বাংলাদেশ
৫ আগস্ট জুলাই অভ্যুত্থান, ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের দিনটি স্মরণীয় করে রাখতে সরকার ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে সরকার।
এ ছাড়া অন্তর্বর্তী সরকার গঠনের দিন, অর্থাৎ ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বুধবার (২৫ জুন) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আলাদা পরিপত্র জারি করা হয়েছে।
পাশাপাশি গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে ছাত্র আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করা হয়েছে।
প্রতি বছর যথাযথভাবে এই তিনটি দিবস প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে।
৫ আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস ‘ক’ শ্রেণিভুক্ত এবং ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস ও ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস ‘খ’ শ্রেণিভুক্ত হিসেবে পালিত হবে।
৪০৫ দিন আগে
অপতথ্য মোকাবিলায় কার্যকর উদ্যোগ নিতে মেটাকে প্রধান উপদেষ্টার আহ্বান
ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম এবং যোগাযোগ প্ল্যাটফর্ম পরিচালনাকারী প্রতিষ্ঠান মেটাকে বিভ্রান্তিকর তথ্য ও ঘৃণার বিস্তার রোধে আরও কার্যকর ব্যবস্থা নিতে মেটাকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৫ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেটার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পাবলিক পলিসি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সাইমন মিলনার ও পাবলিক পলিসি ম্যানেজার রুজান সারওয়ারের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, ‘অপতথ্য (ডিসইনফরমেশন) বড় সমস্যা। আপনাদের অবশ্যই এর বিরুদ্ধে কার্যকর সমাধান খুঁজতে হবে।’
বৈঠকে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। একটি ভুল শব্দ পুরো দেশকে অস্থিতিশীল করতে পারে। কিছু লোক ইচ্ছাকৃতভাবে এমনটি করে।’
প্রধান উপদেষ্টা জানান, মেটা প্ল্যাটফর্মগুলোর- বিশেষ করে ফেসবুক, ব্যবসায়িক প্রবৃদ্ধি প্রচারের সম্ভাবনা রয়েছে, কিন্তু একইসঙ্গে নৈতিক মানদণ্ড না মানা হলে এটি বিপজ্জনকও হয়ে উঠতে পারে।
‘মেটা এলএলএম এআই ইংরেজি ভাষার ওপর অনেক বেশি নির্ভরশীল, যা সহায়ক নয়’ উল্লেখ করে প্ল্যাটফর্মগুলো ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধির আহ্বান জানান তিনি।
এ সময় সাইমন মিলনার জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে ভুল তথ্য ও ঘৃণার প্রচার রোধে তারা আন্তঃসরকারি সহযোগিতা বাড়াতে প্রস্তুত।
তিনি বলেন, ‘গত পাঁচ বছর ধরে বাংলাদেশের জন্য আমাদের একটি নির্দিষ্ট টিম কাজ করছে।’
আরও পড়ুন: প্রকৃতি ধ্বংস বন্ধ করুন, গাছ লাগান: অধ্যাপক ইউনূস
বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
এর আগে, গতকাল মঙ্গলবার মেটার কর্মকর্তারা আইসিটি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সাম্প্রতিক এক গবেষণার কথা উল্লেখ করে মেটাকে বাংলা ভাষায় এলএলএম এবং এআই ভিত্তিক অনুভূতি বিশ্লেষণে বিনিয়োগ বৃদ্ধি করার পাশাপাশি ভুয়া খবর এবং মিথ্যা তথ্য মোকাবেলায় আরও বেশি পর্যালোচক নিয়োগের আহ্বান জানানো হয়।
এছাড়াও, স্থানীয় ভাষা, সংস্কৃতি এবং সংবেদনশীলতা সম্পর্কে গভীর ধারণা রাখেন এমন আরও বাংলাদেশি কন্টেন্ট পর্যালোচক নিয়োগের মাধ্যমে মেটা’র প্ল্যাটফর্মগুলোকে বাংলাদেশের প্রেক্ষাপটে কমিউনিটি মান প্রয়োগকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
বাংলাদেশের পক্ষ থেকে মেটাকে দেশের অভ্যন্তরে ক্যাশ সার্ভার এবং এজ রাউটার স্থাপনের অনুরোধও জানানো হয়েছে, যাতে পরিষেবার মান উন্নত হয়, ব্যান্ডউইথ অপ্টিমাইজ করা যায় এবং ব্যক্তিগতভাবে সনাক্তকরণযোগ্য তথ্য সুরক্ষিত করা যায়।
মঙ্গলবারের বৈঠকে উপস্থিত বাংলাদেশ পুলিশ এবং বিটিআরসির প্রতিনিধিরা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো ক্ষতিকর পোস্ট সরিয়ে নেওয়ার প্রক্রিয়া আরও দ্রুতসময়ে করার জন্য মেটাকে অনুরোধ জানিয়েছেন।
