বাংলাদেশ
জীবদ্দশায় একজনের ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকা উচিত না: জামায়াত
কোনো এক ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা উচিত না বলে মনে করে জামায়াতে ইসলামী। রবিবার (২২জুন) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার শেষে সাংবাদিকদের ব্রিফকালে এমন কথা বলেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, ‘বার ও মেয়াদ নিয়ে ঝামেলার মধ্যে প্রস্তাব করেছিলাম—একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়্ত্বি পালন করতে পারবেন না।’
আরও পড়ুন: ঐকমত্য কমিশন: প্রথম দিনের বৈঠক বর্জন ছিল জামায়াতের ‘প্রতীকী প্রতিবাদ’
এ বিষয়ে সবাইকে একমত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বার ও মেয়াদের ব্যাখ্যায় যাওয়ার দরকার নেই। তিনটি দল ছাড়া সবাই এই প্রশ্নে এক জায়গায় এসেছি।’
‘অর্থাৎ একজন ব্যক্তি তার জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে পারবেন, সেটা যত বারই হোক। এটা জাতির আকাঙ্ক্ষা, আমি মনে করি। এটিই আমাদের সিদ্ধান্ত হওয়া উচিত সবার ঐকমত্যের ভিত্তিতে, বলেন জামায়াতের এই নায়েবে আমির।
তিনি বলেন, ‘এমন নজির বহুদেশে আছে। এটা বাংলাদেশেও জরুরি বলে আমরা মনে করি। এ নিয়ে আমরা প্রায় ঐকমত্যে এসেছি। বিকালে আরও দুটো পয়েন্ট নিয়ে আলোচনা হবে।’
বৈঠকে আলী রীয়াজ ছাড়াও আরও উপস্থিত রয়েছেন, ঐকমত্য কমিশনের সদস্য জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান।
এরআগে গেল ১৭ জুন দ্বিতীয় পর্যায়ের অসমাপ্ত আলোচনায় অংশ নেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যোগাযোগের পর পরেরদিন অবশ্য অংশ নিয়েছিল তারা।
আরও পড়ুন: জামায়াত আমিরের সঙ্গে বিদায়ী জার্মান রাষ্ট্রদূতের বৈঠক
এদিকে সংসদের উচ্চকক্ষের আসন বণ্টন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনসহ বেশ কয়েকটি বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে রাজনৈতিক দলগুলো এখনো কাছাকাছি আসতে পারেনি। প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনতেই এনসিসি গঠনের কথা বলা হচ্ছে।
রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়েও দলগুলোর ঐকমত্য হয়নি গত সপ্তাহে হওয়া চার দিনের সংলাপে। এ পর্যায়ে ঐকমত্যের সংজ্ঞা নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য প্রকাশ পেয়েছে। কমিশন এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার কথাও ভাবছে।
৪১০ দিন আগে
সোমবার ২ ঘন্টা কর্মবিরতিতে যাচ্ছেন সচিবালয়ের কর্মচারীরা
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে আগামীকাল সোমবার (২৩ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন সচিবালয়ের কর্মচারীরা।
রবিবার (২২ জুন) সচিবালয়ের ভেতরে বিক্ষোভ কর্মসূচি পালন করে এই কর্মবিরতির ঘোষণা দেন সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম।
এর আগে, বেলা সোয়া ১১টার দিকে অর্থ মন্ত্রণালয়ের নিচ থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন কর্মচারীরা। এ সময় বিক্ষোভ মিছিল নিয়ে তারা সচিবালয়ের বিভিন্ন দিক প্রদক্ষিণ করেন।
মিছিল থেকে ‘অবৈধ কালো আইন, মানি না, মানবো না’, ‘আমাদের দাবি মানতে হবে, মানতে হবে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদী কাল আইন, মানি না মানবো না’, ‘আপস না লড়াই, লড়াই লড়াই’, ‘সারা বাংলার কর্মচারী, এক হও লড়াই কর’-সহ নানা স্লোগান দেওয়া হয়।
আরও পড়ুন: চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে আজও বিক্ষোভ
