউবি বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় যারা উইন্ডো অন কোরিয়া স্থাপন করতে যাচ্ছে এবং দ্বিতীয় যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে কোরিয়া ফাউন্ডেশন (কেএফ) এর সহায়তায় কেন্দ্রীয় গ্রন্থাগারে কোরিয়া কর্নার স্থাপন করবে।
এই লাইব্রেরিতে একটি কোরিয়া নিবেদিত বিভাগ করা হবে। উইন্ডো অন কোরিয়া ছাড়াও, কোরিয়ার কিং সেজং ইনস্টিটিউট ফাউন্ডেশনেরসহায়তায় আইইউবি এই বছর একটি কিং সেজং ইনস্টিটিউট নামে একটি কোরিয়ান ভাষা শিক্ষা কার্যক্রমের আয়োজন করবে বলে আশা করা হচ্ছে।
আইইউবি কোরিয়া ও বাংলাদেশের মধ্যে একাডেমিক ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা ২০১৪ সাল থেকে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগে কোরিয়ান সিনেমা অ্যান্ড সোসাইটি কোর্সের মতো বিভিন্ন প্রোগ্রাম প্রদান করে। বিশ্ববিদ্যালয়ের আইইউবি কে-ক্লাব, একটি স্বেচ্ছাসেবী গোষ্ঠী যার ২০০ জনের বেশি সদস্য নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন কোরিয়ান ফিল্ম নাইট এবং কে-পপ উৎসবের আয়োজন করে আসছে।
কোরিয়া দূতাবাসের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়টি কোরিয়ান ভাষায় দক্ষতার পরীক্ষা, কোরিয়ান বক্তৃতা প্রতিযোগিতা এবং অন্যান্য কোরিয়ান সংস্কৃতি সম্পর্কিত প্রোগ্রামগুলোর জন্য নিয়মিত ভ্যেনু প্রদান করে আসছে।
আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদারে আগ্রহী অস্ট্রেলিয়া
১৭৫৭ দিন আগে