এশিয়া
প্রথমবারের মতো বিদেশ সফরে কিম-কন্যা, বেইজিংয়ে তার উপস্থিতি কী বার্তা দিচ্ছে?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে যোগ দিতে ছয় বছর পর প্রথমবারের মতো চীন সফরে গেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।
স্থানীয় সময় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) যখন বেইজিংয়ে পৌঁছে নিজের সবুজ ট্রেন থেকে নামেন কিম, তখন তার পেছনে দেখা যায় হাস্যেজ্জ্বল এক তরুণীকে। ওই তরুণী কিমের কন্যা কিম জু আয়ে বলে ধারণা করা হচ্ছে।
গত কয়েক বছর ধরেই উত্তর কোরিয়ার বিভিন্ন সামরিক অনুষ্ঠানে কিমের সঙ্গে দেখা গেছে তাকে। তবে নিজ দেশের বাইরে এটিই ছিল জুয়ের প্রথম সফর। তার বেইজিং সফর নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, তাহলে জু-ই কি কিমের উত্তরসূরি হতে চলেছেন?
সিএনএন বলছে, উত্তর কোরিয়ার বাইরে তার এই প্রথম প্রকাশ্য সফর নানা কারণে গুরুত্বপূর্ণ। এই আয়োজনে তার বাবা কিম বিশ্বের অপর দুই ক্ষমতাধর নেতা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একই মঞ্চে দাঁড়াবেন। ভবিষ্যতে এ ধরনের সম্পর্ক তাকেও সামলাতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে বুধবার (৩ সেপ্টেম্বর) কুচকাওয়াজে যখন লাল গালিচায় হাঁটছিলেন কিম, তখন জু কে তার সঙ্গে দেখা যায়নি।
পড়ুন: চীনে এসসিও সম্মেলন ও সামরিক কুচকাওয়াজে অংশ নিচ্ছেন কারা
২৮৯ দিন আগে
এক ফ্রেমে পুতিন-শি-কিম, ‘ষড়যন্ত্রের গন্ধ’ পাচ্ছেন ট্রাম্প
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে ইতিহাসের সবচেয়ে বড় কুচকাওয়াজের আয়োজন করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে এই আয়োজনে সবচেয়ে বেশি যে দৃশ্যটি বিশ্ববাসীর নজর কেড়েছে তা হলো, লাল গালিচায় একসঙ্গে হাঁটতে হাঁটতে শি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের আলাপ ও করমর্দন।
বিরল এই দৃশ্যটি যুক্তরাষ্ট্রের প্রতি একটি স্পষ্ট বার্তা বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরেই শুল্ক যুদ্ধকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে মিত্র ও প্রতিপক্ষদের প্রতি তার পরিবর্তিত নীতির কারণে অনেক দেশই প্রভাবিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি দেশের নেতা আজ একসঙ্গে দাঁড়িয়েছেন।
কুচকাওয়াজে সামরিক শক্তি ও সৈন্যদের ব্যাপক প্রদর্শনী করেছেন চীনের প্রেসিডেন্ট। আর এ সময় তার পাশে ছিলেন দুই শক্তিধর নেতা পুতিন ও কিম। বিষয়টিকে পশ্চিমা বিশ্বের প্রতি এক ধরনের প্রতিক্রিয়া হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
দ্য গার্ডিয়ান বলছে, বর্তমান বিশ্বের শীর্ষ তিন নেতার এই মেলবন্ধনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ট্রাম্প।
এ বিষয়ে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রেসিডেন্ট শি এবং চীনের চমৎকার জনগণকে মহান ও দীর্ঘস্থায়ী উদযাপনের শুভেচ্ছা। আপনারা যখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তখন দয়া করে পুতিন ও কিমকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাবেন।’
শি বলেছেন, ‘মানবজাতি এমন একটি পর্যায়ে রয়েছে যখন শান্তি বা যুদ্ধ, সংলাপ অথবা মুখোমুখি সংঘর্ষ, পারস্পরিক কল্যাণ কিংবা সবার অকল্যাণ— এর মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে।’ তবে চীনের জনগণ ইতিহাসের সঠিক পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন বলে মন্তব্য করেন তিনি।