চাকরি নিরাপত্তা ও সুযোগ-সুবিধা হ্রাসের আশঙ্কায় একাধিক বিভাগের সরকারি কর্মচারীরা যে ধারাবাহিক বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, আজকের কর্মসূচি ছিল তারই অংশ।
এর আগে, ১৯ জুনও সচিবালয়ে আন্দোলন ও বিক্ষোভ করেন সরকারি কর্মচারীরা। অধ্যাদেশটি বাতিল না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণাও দিয়েছিলেন তারা।
গত ২২ মে উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর সরকারি চাকরি অধ্যাদেশের খসড়া বাতিলের দাবিতে গত ২৪ মে আন্দোলনে নামেন সচিবালয়ের কর্মচারীরা।
কর্মচারীদের আন্দোলনের মধ্যেই ২৫ মে রাতে এই অধ্যাদেশ জারি করে সরকার। অধ্যাদেশ অনুযায়ী, চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে।
সরকারি কর্মচারীরা অধ্যাদেশটিকে নিবর্তনমূলক ও কালো আইন হিসেবে আখ্যায়িত করেছেন। । এটি বাতিল করার জন্য সচিবালয়ে বিক্ষোভ মিছিল, কর্মবিরতি, অবস্থান কর্মসূচি ছাড়াও কয়েকজন উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন তারা।
৪১০ দিন আগে
ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তুরস্কের ইস্তানবুলে ইসলামি সহযোগিতা সংস্থা—ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৫১তম সম্মেলনে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বেআইনি ও আগ্রাসী সামরিক হামলার তীব্র নিন্দা জানান। এ আগ্রাসনকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং ইরানের সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ‘ইসরায়েলের এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ড এ অঞ্চলকে অস্থিতিশীল করার এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকে বিঘ্নিত করার হুমকি সৃষ্টি করেছে।’
তিনি অবিলম্বে এ ধরনের উস্কানি বন্ধের আহ্বান জানান এবং কূটনীতি ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার মাধ্যমে শান্তি নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার সময় ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র: টামি ব্রুস
অবিলম্বে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনে বন্ধেরও আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা।
এ বিষয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) ও আইসিসির মাধ্যমে ন্যায়বিচার ও জবাবদিহিতার দাবিতে ওআইসিকে অবশ্যই ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকতে হবে। আমাদের সংহতিকে অবশ্যই কৌশলগত এবং টেকসই পদক্ষেপে রূপান্তরিত করতে হবে।’
এ সময় রোহিঙ্গা সংকটের বিষয়টিও তার বক্তব্যে উঠে আসে। আইসিজেতে ওআইসির আইনি উদ্যোগ এবং ওআইসি টেন ইয়ার প্রোগ্রাম অব অ্যাকশনে রোহিঙ্গা ইস্যুকে অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য হিসেবে অন্তর্ভুক্তির জন্য ওআইসির প্রতি গভীর কৃতজ্ঞতা জানান তিনি।
রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর পাশাপাশি আইসিজেতে চলমান আইনি কার্যক্রমে অর্থায়নে সহায়তা করতে তিনি আহ্বান জানান।
মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ইসলামভীতি মোকাবিলায় আরও বিস্তৃত ও কার্যকর ভূমিকা রাখার জন্য ওআইসিকে আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা।
আরও পড়ুন: রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তায় হুমকি হয়ে দাঁড়াতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
তিনি বলেন, ‘বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের উচিত ওআইসির প্রাতিষ্ঠানিক সক্ষমতা, জবাবদিহিতা এবং বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা।’
