বিশ্ব
কাবুলের হাসপাতালে পাকিস্তানের হামলায় ৪০০ জন নিহতের দাবি, ইসলামাবাদের অস্বীকার
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মাদক পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন বলে দাবি করছে আফগানিস্তান।
স্থানীয় সময় সোমবার (১৬ মার্চ) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
গত মাসের শেষ দিকে শুরু হওয়া পাকিস্তান ও আফগানিস্তানের ভেতর সংঘাতের ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম বড় ঘটনা। এই সময়ে সীমান্তে বারবার সংঘর্ষসহ আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের বিমান হামলার ঘটনাও ঘটেছে।
আন্তর্জাতিক পক্ষগুলো বারবার সংযম প্রদর্শন ও যুদ্ধবিরতির আহ্বান জানালেও এখনও তা আমলে নেয়নি যুদ্ধরত এ দুই দেশ।
তবে সর্বশেষ হামলার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান বলেছে, তারা কোনো হাসপাতাল বা বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা করেনি। ইসলামাবাদের দাবি, পূর্ব আফগানিস্তানে তারা যে হামলা চালিয়েছে, সেগুলোতেও কোনো বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।
আফগানিস্তান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত এক এক্স পোস্টে জানান, স্থানীয় সময় সোমবার রাত ৯টার দিকে কাবুলের ওই হাসপাতালে বিমান হামলা চালায় পাকিস্তান। হামলায় ২ হাজার শয্যার ওই হাসপাতালের বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, এখন পর্যন্ত নিহতের সংখ্যা কমপক্ষে ৪০০ জন এবং আরও অন্তত ২৫০ জন আহত হয়েছেন।
স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর এক্সে প্রকাশিত ভিডিও থেকে দেখা গেছে, নিরাপত্তা বাহিনী সার্চলাইট ব্যবহার করে হতাহতদের সরিয়ে নিচ্ছে এবং অগ্নি নির্বাপক কর্মীরা ধ্বংসস্তূপের ভেতরে জ্বলতে থাকা আগুন নেভানোর চেষ্টা করছেন।
ফিতরাত জানান, উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে আনা এবং মরদেহ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
এ হামলার ঠিক কয়েক ঘণ্টা আগেই আফগান কর্মকর্তারা জানিয়েছিলেন, দুই দেশের সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং তাতে আফগানিস্তানের চারজন নিহত হয়েছেন।
এর মাধ্যমে প্রতিবেশী এই দুই দেশের মধ্যে দ্বন্দ-সংঘাত তৃতীয় সপ্তাহে প্রবেশ করল।
আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্স পোস্টে এই হামলার নিন্দা জানিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে হাসপাতাল ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে নৃশংসতা চালানোর অভিযোগ করেছেন তিনি।
নিহতের সংখ্যা যে এত বেশি, তা সামনে আসার আগেই এক এক্স পোস্টে তিনি বলেছিলেন, যারা এই বর্বর হামলার শিকার হয়েছেন, তারা সবাই ওই হাসপাতালের রোগী ছিলেন।
ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘আমরা এই অপরাধের তীব্র নিন্দা জানাই। এটি স্বীকৃত নীতিমালা ও মানবতার বিরুদ্ধ অপরাধ।’
অভিযোগ অস্বীকার পাকিস্তানের
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখপাত্র মুশাররফ জায়েদি রীতিমত অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তার দাবি, কাবুলের কোনো হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে তার এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্টে জানান, পাকিস্তানের সামরিক বাহিনী একটি সুনির্দিষ্ট বিমান হামলা চালিয়ে কাবুল ও নানগারহার প্রদেশে শুধু সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে।
তিনি বলেন, কাবুলের দুটি জায়গায় প্রযুক্তিগত অবকাঠামো এবং গোলাবারুদ সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে।
তিনি আরও লেখেন, ‘সকল লক্ষ্যবস্তুই পরিকল্পিতভাবে নির্ধারণ করা হয়েছে। শুধু যেসব অবকাঠামো আফগান তালেবান সরকার এবং তার সন্ত্রাসীদলগুলোকে সন্ত্রাসী তৎপরতা চালাতে সাহায্য করবে, সেগুলোই আমাদের লক্ষ্যবস্তু।’
পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ও আফগান কর্তৃপক্ষের অভিযোগ অস্বীকার করেছে।
মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, অযোোজানায়জাবিহুল্লাহের দাবি পুরোপুরি মিথ্যা এবং বিভ্রান্তিকর। এটি জনমত প্রভাবিত করার পাশাপাশি সীমান্তপারের সন্ত্রাসবাদের অবৈধ সমর্থন ঢাকা দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তানের এ হামলা ছিল মূলত সন্ত্রাসবাদের বিরুদ্ধে অত্যন্ত পরিকল্পিত এবং সতর্কতার সঙ্গে পরিচালিত। সাধারণ মানুষ বা বেসামরিক কোনো স্থাপনায় হামলা কখনোই তাদের অভিপ্রায় ছিল না।’
জঙ্গি দমনে পদক্ষেপ নিতে আফগানিস্তানকে জাতিসংঘের আহ্বান
পাকিস্তানের এই হামলার ঠিক কয়েক ঘণ্টা আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আফগানিস্তানের তালেবান শাসকদের লক্ষ্য করে সন্ত্রাসবাদ দমনে দ্রুত কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছে।
নিরাপত্তা পরিষদের প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। এতে পাকিস্তানে সংঘটিত নির্দিষ্ট হামলার উল্লেখ না থাকলেও সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, বিশেষ করে সন্ত্রাসী হামলাগুলোকে কঠোরভাবে নিন্দা করা হয়েছে।
