বাংলাদেশ
ডিবির অভিযান: জামালপুরে পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জামালপুরে গত ২৪ ঘণ্টায় ডিবি পুলিশের পৃথক ৩টি অভিযান জেলার বিভিন্ন স্থান থেকে ৮০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ জুন) এই তথ্য জানান জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-১ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব।
গ্রেপ্তাররা হলেন—পৌর এলাকার লাঙ্গলজোড়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে আব্দুল মিঠুন ওরফে আব্দুল রুবেল (৩৬), সদর উপজেলার রেহাই পলাশতলা গ্রামের জাকির হোসেনের ছেলে ফরহাদ আলম ওরফে তাপস (২৬), মেলান্দহ উপজেলার শাহজাদপুর গ্রামের উমেদ আলীর ছেলে আহালু ওরফে মইনুদ্দীন (৩২), মাদারগঞ্জ উপজেলার পশ্চিম জৈটাপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মিন্টু (৩৮) ও একই উপজেলার ভেলামারী গ্রামের মোন্নাতের ছেলে সাগর।
জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-১ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, জামালপুর ডিবি পুলিশ ভিন্ন ভিন্ন ৩টি গ্রুপের মাধ্যমে গত ২৪ ঘণ্টায় প্যারালাল মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
তিনি আরও জানান, এসব অভিযান পরিচালনার সময় আসামিদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জামালপুর, মেলান্দহ ও মাদারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩টি নিয়মিত মামলা করা হয়েছে।
এ বিষয়ে, জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘ডিবি পুলিশের এই অভিযান জামালপুরে মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করেছে। মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি চলমান থাকবে।’
৪০৮ দিন আগে
রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বৈধতার প্রশ্নে রুল শুনানি ৭ জুলাই
প্রধান বিচারপতির পরিবর্তে জাতীয় সংসদের স্পিকারকে দিয়ে রাষ্ট্রপতিকে শপথ পড়াতে সংবিধানের ১৫তম সংশোধনীর বিধান কেন ’৭২ এর সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে জারি করা রুল শুনানির জন্য আগামী ৭ জুলাই দিন ঠিক করেছেন হাইকোর্ট।
কবি, গীতিকার, প্রাবন্ধিক ও কলামিস্ট শহীদুল্লাহ ফরায়জীর করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গত ১১ মার্চ এই রুল জারি করেছিলেন।
সোমবার (২৩ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চ ওই রুলের ওপর চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। এর আগে ১০ মার্চ শহীদুল্লাহ ফরায়জী এ রিট দায়ের করেন।
প্রধান বিচারপতিকে দিয়ে রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর বিধান পরিবর্তন করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে জাতীয় সংসদের স্পিকারকে দিয়ে শপথ পড়ানোর বিধান অন্তর্ভুক্ত করা হয়।
আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক বলেন, প্রথম থেকে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি একজন আরেকজনকে শপথ পড়াতেন। সেটি চতুর্থ সংশোধনীর মাধ্যমে স্পিকারের কাছে নিয়ে যাওয়া হয়। তবে ৫ম সংশোধনীতে সেটা বাতিল করে প্রধান বিচারপতির কাছে আনা হয়। অর্থাৎ রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ পড়াতেন। কিন্তু ২০১১ সালে ১৫তম সংশোধনীতে আবার স্পিকারের কাছে নিয়ে যাওয়া হয়। সেটি চ্যালেঞ্জ করা হয়েছে। রিট আবেদেনে একটি জাতীয় দৈনিকে ‘রাষ্ট্রপতির শপথে প্রধান বিচারপতির অনিবার্যতা’ শীর্ষক প্রকাশিত একটি কলামও অন্তর্ভুক্ত করা হয়। যেটি লিখেছেন রিটকারী শহীদুল্লাহ ফরায়জী।
পড়ুন: জুলাই আন্দোলন নিয়ে চলচ্চিত্র ‘দ্য রিমান্ড’ প্রদর্শনীর অনুমতি দিতে নির্দেশ হাইকোর্টের