সম্মেলনের সাইডলাইনে মালয়েশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উটামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান, ইরাকের পররাষ্ট্র মন্ত্রী ফুয়াদ হোসেন, উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সাইদভ বাখতিয়র ওদিলোভিচ এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দারের সঙ্গে পৃথক বৈঠক করেন মো. তৌহিদ হোসেন।
৪১০ দিন আগে
পুলিশ-আন্দোলনকারীদের সংঘর্ষে উত্তপ্ত জাতীয় প্রেসক্লাব এলাকা
১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশগ্রহণ করা সব প্রার্থীকে সনদ প্রদানের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।
রবিবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এর ফলে ওই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
এর আগে, সকাল ১১টার দিকে আন্দোলনকারীরা প্রেসক্লাবের সামনে থেকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ বারবার সরে যেতে বললেও স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। পরে সাড়ে ১১টার দিকে তাদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, ঘটনাস্থল থেকে তিনজনের সঙ্গে কথা বলছে পুলিশ এবং প্রেসক্লাব ফাঁড়িতে বসেই তাদের কথা হবে।
৪১০ দিন আগে
জুলাই সনদ সহজ করতে রাজনৈতিক দলগুলোকে ‘ছাড়’ দেওয়ার আহ্বান আলী রীয়াজের
জুলাই সনদ সহজতর করতে রাজনৈতিক দলগুলোকে পরস্পরকে ছাড় দেওয়ার অনুরোধ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনর সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
রবিবার (২২ জুন) বেলা ১১টা ২০ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার শুরুত তিনি এ মন্তব্য করেন।
আলী রীয়াজ বলেন, ‘এই আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো পরস্পর কাছাকাছি আসার সুযোগ পেয়েছে। সেটা আমরা লক্ষ করেছি।’
‘যে মানসিকতার জায়গা থেকে আপনারা শুরু করেছেন, সেটির জন্য আপনাদের ছাড় দেওয়ার প্রয়োজন হবে। এ নিয়ে আপনারা নিজেদের নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলুন।’
তিনি বলেন, ‘গত কয়েকদিনের আলোচনায় কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। যার মধ্যে রয়েছে সংসদের উচ্চকক্ষ গঠন, নারীদের প্রতিনিধিত্ব ও জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন।’
‘এর মধ্যে সপ্তাহান্তে বেশ কয়েকটি রাজনৈতিক দল আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, আমরাও করেছি। তারা আমাদের বলেছেন, উচ্চকক্ষ গঠনসহ বেশ কিছু বিষয়ে তারা নীতিনির্ধারদের সঙ্গে কথা বলতে চান। কমিশনও মনে করে তাদের নিজেদের বসা দরকার। সে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি—এই বিষয়গুলো পরে আলোচনা করার এবং দুদিন বাদে আমরা আবার বসব।’
আরও পড়ুন: জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু
আলী রীয়াজ বলেন, ‘আজ আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধানের মূল বিষয় ও নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে আলোচনা করবো।’
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা একটু বিবেচনা করুন। একটা কঠিন পরিস্থিতিতে আমরা এখানে এসেছি। ষোলো বছরের সংঘাত, হাজারখানেক মানুষের আত্মদান ও বহুলোকের গুমের অভিজ্ঞতা রয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। এই মানুষগুলো আপনাদের কর্মী, আপনাদের সন্তান। তাদের কারণেই আমরা আজ এখানে, নাহলে তো বসতে পারতাম না!’