এর পাশাপাশি, হুমকি শনাক্তকরণ, অপরাধ শনাক্তকরণ, মিথ্যা বা বিভ্রান্তিমূলক তথ্য সতর্কতা, মব সন্ত্রাস তৈরিতে উসকানি বিষয়ক সতর্কতা এবং আত্মহত্যার সতর্কতা বিষয়েও যাতে আরও সক্রিয় ও দ্রুত পদক্ষেপ নেওয়া যায় এ ব্যাপারেও মেটার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পুলিশ।
৪০৫ দিন আগে
সরকারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় ঢাকায় গ্রেপ্তার ৩
রাজধানীর মিরপুরে সরকারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ।
গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন যুবলীগ নেতা জিএম ওয়াহিদ পারভেজ এবং দুই যুবক সাগর বিশ্বাস (২৫) ও মো. আপন (২০)।
বুধবার (২৫ জুন) ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার তালেবুর রহমান জানান, মিরপুর ও মোহাম্মদপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ২২ ও ২৩ জুন রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় সরকারবিরোধী মিছিলের নেতৃত্ব দেন জিএম ওয়াহিদ পারভেজ। আজ মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, আজ দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে সিটিটিসির আরেকটি দল সাগর বিশ্বাসকে গ্রেপ্তার করে।
পুলিশের ভাষ্য, সাগর একজন চিহ্নিত অপরাধী, মাদক ব্যবসায়ী এবং ছিনতাইকারী।পরে সাগরের দেওয়া তথ্যের ভিত্তিতে বিকাল সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকা থেকে মো. আপনকে গ্রেপ্তার করা হয়। উভয়ের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা রয়েছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।
তিনি বলেন, `গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।'
৪০৫ দিন আগে
গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ৩৬ সদস্যের জাতীয় কমিটি গঠন
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসগুলো পালনে ৩৬ সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৫ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি, মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম এই কমিটির সহ-সভাপতি এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কর্মসূচি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী অনুষ্ঠান পালিত হবে ।
১ জুলাই মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনার মাধ্যমে এই অনুষ্ঠানমালা শুরু হবে।
কমিটির অন্য সদস্যরা হলেন— অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা, খাদ্য এবং ভূমি উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা, যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা, নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা, ধর্ম বিষয়ক উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, বাণিজ্য এবং বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য আব্দুল মুয়ীদ চৌধুরী, সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার, বিচারপতি এমদাদুল হক এবং ড. ইফতেখারুজ্জামান, মন্ত্রিপরিষদ সচিব, সেনাপ্রধান, নৌ বাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ সচিব এবং পররাষ্ট্র সচিব।
৪০৫ দিন আগে
সক্ষমতা বাড়াতে এনবিআরের ডিজিটাল রূপান্তর প্রয়োজন: সেমিনারে বক্তারা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যকারিতা ও স্বচ্ছতা নিশ্চিত এবং দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে প্রতিষ্ঠানটিকে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরের ওপর জোর দিয়েছেন দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ, আর্থিক খাতের বিশেষজ্ঞ ও শিল্প উদ্যোক্তারা।
বুধবার (২৫ জুন) রাজধানীতে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের (ইসিআরএল) প্রধান কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, ‘এনবিআরের ডিজিটাল রূপান্তর শুধু প্রযুক্তিগত পরিবর্তন নয়, বরং এটি জাতীয় অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য।’