পাকিস্তানের অভিযোগ, কাবুল বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে। এর মধ্যে পাকিস্তানি তালেবানরাও (তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি) আছে, যারা পাকিস্তানের ভেতরে মাঝেমধ্যেই হামলা চালায়।
আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তান সরকারের অভিযোগ, তারা টিটিপিকে নিরাপদ আশ্রয় দিচ্ছে, যাকে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। এ ছাড়াও নিষিদ্ধ বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং অন্যান্য জঙ্গিদেরও আশ্রয় দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে কাবুল।
১৩৯ দিন আগে
নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৩
নাইজেরিয়ার মাইদুগুরি শহরে এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার (১৬ মার্চ) রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। সাম্প্রতিক সময়ে সংঘাতপ্রবণ ওই শহরটিতে এটি অন্যতম প্রাণঘাতী হামলা।
শহরের বাসিন্দা এবং জরুরি পরিষেবা সংস্থাগুলো জানায়, বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরির জনবহুল এলাকায় পরপর তিনটি বিস্ফোরণ ঘটে। এর মধ্যে একটি বিস্ফোরণ বড় বাজারে এবং আরেকটি ঘটে মাইদুগুরির টিচিং হাসপাতাল বিশ্ববিদ্যালয়ে।
বর্নো পুলিশের মুখপাত্র নাহুম কেনেথ দাসো এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে বলেন, ‘এই হামলায় মোট ২৩ জন প্রাণ হারিয়েছেন এবং ১০৮ জন আহত হয়েছেন।’ এই হামলার জন্য সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীদের দায়ী করেছেন তিনি।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে কাজটি জিহাদি সংগঠন বোকো হারাম করেছে বলে ধারণা করছে স্থানীয় কর্তৃপক্ষ। এই গোষ্ঠিটি ২০০৯ সালে উত্তর-পূর্ব নাইজেরিয়ায় তাদের কট্টর শরিয়া আইন প্রতিষ্ঠার লক্ষ্যে বিদ্রোহ শুরু করেছিল।
সময়ের সঙ্গে সঙ্গে বোকো হারাম আরও শক্তিশালী হয়েছে। তাদের হাজার হাজার যোদ্ধা এবং বিভিন্ন উপদল রয়েছে। এই উপদলগুলোর মধ্যে পশ্চিম আফ্রিকা প্রদেশের ইসলামিক স্টেট’ অন্যতম, যা আইএসের অঙ্গসংগঠন।
মাইদুগুরি শহর দীর্ঘদিন ধরে সহিংসতার কেন্দ্রবিন্দু হলেও সাম্প্রতিক বছরগুলোতে তুলনামূলক শান্ত ছিল। তবে এর আশপাশের গ্রামাঞ্চলগুলো প্রায়ই জঙ্গি হামলার শিকার হয়ে থাকে।
নাইজেরিয়ার সেনাবাহিনী শহরের উপকণ্ঠে জঙ্গিদের হামলা প্রতিহত করার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই আত্নঘাতী বোমা হামলা ঘটেছে। এলাকাবাসীর মতে, এটি পরিস্থিতি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কৌশল হিসেবে পরিকল্পিতভাবে করা হয়ে থাকতে পারে।
স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মার্চ) সকালে হামলার শিকার এলাকাগুলো এবং শহরের প্রধান সড়কগুলোতে কঠোর নিরাপত্তা মোতায়েন করা হয়, তবে আতঙ্কের কারণে অনেক জনসমাগমস্থল বন্ধ ছিল।
বর্নো পুলিশ জানায়, ‘ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দোষীদের বিচারের আওতায় আনতে তদন্ত চলছে।’
১৩৯ দিন আগে
ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানি নিহতের দাবি
ইসরায়েলের রাতভর হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তবে এ দাবি সত্যতা এখনও নিশ্চিত করেনি ইরান।
মঙ্গলবার (১৭ মার্চ) এক বিবৃতিতে কাটজ বলেন, ইসরায়েলি বাহিনীর অভিযানে লারিজানির পাশাপাশি বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানিও নিহত হয়েছেন।
তিনি বলেন, ‘ইরানের “সন্ত্রাস ও নিপীড়ক” শাসনের নেতৃত্বকে খুঁজে বের করে অভিযান অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী (নেতানিয়াহু) ও আমি আইডিএফকে (ইসরায়েলি সামরিক বাহিনী) নির্দেশ দিয়েছি।’
তিনি আরও দাবি করেন, ইরানের নেতৃত্বে ‘দ্রুত পরিবর্তন’ ঘটছে এবং সাম্প্রতিক হামলায় শীর্ষ দুই নেতাকে হত্যার মাধ্যমে সেই প্রবণতা আরও ত্বরান্বিত হয়েছে। অভিযানে অংশ নেওয়া ইসরায়েলি বিমানবাহিনীর পাইলট ও গোয়েন্দা কর্মকর্তাদের এ সময় প্রশংসা করেন তিনি।
ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, একটি গোপন আস্তানায় লারিজানি ও তার ছেলের উপস্থিতির খবর পেয়ে হামলা চালানো হয়। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
লারিজানির নিহত হওয়া দাবিসহ বিবিসির খবরে বলা হয়েছে, আলি লারিজানি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) প্রভাবশালী সচিব ছিলেন। ২০২৫ সালের আগস্টে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে এ পদে নিয়োগ দেন। তিনি দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
লারিজানি ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা ১২ বছর ইরানের পার্লামেন্টের স্পিকার ছিলেন। এর আগে ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি দেশটির প্রধান পারমাণবিক আলোচক হিসেবে দায়িত্ব পালন করেন। একসময় পার্লামেন্টে প্রিন্সিপালিস্ট শিবিরের নেতৃত্ব দিলেও সাম্প্রতিক বছরগুলোতে তাকে ‘মধ্যপন্থী রক্ষণশীল’ হিসেবে আখ্যায়িত করা হতো।
তার ভাই সাদেক লারিজানিও ইরানের প্রভাবশালী ব্যক্তি। তিনি এক্সপিডিয়েন্সি কাউন্সিলের চেয়ারম্যান, যা ইরানের পার্লামেন্ট ও গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে বিরোধ নিষ্পত্তির সর্বোচ্চ সংস্থা।