ওই কলামের একটি অংশে বলা হয়, বিশ্বের অধিকাংশ দেশে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করান সেই দেশের প্রধান বিচারপতি। সংসদীয় সরকার পদ্ধতি বা রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতির দেশেও রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেন প্রধান বিচারপতির নিকট। এটা বিশ্বব্যাপী সাংবিধানিকভাবে স্বীকৃত ও প্রতিষ্ঠিত রেওয়াজ। কিন্তু বাংলাদেশে এর ব্যত্যয় দেখা যাচ্ছে। আমাদের দেশের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার। রাষ্ট্রের প্রধানের শপথ গ্রহণের ক্ষেত্রে বিচার বিভাগকে উপেক্ষা করা প্রকারান্তরে রাষ্ট্রের তিন বিভাগের মধ্যে ভারসাম্য বিনষ্ট করা। এতে সংবিধানের গভীর দার্শনিক ভিত্তি থেকে রাষ্ট্র বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই দার্শনিক ভিত্তি হচ্ছে রাষ্ট্রপতি সংসদের নির্বাচিত হয়ে প্রধান বিচারপতির নিকট শপথ গ্রহণ করে রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন—এটাই হচ্ছে প্রজাতন্ত্রের অবিচ্ছেদ্য সাংবিধানিক নির্দেশনা। রাষ্ট্রপতির প্রধান বিচারপতির নিকট শপথবাক্য পাঠ করার এই বাধ্যবাধকতা এবং মহিমান্বিত সাংবিধানিক মর্যাদা প্রজাতন্ত্রের কেউ বিনষ্ট করতে পারেন না, কিন্তু আওয়ামী লীগ সরকার তা করেছে।
সংবিধানের চতুর্থ ও পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই আইন বলবৎ করা হয়েছে, যা প্রজাতন্ত্রের বৈশিষ্ট্যের সঙ্গে চরমভাবে সাংঘর্ষিক। এটা আইন ও বিচারবিভাগের প্রতি ছিল আওয়ামী সরকারের অসম্ভব বিদ্বেষমূলক আচরণ প্রকাশের নজির— যা সাংবিধানিক ন্যায্যতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। ‘৭২ সালের সংবিধানে প্রজাতন্ত্রের বৈশিষ্ট্য ও প্রধান বিচারপতির মর্যাদা সুরক্ষার প্রশ্নে শপথ ও ঘোষণার তৃতীয় তফসিলে বলা হয়েছিলো— ‘রাষ্ট্রপতি, স্পিকার এবং ডেপুটি স্পিকারের শপথ প্রধান বিচারপতি কর্তৃক পরিচালিত হইবে।’ এগুলো আইন বিভাগ ও শাসন বিভাগের সঙ্গে বিচারবিভাগের ভারসাম্যপূর্ণ নীতি—যা সংবিধান প্রণয়নের সময়ই চূড়ান্তভাবে নির্ধারিত।
১৯৭২ সালের সংবিধানে প্রজাতন্ত্রের বৈশিষ্ট্য এবং চরিত্র যতটুকু সুরক্ষা দেওয়া হয়েছিলো, আওয়ামী লীগ অতি দ্রুত তা ছুঁড়ে ফেলে দিয়েছে। বাংলাদেশ নামক প্রজাতন্ত্রকে আওয়ামী লীগ নামক দলটি কীভাবে দেখতে চায়— তার প্রতিফলন ঘটেছে তাদের আনীত সংবিধানের চতুর্থ ও পঞ্চদশ সংশোধনীতে। রাষ্ট্রপতির শপথ স্পিকারের নিকট; এমন দেশ খুঁজে পাওয়াও দুষ্কর। বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে এবং প্রজাতন্ত্রের বৈশিষ্ট্য পুনরুদ্ধারে— রাষ্ট্রপতি, স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ প্রধান বিচারপতি কর্তৃক পরিচালিত হবে, এ বিধান বাংলাদেশে আবার চালু বা পুনর্বহাল করতে হবে। প্রজাতন্ত্রের গণতান্ত্রিক ও শাসনতান্ত্রিক ব্যবস্থা বিকাশের স্বার্থেই তা করা প্রয়োজন।
৪০৮ দিন আগে
জনবান্ধব হতে পারলে পুলিশের কলঙ্ক মুছবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
পুলিশ জনবান্ধব হতে পারলে বাহিনীটির কলঙ্ক মুছে ফেলা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৩ জুন) বিকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি হয়।
রবিবার ঘটে যাওয়া মব হামলায় হতাশা প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে কেন্দ্র করে যারা ওই পরিস্থিতি তৈরি করেছেন, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া যায়—তাকেও আইনের আওতায় আনা হবে।’
তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেজন্য ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: সাবেক সিইসি নুরুল হুদার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
তিনি আরও বলেন, ‘গত ৫ আগস্ট থেকে পুলিশকে আরও জনবান্ধব করতে উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ এখন আর আগের মতো আচরণ করে না। জনগণ যদি পুলিশের আচরণে সন্তুষ্ট হয়, আমিও খুশি। জনগণকে সন্তুষ্ট রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।’
আগামী জাতীয় নির্বাচন এখনও অনেক দূরে হলেও পুলিশের প্রস্তুতি শুরু হয়ে গেছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, ‘দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো।’
সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক রেজা, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৪০৮ দিন আগে
করোনার নতুন ঢেউয়ে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯
