বাংলাদেশ
করোনায় আরও দুই মৃত্যু, শনাক্ত ৪
করোনা সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুন) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে নতুন করে ৪ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।
শনিবার (২১ জুন) স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৯০ শতাংশ।
পড়ুন: করোনায় আরও দুই মৃত্যু, শনাক্ত ১৮
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃত ব্যক্তিরা দুজনই নারী। তাদের একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। অপরজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। তাদের একজন বাসায় ও অপরজন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা গেছেন।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৫১ হাজার ৯৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন ১১ জন। আর দেশে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১০ জনের।
৪১০ দিন আগে
ভিডিও ভাইরাল: ওএসডি শরীয়তপুরের সেই ডিসি
এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর এবার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হয়েছেন শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন। শনিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তবে কেন তাকে ওএসডি করা হয়েছে, মন্ত্রণালয় থেকে সেই ব্যাখ্যা দেওয়া হয়নি। এরআগে শুক্রবার সকালে এক প্রবাসী সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে ৫৭ সেকেন্ডের এই ভিডিও ছড়িয়ে দেন।
তাতে বলা হয়, শরীয়তপুরের ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিন ওই নারীকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিলেন।আরও পড়ুন: ডিসিদের মতো এসপিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছ: ধর্ম উপদেষ্টা
ভিডিওটি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা ইউএনবি। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন। তিনি ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।
বছর ছয়েক আগে ২০১৯ সালে নারী অফিস সহকারীর সঙ্গে জামালপুরের তৎকালীন জেলা প্রশাসক আহমেদ কবীরের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। পরে তাকে বিভাগীয় তদন্ত কমিটির সুপারিশে শাস্তির মুখোমুখি হতে হয়।
৪১০ দিন আগে
শাহরাস্তিতে পুকুরে বিষাক্ততায় ভেসে উঠছে মরা মাছ
পরিবেশ দূষণে চরম হুমকিতে জীববৈচিত্র্য। ক্রমেই ধ্বংস হচ্ছে স্বাস্থ্যকর পরিবেশ। বাদ যাচ্ছে না পুকুর কিংবা জলাশয়। প্রকৃতি বিনাশী কর্মকাণ্ডে ধ্বংস হচ্ছে পুকুর ও জলাশয়ের মাছও।
এমনি বিপর্যয়কর পরিস্থিতিতে পড়েছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার প্রাণকেন্দ্র ঠাকুর বাজারের দিঘিটি। দিনে দিনে পরিবেশ দূষণকারী বর্জ্য ফেলায় বিষাক্ত হয়ে পড়েছে জলাশয়টি, মরে যাচ্ছে মাছ।
শাহরাস্তি পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় দিঘির পানিতে ভেসে উঠছে শত শত মরা মাছ। দুর্গন্ধে আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর পরিবেশ হয়ে উঠেছে চরম অস্বাস্থ্যকর—এমনটাই অভিযোগ করেন আশপাশের ক্ষতিগ্রস্ত লোকজন ও শিশুরা।
পড়ুন: সুন্দরবন রক্ষায় বাস্তবিক কর্মপরিকল্পনা করা হবে: পরিবেশ উপদেষ্টা
স্থানীয় বাসিন্দারা ইউএনবিকে জানায়, ঠাকুর বাজারের পাশে গরু বাজারের জন্য পৌরসভা কর্তৃপক্ষ দিঘির ২০ শতাংশ জমি অধিগ্রহণ করে সেখানে ভরাট কার্যক্রম চালাচ্ছে। কিন্তু জমি ভরাটের কাজে নিয়মিতই বিভিন্ন স্থান থেকে ময়লা আবর্জনা এনে ফেলা হচ্ছে। এসব বর্জ্যের বিষাক্ততা সরাসরি পানিতে মিশে মাছ ও জলজ প্রাণীর মৃত্যু ঘটাচ্ছে। নষ্ট হচ্ছে পরিবেশ।