গত শুক্রবার তেহরানে কুদস দিবসের সমাবেশে সর্বশেষ জনসমক্ষে দেখা গিয়েছিল লারিজানিকে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, ‘যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু কয়েকটি টুইটে (এক্স পোস্ট) তা জেতা যায় না।’
লারিজানির নিহতের খবরের মধ্যেই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তার নামে একটি হাতে লেখা বার্তা প্রকাশ করেছে, যেখানে নৌবাহিনীর সদস্যদের প্রশংসা করা হয়েছে। যদিও বার্তাটির সময় ও তারিখ উল্লেখ নেই।
অন্যদিকে, তেহরানের হামলার পর ইরানের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আইডিএফ। তারা জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমও ইসরায়েলকে লক্ষ্য করে নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা ডুবে যাওয়ার ঘটনায় নিহত নৌসেনাদের স্মরণে আজ রাষ্ট্রীয় কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে তেহরান।
সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে, তবে লারিজানি ও সোলেইমানির মৃত্যুর বিষয়ে এখনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেয়নি ইরান।
১৩৯ দিন আগে
জ্বালানি সংকটে পুরো কিউবাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়
তেল আমদানিতে নিষেধাজ্ঞা ও পুরনো বিদ্যুৎ অবকাঠামোর কারণে কিউবাজুড়ে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। দেশটির প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। অন্যান্য দেশ থেকে তেল সরবরাহ বন্ধ, দুর্বল বিদ্যুৎ গ্রিড ও জ্বালানি সংকট মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
স্থানীয় সময় সোমবার (১৬ মার্চ) থেকে পুরো কিউবাজুড়ে বিদ্যুৎ বিপর্যয় শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা। জ্বালানি ও অর্থনৈতিক সংকটের মধ্যেই দেশটির পুরনো বিদ্যুৎ গ্রিডও ভেঙে পড়ছে।
কিউবার জ্বালানি ও খনি মন্ত্রণালয় এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জানায়, দেশটির বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। যেসব ইউনিটগুলো সচল ছিল, সেগুলোতে কোনো ত্রুটি ছিল না, তারপরও কেন এমন বিপর্যয় হলো তার তদন্ত করা হচ্ছে।
দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের পরিচালক লাসারো গেরা রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, বিদ্যুৎ সরবরাহ সচল করার জন্য তাদের কর্মীরা কয়েকটি তাপবিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু করার চেষ্টা করছেন।
তিনি বলেন, বিদ্যুৎকেন্দ্রগুলো চালু করার কাজটি ধীরে ধীরে করতে হবে, যাতে কোনো সমস্যা না হয়। কারণ দীর্ঘদিন ধরে দুর্বল অবস্থায় থাকা সিস্টেমগুলো অল্প সমস্যাতেই আবার বিকল হয়ে যেতে পারে।
সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে হাভানার কিছু বাড়িতে মোমবাতি জলতে দেখা যায়। একটি অন্ধকার বাড়িতে শিশুদের খেলাধুলা ও মায়ের সঙ্গে গান গাওয়ার শব্দ শোনা যায়।
হাভানার বাসিন্দা ইউনিসি সেসিলিয়া রিভিয়ক্স একটি খোলা দরজার দিকে ইশারা করে বলেন, ‘আমাদের এখানে মেয়েদের জন্য একটি বিছানা পেতে রাখতে হবে যাতে তারা এখানে ঘুমাতে পারে। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমার কাছে কোনো রিচার্জেবল ফ্যান বা জেনারেটরও নেই।’
গত চার মাসের মধ্যে এটি কিউবায় তৃতীয় বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়।
হাভানার ৬১ বছর বয়সী বাসিন্দা তমাস দাভিদ ভেলাসকেস ফেলিপ বলেন, ‘বারবার বিদ্যুৎ বিভ্রাটের কারণে তার মনে হয়, যাদের সামর্থ্য আছে তাদের কিউবা ছেড়ে চলে যাওয়া উচিত। তিনি বলেন, আমাদের খাবার নষ্ট হয়ে যায়। আমার মতো বয়স্ক মানুষদের এভাবে কষ্ট সহ্য করা কঠিন।’
তবে সোমবার রাতে কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হাভানার প্রায় ৫ শতাংশ বাসিন্দার বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছে, সংখ্যায় যা প্রায় ৪২ হাজার গ্রাহকের মতো। দ্বীপজুড়ে কয়েকটি হাসপাতালেও বিদ্যুৎ ফিরেছে।
দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এখন থেকে দেশটির যোগাযোগ খাতকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হবে। তবে যেসব ছোট ছোট সার্কিটে আপাতত বিদ্যুৎ ফিরেছে সেগুলো আবারও বিকল হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
সাম্প্রতিক বছরগুলোতে কিউবার পুরোনো বিদ্যুৎ গ্রিডগুলোর অবনতি হয়েছে। এর ফলে প্রতিদিনই বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে এবং দেশজুড়ে বড় বড় ব্ল্যাকআউট হচ্ছে।
কিউবার সরকার এ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধকে দায়ী করেছে। কারণ জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, কিউবাকে তেল বিক্রি বা সরবরাহ করে এমন যেকোনো দেশের ওপর শুল্ক আরোপ করা হবে।
বর্তমানে ট্রাম্প প্রশাসন দাবি করছে, কিউবা যদি রাজনৈতিক বন্দিদের মুক্তি দেয় এবং রাজনৈতিক ও অর্থনৈতিক উদারীকরণের দিকে অগ্রসর হয়, তাহলে নিষেধাজ্ঞা শিথিল করা যেতে পারে। ট্রাম্প কিউবার ওপর বন্ধুত্বপূর্ণ দখল নেওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন।