‘এসব বিবেচনায় কোন জায়গাতে আমরা একমত হতে পারি, কোন জায়গায় কতটুকু যেতে পারি—তার জন্য একটু ছাড় দেওয়ার বিষয়টি দেখতে হবে। আপনাদের অনুরোধ, আরেকটু ছাড় দেওয়ার জায়গায় আসুন, তাহলেই জুলাই সনদ করা আপনাদের জন্য সহজতর হবে।’
বৈঠকে আলী রীয়াজ ছাড়াও আরও উপস্থিত রয়েছেন, ঐকমত্য কমিশনের সদস্য জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান।
৪১০ দিন আগে
জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু
দুই দিন বিরতি দিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ রবিবার রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হয়েছে।
রবিবার (২২জুন) বেলা ১১টা ২০ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ আলোচনায় বিএনপি ও জামায়াতে ইসলামীসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
এতে সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। আগের আলোচনার সমাপ্তি টানতেই আজকের এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন-নিউজ সরাসরি সম্প্রচার করছে। বৈঠকে আলী রীয়াজ ছাড়াও আরও উপস্থিত রয়েছেন ঐকমত্য কমিশনের সদস্য জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান।
এর আগে, গত ১৭ জুন দ্বিতীয় পর্যায়ের অসমাপ্ত আলোচনায় অংশ নেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যোগাযোগের পর তার পরের দিন অবশ্য অংশ নিয়েছিল দলটি।
আরও পড়ুন: ঐকমত্য কমিশন: প্রথম দিনের বৈঠক বর্জন ছিল জামায়াতের ‘প্রতীকী প্রতিবাদ’
এদিকে সংসদের উচ্চকক্ষের আসন বণ্টন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনসহ বেশ কয়েকটি বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে রাজনৈতিক দলগুলো এখনো কাছাকাছি আসতে পারেনি। প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনতেই এনসিসি গঠনের কথা বলা হচ্ছে।
রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়েও দলগুলোর ঐকমত্য হয়নি গত সপ্তাহে হওয়া চার দিনের সংলাপে। এ পর্যায়ে ঐকমত্যের সংজ্ঞা নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য প্রকাশ পেয়েছে। কমিশন এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার কথাও ভাবছে।
গত সপ্তাহের সংলাপের অগ্রগতি পর্যালোচনা করলে দেখা যায়, এই বিষয়গুলোতে একদিকে রয়েছে বিএনপি এবং সমমনা পাঁচটি দল; তাদের কাছাকাছি অবস্থান বামপন্থি সিপিবি, বাসদের। বিএনপির বিপরীত অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, এবি পার্টিসহ বাকি দলগুলো। যুগপৎ আন্দোলনের মিত্র গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, গণসংহতি, জেএসডির অবস্থানও বিএনপির বিপরীতে।
আরও পড়ুন: ঐকমত্য কমিশনের বৈঠকে আজ যোগ দিয়েছে জামায়াত
নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষের আসন বণ্টন, প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাসে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের প্রস্তাবের বিপক্ষে অনড় অবস্থান ধরে রেখেছে বিএনপি এবং সমমনা এলডিপি, এনডিএম, লেবার পার্টি, ১২ দলীয় জোট এবং ১১ দলীয় জোট।
চার দিনের সংলাপে ৩০ রাজনৈতিক দল এবং জোট শুধু ৭০ অনুচ্ছেদ শিথিলে শর্ত সাপেক্ষে ঐকমত্য হয়েছে। যদিও জামায়াত বলেছে, শুধু অর্থবিল এবং আস্থা প্রস্তাব নয়, সংবিধান সংশোধনেও এমপিরা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না। বিএনপি বলেছে, যুদ্ধাবস্থায়ও দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না এমপিরা।
৪১০ দিন আগে
করোনায় আরও দুই মৃত্যু, শনাক্ত ৪
