বিশ্ব
পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৫
পাকিস্তানের মধ্যাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে পাঁচজন নিহত ও ৩৫ জন আহত হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে পাঞ্জাব প্রদেশের শের শাহ শহরে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে বলে দেশটির পুলিশ ও রেলওয়ের মুখপাত্র জানিয়েছেন।
মুখপাত্র কলিম আখতার বলেন, ট্রেনটি দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচি থেকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে যাওয়ার পথে পাঞ্জাব প্রদেশের শের শাহ শহরে লাইনচ্যুত হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও প্যারামেডিকদের পাঠানো হয়। উদ্ধারকর্মীরা ট্রেনের ১৪টি বগি থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন এবং আহতদের সরিয়ে নেন।
আহতদের হাসপাতালে নেওয়ার আগেই আরও একজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
এ ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
পাকিস্তানে প্রায়ই ট্রেন দুর্ঘটনা ঘটে। কয়েক দশক ধরে রেল খাতে পর্যাপ্ত বিনিয়োগের অভাব, পুরোনো রেললাইন ও সংকেতব্যবস্থার কারণে দেশটির রেলব্যবস্থা নানা সমস্যায় ভুগছে।
এর আগে ২০২৩ সালে পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত হয়। ওই দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ৯০ জনের বেশি আহত হয়।
৫ দিন আগে
অর্থনৈতিক সংকট মোকাবিলার ধারণা বদলে নোবেল পেলেন ২ অর্থনীতিবিদ
অর্থনৈতিক ধাক্কা সামাল দেওয়ার মডেল নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে এ বছর অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া দুই অর্থনীতিবিদ রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড।
তাদের গবেষণায় তৈরি মডেলগুলো জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির মতো অর্থনৈতিক ধাক্কা সামলাতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সহায়তা করেছে।
সোমবার (১২ অক্টোবর) স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বিজয়ীদের নাম ঘোষণা করে বলে, এই দুই অর্থনীতিবিদের গবেষণা অর্থনৈতিক উত্থান-পতন মোকাবিলায় নীতিনির্ধারকদের সহায়তা করছে।
এক বিবৃতিতে একাডেমি আরও বলেছে, ‘বিজয়ীরা অর্থনীতির উত্থান-পতন মসৃণ করতে আমাদের সহায়তা করেছেন।’
রবার্ট ই হল ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং মাইকেল উডফোর্ড নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত।
এদিন নিউইয়র্ক থেকে ফোনে পুরস্কার কমিটির সঙ্গে কথা বলেন উডফোর্ড। তিনি বলেন, ‘এটি অত্যন্ত সম্মানের বিষয়, একই সঙ্গে বিস্ময়কর।’
অর্থনীতিতে পুরস্কার দেওয়ার কমিটির চেয়ারম্যান জন হাসলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘বিজয়ীদের কাজ এমন মডেলের স্থিতিশীল তাত্ত্বিক ভিত্তি তৈরি করেছে, যা এখন বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও সরকার ব্যবহার করছে।’
তিনি আরও বলেন, ‘এসব মডেলের মাধ্যমে জ্বালানি সংকট কিংবা পরিবারের ভোগব্যয়ের আকস্মিক পরিবর্তনের মতো অর্থনৈতিক ধাক্কা মোকাবিলায় আমরা আরও ভালোভাবে প্রস্তুত।’
সরাসরি সম্প্রচারিত সংবাদ সম্মেলনে ফোনে দেওয়া বক্তব্যে উডফোর্ড বলেন, তার গবেষণায় ‘বাজারে থাকা ও ব্যয়সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া মানুষদের বোঝার’ ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘সরকার কী করছে, তা জনগণকে বোঝানোর সুযোগ তৈরি করে—এমন একটি কাঠামো গড়ে তোলাও গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। বিশ্লেষণধর্মী কাঠামো তৈরির অন্যতম প্রধান লক্ষ্য ছিল শুধু মানুষের ওপর এটি প্রয়োগ করা নয়, বরং কেন কী করা হচ্ছে, তা মানুষকে বোঝানোও।’