দিঘি ইজারাদার ও মৎস্য চাষি অর্জুন চন্দ্র বর্মন ইউএনবিকে জানান, ১৫ মাসের জন্য ইজারা নিয়ে তিনি বিভিন্ন জাতের মাছ চাষ করছিলেন। কিন্তু হঠাৎ করে গত দুই-তিন দিনে দিঘির শত শত মাছ মারা যেতে শুরু করে। এতে করে তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তিনি পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন বলে জানান।
স্থানীয় বাসিন্দা মইনুল ইসলাম ও আবদুল মুনাফ বাচ্চুসহ আরও কয়েকজন ইউএনবিকে বলেন, ‘ঘনবসতিপূর্ণ এলাকায় ময়লার স্তুপ ফেলে ভরাট কার্যক্রম চলায় আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছে, দুর্বিষহ পরিবেশের মধ্যে থাকতে হচ্ছে। ময়লার গন্ধ সহ্য করা যাচ্ছে না, আর এখন মাছও মরছে।’
এ বিষয়ে শাহরাস্তি পৌর নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমেদ শেখ ইউএনবিকে বলেন, ‘আমরা পৌরসভার নিজস্ব জমি ভরাট করছি। বিষয়টি অবগত হয়েছি, আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয়দের মতে, উন্নয়ন কাজের নামে অপরিকল্পিতভাবে ময়লা ফেলার মাধ্যমে পরিবেশ বিপর্যয় সৃষ্টি করা হচ্ছে। দ্রুত পদক্ষেপ না নিলে এই দিঘি এক সময় সম্পূর্ণভাবে অকেজো হয়ে পড়বে এবং এর প্রভাবে হুমকিতে পড়বে জনস্বাস্থ্যও।
৪১০ দিন আগে
যারা ক্ষমতায় যাবেন, তারা যেন দুর্নীতি না করেন: প্রত্যাশা উপদেষ্টা শারমীনের
আগামীতে যারা দেশের ক্ষমতায় আসবেন, অন্তর্বর্তী সরকার যেভাবে দুর্নীতির প্রতি জিরো টলারেন্স দেখিয়েছে, তারাও সেটা দেখান বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
শনিবার (২১ জুন) ঢাকার এফডিসিতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত ছায়া সংসদে তিনি এমন মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, ‘বিগত সরকারের সময় দুর্নীতি আমাদের সব অগ্রযাত্রাকে উঁইপোকার মতো খেয়ে ফেলেছে। সে সময়ে প্রতিটি প্রকল্পেই দুর্নীতি হয়েছে। দুর্নীতি নিরসনে অন্তর্বর্তী সরকার জিরো টলারেন্স দেখিয়ে আসছে। আগামীতে যারা ক্ষমতায় আসবেন, তারা যেন দুর্নীতি না করেন, সেই প্রত্যাশা থাকবে।’
‘একটি স্বৈরাচারী সমাজব্যবস্থার ভিতরে আমরা একটি সংবেদনশীল, যত্নশীল পলিসি প্রত্যাশা করতে পারি না। বিগত সরকার বাল্যবিবাহের মতো একটি সংবেদনশীল সামাজিক বিষয়ের সংজ্ঞা পরিবর্তনের মাধ্যমে বিয়ের বয়স ১৮ বছর থেকে কমিয়ে ১৬ বছর করে ভয়ঙ্কর উদাহরণ তৈরি করেছিল।’
ফলে বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের দীর্ঘদিনের অর্জন টেকসই হয়নি বলেও মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, ‘যে দেশে আইন করে যৌতুক ও বাল্যবিবাহ বন্ধ করা যায়নি, সেই দেশে আইন দিয়ে শিশুশ্রম বন্ধ করা কঠিন। শিশুশ্রম সম্মানজনক নয়। এটি শিশুর অধিকার হরণ করে।’
‘কোনো সমাজে শিশুশ্রম থাকলে সেখানকার অর্থনীতির নৈতিকতা থাকে না। দারিদ্র্য ও শিশুশ্রম ওতপ্রোতভাবে জড়িত। তাই, শিশুশ্রম নিরসনে দারিদ্র্য বিমোচনকে অগ্রাধিকার দিতে হবে।’
আরও পড়ুন: নির্বাচন সুষ্ঠু না হলে মহাদুর্যোগ দেখা দেবে: গোলাম পরওয়ার
উপদেষ্টা বলেন, ‘শিশুশ্রম নিরসনে রাষ্ট্র ও সমাজকে মুখোমুখি দাঁড় করানো যাবে না। রাষ্ট্র, সমাজ, প্রাইভেট সেক্টর, উন্নয়ন সহযোগীসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’
প্রতিযোগিতাটির আয়োজন করেছে ডিবেট ফর ডেমোক্রেসি নামে বিতার্কিকদের একটি সংগঠন। এতে বিশেষ অতিথি ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ.এইচ.এম সফিকুজ্জামান ও আইএলও বাংলাদেশ অফিসের শ্রম প্রশাসন বিভাগের প্রধান নীরান রামজুঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এবং মন্ত্রিপরষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন।
৪১০ দিন আগে
আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র: টামি ব্রুস
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং দুদেশের মধ্যকার ক্রমবর্ধমান ব্যবসা ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।