করোনা সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুন) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে নতুন করে ৪ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।
শনিবার (২১ জুন) স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৯০ শতাংশ।
পড়ুন: করোনায় আরও দুই মৃত্যু, শনাক্ত ১৮
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃত ব্যক্তিরা দুজনই নারী। তাদের একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। অপরজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। তাদের একজন বাসায় ও অপরজন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা গেছেন।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৫১ হাজার ৯৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন ১১ জন। আর দেশে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১০ জনের।
৪১০ দিন আগে
ভিডিও ভাইরাল: ওএসডি শরীয়তপুরের সেই ডিসি
এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর এবার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হয়েছেন শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন। শনিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তবে কেন তাকে ওএসডি করা হয়েছে, মন্ত্রণালয় থেকে সেই ব্যাখ্যা দেওয়া হয়নি। এরআগে শুক্রবার সকালে এক প্রবাসী সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে ৫৭ সেকেন্ডের এই ভিডিও ছড়িয়ে দেন।
তাতে বলা হয়, শরীয়তপুরের ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিন ওই নারীকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিলেন।আরও পড়ুন: ডিসিদের মতো এসপিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছ: ধর্ম উপদেষ্টা
ভিডিওটি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা ইউএনবি। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন। তিনি ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।
বছর ছয়েক আগে ২০১৯ সালে নারী অফিস সহকারীর সঙ্গে জামালপুরের তৎকালীন জেলা প্রশাসক আহমেদ কবীরের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। পরে তাকে বিভাগীয় তদন্ত কমিটির সুপারিশে শাস্তির মুখোমুখি হতে হয়।
৪১১ দিন আগে
শাহরাস্তিতে পুকুরে বিষাক্ততায় ভেসে উঠছে মরা মাছ
পরিবেশ দূষণে চরম হুমকিতে জীববৈচিত্র্য। ক্রমেই ধ্বংস হচ্ছে স্বাস্থ্যকর পরিবেশ। বাদ যাচ্ছে না পুকুর কিংবা জলাশয়। প্রকৃতি বিনাশী কর্মকাণ্ডে ধ্বংস হচ্ছে পুকুর ও জলাশয়ের মাছও।
এমনি বিপর্যয়কর পরিস্থিতিতে পড়েছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার প্রাণকেন্দ্র ঠাকুর বাজারের দিঘিটি। দিনে দিনে পরিবেশ দূষণকারী বর্জ্য ফেলায় বিষাক্ত হয়ে পড়েছে জলাশয়টি, মরে যাচ্ছে মাছ।
শাহরাস্তি পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় দিঘির পানিতে ভেসে উঠছে শত শত মরা মাছ। দুর্গন্ধে আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর পরিবেশ হয়ে উঠেছে চরম অস্বাস্থ্যকর—এমনটাই অভিযোগ করেন আশপাশের ক্ষতিগ্রস্ত লোকজন ও শিশুরা।
পড়ুন: সুন্দরবন রক্ষায় বাস্তবিক কর্মপরিকল্পনা করা হবে: পরিবেশ উপদেষ্টা
স্থানীয় বাসিন্দারা ইউএনবিকে জানায়, ঠাকুর বাজারের পাশে গরু বাজারের জন্য পৌরসভা কর্তৃপক্ষ দিঘির ২০ শতাংশ জমি অধিগ্রহণ করে সেখানে ভরাট কার্যক্রম চালাচ্ছে। কিন্তু জমি ভরাটের কাজে নিয়মিতই বিভিন্ন স্থান থেকে ময়লা আবর্জনা এনে ফেলা হচ্ছে। এসব বর্জ্যের বিষাক্ততা সরাসরি পানিতে মিশে মাছ ও জলজ প্রাণীর মৃত্যু ঘটাচ্ছে। নষ্ট হচ্ছে পরিবেশ।