করোনা সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার (২২ জুন) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে নতুন করে ১৯ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।
সোমবার (২৩ জুন) স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৬৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃত ব্যক্তিদের দুজন নারী ও একজন পুরুষ। তাদের একজনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, আরেকজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে এবং তৃতীয় জনের বয়স ৯১ থেকে ১০০ বছর। তাদের একজন সরকারি হাসপাতালে ও অপর দুজন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা গেছেন।
আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্তের ঊর্ধ্বগতির মধ্যে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯২
ঢাকায় একজন ও চট্টগ্রামে দুজন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন ১৯ জন। আর দেশে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৮ জনের।
৪০৮ দিন আগে
নড়াইলে তিলখেতে মিলল মানুষের কঙ্কাল
নড়াইলের লোহাগড়ায় বিল থেকে এক অজ্ঞাতব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলায় দিঘলিয়া ইউনিয়ন মৌজার কোলা এলাকায় বিলের মধ্যে তিলখেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (সোমবার) দুপুরে বিলের মধ্যে তিল কাটতে গিয়ে একটি মানুষের কঙ্কালের হাড় ও মাথার খুলি বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা অবস্থায় দেখতে পান লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের সাখওয়াত হোসেন নামের এক ব্যক্তি। পরে, লোহাগড়া পুলিশকে খবর দেওয়া হয়।
আরও পড়ুন: শাহরাস্তিতে পুকুরে বিষাক্ততায় ভেসে উঠছে মরা মাছ
খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। তবে সবশেষ খবর পাওয়া পর্যন্ত ওই কঙ্কালটি নারী নাকি পুরুষ—তা জানা যায়নি।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি নারীর। এটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
৪০৮ দিন আগে
অর্ডিন্যান্স বাতিলের দাবিতে মঙ্গলবার সচিবালয়ে গণসংযোগ করবে আন্দোলনকারীরা
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে আগামীকাল মঙ্গলবার সচিবালয়ে গণসংযোগ কর্মসূচি পালন করবে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম।
সোমবার (২৩ জুন) ১১টা থেকে ১টা পর্যন্ত সচিবালয়ে দুই ঘণ্টার কর্মবিরতি পালন শেষে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।কর্মবিরতি চলাকালে সচিবালয়ের দ্বিতীয় ভবনের তৃতীয় তলায় কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায় বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা জড়ো হন।
এসময় ফোরামের কো-চেয়ারম্যান মো. বদিউল কবির বলেন, ‘আমাদের প্রধান দাবি সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিল। এ দাবিতে আগামীকাল সচিবালয়ের অভ্যন্তরে গণসংযোগ কর্মসূচি পালন করা হবে।’
কোনো উসকানিমূলক বক্তব্য না দিতে আহ্বান জানিয়ে ফোরামের আরেক কো-চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদের দাবির বিষয়ে কোনো ইতিবাচক বার্তা পাওয়া যায়নি। সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের যেভাবে প্রকাশ্যে অপমান করা হয়েছে, গলায় জুতার মালা পরিয়ে ঘোরানো হয়েছে, তা থেকে বর্তমান ক্ষমতাসীনদের শিক্ষা নেওয়া উচিত। ক্ষমতার অপব্যবহার করলে একদিন সবাইকেই তার খেসারত দিতে হবে।’
আরও পড়ুন: চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে শনিবার থেকে সারা দেশে কর্মবিরতির হুমকি এনবিআর কর্মীদের
এর আগে, ২৪ মে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীরা এই অধ্যাদেশের খসড়া বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন। কিন্তু তাদের আন্দোলনের মাঝেই গত ২৫ মে সরকার অধ্যাদেশটি জারি করে।
অধ্যাদেশ অনুযায়ী, চারটি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কোনো বিভাগীয় প্রক্রিয়া ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে।