গত বছর ব্যবসায়িক উদ্ভাবন নিয়ে গবেষণার জন্য তিনজন গবেষক এই পুরস্কার পেয়েছিলেন। নতুন পণ্য ও উদ্ভাবন কীভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানুষের কল্যাণ বৃদ্ধি করে, এমনকি পুরোনো কোম্পানিগুলোকে পেছনে ফেলে দেয়—তা ব্যাখ্যা করেছিলেন তারা।
পুরস্কারটির আনুষ্ঠানিক নাম ‘আলফ্রেড নোবেলের স্মরণে অর্থনৈতিক বিজ্ঞানে ব্যাংক অব সুইডেন পুরস্কার’। ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক এ পুরস্কার চালু করে। এর আগে ঊনবিংশ শতাব্দীর সুইডিশ ব্যবসায়ী ও রসায়নবিদ আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেন এবং পাঁচটি নোবেল পুরস্কার প্রতিষ্ঠা করেন।
নোবেল পুরস্কারের বিশুদ্ধতা নিয়ে যারা কঠোর অবস্থান নেন, তারা মনে করিয়ে দেন, অর্থনীতির এই পুরস্কার আসলে নোবেল পুরস্কার নয়। তবে নোবেলের মৃত্যুবার্ষিকী ১০ ডিসেম্বর অন্য পুরস্কারগুলোর সঙ্গে এটিও দেওয়া হয়।
গত সপ্তাহে চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
এ বছর পুরস্কারের অর্থমূল্য এক কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান। একজন ব্যক্তি, একাধিক বিজয়ীর ছোট দল কিংবা কোনো সংস্থা—পুরস্কার যে-ই পাক, অর্থমূল্য একই থাকবে।
৬ দিন আগে
খাইবার পাখতুনখোয়া সরকারের কার্যক্রম স্থগিত, জরুরি অবস্থা জারি
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। সেই সঙ্গে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের নেতৃত্বাধীন প্রাদেশিক সরকারের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
ইমরান খানের মুক্তির দাবিতে তার সমর্থকদের আফগানিস্তান সীমান্তবর্তী প্রদেশটি থেকে ইসলামাবাদ অভিমুখে পরিকল্পিত লংমার্চের আগে এ পদক্ষেপ নেওয়া হলো।
রবিবার (১১ অক্টোবর) প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মন্ত্রিসভার সুপারিশে জারদারি এ সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে প্রদেশটির নিয়ন্ত্রণ এখন গভর্নরের হাতে, যিনি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
এর কয়েক ঘণ্টা আগে শেহবাজ শরিফের কার্যালয় জানায়, কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রদেশটিতে জরুরি শাসন জারির সুপারিশ করেছে। তাদের অভিযোগ, প্রাদেশিক সরকার ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই থেকে ইচ্ছাকৃতভাবে নিজেদের সরিয়ে রেখেছে’।
খাইবার পাখতুনখোয়ার সরকারের কার্যক্রম স্থগিতের ঘটনায় কোনো বিক্ষোভের খবর পাওয়া যায়নি। তবে গতরাতে ইমরান খানের দল পিটিআইয়ের কয়েকজন সমর্থককে আটক করেছে পুলিশ। অস্থিরতা ঠেকাতে খাইবার পাখতুনখোয়া ও ইসলামাবাদে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে সম্ভাব্য সমাবেশ ঠেকাতে গত মাস থেকেই ইসলামাবাদের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশ শিপিং কনটেইনার বসিয়ে রেখেছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং রাজধানী ও পাশের রাওয়ালপিন্ডির বাসিন্দাদের দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে।
ইমরান খানের মুখপাত্র জুলফিকার বুখারি প্রাদেশিক সরকার স্থগিতের নিন্দা জানিয়ে একে ছদ্মবেশী অভ্যুত্থান বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ২০২৪ সালের ফেব্রুয়ারির নির্বাচনের পর খাইবার পাখতুনখোয়ার সরকারই ছিল একমাত্র সরকার, যার প্রকৃত জনসমর্থন রয়েছে। ওই নির্বাচন কারচুপির মাধ্যমে হয়েছে বলে অভিযোগ করে আসছে ইমরান খানের দল।
বুখারি এক বিবৃতিতে বলেন, ‘এখন গণতন্ত্রের যে সামান্য অংশটুকু অবশিষ্ট ছিল, সেটিও চলে গেল।’