স্থানীয় সময় সোমবার (১৬ মার্চ) ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন যে কিউবা দখল করার সম্মান তারই হবে।
ট্রাম্প বলেন, ‘আমি কিউবাকে মুক্ত করব নাকি দখল করব? আমি মনে করি আমি যা চাই তা-ই করতে পারি।’ এসময় তিনি কিউবাকে একটি খুব দুর্বল জাতি হিসেবে উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এবং ওয়াশিংটন ও হাভানার আলোচনার বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে, ট্রাম্প প্রশাসন কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেলকে ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। যুক্তরাষ্ট্র দ্বীপরাষ্ট্রটির ভবিষ্যৎ নিয়ে কিউবা সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। সংবেদনশীল আলোচনার বিষয় হওয়ায় তারা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানান। তবে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র কাকে কিউবার ক্ষমতায় দেখতে চায়, সে বিষয়ে কোনো বিস্তারিত জানাননি তারা।
কয়েকদিন আগে দিয়াস-কানেল প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেন, তার সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা করেছে। এর আগে, সোমবার নিউ ইয়র্ক টাইমস এই আলোচনার বিষয়টি প্রথম প্রকাশ করে।
১৩৯ দিন আগে
জ্বালানি সাশ্রয়ে শ্রীলঙ্কায় বুধবার ছুটি ঘোষণা, এশীয় দেশগুলোতে নানা পদক্ষেপ
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের ফলে সৃষ্ট সম্ভাব্য জ্বালানি ঘাটতি মোকাবিলায় শ্রীলঙ্কা প্রতি বুধবার সরকারি প্রতিষ্ঠানগুলোতে ছুটি ঘোষণা করেছে।
স্থানীয় সময় সোমবার (১৬ মার্চ) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে দেশটির প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে বলেন, আমাদের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে, তবে আমরা ভালো কিছুর প্রত্যাশা করছি।
হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় অঞ্চল থেকে এশিয়ায় প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল আসত। যুদ্ধের কারণে সেই পথ অবরুদ্ধ হয়ে পড়ায় এশিয়ার দেশগুলো জ্বালানি সাশ্রয়ে নানা পদক্ষেপ নিচ্ছে। সর্বশেষ দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শীলঙ্কাও জ্বালানি সাশ্রয়ে দেশটিতে আরও একদিন সাপ্তাহিক ছুটি বাড়াল। গত বছর এ প্রণালিটি দিয়ে প্রবাহিত তেল ও গ্যাসের প্রায় ৯০ শতাংশই এশিয়ার দেশগুলোতে আসে।
জ্বালানি সাশ্রয়ে এশিয়াজুড়ে নানা পদক্ষেপ
সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় এশিয়ার অন্যান্য দেশও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
থাইল্যান্ডে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) ওপর নির্ভরতা কমাতে স্যুট ছেড়ে ছোট হাতার টি-শার্ট পরার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।
এছাড়া মিয়ানমারে লাইসেন্স প্লেট নম্বরের ওপর ভিত্তি করে ব্যক্তিগত যানবাহনগুলোকে একদিন অন্তর চালানোর অনুমতি দেওয়া হয়েছে।
অপরদিকে, বাংলাদেশে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে রমজানের ছুটি এগিয়ে আনা হয়েছে। দেশজুড়ে পরিকল্পিতভাবে লোডশেডিং চালু করা হয়েছে।
ফিলিপাইনে সরকারি কর্মকর্তাদের সপ্তাহে অন্তত একদিন বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র সরকারি খরচে অপ্রয়োজনীয় ভ্রমণ নিষিদ্ধ করেছেন। ক্রমবর্ধমান তেলের দামের সঙ্গে মানিয়ে নিতে মার্কোস রিকশাচালক, কৃষক এবং জেলেদের জন্য ৫০ থেকে ৮৪ ডলার নগদ সহায়তার ঘোষণাও করেছেন।
ভিয়েতনামে নাগরিকদের বেশি করে বাড়িতে অবস্থান করতে উৎসাহিত করা হচ্ছে। এছাড়া সাইকেল চালানো, গণপরিবহন ব্যবহার এবং অপ্রয়োজনে ব্যক্তিগত গাড়ি ব্যবহার সীমিত করার আহ্বান জানানো হয়েছে।
শ্রীলঙ্কার আরও কিছু পদক্ষেপ
শ্রীলঙ্কার এ নতুন চার দিনের কর্মদিবস স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে স্বাস্থ্য ও ইমিগ্রেশনের মতো জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো এর আওতামুক্ত থাকবে। সরকারি অফিস যেন টানা তিন দিন বন্ধ না থাকে, সেজন্য শুক্রবারের পরিবর্তে বুধবারকে ছুটির দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে।
এছাড়া গাড়িচালকদের এখন ন্যাশনাল ফুয়েল পাসের জন্য নিবন্ধন করতে হচ্ছে। এর মাধ্যমে জ্বালানি কেনা সীমিত করা বা রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে। ব্যক্তিগত গাড়ির জন্য ১৫ লিটার এবং মোটরসাইকেলের জন্য ৫ লিটার জ্বালানি কেনা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ কোটা ব্যবস্থা অনেক লঙ্কান নাগরিকের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। ২০২২ সালে দেশটির চরম অর্থনৈতিক সংকটের সময় প্রথম এই রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছিল।
গত মাসের শেষ দিকে ইরানের ওপর হামলা শুরু হওয়ার পর থেকে তেলের দাম আকাশচুম্বী হয়েছে। বর্তমানে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে।
১৩৯ দিন আগে
খাদ্য, ইন্টারনেট ও কাজের সন্ধানে ইরাকে ঢুকছে ইরানিরা