অ্যানালগ থেকে ডিজিটাল যাত্রা: যৌক্তিকতা, বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এনবিআরের ডিজিটাল রূপান্তর’ শীর্ষক সেমিনারটিতে দেশীয় প্রেক্ষাপটে এনবিআরকে আধুনিক ও দক্ষ কর কর্তৃপক্ষ হিসেবে গড়ে তোলার সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
সেমিনারটির সভাপতিত্ব করেন ইসিআরএল চেয়ারম্যান ও মূল প্রবন্ধ উপস্থাপক ড. জামালউদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন ইসিআরএলের প্রধান নির্বাহী (সিইও) আরিফুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বিজনেস অ্যান্ড ইকোনমিক্স স্কুলের ডিন ড. ওয়ারেসুল করিম। আলোচনায় অংশ নেন অস্ট্রেলিয়ান সরকারের ডেটা ওয়্যারহাউজ বিশেষজ্ঞ মিজানুর রহমান, এনএসইউর অর্থনীতি বিভাগের প্রধান ড. সৈয়দ মর্তুজা আসিফ এহসান এবং ব্যবস্থাপনা বিভাগের প্রধান ড. জিয়াউল হক আদনান।
মূল প্রবন্ধে ড. জামালউদ্দিন বলেন, ‘দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও ভারতের উদাহরণ অনুসরণ করে বাংলাদেশকেও ধাপে ধাপে ডিজিটাল রূপান্তরের পথে হাঁটতে হবে। বিশেষ করে দেশের বৃহৎ অনানুষ্ঠানিক খাত ও কর ফাঁকির প্রবণতা বিবেচনায় রেখে একটি কৌশলগত পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন তিনি।’
প্রধান অতিথি ওয়ারেসুল করিম বলেন, ‘বাংলাদেশের রাজস্ব-জিডিপি অনুপাত আশঙ্কাজনকভাবে কম, জাতীয় ঋণ বেড়েই চলেছে। আমরা পশ্চিমা দেশের মতো জনসেবা চাই, কিন্তু কর দিতে চাই না—এই মানসিকতা থেকে বের হতে হবে।’
তিনি বিলাসব্যয় পর্যবেক্ষণের জন্য একটি ব্যয় কর চালুর প্রস্তাব দেন এবং এনবিআরের দুর্নীতির অভিজ্ঞতা থেকে একটি ঘুষের ঘটনার উদাহরণ তুলে ধরেন।
আরও পড়ুন: রাষ্ট্রের মূলনীতি-এনসিসি নিয়ে নতুন প্রস্তাব ঐকমত্য কমিশনের
অস্ট্রেলিয়ায় কর্মরত মিজানুর রহমান কর ফাঁকি রোধে একটি পূর্ণাঙ্গ প্রযুক্তিগত কাঠামো উপস্থাপন করেন, যার মধ্যে ছিল বাধ্যতামূলক ই-ফাইলিং ও ডিজিটাল পেমেন্ট, এআই প্রযুক্তির মাধ্যমে ব্যাংক ডেটা যাচাই, এনবিআরকে ভূমি রেজিস্ট্রি, কাস্টমস ও আরজেএসসির সঙ্গে সংযুক্তকরণ এবং নিরাপদ ই-ইনভয়েসিংয়ের জন্য ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার। ভারতের জিএসটিএন ব্যবস্থা তার উল্লেখিত উদাহরণগুলোর অন্যতম।
তিনি বলেন, রূপান্তর প্রক্রিয়ায় প্রাথমিক বিনিয়োগ বেশি হলেও দীর্ঘমেয়াদে এটি করদাতা বাড়াবে এবং দুর্নীতি ব্যাপকভাবে কমাবে।
অর্থনীতিবিদ সৈয়দ মর্তুজা বলেন, ‘ডিজিটালাইজেশন বাংলাদেশের অর্থনীতির জন্য গেম চেঞ্জার হতে পারে।’
তবে তিনি এনবিআরের নীতিনির্ধারণ ও বাস্তবায়ন প্রক্রিয়ার পৃথকীকরণের মতো কাঠামোগত সংস্কারের ওপর জোর দেন।জিয়াউল হক কর পদ্ধতি সহজীকরণের প্রস্তাব দিয়ে বলেন, ‘একটি নিম্ন, সমতল হারে কর চালু করলে কর প্রদানে উৎসাহ বাড়বে। তিনি এনআইডি বা কর শনাক্তকরণ নম্বরকে (টিআইএন) সামাজিক নিরাপত্তা নম্বরে রূপান্তর ও দেশীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তথ্য-নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তাব দেন।’
সেমিনারের সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, এনবিআরের ডিজিটাল রূপান্তর কেবল প্রযুক্তি-নির্ভর উন্নয়ন নয়, বরং এটি সামাজিক ও রাজনৈতিক প্রয়োজন। এজন্য নেতৃত্বের সাহস, আইন সংস্কার এবং জাতীয় মনোভাবের পরিবর্তন জরুরি।
৪০৫ দিন আগে
ফরিদপুরে পদ্মায় গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ফরিদপুরে পদ্মা নদীতে গোসলে নেমে রেজোয়েন রাব্বি তামিম (২১) ও আব্দুল্লাহ আল মারুফ (২১) নামে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ জুন) বিকালে পদ্মা নদীর ফরিদপুর জেলার ধলার মোড় পালডাঙ্গি এলাকায় বন্ধুদের সঙ্গে গোসলে করতে গিয়ে এ ঘটনা ঘটেছে।
নিহতরা দুজনই ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ত্রিপল-ই) বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।
মারা যাওয়া শিক্ষার্থী রেজোয়েন রাব্বি তামিম গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মধ্য আশুলাই গ্রামের শওকত হোসেনের ছেলে ও আব্দুল্লাহ আল মারুফ নোয়াখালী জেলার সুধারাম থানার উত্তর শরীফপুর গ্রামের মোজাম্মেলের ছেলে। তারা ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ত্রিপল-ই) বিভাগে ভর্তি হয়েছিল।