প্রদেশটির মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি শনিবার সমর্থকদের ইসলামাবাদ অভিমুখে লংমার্চের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। গত সপ্তাহে কয়েকটি জেলায় পদযাত্রা করে তিনি এ প্রতিবাদ কর্মসূচি শুরু করেন। আফ্রিদি ও তার সাবেক মন্ত্রিসভার সদস্যদের আটক করা হয়েছে বলেও জানিয়েছে পিটিআই।
ইমরানের দল পিটিআই ও কেন্দ্রীয় সরকার গত সপ্তাহে লংমার্চ স্থগিত করা নিয়ে আলোচনা করলেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। দলটির চেয়ারম্যান গওহর খান কয়েক দিন আগে জানান, দুই দফা আলোচনার পরও আলোচনা অচলাবস্থায় রয়েছে।
উত্তর-পশ্চিমাঞ্চলে পাকিস্তানি তালেবানের হামলা বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে শেহবাজ শরিফের সরকার গত মাস থেকেই আফ্রিদিকে পদযাত্রা স্থগিত করার আহ্বান জানিয়ে আসছে। ইমরান খানের দল তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামেও পরিচিত সশস্ত্র গোষ্ঠীটির প্রতি সহানুভূতিশীল বলেও অভিযোগ করেছে সরকার।
রাজনৈতিক বিশ্লেষক আজিম চৌধুরী বলেন, জরুরি অবস্থা জারির ফলে গভর্নর ফয়সাল করিম কুন্দি প্রাদেশিক সরকারের প্রধান নির্বাহীর ক্ষমতা পেয়েছেন। এর মধ্য দিয়ে ইমরানের দল একমাত্র যে প্রদেশে ক্ষমতায় ছিল, সেখান থেকেও তাদের সরিয়ে দেওয়া হয়েছে। প্রাদেশিক পরিষদ ও আফ্রিদির মন্ত্রিসভা স্থগিত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে জঙ্গি সহিংসতা বেড়েছে। এসব হামলার বেশির ভাগের জন্য টিটিপিকে দায়ী করা হয়। গোষ্ঠীটি আফগান তালেবান থেকে আলাদা হলেও তাদের ঘনিষ্ঠ মিত্র।
২০২১ সালে প্রতিবেশী আফগানিস্তানে তালেবান আবারও ক্ষমতায় ফেরে। তার পর থেকে ইসলামাবাদ বারবার অভিযোগ করেছে, আফগানিস্তানের তালেবান সরকার টিটিপি যোদ্ধাদের আশ্রয় দিচ্ছে। তবে কাবুল এ অভিযোগ অস্বীকার করেছে।
৭ দিন আগে
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
আন্তর্জাতিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সাবেক প্রধান ও আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক নাভানেথেম ‘নাভি’ পিল্লাই।
শুক্রবার (৯ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ইয়োরগেন ওয়াটনে ফ্রাইদনেস বিজয়ী হিসেবে ৮৫ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান বিচারকের নাম ঘোষণা করেন।
শান্তি প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক আইনের প্রসারে তার অসামান্য অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত সকল মানুষের জন্য পিল্লাইয়ের কর্মজীবন আশা ও অনুপ্রেরণার এক অনন্য উৎস।’
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নোবেল কমিটি উল্লেখ করে, ‘সংঘাত ও যুদ্ধের সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং আন্তর্জাতিক আদালতের বিচারক ও আইনি প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক আক্রমণের মুখে পড়ার এই কঠিন সময়ে আন্তর্জাতিক আইনের গুরুত্ব মনে করিয়ে দিতেই এই পুরস্কার দেওয়া হয়েছে। আন্তর্জাতিক আইন মেনে বলপ্রয়োগ বা সহিংসতা ছাড়াই যেকোনো সংকট সমাধান করা সম্ভব।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘শান্তিপূর্ণ বিশ্বের অন্যতম পূর্বশর্ত হলো এমন একটি আন্তর্জাতিক আইনি ব্যবস্থা যেখানে যুদ্ধাপরাধীদের জবাবদিহিতার আওতায় আনা হয় এবং ভুক্তভোগীরা ন্যায়বিচার পান।’
এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৭টি মনোনয়ন জমা পড়েছিল, যার এক-চতুর্থাংশের বেশি ছিল বিভিন্ন প্রতিষ্ঠান। বিশেষজ্ঞদের মতে, টেকসই শান্তি, আন্তর্জাতিক ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি এবং শান্তিকামী সংস্থাগুলোর নীরব ও ধারাবাহিক কাজকে নোবেল কমিটি সবসময় অগ্রাধিকার দিয়ে থাকে।