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর ইরাকের সীমান্ত খোলার প্রথম দিনই অজস্র ইরানি উত্তর ইরাকে প্রবেশ করেছেন। বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতির কারণে ইরানে জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে পৌঁছেছে নিত্যপণ্যের দাম। তাই তুলনামূলক স্বল্পমূল্যে খাদ্যদ্রব্যসহ ইন্টারনেট পরিষেবা পেতে, আত্মীয়দের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে এবং কাজের অনুসন্ধানে ইরাকে প্রবেশ করছেন তারা।
স্থানীয় সময় রবিবার (১৫ মার্চ) সীমান্ত খোলার প্রথম দিন থেকেই উত্তর ইরাক সীমান্তে এ দৃশ্য দেখা যাচ্ছে।
ইরাকে পাড়ি জমানো ইরানিরা জানিয়েছেন, অনবরত বিমান হামলা এবং খাদ্যের লাগামহীন দামের কারণে জীবন চালানো কঠিন হয়েছে উঠেছিল। তাই বাধ্য হয়েই দেশ ছেড়েছি।
উচ্চ দ্রব্যমূল্যের কারণে সৃষ্ট সমস্যায় ইরানকে সহযোগিতা করতে ইরাকের কুর্দি অঞ্চল থেকে পণ্যবোঝাই অসংখ্য ট্রাক হাজি ওমেরান ক্রসিং দিয়ে ইরানে প্রবেশ করছে।
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরু করার আগেও ইরানি কুর্দিরা নিয়মিতভাবে ইরান থেকে ইরাকের উত্তরাঞ্চলের কুর্দি অঞ্চলে যাতায়াত করতেন। পারিবারিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক গভীর সম্পর্ক এবং সীমান্ত জটিলতা তেমন না থাকার কারণে দুই অঞ্চলের মধ্যে নিয়মিত বাণিজ্য ও যাতায়াত চলত। তবে বর্তমানে যুদ্ধ পরিস্থিতিতে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগের জন্য ইরানিদের কাছে ইরাকের কুর্দি অঞ্চল একটি অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছে।
খিদির চোমানি নামে ইরানে পণ্য পরিবহনকারী এক ট্রাকচালক বলেন, ‘এই সীমান্ত বন্ধ থাকলে ধনী-গরিব-শ্রমিক সবার ওপরই প্রভাব পড়বে।’
আঞ্চলিক সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ার কারণে সীমান্তটির ওপর কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ইরাকের কুর্দি অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সীমান্ত পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় ছিল।
১৪০ দিন আগে
পাকিস্তানে ঈদের ভাতা নিতে গিয়ে ছাদ ধসে ৮ নারী নিহত
পাকিস্তানের পূর্বাঞ্চলের একটি গ্রামে সরকারি কল্যাণ ভাতা নিতে জড়ো হওয়া নারীদের ভিড়ের মধ্যে একটি দোকানের ছাদ ধসে অন্তত আটজন নারী নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন।
সোমবার (১৬ মার্চ) এ ঘটনা ঘটেছে। উদ্ধারকারী কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় থানা পুলিশ।
উদ্ধারকর্মী আশিক মাহমুদ জানান, শতাধিক নারী ভাতা নিতে সেখানে জড়ো হলে দোকানদার কিছু নারীকে ছাদের ওপর উঠতে বলেন এবং অন্যরা দোকানের ভেতরে অবস্থান করেন। তবে অতিরিক্ত ভিড়ের চাপ সহ্য করতে না পেরে ছাদটি ধসে পড়ে।
পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান জেলায় এসব নারী ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা নিতে সেখানে জড়ো হয়েছিলেন।
২০০৭ সালে বন্দুক ও বোমা হামলায় নিহত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর নামে চালু করা বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রামের আওতায় এই সহায়তা দেওয়া হয়। এই কর্মসূচির মাধ্যমে লাখো নিম্নআয়ের পরিবারের নারী নগদ সহায়তা পেয়ে থাকেন। এ কর্মসূচির আওতায় যোগ্য পরিবারগুলো প্রতি তিন মাসে ১৩ হাজার রুপি (প্রায় ৪৫ ডলার) করে পায়।
রমজান মাসে দরিদ্র পরিবারগুলোর মধ্যে খাদ্য ও নগদ সহায়তা বিতরণের সময় পাকিস্তানে প্রায়ই ভিড় ও পদদলনের ঘটনা ঘটে। ২০২৩ সালে করাচিতে একটি কারখানার বাইরে রমজানের খাদ্য ও নগদ সহায়তা নিতে গিয়ে শত শত মানুষ ভিড় করলে পদদলনে অন্তত ১১ জন নারী ও শিশু নিহত হয়েছিল।
১৪০ দিন আগে
গভীর হচ্ছে মধ্যপ্রাচ্য সংকট, কমতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিয়ন্ত্রণ
ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর যুদ্ধের নিয়ন্ত্রণ যে তাদের হাতেই ছিল, তা নিয়ে খুব কম মানুষের মনেই সন্দেহ ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলেছে। দাবার চাল এখন চলে যাচ্ছে তেহরানের দিকে।
স্থানীয় সময় রবিবার (১৫ মার্চ) ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের ঊর্ধ্বতন কর্মকর্তা মোহসেন রেজায়ি বলেছেন, যুদ্ধের সমাপ্তি এখন আমাদের হাতে। তার দাবি, পারস্য উপসাগর থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করা এবং হামলার ফলে হওয়া সমস্ত ক্ষয়ক্ষতির জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে।
দ্য গার্ডিয়ানের কলামিস্ট জেসন বার্ক এক প্রতিবেদনে বলেছেন, তিন সপ্তাহ আগেও তেহরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে এতটা আত্মবিশ্বাসী দেখা যায়নি। এ যুদ্ধ শুরু হয়েছিল ইসরায়েলের একটি আকস্মিক হামলার মাধ্যমে, যাতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর ইরানের আকাশসীমায় মার্কিন ও ইসরায়েলি বাহিনী যে বিনা বাধায় বিচরণ করতে পারে এবং গোয়েন্দা তথ্যের বিশাল ভাণ্ডার ব্যবহার করে হাজারো লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে, তা প্রমাণ করতে তারা বেশি সময়ও নেয়নি।
