বরিশাল
প্রশ্ন কঠিন, ‘শিক্ষকদের সহযোগিতা না পেয়ে’ ভোলায় এইচএসসির কেন্দ্র ভাঙচুর
ভোলার চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও শিক্ষকসহ ৫ থেকে ৭ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।
শনিবার (১১ জুলাই) দুপুর ১টার পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা শেষে এ ঘটনা ঘটে।
কলেজ কর্তৃপক্ষের দাবি, পরীক্ষায় অসাধুপায় অবলম্বনের সুযোগ না দেওয়ায় একদল পরীক্ষার্থী এ হামলা চালায়। তবে বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের অভিযোগ, প্রশ্ন কঠিন হওয়া এবং কক্ষ পরিদর্শকদের কাছ থেকে কোনো সহযোগিতা না পাওয়ার প্রতিবাদেই তারা ক্ষোভ প্রকাশ করেছেন।
চরফ্যাশন মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন বাচ্চু সাংবাদিকদের জানান, আইসিটি পরীক্ষায় ৮৮৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শেষে দুপুর সোয়া ১টার দিকে প্রায় ২০০ পরীক্ষার্থী প্রধান ফটকের সামনে জড়ো হয়ে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকে এবং কলেজ প্রাঙ্গণে ডিম নিক্ষেপ করে।
তিনি বলেন, একপর্যায়ে তারা উত্তর-পশ্চিম পাশের দুটি গেট ভেঙে কলেজে প্রবেশ করে অধ্যক্ষের কার্যালয়ের পেছন দিক থেকে অফিসের জানালার কাচ ভাঙচুর করে। এতে শিক্ষক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ দিন আগে
বঙ্গোপসাগরে ট্রলারডুবির দুই দিন পরও নিখোঁজ ৬ জেলে
পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলের অদূরে বঙ্গোপসাগরে প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের মুখে পড়ে ১১ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার দুই দিন পেরিয়ে যাওয়ার পর ৬ জেলে এখনও নিখোঁজ রয়েছেন।
রবিবার (৫ জুলাই) গভীর রাতে সাগর-বিধৌত উপজেলা রাঙ্গাবালীর মৌডুবী এলাকা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে গভীর সাগরে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া জেলেরা হলেন— বায়েজিদ (৩০), ইমাদুল সিকদার (৪০), নাজমুল (৩০), রাকিব (২২) ও সজিব (২৫)।
এখনও নিখোঁজ রয়েছেন— পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামের ইমাদুল খাঁ (৪৫), খরিদা গ্রামের হারুন (৬০), গজালিয়া ইউনিয়নের আদানী গ্রামের ফরকান (৪৫), সায়েদ (২০), আল-আমিন (৪০) ও গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের আক্কাস (২৫)।
উদ্ধার হওয়া জেলেরা জানান, গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের খরিদা গ্রামের ইমাদুল সিকদারের মালিকানাধীন ট্রলারটি গত শনিবার রাতে ১১ জন জেলেকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সাগরে রওনা হয়।
পরের দিন রবিবার গভীর রাতে সাগরে প্রবল স্রোত ও বিশাল ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে ডুবে যায়। এ সময় জেলেরা ট্রলারের বিভিন্ন অংশ ও একটি বয়া ধরে সাগরের বুকে প্রায় ৬ ঘণ্টা ভেসে ছিলেন।
পরে রাত ৩টার দিকে একই এলাকার ইমাম সিকদারের একটি মাছ ধরার ট্রলার তাদের দেখতে পেয়ে ৫ জনকে জীবিত উদ্ধার করে মৌডুবী এলাকায় নিয়ে আসে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ট্রলারডুবির ঘটনা শুনেছি। ফিরে আসা জেলেদের সঙ্গে আমাদের কথা হয়নি। বিষয়টি গলাচিপা থানার এখতিয়ারভুক্ত বলে জানান তিনি।
৫ দিন আগে
পটুয়াখালীতে পিতাকে ‘হত্যা’, ছেলে আটক
পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘুমন্ত অবস্থায় শিল-পাটার আঘাতে বাবা উত্তম দেবনাথকে (৬০) হত্যা করার অভিযোগে ছেলে তাপস দেবনাথকে (৩৫) আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার দেউলি সুবিদখালী ইউনিয়নের পূর্ব সুবিদখালী (লঞ্চঘাট এলাকা) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত উত্তম পূর্ব সুবিদখালী গ্রামের মহেন্দ্র দেবনাথের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল (বৃহস্পতিবার) রাতে খাবার খেয়ে উত্তম দেবনাথ ও তার ছেলে তাপস নিজ ঘরে ও উত্তম দেবনাথের স্ত্রী কানন দেবনাথ ঘরের পেছনের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। আজ ভোর ৪টার দিকে তাপস ঘুম থেকে উঠে ঘরে থাকা শিল-পাটা দিয়ে উত্তম দেবনাথের কপালের ডান পাশের ভ্রুর ওপর আঘাত করেন।