গত বছর দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলায় গণতান্ত্রিক উত্তরণের সংগ্রামে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কার পান দেশটির বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো। অন্ধকারের মাঝেও গণতন্ত্রের শিখা জ্বালিয়ে রাখার অনন্য সাহসিকতার জন্য তাকে সম্মানিত করা হয়েছিল।
বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, জাতীয় পর্যায়ের রাজনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পররাষ্ট্র নীতিবিষয়ক ইনস্টিটিউটের পরিচালক, সাবেক নোবেলজয়ী এবং নোবেল কমিটির সদস্যরা বিশিষ্ট ব্যক্তি ও সংস্থাকে এই পুরস্কারের জন্য মনোনীত করে থাকেন।
এর আগে, চলতি সপ্তাহে আরও চারটি বিভাগে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। চিকিৎসাবিজ্ঞানে আলো ব্যবহারের মাধ্যমে মস্তিষ্কের কার্যপ্রণালী উন্মোচনের পদ্ধতি আবিষ্কার করায় তিন বিজ্ঞানী চিকিৎসায় নোবেল লাভ করেন। পদার্থবিজ্ঞানে বিরল নিউট্রিনো কণার রহস্য উন্মোচনের স্বীকৃতি পান এক বিজ্ঞানী। রসায়নশাস্ত্রে অণুর প্রতিবিম্ব রূপ উন্মোচনের মাধ্যমে নতুন ওষুধ উদ্ভাবনের পথ সুগম করায় পুরস্কার পান দুই বিজ্ঞানী।
অন্যদিকে, ধ্রুপদী ও আধুনিক সাহিত্যের সংমিশ্রণে অনন্য রচনার জন্য গত বৃহস্পতিবার নোবেল সাহিত্য পুরস্কার অর্জন করেন কানাডীয় কবি ও অনুবাদক অ্যানে কার্সন। আগামী সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।
এ বছর বিজয়ী ব্যক্তি বা সংস্থা পুরস্কারমূল্য হিসেবে পাবেন ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার)।
১২৫তম বর্ষে নোবেল শান্তি পুরস্কার
১৯০১ সালে প্রবর্তনের পর থেকে এ বছর নোবেল শান্তি পুরস্কার ১২৫তম বার্ষিকীতে পদার্পণ করেছে। এ পর্যন্ত ১১২ জন ব্যক্তি ও ২৮টি প্রতিষ্ঠানকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে রেড ক্রস তিনবার এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) দুইবার এ পুরস্কার পেয়েছে।
বিশ্বযুদ্ধের সময়সহ মোট ১৯ বার এই পুরস্কার প্রদান স্থগিত ছিল। ১৯৪৮ সালে মহাত্মা গান্ধী হত্যাকাণ্ডের শিকার হওয়ার বছরও কাউকেই পুরস্কৃত করা হয়নি। উল্লেখ্য, তাকে মোট ১২ বার মনোনীত করা হলেও তিনি কখনও নোবেল পাননি।
এমনকি ১৯৩৯ সালে সুইডেনের এক সংসদ সদস্য অ্যাডলফ হিটলারের নাম নোবেল শান্তির জন্য প্রস্তাব করেছিলেন, যদিও পরে তিনি এটি নিছক কৌতুক ছিল জানিয়ে তা প্রত্যাহার করে নেন।
৯ দিন আগে
সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় কবি ও প্রাবন্ধিক অ্যান কারসন
কানাডীয় কবি ও প্রাবন্ধিক অ্যান কারসন সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। ‘ধ্রুপদী ঐতিহ্যের সঙ্গে সরস সংলাপের মধ্য দিয়ে সমকালীন সাহিত্যের জন্য নতুন নতুন রূপ সৃষ্টি করা সাহসী ও সৃজনশীল সাহিত্যকর্মের’ জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্টকহোমে সুইডিশ একাডেমি পুরস্কারটি ঘোষণা করে।
সুইডিশ একাডেমির স্থায়ী সচিব ইংগ্রিড কার্লবার্গ বলেন, একাডেমি যখন কারসনকে পুরস্কার জয়ের খবর জানাতে যোগাযোগ করে, তখন তিনি আইসল্যান্ডে ‘বাতাসের শব্দ শুনছিলেন’।
নোবেল পাওয়ার খবর পেয়ে কারসন ‘খুবই বিস্মিত হয়েছেন’ বলেও জানান কার্লবার্গ।
টরন্টোতে জন্ম নেওয়া ৭৬ বছর বয়সী কারসন তার সাহিত্যকর্মে প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্যের বিষয়বস্তু ও কাহিনি ব্যবহার করেন, যেখানে প্রায়ই কবিতা, প্রবন্ধ ও কথাসাহিত্যের বিভিন্ন উপাদানের মিশ্রণ দেখা যায়।
তার বইয়ের মধ্যে রয়েছে ‘ইরোস দ্য বিটারসুইট’, যেখানে প্রাচীন গ্রিক সাহিত্যে আকাঙ্ক্ষার আনন্দ ও বেদনা তুলে ধরা হয়েছে; পদ্য উপন্যাস ‘অটোবায়োগ্রাফি অব রেড’; কবিতা ও গদ্যের সংকলন ‘মেন ইন দ্য অফ আওয়ার্স’, যা ২০০১ সালে কবিতার জন্য কানাডার গ্রিফিন পুরস্কার জিতেছিল; এবং ‘নরমা জিন বেকার অব ট্রয়’, যেখানে মেরিলিন মনরো ও ট্রয়ের হেলেনের তুলনা করা হয়েছে।