ইরানও ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে পাল্টা হামলা চালিয়েছে। তবে এর বেশিরভাগই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে। ইরানের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন। গত বছর এ দুই দেশের মধ্যে হওয়া স্বল্পস্থায়ী যুদ্ধের তুলনায় এবার নিহতের সংখ্যা এখনও অনেক কম।
তেহরানের হামলায় উপসাগরীয় দেশগুলো তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তারা এখনও তাদের বাসিন্দা এবং অবকাঠামোগুলোকে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা করতে পেরেছে। যদিও তাদের কাছে থাকা গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী মিসাইলের মজুদ শেষ হয়ে যাবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে শান্তি, বিলাসিতা ও সম্পদের মরূদ্যান হিসেবে তাদের যে পরিচিতি ছিল, তা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রতিদিনই ইরানে হামলার মাধ্যমে তাদের সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করছে। কিন্তু দিন যত গড়াচ্ছে ততই মনে হচ্ছে, যুদ্ধের নিয়ন্ত্রণ তাদের হাত থেকে ফসকে যাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের স্থায়িত্ব নিয়ে একাধিক সময়সীমা দিয়েছিলেন। তবে সম্প্রতি তিনি ইঙ্গিত দিয়েছেন, ইরানকে ছাড় দিতে বাধ্য করার পরেই কেবল এই যুদ্ধ শেষ হবে।
অন্যদিকে, অনেক বিশ্লেষক মনে করছেন, যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পনার চেয়ে অনেক বেশি দীর্ঘস্থায়ী যুদ্ধে আটকা পড়তে যাচ্ছে।
যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়টি সামনে এসেছে মূলত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার মাধ্যমে। এ পথটি দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস সরবরাহ করা হয়। এটি বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিয়েছে, যার ফলে তেলের দাম আকাশ ছুঁয়েছে, পেট্রোল পাম্পগুলোতেও দাম হু হু করে বাড়ছে। এ কারণে এই যুদ্ধ শেষ করার জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটির সামরিক ইতিহাস বিভাগের অধ্যাপক ড্যানি ওরবাখ অবশ্য দাবি করেছেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এখনও যুদ্ধের গতিপ্রকৃতি নির্ধারণ করছে। তিনি বলেন, নিয়ন্ত্রণ হাতে থাকার মানে হলো, আপনিই এজেন্ডা ঠিক করছেন। ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী যন্ত্র ফুরিয়ে আসছে। তাই তেহরানের সামনে একমাত্র পথ ছিল হামলা বাড়িয়ে দেওয়া এবং আশা করা যে, কোনোভাবে এটি থেমে যাবে। এ কারণেই তারা উপসাগরীয় দেশগুলোতে আক্রমণ করেছে এবং তারপর হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে।
কেউ কেউ অবশ্য বলছেন, তেহরানকে চাপে ফেলতে ট্রাম্প মধ্যপ্রাচ্যের পথে থাকা মার্কিন নৌসেনাদের ইরানের প্রধান তেল রপ্তানিকেন্দ্র খার্গ দ্বীপ দখলের নির্দেশ দিতে পারেন। তবে তারা যদি তা করেও, সেখানে পৌঁছাতে তাদের অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।
ট্রাম্প খার্গ দ্বীপের তেল স্থাপনাগুলো ধ্বংস করার নির্দেশও দিতে পারেন, যা বহু বছরের জন্য ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে। শনিবার ট্রাম্প বলেছেন, এখন পর্যন্ত সেখানে কেবল সামরিক লক্ষ্যবস্তুগুলোতে হামলা করা হয়েছে এবং এটি ছিল একটি সৌজন্যমূলক সিদ্ধান্ত।
ওরবাখ আরও বলেন, যুক্তরাষ্ট্র সত্যি সত্যিই সেখানে হামলা চালাবে কি না, এখন সেই সিদ্ধান্তের ওপর অনেকটা নির্ভর করছে ইরানের অর্থনীতির ভাগ্য। যদি কোনো অচলাবস্থা তৈরিও হয়, তবে সেই লড়াইটা সমানে সমান নয় বলে মন্তব্য করেন তিনি।
১৪০ দিন আগে
শুধু তামাশা করার জন্য হলেও খার্গ দ্বীপে আবার হামলা চালাতে পারি: ট্রাম্প
তেহরানের সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনা প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপের তেল রপ্তানিকেন্দ্রে শুধু তামাশা করার জন্য হলেও হামলা চালাতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শনিবার (১৪ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া ৩০ মিনিটের এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন ট্রাম্প।
ট্রাম্পের দাবি, ইরান সরকার একটি চুক্তি করতে চায় এবং সেই চুক্তির শর্তাবলি যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি।
হোয়াইট হাউস থেকে ইরানের বিরুদ্ধে ঠিক কতদিন যুদ্ধ চলবে, এই বিষয়ে সংশয় দূর করতে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের হামলায় খার্গ দ্বীপের বেশিরভাগ স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে তামাশা করার জন্য হলেও আরও কয়েকবার হামলা চালাতে পারে মার্কিন বাহিনী।
এনবিসি নিউজকে তিনি বলেন, ‘আমরা খার্গ দ্বীপের অনেক অংশ পুরোপুরি ধ্বংস করে দিয়েছি। তবে একটা বিষয়ে নিশ্চয় আপনারা অবগত যে, আমি জ্বালানি পাইপলাইন বা বিদ্যুৎ লাইনের ওপর কোনো ধরনের হামলা করিনি, কারণ সেগুলো মেরামত করতে বহু বছর লেগে যেত।’
কোনো সূত্র উল্লেখ না করে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নানা সংশয়ের মধ্যে ট্রাম্প প্রশ্ন তোলেন, ‘আসলেও তিনি জীবিত আছেন তো?’