এ সময় যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে চীনের প্রেসিডেন্ট বলেন, কিছু দেশ ‘বুলিং আচরণ’ করছে। তবে চীনকে কেউ আটকে রাখতে পারবে না বলেও সতর্ক করে দেন তিনি।
অ্যাটলান্টিক কাউন্সিলের গ্লোবাল চায়না হাবের নন-রেসিডেন্ট ফেলো ওয়েন-তি সাং বলেন, ‘চীনের এই আয়োজন আরও একটি বার্তা দিচ্ছে। সেটি হলো, পশ্চিমারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা চালিয়ে গেলেও বন্ধুর পাশে দাঁড়াতে ভয় পায় না চীন।’
কুচকাওয়াজে আরও উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও মিয়ানমারের সামরিক জান্তার প্রধান মিন অং হ্লাইং। কিমের সঙ্গে ছিলেন তার মেয়ে কিম জু। তবে কোনো বড় পশ্চিমা নেতা এই অনুষ্ঠানে অংশ নেননি।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিমা নেতৃত্বাধীন বৈশ্বিক শৃঙ্খলা পুনর্গঠনে আগ্রহী— এমন কিছু দেশের কাছে এই কুচকাওয়াজ ছিল শিয়ের প্রভাব প্রদর্শনের একটি কৌশল।
এর আগে, তিয়ানজিন শহরে সাংহাই কো-অপারেশন অরগানাইজেশনের (এসসিও) দুই দিনব্যাপী সম্মেলনে যোগ দিয়েছিলেন বিভিন্ন দেশের ২০ জনের বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান এবং ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রধানরা। সেখানেও পুতিন উপস্থিত ছিলেন। তবে এসসিও সম্মেলনে যোগ দেননি কিম। তবে ওই অনুষ্ঠানে ছিলেন সম্প্রতি শুল্কারোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এই মুহুর্তে বিশ্লেষকদের নজর এখন শি, পুতিন ও কিমের মধ্যে কোনো আনুষ্ঠানিক বৈঠক হয় কি না, সেদিকে আটকে রয়েছে।
আরও পড়ুন: চীনে এসসিও সম্মেলন ও সামরিক কুচকাওয়াজে অংশ নিচ্ছেন কারা
টোকিও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডিজ অন এশিয়ার গবেষক লিম চুয়ান-তিয়ং বলেন, যদি এই তিনজনের ত্রিপক্ষীয় কোনো বৈঠক হয়, সেটি যুক্তরাষ্ট্রের জন্য অবশ্যই তাৎপর্যপূর্ণ হবে। এমনকি সেটি বিশ্বকে আরেকটি স্নায়ুযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।
লিমের ভাষ্যে, যদি এমন কোনো বৈঠক না হয়, তাহলে বুঝতে হবে চীন যুক্তরাষ্ট্রকে খুব বেশি উসকানি দিতে চায় না। তাছাড়া ত্রিপক্ষীয় কৌশলগত অস্পষ্টতাও বজায় রাখতে চান শি।
কুচকাওয়াজে প্রদর্শিত সামরিক সরঞ্জামও পর্যবেক্ষণ করেছেন বিশ্লেষকরা। সেখানে ছিল— ট্যাংক, ড্রোন, দূরপাল্লার ও পারমাণবিক হামলায় সক্ষম ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান ও স্টেলথ বিমান। আবার কয়েকটি নতুন উন্নত অস্ত্রও উন্মোচন করা হয়।
এস রাজারত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র ফেলো ড্রু থম্পসন বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ চীনের যেসব প্রতিবেশি দেশ তাদের মৌলিক জাতীয় স্বার্থ চ্যালেঞ্জ করার কথা চিন্তা করে, এই প্রদর্শনী তাদের প্রতি এক ধরনের সতর্কবার্তা।
তিনি বলেন, মৌলিক জাতীয় স্বার্থের মধ্যে সরাসরি নাম উচ্চারণ না করা হলেও যা সবকিছুতে উপস্থিত থেকেছে, তা হলো তাইওয়ান। শি নিজের বক্তব্যে বারবার ‘চীনা জাতির পুনর্জাগরণের’ কথা বলেছেন। এটি তার ভবিষ্যৎ পরিকল্পনার অংশ এবং এর মূল ভিত্তি তাইওয়ানকে চীনের ভূখণ্ড হিসেবে সংযুক্ত করা।