কারসন প্রাচীন গ্রিক সাহিত্যের বেশ কিছু রচনাও অনুবাদ করেছেন, যেগুলোকে সুইডিশ একাডেমির মতে ‘নিজ নিজ ক্ষেত্রে স্বতন্ত্র সাহিত্যকর্ম হিসেবে বিবেচনা করা যেতে পারে’।
কারসন উত্তর আমেরিকার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ধ্রুপদি সাহিত্য পড়িয়েছেন। তিনি আইসল্যান্ডেও বসবাস করেছেন, যেখানে তিনি ও তার স্বামী রবার্ট কারি ২০২২ সালে নাগরিকত্ব পান।
গত বছর হাঙ্গেরীয় লেখক লাসলো ক্রাসনাহোরকাই সাহিত্যে নোবেল পুরস্কার পান। তার পরাবাস্তব ও নৈরাজ্যবাদী উপন্যাসগুলোতে বিষণ্ন বিশ্বদৃষ্টিভঙ্গির সঙ্গে তীক্ষ্ণ রসবোধের মিশ্রণ রয়েছে।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে তিনটি বিজ্ঞান পুরস্কার ঘোষণা করা হয়। মস্তিষ্ক কীভাবে কাজ করে তা বোঝার ক্ষেত্রে আলো ব্যবহার করে, এমন একটি প্রযুক্তি উদ্ভাবনে অবদান রাখায় তিন বিজ্ঞানী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন।
এছাড়া বিরল একটি শ্রেণির নিউট্রিনোর রহস্য উন্মোচনের প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে একজন বিজ্ঞানী পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন। আর অণুর রহস্যময় দর্পণ-প্রতিবিম্ব নিয়ে গবেষণার জন্য দুই বিজ্ঞানী রসায়নে নোবেল পেয়েছেন, যাদের আবিষ্কার অসংখ্য ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়েছে।
এ সপ্তাহের নোবেল পুরস্কার ঘোষণার পর্ব শেষ হবে শুক্রবার শান্তি পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে। অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার ঘোষণা করা হবে সোমবার।
এ বছর পুরস্কারের অর্থমূল্য এক কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার)।
১০ দিন আগে
ইস্তাম্বুলে বহুতল ভবনে আংশিক ধস, নিহত ১
তুরস্কের ইস্তাম্বুলে একটি সাততলা ভবনের আংশিক ধসে একজন নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া ভেতরে আটকে থাকা অন্তত তিনজনের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন জরুরি উদ্ধারকর্মীরা।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরের আগে শহরের মালতেপে এলাকায় ভবনটি ধসে পড়ে।
এদিকে ধসের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। বাকি অংশ ধসে পড়ার আশঙ্কার মধ্যেই আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।
বসফরাস প্রণালির কারণে দুই ভাগে বিভক্ত শহর ইস্তাম্বুলের এশীয় অংশে থাকা ভবনটির নিচের তিনটি তলা ধসে পড়ে, যার মধ্যে নিচতলার একটি দোকানও ছিল।
ধসের পর উদ্ধারকারী দল ওপরের তলাগুলোর বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয় এবং ধ্বংসস্তূপ থেকে আরও আটজনকে জীবিত উদ্ধার করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকারীরা একজনের মরদেহ উদ্ধার করেছেন এবং ভেতরে এখনও তিনজন রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল জানিয়েছিলেন, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে আটকে থাকা ছয় বছর বয়সী একটি শিশুর সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন। তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে শিশুটিও রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তিনি সতর্ক করে বলেন, ভবনটির বাকি অংশও ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে, যা উদ্ধারকাজ ব্যাহত করছে। নিরাপত্তার স্বার্থে আশপাশের ভবনগুলো থেকেও লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।