তিনি আরও জানান, ইরান হরমুজ প্রণালিতে মাইন পুতে রেখেছে কি না, তা স্পষ্ট নয়।
দুই সপ্তাহ আগে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার পর থেকেই এই গুরুত্বপূর্ণ জলপথ অচল হয়ে পড়েছে। এই প্রণালি দিয়ে মূলত মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ সারা বিশ্বে পরিবাহিত হয়।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার কারণে হরমুজ প্রণালির অচলাবস্থা বিশ্ব জ্বালানি সরবরাহের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। সারা বিশ্বে জ্বালানি তেলের দাম ইতোমধ্যে আকাশ ছুঁয়েছে।
এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমরা খুব শক্তভাবে ওই প্রণালিতে নজরদারি চালাব এবং আমরা মনে করি, এই তেল পরিবহনের সঙ্গে যেসব দেশের স্বার্থ জড়িত, তারাও এ বিষয়ে আমাদের সঙ্গে যোগ দেবে।’
তবে কতদিন এই প্রক্রিয়া চলবে বা কোন কোন দেশ এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, তা এখনও তিনি স্পষ্ট করেননি।
শনিবার অন্যান্য দেশগুলোকে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্যের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এর সঙ্গে তিনি যুক্ত করেন, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে এই বিষয়ে সমন্বয় করবে।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র সামরিক, অর্থনৈতিক ও অন্যান্য সব দিক থেকে ইরানকে সম্পূর্ণভাবে পরাজিত করেছে। কিন্তু বিশ্বের যেসব দেশ হরমুজ প্রণালি দিয়ে তেল গ্রহণ করে, তাদেরই এই পথের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরাও সাধ্য অনুযায়ী তাদের সহযোগিতা করব।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ওই দেশগুলোর সঙ্গে সমন্বয় করবে যাতে সবকিছু দ্রুত, সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হয়। এটি সর্বদা একটি সম্মিলিত প্রচেষ্টা হওয়া উচিত ছিল এবং বিশ্বের এই পরিস্থিতিতে তা হবে বলেও আশা করছি। এই সম্মিলিত প্রচেষ্টা বিশ্বকে সম্প্রীতি, নিরাপত্তা এবং চিরস্থায়ী শান্তির দিকে ধাবিত করবে।’
তবে মার্কিন নৌবাহিনী জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নিয়ে যাবে কি না, সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি আপাতত আপনাদের কিছু জানাতে চাচ্ছি না।’
হরমুজ প্রণালিকে ঘিরে বর্তমানে সংকট নিরসনে ট্রাম্পের এই একত্রিত হওয়ার আহ্বানকে তার আগের অবস্থান থেকে কিছুটা সরে আসার ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে। কারণ এর আগে তিনি বলেছিলেন, ইসরায়েলের সঙ্গে মিলে পরিচালিত হামলা ‘অপারেশন এপিক ফিউরি’ ছিল মূলত যুক্তরাষ্ট্রের বিশাল ক্ষমতার প্রদর্শন এবং এর জন্য তারা আন্তর্জাতিক অনুমতির পরোয়া করে না।
ট্রাম্প আরও বলেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকেও ইরান লক্ষ্যবস্তু করেছে যা অত্যন্ত বিস্ময়কর ব্যাপার। তিনি বলেন, এসব দেশের ওপর হামলা পুরোপুরি অযৌক্তিক। সেই সঙ্গে ইরানের এই সিদ্ধান্তকে তিনি সব সিদ্ধান্তের মধ্যে সবচেয়ে বড় অবাক করা বিষয় হিসেবে উল্লেখ করেন।
১৪১ দিন আগে
হরমুজে ট্রাম্পের যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণার পর হামলা বাড়ানোর হুমকি তেহরানের
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণার পর ইরান হুঁশিয়ারি দিয়েছে যে তারা মধ্যপ্রাচ্যের যেকোনো মার্কিন স্থাপনাতে হামলার মাধ্যমে চলমান যুদ্ধের তীব্রতা আরও বাড়িয়ে দেবে। যুদ্ধের শুরু থেকেই তেহরান এই গুরুত্বপূর্ণ নৌপথটি প্রায় সব ধরনের সামুদ্রিক চলাচলের জন্য বন্ধ করে রেখেছে।
স্থানীয় সময় শনিবার (১৪ মার্চ) তেহরান এ হামলার হুঁশিয়ারি দেয়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের তেল ও অন্যান্য অবকাঠামোতেও হামলা চালাচ্ছে ইরান। শনিবারও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান।
শিল্প ও বাণিজ্য সূত্রের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, বিশ্বের অন্যতম জ্বালানি জাহাজ সরবরাহ কেন্দ্র আরব আমিরাতের ফুজাইরাহ আমিরাতে বেশ কিছু তেল বোঝাই কার্যক্রম স্থগিত করা হয়েছে। টেলিভিশনের ফুটেজে সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে।
ইরানের একজন সামরিক মুখপাত্র আরব আমিরাতের জনগণকে বন্দর, ডক এবং মার্কিন ঘাঁটি থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেন, মার্কিন বাহিনী ওই এলাকাগুলো থেকেই ইরানের দ্বীপগুলোতে হামলা চালিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ শনিবার রাতে বলেন, সন্ত্রাসী আগ্রাসনের মুখে নিজেদের রক্ষা করার অধিকার দেশটির রয়েছে। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, আরব আমিরাত এই চাপিয়ে দেওয়া আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার রাখে, তবে আমরা এখনও যুক্তি ও বুদ্ধিকে অগ্রাধিকার দিচ্ছি এবং সংযম বজায় রেখে ইরান ও এই অঞ্চলের জন্য একটি সমাধানের পথ খুঁজছি।
গত শুক্রবার ইরানের প্রধান তেল রপ্তানিকেন্দ্র খার্গ দ্বীপে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। শনিবারও ইরানে দফায় দফায় হামলা অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী।