তাইওয়ানকে বরাবরই চীনের একটি প্রদেশ হিসেবে দাবি করে আসছেন শি ও চীনা কমিউনিস্ট পার্টি। তবে চীনের এই দাবি মানতে নারাজ তাইওয়ানের সরকার ও সেখানকার জনগণ।
২৮৯ দিন আগে
আফগানিস্তানে ভূমিকম্প: নিহতের সংখ্যা ১৪০০ ছাড়াল
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে আহতের সংখ্যাও তিন হাজারের অধিক বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।
সরকারের মুখপাত্র মুজাহিদের দেওয়া হতাহতের সংখ্যাটি কেবল কুনার প্রদেশের।
জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন, রবিবার (৩১ আগস্ট) রাতে আফগানিস্তানে ৬ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত দুর্গম ও দূরবর্তী পাহাড়ি এলাকায় পৌঁছাতে উদ্ধারকারীদের ব্যাপক কাঠখড় পোহাতে হচ্ছে।
জাতিসংঘের এই কর্মকর্তা হতাহতদের সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধির সতর্কবার্তাও দিয়েছেন।
রবিবারের ভূমিকম্পটি পাকিস্তানের সীমান্তঘেঁষা কয়েকটি প্রদেশে আঘাত হানে। এর মধ্যেসবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্গম কুনার প্রদেশ। ভূমিকম্পের পাশাপাশি ভূমিধস ও তীব্র বন্যাও আঘাত হেনেছে।
এই অঞ্চলে মাটি ও কাঠের তৈরি বাড়িগুলো ভূমিকম্পের ধাক্কা সহ্য করতে না পেরে ধ্বংস হয়ে অনেক গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অসংখ্য মানুষ।
দুর্গম ভৌগোলিক অবস্থার কারণে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই তালেবান কর্তৃপক্ষ আহতদের হেলিকপ্টার বা অন্যান্য পরিবহন ব্যবস্থায় যাতায়াত সম্ভব না—এমন স্থান থেকে সরাতে কয়েক ডজন কমান্ডো মোতায়েন করেছে।
পড়ুন: সুদানে ভূমিধসে প্রাণহানি হাজার ছাড়াল
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ইন্দ্রিকা রাটওয়াটে বলেন, আমরা আফগানিস্তানের মানুষদের ভুলতে পারি না। তারা একাধিক সংকট ও একাধিক ধাক্কার মুখোমুখি হয়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
এদিকে, একের পর এক নিষেধাজ্ঞা, বিদেশি সহায়তা ফিরিয়ে নেওয়া, প্রতিবেশী দেশগুলো থেকে আফগানদের ফেরত পাঠানোসহ নানা সমস্যায় ইতোমধ্যেই জর্জরিত ছিল তালেবান প্রশাসন। এরই মধ্যে এই প্রাকৃতিক দুর্যোগ দেশটির প্রশাসনকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এই পরিস্থিতিতে তালিবান সরকার আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে।
সোমবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। তবে তালেবানের প্রশাসনের মাধ্যমে নয়, বরং বিভিন্ন সংস্থার মাধ্যমে সহায়তা পৌঁছে দেওয়া হবে জানিয়েছে ব্রিটিশ সরকার।
আফগানিস্তানের প্রয়োজন ও নিজেদের সামর্থ্য অনুযায়ী দুর্যোগ মোকাবিলায় সহায়তা দিতে চীনও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।
এদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, কাবুলে ইতোমধ্যে এক হাজার পরিবারের জন্য তাঁবু সরবরাহ করা হয়েছে এবং কুনার প্রদেশে ১৫ টন খাদ্যসামগ্রী পাঠানো হচ্ছে। আজ মঙ্গলবার থেকে ভারত আরও ত্রাণ পাঠাবে বলে আশ্বাস দেন তিনি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরো সোমবার সামাজিক মাধ্যম এক্সে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে। তবে যুক্তরাষ্ট্র কোনো সহায়তা দেবে কিনা—এ ব্যাপারে প্রশ্ন করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য জানাননি।
২৯০ দিন আগে