ঈদুল আজহার আগে ৩ জুন পর্যন্ত সচিবালয়ে কর্মসূচি চালিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। ১৫ জুনের মধ্যে অধ্যাদেশ বাতিল না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।
এ অবস্থায় গত ৪ জুন মন্ত্রিপরিষদ বিভাগ আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে অধ্যাদেশ পর্যালোচনা কমিটি গঠন করে। কমিটির প্রথম বৈঠক সোমবার বিকালে হওয়ার কথা ছিল।
আইন উপদেষ্টা কর্মকর্তা-কর্মচারীদের কমিটির সুপারিশ না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন।
৪০৮ দিন আগে
সাবেক সিইসি নুরুল হুদার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
নির্বাচনে কারচুপির অভিযোগে দায়ের করা একটি মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
সোমবার (২৩ জুন) ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর হাকিম আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। এর আগে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে হাজির করা হয়েছিল বলে তিনি জানান।
রবিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকার তার বাসা থেকে নুরুল হুদাকে আটক করে পুলিশ।
রবিবার সকালে শেরেবাংলা নগর থানায় বিএনপির পক্ষ থেকে দায়ের করা মামলার কয়েক ঘণ্টা পরই এই আটক করা হয়। মামলায় আসামি করা হয় দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচন পরিচালনার সঙ্গে জড়িত সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের। এছাড়াও অন্যান্য কর্মকর্তাসহ ২৪ জনের বিরুদ্ধে অনিয়ম ও পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ আনা হয়েছে ওই মামলায়।
আরও পড়ুন: সাবেক সিইসি হুদার গণপিটুনিকে সমর্থন করে না বিএনপি: সালাহউদ্দিন
রবিবার জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করে।
অভিযোগে সাবেক সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ, কেএম নূরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়ালসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এতে বেশ কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
বিএনপির অভিযোগ, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের সাধারণ নির্বাচন কারচুপি এবং দলীয়ভাবে অনুষ্ঠিত হয়েছিল। সেসময় যদিও বারবার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং ভোটগ্রহণের সময় ম্যাজিস্ট্রেসি ক্ষমতাপ্রাপ্ত সেনা সদস্য মোতায়েনের দাবি জানানো হয়েছিল।
৪০৮ দিন আগে
ডেঙ্গু আক্রান্তের ঊর্ধ্বগতির মধ্যে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯২
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে ঊর্ধ্বগতির আক্রান্তের হারের মধ্যে দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার (২২ জুন) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই মৃত্যু হয়। আর এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৯২ জন।
সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা সিটি করপোরেশন ও বরিশাল বিভাগে এসব মৃত্যুর ঘটনা ঘটে। আর আক্রান্তের হারে সর্বোচ্চ অবস্থানে রয়েছে বরিশাল বিভাগ। এই সময়ের মধ্যে বিভাগটিতে নতুন করে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছেন ১২৬ জন।
বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি ভর্তি হয়েছেন ৩৯২ জন। নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩০৬ জন।
পড়ুন: ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৩৫২
বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫০ শতাংশ পুরুষ এবং ৫০ শতাংশ নারী।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৮ হাজার ১৫০ জন। এর মধ্যে ৫৯ শতাংশ পুরুষ এবং ৪১ শতাংশ নারী।
৪০৮ দিন আগে
‘মব’ তৈরি করে নূরুল হুদাকে হেনস্তার তীব্র নিন্দা পরিবেশ উপদেষ্টার
সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাকে ‘মব’ তৈরি করে হেনস্তার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, যারা দায়ী, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেবে এবং রাষ্ট্র সহনশীলতা ও কার্যকরী উপায়ের সমন্বয়ে আইনের শাসনের দিকে এগিয়ে যাবে।