ইস্তাম্বুল ও তুরস্কের অন্যান্য এলাকায় পুরোনো ও ভূমিকম্পঝুঁকিপূর্ণ ভবন সরিয়ে তুলনামূলক নিরাপদ আবাসন নির্মাণের লক্ষ্যে নগর রূপান্তর কর্মসূচি চলছে।
১০ দিন আগে
অণুর ‘দর্পণ-প্রতিবিম্ব’ গবেষণায় রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
রাসায়নিক অণুর রহস্যময় দর্পণ-প্রতিবিম্ব নিয়ে গবেষণার মাধ্যমে এ রহস্যের সমাধানে অবদানের জন্য রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন অঁরি বি কাগান ও কেনসো সোয়াই।
বুধবার (৭ অক্টোবর) স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এই দুই বিজয়ীর নাম ঘোষণা করে।
নোবেল কমিটি ফর কেমিস্ট্রির চেয়ারম্যান হাইনার লিঙ্কে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘অঁরি কাগান ও কেনসো সোয়াই এক শতাব্দীরও বেশি পুরোনো একটি রাসায়নিক রহস্যের সমাধান দিয়েছেন—কীভাবে স্বতঃস্ফূর্তভাবে হোমোকাইরালিটি সৃষ্টি হতে পারে। তারা যে রাসায়নিক বিক্রিয়াগুলো উদ্ভাবন করেছেন, সেগুলো অসাধারণ।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই দুই বিজ্ঞানীর আবিষ্কার ‘ওষুধ তৈরির জন্য রাসায়নিক বিক্রিয়া নকশা করা রসায়নবিদদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে’।
ফ্রান্সে জন্মগ্রহণ করা ৯৫ বছর বয়সী কাগান ফ্রান্সের ওর্সেতে অবস্থিত ইউনিভার্সিটি প্যারিস-সুদে যুক্ত রয়েছেন। অন্যদিকে জাপানে জন্ম নেওয়া সোয়াই টোকিও ইউনিভার্সিটি অব সায়েন্সের সঙ্গে যুক্ত।
নোবেল কমিটি থেকে ফোন পেলে সোয়াই জানান, তখন তিনি নিজের বাড়ির কাছাকাছি একটি দোকানে কেনাকাটা করছেন।
গত বছর তিন বিজ্ঞানী রসায়নে নোবেল পুরস্কার পান। বিপুল পরিমাণ গ্যাস আটকে রাখতে সক্ষম নতুন ধরনের আণবিক কাঠামো উদ্ভাবনের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়। তাদের উদ্ভাবন বায়ুমণ্ডল থেকে গ্রিনহাউস গ্যাস শোষণ করা কিংবা মরুভূমি এলাকায় বাতাসের আর্দ্রতা সংগ্রহের সম্ভাবনার পথ তৈরি করেছে।
এ বছরের নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় গত সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে। মস্তিষ্ক কীভাবে কাজ করে, তা বোঝার ক্ষেত্রে আলো ব্যবহার করে এমন একটি পদ্ধতি উদ্ভাবনে অবদানের জন্য তিন বিজ্ঞানীকে এ পুরস্কার দেওয়া হয়।
এরপর মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল দেওয়া হয় মহাবিশ্ব থেকে আসা বিরল এক ধরনের নিউট্রিনোর রহস্য উন্মোচনে এক বিজ্ঞানীর অবদানের স্বীকৃতি হিসেবে।
বৃহস্পতিবার সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হবে। শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণার পর সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।
এ বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য এক কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার)। একজন ব্যক্তি, কয়েকজন নোবেলজয়ীর ছোট একটি দল কিংবা কোনো প্রতিষ্ঠান—যে ক্ষেত্রেই পুরস্কার দেওয়া হোক, অর্থের পরিমাণ একই থাকবে।
১১ দিন আগে
ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ হামলায় নিহত অন্তত ৮
কিয়েভসহ ইউক্রেনের অন্যান্য শহরে আবাসিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত আটজন নিহত হয়েছে বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন।
স্থানীয় সময় বুধবার (৭ অক্টোবর) ভোররাতে এসব হামলা হয়। এর আগের দিন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়া বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে এক্সে সতর্ক করেছিলেন।
চেরনিহিভ অঞ্চলের উত্তরের শহর প্রিলুকিতে ক্ষেপণাস্ত্র একটি বহুতল আবাসিক ভবনে আঘাত হানে। এতে হতাহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ভিয়াচেস্লাভ চাউস। ঘটনাস্থলে সব ধরনের জরুরি সেবা সংস্থার সদস্যরা কাজ করছেন এবং ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।
রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগের প্রাথমিক তথ্য অনুযায়ী, সেখানে অন্তত চারজন নিহত ও ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে।
চাউসের প্রকাশ করা ছবিতে দেখা যায়, আবাসিক ভবনটির একটি প্রবেশপথ আংশিকভাবে ধসে পড়েছে।
রাজধানী কিয়েভেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। মধ্যরাত ৩টার দিকে শহরের কেন্দ্রজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে দুজন নিহত হয়েছে বলে নগর সামরিক প্রশাসন জানিয়েছে।
সামরিক প্রশাসন আরও জানায়, কিয়েভের পডিলস্কি জেলায় রকেট একটি অনাবাসিক ভবনে আঘাত হানলে সেখানে আগুন ধরে যায়। অন্য একটি হামলায় দারনিতস্কি জেলায় একটি গ্যারেজ কমপ্লেক্সে আগুন লাগে। পরে আগুন নেভানো হয়। এছাড়া কাছের একটি খোলা জায়গাতেও রকেটের ধ্বংসাবশেষ পড়েছে।
কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো বলেন, বৃহত্তর কিয়েভ অঞ্চলেও ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সমন্বিত হামলা চালানো হয়েছে। ওবুখিভ জেলায় তিনটি উৎপাদন ও গুদাম স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
পোলতাভা অঞ্চলের ক্রেমেনচুকে দুজন নিহত ও সাতজন আহত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ভিতালি দিয়াকিভনিচ। সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনজুড়ে ফ্লামিঙ্গো ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন ও সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট শিল্প স্থাপনা লক্ষ্য করে রাতে বড় ধরনের হামলা চালিয়েছে রুশ বাহিনী। তবে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) স্বাধীনভাবে এ দাবি যাচাই করতে পারেনি।
মস্কো শুধু সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার কথা বলে এলেও রুশ বাহিনী ইউক্রেনের আবাসিক এলাকা, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ও বেসামরিক অবকাঠামোতে নিয়মিত হামলা চালিয়ে আসছে।
মন্ত্রণালয় আরও জানায়, কিয়েভ ও এর আশপাশের অঞ্চল, চেরনিহিভ, কিরোভোহরাদ, দিনিপ্রোপেত্রোভস্ক, পোলতাভা ও খারকিভ অঞ্চলের স্থাপনাগুলোও হামলার লক্ষ্য ছিল। পাশাপাশি ওডেসা অঞ্চলে বন্দর ও জাহাজ মেরামতের স্থাপনা এবং ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য পণ্য বহনকারী জাহাজেও হামলা চালানো হয়েছে।
১১ দিন আগে
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কার এবং আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে অবদানের জন্য এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সিস হালজেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ পুরস্কার ঘোষণা করে।
নোবেল কমিটির পদার্থবিজ্ঞানবিষয়ক চেয়ারম্যান মার্ক পিয়ার্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘ফ্রান্সিস হালজেন গবেষক ও প্রকৌশলীদের একটি আন্তর্জাতিক দলের নেতৃত্ব দিয়েছেন, যারা আমাদের একটি অসাধারণ যন্ত্র দিয়েছেন। তার অধ্যবসায় ও বৈজ্ঞানিক দূরদর্শিতা নতুন ধরনের জ্যোতির্বিজ্ঞানের পথ তৈরি করেছে।’
এদিন ইতালি থেকে ফোনে নোবেল কমিটির সঙ্গে কথা বলেন হালজেন। তিনি বলেন, ‘এটি বড় ধরনের বিস্ময় এবং আমি অবশ্যই এটি প্রত্যাশা করিনি।’
হালজেন বলেন, এর আগে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, তিনি নোবেল পুরস্কার পাবেন, তবে ঘোষণা শোনার পরও তার ‘অদ্ভুত’ অনুভূতি হয়েছে।
বেলজিয়ামে জন্ম নেওয়া ৮২ বছর বয়সী এই বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন–ম্যাডিসনের সঙ্গে যুক্ত।
আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি অ্যান্টার্কটিকার দক্ষিণ মেরুতে অবস্থিত একটি গবেষণা প্রতিষ্ঠান বলে এর ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। ইউনিভার্সিটি অব উইসকনসিন–ম্যাডিসন এর মূল প্রতিষ্ঠান।
নিউট্রিনো অত্যন্ত ক্ষুদ্র মহাজাগতিক কণা, যাদের ভর অকল্পনীয় রকম কম। তবু এগুলো সর্বত্র রয়েছে, সূর্যের মতো নক্ষত্র থেকে এগুলো নির্গত হয় এবং প্রতি সেকেন্ডে ট্রিলিয়ন ট্রিলিয়ন নিউট্রিনো আমাদের মাঝ দিয়ে চলে যায়।
বিজ্ঞানীরা চারপাশে ছুটে চলা এই রহস্যময় ‘ভূতুড়ে কণা’কে সরাসরি দেখতে পারেন না। বরং এই ক্ষুদ্র কণাগুলোর সঙ্গে পদার্থের অন্যান্য কণার সংঘর্ষের সময় কী ঘটে, তা পরিমাপ করেন।
হালজেন বিরল এক ধরনের নিউট্রিনো নিয়ে গবেষণা করেছেন। দক্ষিণ মেরুতে নিউট্রিনো শনাক্ত করার বিষয়ে তার গবেষণা বিংশ শতাব্দীর আশির দশক থেকে শুরু হয়।
এ বছর পুরস্কারের অর্থমূল্য এক কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ ডলার), যা কোনো একক ব্যক্তি, কয়েকজন বিজয়ীর ছোট দল বা কোনো প্রতিষ্ঠান—যে কারও জন্য একই।
গত বছর কোয়ান্টাম টানেলিং গবেষণার জন্য তিন বিজ্ঞানী পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান।
এ বছরের নোবেল পুরস্কার ঘোষণার শুরু হয় সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে। মস্তিষ্ক কীভাবে কাজ করে তা বোঝার ক্ষেত্রে সহায়ক আলোকনির্ভর একটি প্রযুক্তি তৈরিতে অবদানের জন্য তিন বিজ্ঞানীকে এ পুরস্কার দেওয়া হয়।
বুধবার রসায়নে, বৃহস্পতিবার সাহিত্যে, শুক্রবার শান্তিতে ও সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।
১২ দিন আগে
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন ৩ বিজ্ঞানী
মস্তিষ্ক কীভাবে পৃথক স্নায়ুকোষের কার্যক্রম নিয়ন্ত্রণ করে, সেই প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য তিন বিজ্ঞানীকে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সুইডেনের স্টকহোমের কারোলিনস্কা ইনস্টিটিউটে পুরস্কারটি ঘোষণা করা হয়।
কার্ল ডেইসেরোথ (৫৪), পিটার হেগেমান (৭১) ও জর্জ নাগেল (৭৩) আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিকস নিয়ে গবেষণা করে এ পুরস্কার পেয়েছেন।
নোবেল অ্যাসেম্বলি এই তিন বিজ্ঞানীর কাজের প্রশংসা করে এক্সে লিখেছে, এই পদ্ধতি ‘মস্তিষ্কের রহস্য উন্মোচনে এখন বিশ্বজুড়ে গবেষণাগারে ব্যবহার করা হচ্ছে’।
অ্যাসেম্বলি জানিয়েছে, ডেইসেরোথ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে, হেগেমান জার্মানির বার্লিনের হামবোল্ট বিশ্ববিদ্যালয়ে ও নাগেল জার্মানিরই ভুরৎসবুর্গ বিশ্ববিদ্যালয়ে কর্মরত।
অপটোজেনেটিকসের মাধ্যমে নিউরোসায়েন্সে একটি নতুন যুগের সূচনা হয়েছে বলে নোবেল অ্যাসেম্বলি জানিয়েছে।
তারা আরও বলেছে, মস্তিষ্কের স্নায়ুকোষ ও সার্কিটের কার্যক্রম আলো দিয়ে নিয়ন্ত্রণ করার এই পদ্ধতি মস্তিষ্ক কীভাবে কাজ করে তা আরও ভালোভাবে বোঝার সুযোগ তৈরি করেছে। এর মাধ্যমে আচরণ ও রোগের দিকে নিয়ে যাওয়া বিভিন্ন স্নায়ুপথের রহস্য উন্মোচনের পথও খুলেছে।
চিকিৎসাবিজ্ঞানে পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে নোবেল সপ্তাহের আনুষ্ঠানিকতা শুরু হলো। এ বছর পুরস্কারের অর্থমূল্য এক কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার)।
গত বছর রোগপ্রতিরোধ ব্যবস্থা নিয়ে গবেষণার জন্য তিন বিজ্ঞানীকে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল।
মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন ও বৃহস্পতিবার সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। এরপর শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার পর আগামী ১২ অক্টোবর অর্থনীতিতে পুরস্কার ঘোষণা করা হবে।
১৩ দিন আগে