স্থানীয়, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৩টার দিকে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী রেজোয়ান রাব্বি তামিম ও আব্দুল্লাহ আল মারুফসহ কয়েকজন বন্ধুরা মিলে পদ্মা নদীর ফরিদপুরের ধলার মোড়ের পালডাঙ্গি এলাকায় গোসলে নামে। গোসলে নামার কিছুক্ষণ পরেই স্রোতের বাকে পড়ে তারা দুইজন তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ফরিদপুর সিএন্ডবিঘাট এলাকার রেজওয়ান মোল্লা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার নেছার মাহমুদ জানান, পানিতে দুই শিক্ষার্থীর ডুবে যাওয়ার খবর পেয়ে বিকাল ৫টা ২০ মিনিটের দিকে তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী একটি বেসরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ত্রিপল-ই বিভাগের শিক্ষক সানোয়ার হোসেন বলেন, ওরা ৬-৭ জন বন্ধু মিলে পদ্মা নদীতে গোসল করতে নেমেছিল। এ সময় মারুফ ও আরেকজন ভেসে যায়। তাদের বাঁচাতে তামীম নদীতে ঝাপ দিলে মারুফ ও সে (তামীম) স্রোতের তোড়ে ডুবে যায়। তাদের লাশ ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের হিমঘরে রাখার জন্য নেওয়া হয়েছে।
ইঞ্জিনিয়ারিং কলেজের অস্থায়ী কর্মচারী দুলাল হোসেন বলেন, আজ তাদের পরীক্ষা ছিল। কিন্তু তারা জেদ করে যে পরীক্ষা দিবে না। পরে কয়েকজন মিলে কলেজের মাঠে খেলাধুলা শেষে দুপুরে গোসল করতে পদ্মা নদীতে যায়।
জানতে চাইলে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউজ্জামান বলেন, নিহতদের পরিবারের সদস্যরা আসার পর তাদের নিকট লাশ হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৪০৫ দিন আগে
বিসিসিসিআই নির্বাচন ২৩ আগষ্ট, পরিচালনা পর্ষদ হবে ২৫ সদস্যের
বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির (বিসিসিসিআই) পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ২৩ আগষ্ট অনুষ্ঠিত হবে।
বুধবার (২৫ জুন) বিসিসিসিআই পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এদিন ভোটারদের সরাসরি অংশগ্রহণে সংগঠনের ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। গত ১৫ মে নির্বাচনী তফসিল ঘোষণা করে জানিয়েছে বিসিসিসিআই নির্বাচন বোর্ড।
বিসিসিসিআই পরিচালনা পর্ষদের নির্বাচনের প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ৩ জুলাই এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১৩ জুলাই।
প্রার্থী তালিকার প্রাথমিকভাবে প্রকাশ করা হবে ৩০ জুলাই। এরপর যাচাই-বাছাই শেষে ৭ আগষ্ট চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
৪০৫ দিন আগে
দেশে আরও ২৬ জনের করোনা শনাক্ত
করোনা সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে দেশে নতুন করে কারো মৃত্যু হয়নি। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।
বুধবার (২৫ জুন) স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ২১ শতাংশ।
দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৫২ হাজার ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন ১৯ জন। আর দেশে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৮ জনের।
৪০৫ দিন আগে
সাবেক সিইসি নুরুল হুদাকে জুতাপেটার মামলায় হানিফসহ ৩ জনের জামিন
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে জুতাপেটা করার ঘটনায় গ্রেপ্তার উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হানিফের (৩৮) জামিন মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। বুধবার (২৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ এ আদেশ দেন।
এছাড়াও এদিন মামলার আরও দুই আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। তারা হলেন- মামলার প্রধান আসামি মোজাম্মেল হক ঢালী ও উত্তরা পূর্ব থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ূম।
এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতের উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. আতিকুর রহমান খান।