শনিবার রাতে এনবিসি নিউজকে ট্রাম্প বলেন, মার্কিন হামলায় ওই দ্বীপের বেশিরভাগ অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, তবে আমরা ‘মজা করার জন্য’ আরও কয়েকবার সেখানে হামলা চালাতে পারি। তিনি আরও বলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি করতে প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র। কারণ শর্তগুলো এখনও যথেষ্ট ভালো নয়।
এদিকে, ইসরায়েলি যুদ্ধবিমানও তেরানকে লক্ষ্য করে বেশ কিছু হামলা চালিয়েছে। আধা-সরকারি ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের একটি রেফ্রিজারেটর ও হিটার কারখানায় বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
ইসরায়েলের বিমান বাহিনী জানিয়েছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সক্ষমতা এবং শাসকগোষ্ঠীর নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করছে।
শনিবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, অনেক দেশ বিশেষ করে যারা ইরানের হরমুজ প্রণালি বন্ধের প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে যুদ্ধজাহাজ পাঠাবে যাতে প্রণালিটি উন্মুক্ত ও নিরাপদ রাখা যায়।
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সমর্থন পাওয়ার চেষ্টায় ট্রাম্প আরও বলেন, আশা করি চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য এবং অন্যরা যারা এই কৃত্রিম বাধার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা ওই এলাকায় যুদ্ধজাহাজ পাঠাবে।
হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার জন্য যুক্তরাষ্ট্র এখনও কোনো সুসংগত কৌশল উপস্থাপন করতে পারেনি। সাধারণত বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত জীবাশ্ম জ্বালানির এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়।
শুক্রবার ট্রাম্প বলেছিলেন, খার্গ দ্বীপে অভিযান চালিয়ে মার্কিন বাহিনী সামরিক লক্ষ্যবস্তুগুলোকে নিশ্চিহ্ন করেছে। তিনি বলেন, ভদ্রতার খাতিরে আমি দ্বীপের তেল অবকাঠামো ধ্বংস না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে, ইরান বা অন্য কেউ হরমুজ প্রণালি দিয়ে জাহাজের অবাধ ও নিরাপদ যাতায়াতের ক্ষেত্রে হস্তক্ষেপ করার জন্য কিছু করে, তাহলে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আমি দেরি করব না।
গত সপ্তাহে ট্রাম্প ইরানের নেতাদের ‘উন্মাদ পাপিষ্ঠ’ বলে অভিহিত করেছিলেন। মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বলেন, ইরানের নেতারা মরিয়া হয়ে আত্মগোপন করেছেন। তারা গর্তে ঢুকেছেন।
হেগসেথ আরও দাবি করেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত এবং সম্ভবত ক্ষতবিক্ষত হয়েছেন। ইরান স্বীকার করেছে যে, যুদ্ধের শুরুতে ইসরায়েলি হামলায় ৫৬ বছর বয়সী খামেনি আঘাত পেয়েছেন। তবে তারা বলছেন, তার আঘাত তত গুরুতর নয়।
ইরান ও উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও গ্যাসের প্রবাহ বন্ধ হওয়া এখন এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। খার্গ দ্বীপ ইরানের উপকূল থেকে প্রায় ১৫ মাইল দূরে অবস্থিত এবং এটিই দেশটির তেল রপ্তানির প্রধান কেন্দ্র। ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেওয়ায় তেলের দাম আকাশ ছুঁয়েছে এবং বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে।
ইরানের যৌথ সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি এই অঞ্চলে আমেরিকার শেয়ার রয়েছে এমন তেল ও জ্বালানি অবকাঠামোগুলোতে হামলার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শনিবার প্রতিবেশী দেশগুলোকে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রজেক্ট ডিরেক্টর আলি ভায়েজ বলেন, ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করতে তেহরান বিশ্ব অর্থনীতিকে জিম্মি করছে। তিনি বলেন, কিছু জ্যেষ্ঠ নেতাকে হারিয়েও, এই সরকার বেশ অক্ষত বলে মনে হচ্ছে।
অপরদিকে, বাগদাদে মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের অবিলম্বে ইরাক ত্যাগ করার নির্দেশ দিয়েছে। রাতে দূতাবাস ভবনে ক্ষেপণাস্ত্র হামলার পর এই সতর্কতা জারি করা হয়।
ইরানে বোমা হামলায় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৮০০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া ইসরায়েলে ১৩ জন এবং উপসাগরীয় অঞ্চলে মোট ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
লেবাননেও মানবিক সংকট গভীর হচ্ছে। সেখানে ইসরায়েলি হামলায় ৮০০-র বেশি মানুষ নিহত এবং ৮ লাখ ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বৈরুত থেকে ওয়াশিংটন সব পক্ষই এখন এক চরম অনিশ্চিত পরিস্থিতির দিকে এগোচ্ছে।
বিশ্লেষকরা দাবি করছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট এবং জ্বালানির দাম বৃদ্ধির ফলে মার্কিন ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হওয়া রোধ করতে শিগগরিই এই সংঘাতের অবসান ঘটাতে চাইবেন ট্রাম্প।
বিশেষজ্ঞরা এই সপ্তাহের শুরুতে দ্য গার্ডিয়ানকে বলেছেন, খার্গের দিকে পরিচালিত সামরিক পদক্ষেপ তেলের দাম আরও নাটকীয়ভাবে বৃদ্ধি করবে, যা ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইতোমধ্যেই বৃদ্ধি পেয়েছে।
চ্যাথাম হাউস থিঙ্কট্যাঙ্কের নীল কুইলিয়াম বলেন, খার্গে হামলার ফলে গত সোমবার আমরা যে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলার দেখেছিলাম, তা ১৫০ ডলারে পৌঁছেছে। বিশ্বব্যাপী জ্বালানি বাজারের জন্য এটি অশনি সংকেত।
১৪১ দিন আগে