খুলনা
খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার
খুলনার পূর্ব রূপসায় পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবুর সহযোগী রাজু মোড়ল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) ভোর ৫টার দিকে তাকে উপজেলার রামনাগর থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের ইমান আলী মোড়লের ছেলে।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, পুলিশ এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্রেপ্তার রাজু মোড়ল খুলনার একটি বিশেষ বাহিনীর সদস্য। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। বৃহস্পতিবার রাতে বাড়িতে আসে। এমন সংবাদ পেয়ে পুলিশ বাড়িতে অভিযান চালিয়ে তাকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, ‘গ্রেপ্তার রাজু মামুন মীর হত্যা মামলার সন্দেহভাজন আসামি। আমরা তাকে খুঁজছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে রাতে তাকে গ্রেপ্তার করা হয়।’
তিনি আরও বলেন, ‘রাজু মোড়ল খুলনার শীর্ষ সন্ত্রাসী বাহিনী ‘‘গ্রেনেড বাবুর’’ অন্যতম সক্রিয় সদস্য। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি।’
৩৫ মিনিট আগে
খুলনায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম
খুলনায় ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে গুরুতর জখম হয়েছেন শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক।
শুক্রবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান শেষে রিকশায় পুলিশ ক্লাবে যাওয়ার পথে তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় তার দুই হাতের কব্জির ওপর চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে তারা।
তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
১ ঘণ্টা আগে
সুন্দরবনে ১০ আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার
সুন্দরবনের শেলা নদী এলাকায় অভিযান চালিয়ে ডাকাতদের ব্যবহৃত ১০টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে এ সময় ডাকাতদলের কোনো সদস্যকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) কোস্ট গার্ডের মোংলা বেইসের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
এর আগে গতকাল (বু্ধবার) রাতে বাগেরহাটের মোংলা উপজেলায় সুন্দরবনের শেলা নদী ফরেস্ট অফিস-সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ছয়টি একনলা বন্দুক, তিনটি এয়ারগান ও একটি পাইপগানের ট্রিগার। এছাড়া ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এগুলোর বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, শেলা নদী ফরেস্ট অফিস-সংলগ্ন এলাকায় একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সেখানে বিশেষ অভিযান চালানো হয়।
এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা সুন্দরবনের গহিনে পালিয়ে যান। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ছয়টি একনলা বন্দুক, তিনটি এয়ারগান, একটি পাইপগানের ট্রিগার ও ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, সুন্দরবনে সক্রিয় সব বনদস্যু বাহিনী নির্মূল ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামের দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।
২১ ঘণ্টা আগে
ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার
কুষ্টিয়া সীমান্ত দিয়ে নৌপথে ভারতে পাচারকালে ৯ হাজার ২৫০ কেজি সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল (রবিবার) দিবাগত রাত ১টার দিকে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুরাতন ঠোটারপাড়া নদী নামের এক জায়গায় বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে।
এ সময় নৌপথে ভারতে পাচারকালে মালিকবিহীন ৩ হাজার ৫০০ কেজি এমওপি, ৪ হাজার কেজি টিএসপি ও ১ হাজার ৭৫০ কেজি ফসফেটসহ মোট ৯ হাজার ২৫০ কেজি সার উদ্ধার করা হয়।
সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ এবং দেশের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
৪ দিন আগে
গরু চোর সন্দেহে সংঘবদ্ধ পিটুনি, হাসপাতালে মৃত্যু
যশোরের চৌগাছায় গরু চুরির সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে মিজানুর রহমান (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন।