এ সময় উত্তম চিৎকার করলে তার স্ত্রী ঘরে গিয়ে স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান এবং চিৎকার দেন। পরে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন উত্তম তিনি সেখানে পড়ে রয়েছেন। এ সময় তারা উত্তমের কপালের ডান পাশে ভ্রুর ওপর রক্তাক্ত জখম দেখতে পান।
পরে স্থানীয় ইউপি সদস্য মো. মোশারেফ হোসেন থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ সকাল ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় অভিযুক্ত তাপসকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে তাপসকে আটক করা হয়েছে।
৯ দিন আগে
বরিশালে কিশোরীকে ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড
বরিশালে কিশোরীকে ধর্ষণ মামলায় আলমগীর সিকদার নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। একই সঙ্গে ধর্ষণে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসনের কাছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে আদালতের বিচারক আশরাফ উদ্দিন এ রায় প্রদান করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আলমগীর সিকদার (৫২) বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব কেসবকাঠি গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট একে এম শামসুল হক জানান, ভুক্তভোগী কিশোরী ও আসামি আলমগীর প্রতিবেশী। সেই সুবাদে মেয়েটি তাদের বাড়িতে আসা-যাওয়া করত। ২০২৩ সালের ৩ মার্চ মাদরাসায় নবম শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থী আসামি আলমগীরের বাসায় যায়। এ সময় বাসায় কেউ না থাকায় তাকে ধর্ষণ করেন আলমগীর। পরবর্তীতে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। এরপর তার গর্ভে জন্ম নেয় একটি সন্তান, যার বয়স বর্তমানে ৩ বছর।
এ ঘটনায় ২০২৩ সালের ২১ মে শিশুটির বাবা উজিরপুর থানায় মামলা করেন। ২০২৪ সালের ৩১ মে মামলার তদন্তকারী কর্মকর্তা আলমগীরকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দেন। মামলায় ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই রায় প্রদান করেন। একই সঙ্গে ভুক্তভোগীর গর্ভে জন্ম নেওয়া শিশু ও তার মায়ের ভরণপোষণের দায়িত্ব জেলা প্রশাসনকে দেওয়া হয়।
১০ দিন আগে
ভোলায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থী নিহত, মরদেহ কাঁধে নিয়ে সহপাঠীদের বিক্ষোভ
ভোলার চরফ্যাশন উপজেলায় সড়ক দুর্ঘটনায় লিয়া বেগম (১৫) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনার পর নিহতের মরদেহ কাঁধে নিয়ে চালককে গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সহপাঠীরা।
বুধবার (১ জুলাই) সকালে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান-শশীভূষণ সড়কের জলিল মাঝির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিয়া বেগম হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সফিকুল ইসলামের মেয়ে। স্থানীয় চেয়ারম্যান বাজার ইসলামিয়া আলিম মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।
স্থানীয়রা জানান, সকালে মাদরাসায় যাওয়ার পথে একটি টমটম (মোটরচালিত থ্রি-হুইলার) লিয়াকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর টমটমটি ফেলে চালক পালিয়ে যান।
এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়। পরে চেয়ারম্যান বাজার ইসলামিয়া আলিম মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিহত লিয়ার মরদেহ খাটিয়ায় তুলে কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা ‘আমার বোন ফিরিয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত চালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত টমটমটি জব্দ করে থানায় আনা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
১১ দিন আগে