দিঘি ইজারাদার ও মৎস্য চাষি অর্জুন চন্দ্র বর্মন ইউএনবিকে জানান, ১৫ মাসের জন্য ইজারা নিয়ে তিনি বিভিন্ন জাতের মাছ চাষ করছিলেন। কিন্তু হঠাৎ করে গত দুই-তিন দিনে দিঘির শত শত মাছ মারা যেতে শুরু করে। এতে করে তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তিনি পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন বলে জানান।
স্থানীয় বাসিন্দা মইনুল ইসলাম ও আবদুল মুনাফ বাচ্চুসহ আরও কয়েকজন ইউএনবিকে বলেন, ‘ঘনবসতিপূর্ণ এলাকায় ময়লার স্তুপ ফেলে ভরাট কার্যক্রম চলায় আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছে, দুর্বিষহ পরিবেশের মধ্যে থাকতে হচ্ছে। ময়লার গন্ধ সহ্য করা যাচ্ছে না, আর এখন মাছও মরছে।’
এ বিষয়ে শাহরাস্তি পৌর নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমেদ শেখ ইউএনবিকে বলেন, ‘আমরা পৌরসভার নিজস্ব জমি ভরাট করছি। বিষয়টি অবগত হয়েছি, আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয়দের মতে, উন্নয়ন কাজের নামে অপরিকল্পিতভাবে ময়লা ফেলার মাধ্যমে পরিবেশ বিপর্যয় সৃষ্টি করা হচ্ছে। দ্রুত পদক্ষেপ না নিলে এই দিঘি এক সময় সম্পূর্ণভাবে অকেজো হয়ে পড়বে এবং এর প্রভাবে হুমকিতে পড়বে জনস্বাস্থ্যও।
৪১১ দিন আগে
যারা ক্ষমতায় যাবেন, তারা যেন দুর্নীতি না করেন: প্রত্যাশা উপদেষ্টা শারমীনের
আগামীতে যারা দেশের ক্ষমতায় আসবেন, অন্তর্বর্তী সরকার যেভাবে দুর্নীতির প্রতি জিরো টলারেন্স দেখিয়েছে, তারাও সেটা দেখান বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
শনিবার (২১ জুন) ঢাকার এফডিসিতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত ছায়া সংসদে তিনি এমন মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, ‘বিগত সরকারের সময় দুর্নীতি আমাদের সব অগ্রযাত্রাকে উঁইপোকার মতো খেয়ে ফেলেছে। সে সময়ে প্রতিটি প্রকল্পেই দুর্নীতি হয়েছে। দুর্নীতি নিরসনে অন্তর্বর্তী সরকার জিরো টলারেন্স দেখিয়ে আসছে। আগামীতে যারা ক্ষমতায় আসবেন, তারা যেন দুর্নীতি না করেন, সেই প্রত্যাশা থাকবে।’
‘একটি স্বৈরাচারী সমাজব্যবস্থার ভিতরে আমরা একটি সংবেদনশীল, যত্নশীল পলিসি প্রত্যাশা করতে পারি না। বিগত সরকার বাল্যবিবাহের মতো একটি সংবেদনশীল সামাজিক বিষয়ের সংজ্ঞা পরিবর্তনের মাধ্যমে বিয়ের বয়স ১৮ বছর থেকে কমিয়ে ১৬ বছর করে ভয়ঙ্কর উদাহরণ তৈরি করেছিল।’
ফলে বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের দীর্ঘদিনের অর্জন টেকসই হয়নি বলেও মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, ‘যে দেশে আইন করে যৌতুক ও বাল্যবিবাহ বন্ধ করা যায়নি, সেই দেশে আইন দিয়ে শিশুশ্রম বন্ধ করা কঠিন। শিশুশ্রম সম্মানজনক নয়। এটি শিশুর অধিকার হরণ করে।’
‘কোনো সমাজে শিশুশ্রম থাকলে সেখানকার অর্থনীতির নৈতিকতা থাকে না। দারিদ্র্য ও শিশুশ্রম ওতপ্রোতভাবে জড়িত। তাই, শিশুশ্রম নিরসনে দারিদ্র্য বিমোচনকে অগ্রাধিকার দিতে হবে।’
আরও পড়ুন: নির্বাচন সুষ্ঠু না হলে মহাদুর্যোগ দেখা দেবে: গোলাম পরওয়ার
উপদেষ্টা বলেন, ‘শিশুশ্রম নিরসনে রাষ্ট্র ও সমাজকে মুখোমুখি দাঁড় করানো যাবে না। রাষ্ট্র, সমাজ, প্রাইভেট সেক্টর, উন্নয়ন সহযোগীসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’
প্রতিযোগিতাটির আয়োজন করেছে ডিবেট ফর ডেমোক্রেসি নামে বিতার্কিকদের একটি সংগঠন। এতে বিশেষ অতিথি ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ.এইচ.এম সফিকুজ্জামান ও আইএলও বাংলাদেশ অফিসের শ্রম প্রশাসন বিভাগের প্রধান নীরান রামজুঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এবং মন্ত্রিপরষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন।
৪১১ দিন আগে