শুক্রবার (২০ জুন) ওয়াশিংটন ডিসিতে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টামি ব্রুস। সম্প্রতি বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডোর মধ্যকার বৈঠক নিয়ে কথা বলেন তিনি।
পড়ুন: সন্তান জন্মদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণে ভিসা নবায়নের ঝুঁকি: দূতাবাসের সতর্কতা
টামি ব্রুস বলেন, ‘বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন ল্যান্ডো এবং জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে তারা আলোচনা করেছেন। তারা বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণসহ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক নিয়েও কথা বলেছেন।’
ড. খলিলুর রহমান এবং মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ‘বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যে নেতৃত্ব দিয়েছেন, তার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী। এ সময়ে বাংলাদেশের প্রতি অব্যাহত মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।’
তারা রোহিঙ্গা সংকট, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার উন্নয়ন এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা করেছেন।
৪১০ দিন আগে
সিলেটে ২৪ ঘণ্টায় আরও দুইজনের করোনা শনাক্ত
সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুইজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে।
শনিবার (২১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ৯ জনের করোনাভাইরাস পরীক্ষার পর নতুন করে দুইজনের রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন করে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর থেকে সিলেটে ৮৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আক্রান্তদের ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঁচজন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও আল হারামাইন হাসপাতালে একজন।
উল্লেখ্য, সিলেট বিভাগের করোনার সংক্রমণের এই পরিসংখ্যানটি স্বাস্থ্য অধিদপ্তরের সারা দেশের প্রতিবেদনে যুক্ত হবে।
৪১০ দিন আগে
শাবিপ্রবি ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তদন্ত কমিটি গঠন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগে ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (২০ জুন) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদিরের সই করা এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
অফিস আদেশে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির বাকি দুই সদস্য হলেন— সহকারী প্রক্টর অধ্যাপক ড. সাইফুল ইসলাম ও অধ্যাপক বেলাল হোসেন সিকদার। তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদের আগে সিলেটের সুরমা আবাসিক এলাকার একটি মেসে ডেকে নিয়ে ভুক্তভোগী দাবি করা ওই শিক্ষার্থীকে অচেতন করে ধর্ষণ করেন অভিযুক্তরা। অভিযোগকারীর অজান্তে তারা ঘটনাটির ভিডিও ধারণও করেন এবং তা প্রকাশের হুমকি দিয়ে বিষয়টি গোপন রাখতে বাধ্য করেন।
আরও পড়ুন: শাবি শিক্ষার্থীকে নিপীড়ন ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ২
তবে, ঈদের ছুটির পর গত বৃহস্পতিবার (১৯ জুন) শাবি প্রক্টর বরাবর ধর্ষণের লিখিত অভিযোগ করেন ওই নারী শিক্ষার্থী।
অভিযোগের পর একইদিন, রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ডিজিটাল ট্র্যাকিং পদ্ধতিতে দুই অভিযুক্তকে আটক করে সিলেটের কোতোয়ালি থানা পুলিশ।
আটকের পর প্রক্টর অফিসে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ। পরে প্রক্টরিয়াল বডির সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।
গ্রেপ্তার হওয়া দুজনই সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থ।