ইয়াবাসহ যুবক আটক, আর্জেন্টিনা-ব্রাজিলের জার্সি ইস্যুতে বরিশালে তোলপাড়
আর্জেন্টিনার জার্সি পরা এক যুবককে ইয়াবা ট্যাবলেটসহ আটকের পর ছবিতে এআই টুল ব্যবহার করে তাকে ব্রাজিল সমর্থক বানানোর অভিযোগ উঠেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের বিরুদ্ধে। মাদক ব্যবসায়ীকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো ছবি প্রকাশ করেছে তাদের মিডিয়া সেলে।
এ ঘটনায় ব্রাজিল সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মাদক কারবারিকে ফের আর্জেন্টিনার জার্সি পরিয়ে পুনরায় তা প্রকাশ করা হয়েছে।
বিষয়টি দুষ্টমির ছলে করে ফেলেছেন বলে স্বীকার করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের উপপরিদর্শক তানজিল আহমেদ।
এর আগে, সোমবার (২৯ জুন) বিকেল পৌনে ৫টার দিকে নগরীর পলাশপুর কলোনিতে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয় মাদক কারবারি রাসেল হাওলাদারকে (৩৫)।
রাসেল পলাশপুরের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (সোমবার) বিকেলে মোহাম্মদপুর কলোনিতে অভিযান পরিচালনা করেন তারা। এ সময় ওই এলাকার মামুন মিয়ার ঘের-সংলগ্ন এলাকার চিহ্নিত মাদক কারবারি রাসেল হাওলাদারকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
তবে পুলিশের অভিযান টের পেয়ে পালিয়ে যান মূল মাদক কারবারি আঁখি (৩২)। তিনি দক্ষিণ পলাশপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি আরও জানান, এই ঘটনায় পুলিশ বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। মামলায় আটক এবং পলাতক নারীকে আসামি করা হয়েছে।
এদিকে, মাদক কারবারি রাসেলকে গ্রেপ্তারের সময় তার গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল। থানা পুলিশ জার্সি উল্টিয়ে তোলা ছবি বিএমপির মিডিয়া সেলে সরবরাহ করে। মিডিয়া উইংয়ের উপপরিদর্শক তানজিল এআই টুল ব্যবহার করে মাদক কারবারিকে ব্রাজিলের জার্সি পরিয়ে দেন। এমনকি গণমাধ্যমে পাঠানো ই-মেইলে জানানো হয়, ব্রাজিল সমর্থক ইয়াবাসহ আটক হয়েছে। মিডিয়া উইংয়ের সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিয়ে গণমাধ্যমের পক্ষ থেকে নগর পুলিশ কমিশনার আশিক সাঈদকে জানানো হলে পুনরায় সংশোধিত তথ্য প্রকাশ করে মিডিয়া উইং। পাশপাশি এ বিষয়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।
এ বিষয়ে বিএমপির মিডিয়া উইংয়ের উপপরিদর্শক তানজিল আমহেদ বলেন, ‘বিষয়টি ইয়ার্কির ছলে ভুলবশত হয়ে গেছে। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।’
১২ দিন আগে
বরিশালে বকেয়া পরিশোধ ও চাকরির নিরাপত্তার দাবিতে সিমেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ
দুই মাসের বকেয়া পাওনা পরিশোধ এবং কারখানা বিক্রি হলে শ্রমিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা।
রবিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে কারখানার প্রধান ফটক থেকে শ্রমিকদের বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি গ্যাস টার্বাইন এলাকা থেকে রূপাতলী গোলচত্বর পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলা ১১টার দিকে রূপাতলী গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এতে তিন শতাধিক শ্রমিক-কর্মচারী অংশ নেন।
সমাবেশে শ্রমিকরা দুই মাসের বকেয়া মজুরি, ওভারটাইম, নাইট বিল ও সার্ভিস বেনিফিট দ্রুত পরিশোধের দাবি জানান। একই সঙ্গে কারখানা বিক্রি হলে তাদের চাকরি বহাল রেখে কারখানা হস্তান্তরের নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সেলিম সর্দারের সভাপতিত্বে বক্তব্য দেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, বাসদ নেতা গাজী মো. বেল্লাল হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম, অলিম্পিক সিমেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. পাভেল হাওলাদারসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, কারখানা বন্ধের নোটিশের পর গত ১৮ দিন ধরে শ্রমিকরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। বকেয়া পাওনা না পাওয়ায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। তারা আগামী ৩০ জুন জেলা প্রশাসকের সঙ্গে অনুষ্ঠিতব্য ত্রিপক্ষীয় বৈঠকে সমস্যার সমাধান এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ সময়ে শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ৩০ জুনের বৈঠকে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে সব কারখানার শ্রমিকদের নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করা হবে।