সোমবার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধাঈন মিজানুরের মৃত্যু হয়। এর আগে রাত সাড়ে ৩টার দিকে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামে তাকে পিটুনি দেওয়া হয়।
নিহত মিজানুর রহমান কুষ্টিয়ার বাটকেমারি গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত সাড়ে ৩টার দিকে বাঘারদাড়ি গ্রামের সেকেন্দার আলীর ছেলে ইদ্রিস আলীর বাড়িতে তিনজনের একটি দল প্রবেশ করে। তারা গোয়ালঘরের তালা ভাঙার চেষ্টা করলে বিষয়টি ইদ্রিস টের পান। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের ধাওয়া করেন।
একপর্যায়ে দুজন পালিয়ে গেলেও স্থানীয়রা মিজানুর রহমানকে ধরে ফেলেন। পরে বিক্ষুব্ধ জনগণ তাকে সংঘবদ্ধভাবে পিটুনি দিলে তিনি গুরুতর আহত করে।
খবর পেয়ে চৌগাছা থানার পুলিশ মিজানুর রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানেই তার মৃত্যু হয়।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রেজা উদ্দিন বলেন, অতিরিক্ত আঘাতের কারণে শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গরুর মালিক ইদ্রিস আলী বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়ে তিনি গোয়ালঘরে তিনজনকে তালা ভাঙতে দেখেন। এ সময় চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাদের ধাওয়া করে একজনকে ধরে ফেলেন। বাকি দুজন পালিয়ে যান।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ময়নাতদন্তের জন্য দেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৪ দিন আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন
চুয়াডাঙ্গায় মাদক মামলায় জালাল মালিথা (৫১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৮ মার্চ চুয়াডাঙ্গা সদর উপজেলার অ্যাকাডেমি মোড়ে সোনারতরী এক্সপ্রেস বাসে তল্লাশি চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় জালাল মালিথার হাতে থাকা ব্যাগ থেকে ৮৯৯ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।
পরে ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয় এবং তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত জালাল মালিথাকে দোষী সাব্যস্ত করে রায় দিলেন। জব্দ করা মাদকদ্রব্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশও দিয়েছেন আদালত।
৫ দিন আগে
স্থায়ী ভিটা না থাকায় নিয়োগপত্র পাননি যুবক: মন্ত্রীকে সুপারিশ প্রধানমন্ত্রীর সহকারীর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও শুধু স্থায়ী বসতভিটা না থাকায় নিয়োগপত্র পাননি ঝিনাইদহ সদর উপজেলার যুবক মিশন আচার্য। গণমাধ্যম থেকে বিষয়টি জানার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন তার নিয়োগ নিশ্চিত করার অনুরোধ জানিয়ে শিক্ষামন্ত্রীকে ডিও লেটার বা আধা-সরকারি সুপারিশপত্র পাঠিয়েছেন।
রবিবার (৪ অক্টোবর) পাঠানো ওই ডিও লেটারে রাশেদ খাঁন উল্লেখ করেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও স্থায়ী বসতভিটা না থাকার কারণে ঝিনাইদহ সদর উপজেলার চাকরিপ্রার্থী মিশন আচার্য নিয়োগপত্র পাননি মর্মে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।’
তিনি আরও লিখেছেন, ‘আমি আমার নিজ জেলা ঝিনাইদহের সদর উপজেলার স্থায়ী বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, মিশন আচার্য সদর উপজেলার কলাবাগানে জন্মলগ্ন থেকে বসবাস করছেন। তিনি এই এলাকাতেই জন্মগ্রহণ করেছেন এবং আজ পর্যন্ত এই এলাকাতেই ভাড়া বাসায় বসবাস করছেন।’
চিঠিতে মিশন আচার্যের সংগ্রামের কথা তুলে ধরে বলা হয়, ছোটবেলা থেকেই তিনি পিতৃহীন। নানা প্রতিকূলতা সত্ত্বেও তার মা অনেক কষ্টে তাকে পড়াশোনা করিয়েছেন। পরবর্তীতে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে চূড়ান্তভাবে উত্তীর্ণ হন।
স্থানীয় অনুসন্ধানে তার বিরুদ্ধে কোনো প্রকার নেতিবাচক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যায়নি বলেও ডিও লেটারে উল্লেখ করা হয়।
সব তথ্য ও মানবিক দিক বিবেচনায় এনে বিধি মোতাবেক মিশন আচার্যকে সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষামন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানান রাশেদ খাঁন।