পুলিশ সূত্রে জানা গেছে, ‘নারী ও শিশু নির্যাতন আইনের ৯ (৩) ধারা এবং পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ৮(১), ৮(২) ও ৮(৩) ধারার মামলায় শুক্রবার(২০ জুন) দুপুরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শান্ত তারা আদনান নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং গত জুলাইয়ে অভ্যুত্থান আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার একজন আসামি। এছাড়াও, বিভিন্ন সময় বিভিন্ন সহিংস কর্মকাণ্ডেও তাকে দেখা গেছে।
৪১০ দিন আগে
বাংলাদেশকে চাপে রাখতেই পুশইন করছে ভারত: মির্জা ফখরুল
বাংলাদেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে ও এ দেশের সরকারকে চাপে রাখতেই সীমান্ত দিয়ে অব্যাহত পুশইন করছে ভারত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২০ জুন) রাতে ঠাকুরগাঁও শহরে নিজের কালিবাড়িস্থ বাসভবনে জেলার আলেম-ওলামাদের নিয়ে নৈশভোজের আয়োজনে এসব মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সামনে এখন একটি কঠিন সমস্যা দেখা দিয়েছে। সীমান্ত দিয়ে ভারত নিয়মিত পুশইন করে যাচ্ছে। জনগণকে ধরে নিয়ে এসে জোর করে আমাদের দেশে ঠেলে দেওয়া হচ্ছে।’
‘ন্যায্য পানির হিস্যা ভারত আমাদের দেয়নি। তার ওপর তারা আমাদের বর্ডারে পাখির মতো মানুষ মারে ও অবৈধ পুশইন করে। এতদিন এগুলো তারা করেনি, যেহেতু আওয়ামী সরকারকে এদেশ থেকে উৎখাত করা হয়েছে এবং হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে, তাই তারা এসব শুরু করেছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী সরকারের আমলে সারা বাংলাদেশে জঙ্গি নাটক সাজানো হয়েছে। র্যাবের লোকদের মাধ্যমে জঙ্গি মতবাদ দিয়ে মাদ্রাসার এতিম ছেলেদেরকে নিয়ে গিয়ে তাদের হাতে লিফলেট ঢুকিয়ে তাদের হত্যা করেছে। এসব ঘটনা বিগত আওয়ামী সরকার একটা না হাজারটা ঘটিয়েছে।’
আরও পড়ুন: লন্ডন বৈঠকের পর ফেব্রুয়ারিতে নির্বাচনের আশা বাড়ছে: ডা. জাহিদ
মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের সময়ে শেখ হাসিনা সরকার যে হত্যাকান্ড চালিয়েছে, এরকম হত্যাকান্ড তারা আগেও একটি ঘটিয়েছিল। সেটি হলো—শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ওপর চালানো হত্যাকাণ্ড। রাতের অন্ধকারে মেশিনগান দিয়ে এই হত্যাকাণ্ড চালিয়েছে তারা।’
‘যেসব ছেলেরা অভ্যুত্থানের সময় বুকের তাজা রক্ত দিয়েছে, সেসব ছেলেদের রক্তের বিনিময়ে সাধারণ জনগণের রক্তের বিনিময়ে আমরা সেই অবস্থা থেকে মুক্তি পেয়েছি। তাদের রক্তের বিনিময়ে আল্লাহ আমাদের একটা সুযোগ তৈরি করে দিয়েছেন,’ যোগ করেন তিনি।নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনূসের যে বৈঠক হয়েছে, তাতে সম্ভাব্য একটি নির্বাচনের সময় উঠে এসেছে। ফেব্রুয়ারি মাস সে সময় হিসেবে ঘোষণা হয়েছে। নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের সঠিক দেশ নেতাকে বেছে নেওয়ার অধিকার ফিরে পাবো।’
এসময় আরও ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফসহ জেলার আলেম-ওলামারা।
৪১০ দিন আগে
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৩৫২
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুন) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই মৃত্যু হয়। আর এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৫২ জন।
শনিবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা সিটিতে এই মৃত্যুর ঘটনা ঘটে। আর আক্রান্তের হারে সর্বোচ্চ অবস্থানে রয়েছে বরিশাল বিভাগ। এই সময়ের মধ্যে বিভাগটিতে নতুন করে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছেন ১৬৭ জন।
পড়ুন: দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১৬৯
বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি ভর্তি হয়েছেন ৩৫২ জন। নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬২ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৯০ জন।
বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫১ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪৮ দশমিক ৪ শতাংশ নারী।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৭ হাজার ৪২৯ জন। এর মধ্যে ৫৯ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৮ শতাংশ নারী।
৪১০ দিন আগে
ইউআইইউ শিক্ষার্থীদের মারধরের অভিযোগ অস্বীকার ডিএমপির
বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের মারধরের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
তাদের দাবি, পুলিশ শান্তিপূর্ণভাবে বলপ্রয়োগ ছাড়াই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছে।
শনিবার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে ডিএমপি। এতে বলা হয়, ‘ইউআইইউ শিক্ষার্থীদের একাংশের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল সাড়ে ৮টার দিকে নতুনবাজার মোড়ে ৩০-৪০ জন শিক্ষার্থী অবস্থান নেন। এসময় তারা শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে রাস্তা অবরোধ করে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘কর্মসূচির শুরুতে কয়েক দফায় আন্দোলনকারীদের সাথে দায়িত্বরত পুলিশ সদস্যরা আলোচনা করেন এবং জনগণের চলাচলের পথে বাঁধা সৃষ্টি না করে রাস্তা ছেড়ে দিতে অনুরোধ করেন।’
‘বারবার অনুরোধ করার পরেও জনগণের চলাচলের রাস্তা না ছাড়ায় জনগণের ভোগান্তি কমাতে সকাল সাড়ে ১০টার দিকে দায়িত্বরত পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে একপর্যায়ে পুলিশের সাথে ধাক্কাধাক্কি হয় এবং পুলিশ আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়।’
ডিএমপি জানিয়েছে, ‘পরবর্তীতে বেলা পৌনে ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা পুনরায় রাস্তা দখল করে আন্দোলন শুরু করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও শিক্ষার্থীদের সাথে আলোচনা করে উদ্ভূত সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত আছে।
‘পুলিশ শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে এবং কোনোরূপ বলপ্রয়োগ ছাড়াই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবুও, কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছেন যা একেবারেই ভিত্তিহীন।’
এমন পরিস্থিতিতে, ঘটনা নিয়ে অহেতুক বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে ডিএমপি। বাড্ডা-কুড়িল রোডের এক পাশে যানবাহন চলাচল অব্যাহত আছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
আরও পড়ুন: রাজধানীর শিশুমেলা থেকে এনবিআর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
এদিকে ঢাকার ভাটারার নতুন বাজার এলাকায় সকাল থেকে সড়ক অবরোধ করে রাখে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) একদল শিক্ষার্থী। শনিবার সকাল সাড়ে আটটা থেকে তারা সড়ক অবরোধ করেন।
সড়ক অবরোধ থেকে শিক্ষার্থীদের সরে আসার অনুরোধ জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে শিক্ষার্থীরা সড়ক অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে ২৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। তা না হলে আন্দোলন চলবে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে পুলিশ।
শিক্ষার্থীরা বলেন, ‘জুলাই অভ্যুত্থানে যে শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন, তাদের ২৬ জনকে বহিষ্কার করেছে ইউনাইটেড ইউনিভার্সিটি। তারা জুলাই অভ্যুত্থানে জড়িত শিক্ষার্থীদের প্রশ্নের মুখে ফেলেছে। শিক্ষার্থীরা তাদের অধিকার রক্ষার জন্য আন্দোলন করেছিল, তাদের আশ্বাস দিয়ে আট মাস বসিয়ে রাখা হয়।’
তারা বলেন, পরে তারা ভিসির পদত্যাগসহ তাদের অধিকার রক্ষায় ফের আন্দোলনে নামে। ওই আন্দোলন দমানোর জন্য ২৬ জনকে বহিষ্কার করা হয়েছে। আমরা তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার চাই।
৪১০ দিন আগে