সোমবার (২৩ জুন) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৫ উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, আপনারা ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য শুনেছেন, সরকার বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে বলা হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
পুলিশের সামনে যখন এধরনের ঘটনার বিষয়ে এক প্রশ্নে উপদেষ্টা বলেন, একটা মামলা হয়েছে, পুলিশ তাকে গ্রেপ্তার করবে। এখানে বলা হয়েছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনগত ব্যবস্থা নিশ্চয়ই স্বরাষ্ট্র উপদেষ্টা নেবেন।
তিনি বলেন, মব জাস্টিস যেটা ঘটলো, সেটার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আবারও বলছি আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।
এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. কামরুজ্জামান, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী উপস্থিত ছিলেন।
৪০৯ দিন আগে
শাবি ছাত্রীকে ধর্ষণ: দুই আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই শিক্ষার্থীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ জুন) অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক হারুন রশিদ এই আদেশ দেন। রিমান্ড শুনানির সময় গ্রেপ্তার দুই আসামি শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান (২৩) ও স্বাগত দাস পার্থ (২২) কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
এর আগে রবিবার মামলার তদন্ত কর্মকর্তা সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত পুলিশের পরিদর্শক মো. আহসান হাবিব আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
পুলিশ জানায়, গত ২০ জুন গভীর রাতে অভিযান চালিয়ে আদনান ও স্বাগতকে গ্রেপ্তার করা হয়। তার আগে, ভুক্তভোগী ছাত্রী ১৯ জুন কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, ঈদের আগে গত ২ মে একটি কনসার্টে যাওয়ার কথা বলে এক পরিচিত যুবক ওই ছাত্রীকে সুবিদবাজার এলাকার একটি মেসে ডেকে নেন। সেখানে কোমল পানীয়ের সঙ্গে কিছু মিশিয়ে পান করানো হয়। পরবর্তীতে অসুস্থ অবস্থায় ওই শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণ করা হয়।
এজাহারে আরও বলা হয়, ধর্ষণের সময় ছবি ও ভিডিও ধারণ করে তা ফাঁসের হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেইলও করা হয়।
ঘটনার পর গত ১৯ জুন ভুক্তভোগী ছাত্রী বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে, প্রক্টরের পরামর্শে আইনি সহায়তা নেওয়া হয়।
তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ শামছুল হাবিব এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ ও পেনড্রাইভ উদ্ধার করা হয়েছে। এসব ডিভাইসে ঘটনার ডিজিটাল প্রমাণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: রাজধানীর শিশুমেলা থেকে এনবিআর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
তদন্ত কর্মকর্তা জানান, আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পেছনের বিস্তারিত, প্রকৃত উদ্দেশ্য এবং অন্য কেউ জড়িত রয়েছে কিনা—তা জানার চেষ্টা করা হবে।
উল্লেখ্য, ঈদের পূর্বে সিলেট নগরীর রিকাবীবাজারে একটি কনসার্টে যাওয়ার পূর্বে অচেতন করে সহপাঠীর দ্বারা ধর্ষণ বা যৌন নির্যাতনের অভিযোগ তুলে গত বৃহস্পতিবার (১৯ জুন) বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান ভুক্তভোগী শিক্ষার্থী।
সহপাঠী ও সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থের বিরূদ্ধে অবিযোগ দেয় ওই ভুক্তভোগী। শুধু যৌন নির্যাতন নয়, তা ভিডিও ধারণ করে নিয়মিত অভিযুক্তরা ভুক্তভোগীকে ব্লাকমেইল করেছিল বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
এ ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়ায় ১৯ জুন রাতেই দুইজনকে আটক করে পুলিশ। পরে ২০ জুন সিলেট কোতোয়ালি থানায় আটক দুজন ও অজ্ঞাতসহ ৫ জনের বিরূদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী।
৪০৯ দিন আগে