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এমন উদ্যোগের খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়রা আশা করছেন, এই মানবিক পদক্ষেপের মাধ্যমে একজন যোগ্য ও মেধাবী তরুণ তার প্রাপ্য অধিকার ফিরে পাবেন।
৫ দিন আগে
মোটরসাইকেলে পিকআপ ভ্যানের ধাক্কা, স্কুলছাত্র নিহত
যশোরের চৌগাছায় পিকআপ ভ্যানের ধাক্কায় জুবায়ের হোসেন (১৫) নামের এক স্কুলছাত্র নিহত ও আরও দুই স্কুলছাত্র আহত হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের ফাসতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুবায়ের হোসেন চৌগাছা উপজেলার চাঁদপাড়া গ্রামের আলীম দাফাদারের ছেলে। আহতরা হলো একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে লিখন (১৫) ও ওসিমের ছেলে ফাহিম (১৫)। তারা সবাই চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে তিন বন্ধু মোটরসাইকেলে করে প্রাইভেট পড়তে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানসহ চালক পালিয়ে যান।
পরে স্থানীয় পথচারীরা আহতদের উদ্ধার করে সকাল ৮টার দিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন। আহত লিখন ও ফাহিমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, নিহতের দেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটি শনাক্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
৫ দিন আগে
সাতক্ষীরায় ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
সাতক্ষীরায় মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন জাকারিয়া খান (১৯) নামের এক কলেজছাত্র।
শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ অফিস মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত তরুণ শহরের কাটিয়া এলাকায় রুচিরা বেকারির মালিক আব্দুল গফুর খানের ছেলে। তিনি সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন।
নিহতের ফুফাতো ভাই সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ শাহীন জানান, গতকাল (শুক্রবার) সন্ধ্যায় প্রাণিসম্পদ অফিস মোড়ে যুবদল ও ছাত্রদলের নবঘোষিত কমিটির পরিচিতি সভা ছিল। রাত ১০ টার দিকে ওই সভা শেষ হয়। সভা শেষে আমার মামাতো ভাই জাকারিয়া খান পশু হাসপাতাল গেটে কয়েকজনের সঙ্গে চা পান করছিলেন। ওই সময় কিছু বখাটের সঙ্গে চায়ের দোকানদারের কথা কাটাকাটি হয়।
তিনি আরও বলেন, একপর্যায়ে পরিস্থিতি খারাপ দেখে জাকারিয়া চায়ের দোকানদারকে রক্ষা করার জন্য মারামারি ঠেকাতে যান। ওই সময় তাদের মধ্যে একজন জাকারিয়ার বুকে ও পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তখন স্থানীয় দোকানদার ও পথচারীরা তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত সাড়ে ১২টার দিকে জাকারিয়ার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. শাহীদুর রহমান বলেন, নিহতের দেহ ময়নাদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরা যাচাই করে আসামিকে শনাক্ত করার চেষ্টা চলছে।
৬ দিন আগে
বাগেরহাট কারাগারে গলায় খাবার আটকে হাজতির মৃত্যু
বাগেরহাট জেলা কারাগারে খাবার খাওয়ার সময় গলায় খাবার আটকে চাঁন মিয়া ফকির (৪৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে কারাগারে সকালের খাবার খাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
চাঁন মিয়া বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের হেলাল উদ্দিন ফকিরের ছেলে।
বাগেরহাট জেলা কারাগারের সুপার মো. মোস্তফা কামাল জানান, আজ (শুক্রবার) সকালে বন্দিরা খাবার খাওয়ার সময় হঠাৎ চাঁন মিয়ার শ্বাসনালিতে খাবার আটকে যায়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে চিকিৎসার জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কারাগার সুপার আরও জানান, কারা বিধি অনুযায়ী সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার জানান, অসুস্থ অবস্থায় কারাগার থেকে হাজতি চাঁন মিয়াকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, গত ২৬ সেপ্টেম্বর বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় আদালতের মাধ্যমে তাকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়।
৭ দিন আগে