গতকাল মঙ্গলবার (২৪ জুন) হানিফকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত। এদিন আসামিকে জেলহাজতে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম।
আরও পড়ুন: সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার
এর আগে সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল হানিফকে উত্তরা এলাকা থেকে আটক করে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ জুন রাজধানীর উত্তরার বাসায় ঢুকে একদল লোক নুরুল হুদাকে বের করে আনেন। জুতার মালা পরিয়ে তাকে হেনস্তা করে পুলিশে সোপর্দ করেন। জুতা দিয়ে নুরুল হুদাকে আঘাত ও ডিম নিক্ষেপ করেন। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ২৪ জুন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক সজীব হাসান বাদী হয়ে মামলা করেন।
উল্লেখ্য, সোমবার (২৩ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান কে এম নুরুল হুদার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
৪০৫ দিন আগে
রাষ্ট্রের মূলনীতি-এনসিসি নিয়ে নতুন প্রস্তাব ঐকমত্য কমিশনের
জাতীয় সাংবিধানিক পরিষদের (এনসিসি) কাঠামো ও নাম পরিবর্তনসহ সংশোধিত প্রস্তাব রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
বুধবার (২৫ জুন) সকাল ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ষষ্ঠ দিনের সূচনা বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ এটি উপস্থাপন করেন।
সংশোধিত প্রস্তাবে ৭ সদস্যের পরিষদের নাম রাখা হয়েছে ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি’ । তবে, নতুন প্রস্তাবনায় পূর্বের মতো রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে সদস্য হিসেবে রাখা হয়নি।
৭ সদস্যের এই কমিটিতে যারা থাকবেন— প্রধানমন্ত্রী, সংসদের বিরোধীদলীয় নেতা, দুই কক্ষের স্পিকার (নিম্ন ও উচ্চকক্ষ), রাষ্ট্রপতির মনোনীত একজন প্রতিনিধি, প্রধান বিচারপতির মনোনীত একজন প্রতিনিধি এবং প্রধান বিরোধী দল বাদে অন্যান্য বিরোধী দলের একজন প্রতিনিধি। নিম্নকক্ষের স্পিকার এই কমিটির বৈঠকের সভাপতিত্ব করবেন।
নতুন কমিটির কাজ ও রাষ্ট্রের মূলনীতির পরিবর্তন
কমিটির যাদের নিয়োগ দেবে— প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার, অ্যাটর্নি জেনারেল, সরকারি কর্ম কমিশনের সদস্য, দুর্নীতি দমন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, প্রস্তাবিত স্থানীয় সরকার কমিশন এবং সেনাপ্রধানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নিয়োগ।
এ ছাড়া, রাষ্ট্রের মৌলিক নীতিতে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি যুক্ত করা হয়েছে। আগে সেখানে ছিল সমতা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার ও গণতন্ত্র।
তবে এই পরিবর্তিত মূলনীতিতেও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি।
জামায়াতের পূর্ণ সমর্থন, বিএনপির বিরোধিতা
আলোচনায় দুপুরের বিরতিতে সাংবাদিকদের জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘বিএনপি ছাড়া সব দল নতুন প্রস্তাবে সম্মতি দিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এতে পুরোপুরি একমত।’
আরও পড়ুন: সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান আলী রীয়াজের
এর আগে বিএনপি এই কাঠামোর বিরোধিতা করে বলেছিল, এই ধরনের একটি কর্তৃপক্ষের যথেষ্ট জবাবদিহিতা না থাকলে ভারসাম্যহীন পরিস্থিতি তৈরি হবে। গত ১৮ জুন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা একটি গণতান্ত্রিক দল হিসেবে ক্ষমতা আছে অথচ জবাবদিহিতা নেই—এমন কোনো প্রতিষ্ঠানকে সমর্থন করতে পারি না।’
এই প্রেক্ষাপটেই কমিশন নাম ও কাঠামো পরিবর্তন করে সংশোধিত প্রস্তাব দেয়।
সংবিধিবদ্ধ সংস্থাগুলোর নিয়োগ তদারকির জন্য নিয়োগ কমিটি গঠনের সংশোধিত প্রস্তাবের বিষয়ে মতবিরোধের বিষয়ে হতাশা প্রকাশ করে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, ‘অধিকাংশ দল নতুন প্রস্তাবে একমত। এই প্রস্তাব যদি গৃহীত না হয়, তাহলে আর কিছুই অর্জন করা সম্ভব নয়।
৪০৫ দিন আগে