১৪ দিন আগে
পটুয়াখালীতে হামলা ও ছিনতাই মামলায় ছাত্রদল সভাপতি কারাগারে
পটুয়াখালীর বাউফলে হামলা, মারধর ও ছিনতাইয়ের মামলায় উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২২ জুন) পটুয়াখালীর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার প্রধান আসামি ফাহাদ জামিন আবেদন করেন। তবে আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন করিম শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী ফাহাদ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের মার্চ মাসে বাউফল পৌর শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে ফজলুল হক মৃধা নামে এক ব্যক্তি বাদী হয়ে বাউফল থানায় মামলাটি করেন।
এজাহারে বাদীর অভিযোগ, পূর্ব বিরোধের জেরে উপজেলা ছাত্রদলের সভাপতি দলবল নিয়ে বাদী, তার ভাই ও সহযোগীদের ওপর হামলা চালান। এ সময় তার দোকানের ভেতরে প্রবেশ করে ভাঙচুর, মারধর এবং নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়। হামলায় আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওই ঘটনায় ফাহাদকে প্রধান আসামি করে মোট ৭ জনের নামে মামলা করা হয়।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পুলিশ বিস্তারিত তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেবে।
২০ দিন আগে
ভোলায় দুবার কবর খোঁড়া হলেও বাবার মরদেহ দাফনে বাধা
ভোলার চরফ্যাশনে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে বাবার মরদেহ দাফনকে কেন্দ্র করে চরম উত্তেজনা, সংঘর্ষ ও নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যদের বাধার মুখে দুইবার কবর খোঁড়া হলেও দীর্ঘ সময় মরদেহ দাফন করা সম্ভব হয়নি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর হস্তক্ষেপে জানাজা শেষে তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করা হয়।
শনিবার (২০ জুন) চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন রসুলপুর ৩ নম্বর ওয়ার্ডে নিহত জলিল পণ্ডিতের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জলিল পণ্ডিত জীবদ্দশায় চারটি বিয়ে করেছিলেন। বর্তমানে তার দুই স্ত্রী ও সাত ছেলেমেয়ে রয়েছেন। গত শুক্রবার রাতে তার মৃত্যু হলে স্বজনরা গতকাল (শনিবার) সকালে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি নেন। এ সময় কয়েকজন সন্তান দাফনে আপত্তি জানান। তাদের অভিযোগ, মৃত্যুর আগে জলিল পণ্ডিত তার সম্পত্তির একটি বড় অংশ ছোট স্ত্রীর মেয়ে খাদিজা আক্তারের নামে দলিল করে দিয়েছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারের মধ্যে বিরোধ চলছিল।
অভিযোগ রয়েছে, সেই বিরোধের জের ধরেই কয়েকজন সন্তান বাবার মরদেহ দাফনে বাধা দেন। প্রথমে পারিবারিক কবরস্থানে কবর খোঁড়া হলেও সেখানে মরদেহ দাফন করতে দেওয়া হয়নি। পরিস্থিতি জটিল হয়ে পড়লে পরিবারের অন্য সদস্যরা বাড়ির উঠানে দ্বিতীয়বার কবর খোঁড়েন। কিন্তু সেখানেও আপত্তি জানানো হয়। একপর্যায়ে মরদেহ বাড়ির উঠানে রেখে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক, ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দাফনকে কেন্দ্র করে কয়েক ঘণ্টা ধরে উত্তেজনা বিরাজ করে। মরদেহ দাফন নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে একাধিক দফায় বাগ্বিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এমনকি মরদেহ বাড়ির উঠানে রেখে ভাইবোনদের মধ্যে মারামারিও হয়।
খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে, পুলিশের উপস্থিতিতেও কয়েক দফা উত্তেজনা ও হাতাহাতি হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উভয় পক্ষকে শান্ত করার উদ্যোগ নেন।
দীর্ঘ আলোচনার পর স্থানীয়দের মধ্যস্থতায় বিরোধের অবসান ঘটে। পরে বাড়ির উঠানে দ্রুত জানাজা শেষে জলিল পণ্ডিতের গতকাল বিকেলে মরদেহ দাফন করা হয়।
এদিকে, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সম্পত্তি নিয়ে বিরোধের কারণে একজন মৃত ব্যক্তির দাফন বিলম্বিত হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। অনেকেই এমন ঘটনাকে মানবিক মূল্যবোধের চরম অবক্ষয় হিসেবে উল্লেখ করেছেন।
পুলিশ জানায়, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়েরের তথ্য পাওয়া যায়নি। তবে, ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
জীবদ্দশায় সম্পত্তি নিয়ে যে বিরোধের সূচনা হয়েছিল, মৃত্যুর পরও তার অবসান হয়নি। বাবার মরদেহ দাফনকে কেন্দ্র করে সন্তানদের সংঘর্ষে হতবাক রসুলপুরবাসী।
২১ দিন আগে
খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সেই সোহাগ মৃধা গ্রেপ্তার
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামে একটি গরু উপহার দিয়ে আলোচনায় আসা মো. সোহাগ মৃধাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মারামারি, হত্যাচেষ্টা, নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৪ জুন) গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সোহাগ মৃধা উপজেলার ৩ নম্বর আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১০ জুন বিকেল সাড়ে ৪টার দিকে সারমিন সুলতানা, তার স্বামী শাহরিয়ার আহম্মেদ এবং ননদ মাহিনুর বেগম তাদের বাড়ির বৈঠকখানায় বসে পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে সোহাগ মৃধাসহ কয়েকজন অভিযুক্ত সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে প্রবেশ করে হামলা চালান।
মামলার এজাহার অনুযায়ী, হামলাকারীরা শাহরিয়ার আহম্মেদকে টেনে-হিঁচড়ে উঠানে নিয়ে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে সোহাগ মৃধা হাতে থাকা ধারালো দা দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দেওয়ার চেষ্টা করেন। তিনি সরে যাওয়ায় কোপটি তার বাঁ চোখের ভ্রুর ওপর লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
এ সময় শাহরিয়ার আহম্মেদকে রক্ষা করতে এগিয়ে গেলে সারমিন সুলতানা ও মাহিনুর বেগমও হামলার শিকার হন। হামলার সময় মাহিনুর বেগমের গলায় থাকা প্রায় এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এছাড়া সে সময় দুই নারীর শ্লীলতাহানির ঘটনাও ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পরে ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। সে সময় অভিযুক্তরা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় মির্জাগঞ্জ থানায় মামলা করা হয়েছে। মামলাটির তদন্ত করছেন উপপরিদশর্ক (এসআই) অনুপ দাস।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর সোহাগ মৃধার পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে মারামারি, পর্নোগ্রাফি, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি, মাদক ও চুরিসহ একাধিক মামলা বিচারাধীন থাকার তথ্য পাওয়া গেছে। এছাড়া মির্জাগঞ্জ থানার একটি মামলায় তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোহিদুজ্জামান জানান, গ্রেপ্তার সোহাগ মৃধাকে আজ (রবিবার) আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
২০২৫ সালে প্রয়াত সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়াকে কালা মানিক নামের একটি গরু ঈদে উপহার দিয়েছিলেন সোহাগ মৃধা। ট্রাকে করে সাজিয়ে ঢাকা নেওয়ার পর খালেদা জিয়া গরুটি উপহার হিসেবে গ্রহণ করেন। পরে এলাকার নেতাকর্মীদের নিয়ে ঈদ করার জন্য গরুটি সোহাগকে ফেরত দেওয়া হয়। তবে এ বছর পরে কালা মানিক গরুটি ঢাকায় নিয়ে ২১ লাখ টাকায় বিক্রি করেছেন সোহাগ।
২৮ দিন আগে