আফগানিস্তানে ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ৯০০, আহত ৩ হাজারের বেশি
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯০০-তে দাঁড়িয়েছে। এই দুর্যোগে আহতের সংখ্যাও তিন হাজার ছাড়িয়েছে। এ ছাড়া উদ্ধারকাজ এখনো চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে দেশটির প্রশাসন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদ।
তিনি বলেন, আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে, তাই এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে পারে।
ইউসুফ হাম্মাদ আরও জানান, ভূমিকম্পে কিছু এলাকায় ভূমিধস হয়ে সড়ক বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলো আবার খুলে দেওয়া হয়েছে। দুর্গম এলাকায় পৌঁছানের জন্য বাকি সড়কগুলোও খুলে দেওয়া হবে।
রোববার (৩১ আগস্ট) রাতে আফগানিস্তানে ৬ দশমিক শূন্য মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে ভূমিকম্পটি পাকিস্তানের সীমান্তঘেঁষা কয়েকটি প্রদেশে আঘাত হানে, এর মধ্যে দুর্গম কুনার প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের পাশাপাশি ভূমিধস ও বন্যার ঘটনাও ঘটেছে।
ইউসুফ হাম্মাদ জানান, কুনার প্রদেশেই সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় আহতদের হাসপাতালে নেওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।
ত্রাণ সংস্থাগুলো বলছে, দুর্গম ভূপ্রকৃতি ও ভেঙে যাওয়া সড়কের কারণে তাদের দলগুলো অনেক জায়গায় হেঁটে পৌঁছাতে বাধ্য হচ্ছে।
এদিকে, একের পর এক নিষেধাজ্ঞা, বিদেশি সহায়তা ফিরিয়ে নেওয়া, প্রতিবেশী দেশগুলো থেকে আফগানদের ফেরত পাঠানোসহ নানা সমস্যার ইতোমধ্যেই জর্জরিত ছিল তালেবান প্রশাসন। এরই মধ্যে এই প্রাকৃতিক দুর্যোগ দেশটির প্রশাসনকে আরও চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন কাবুলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান। তিনি দ্য গার্ডিয়ানকে বলেন, ভূমিকম্পটি যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে, তা মোকাবিলায় বাইরের সহায়তা জরুরি।
সোমবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। তবে তালেবানের প্রশাসনের মাধ্যমে নয়, বরং বিভিন্ন সংস্থার মাধ্যমে সহায়তা পৌঁছে দেওয়া হবে জানিয়েছে ব্রিটিশ সরকার।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এক বিবৃতিতে বলেন, আফগানিস্তানের জনগণের পাশে রয়েছে যুক্তরাজ্য। এই জরুরি সহায়তা আমাদের অংশীদারদের মাধ্যমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি চিকিৎসা ও ত্রাণসামগ্রী পৌঁছে দিতে সহায়তা করবে।
আফগানিস্তানের প্রয়োজন ও নিজেদের সামর্থ্য অনুযায়ী দুর্যোগ মোকাবিলায় সহায়তা দিতে চীনও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।
আরও পড়ুন: আফগানিস্তানে ভূমিকম্প: নিহত ৮০০ ছাড়িয়েছে, আন্তর্জাতিক সহায়তার আহ্বান তালেবানের
এদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, কাবুলে ইতোমধ্যে এক হাজার পরিবারের জন্য তাঁবু সরবরাহ করা হয়েছে এবং কুনার প্রদেশে ১৫ টন খাদ্যসামগ্রী পাঠানো হচ্ছে। আজ মঙ্গলবার থেকে ভারত আরও ত্রাণ পাঠাবে বলে আশ্বাস দেন তিনি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরো সোমবার সামাজিক এক্সে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে। তবে যুক্তরাষ্ট্র কোনো সহায়তা দেবে কিনা— এ ব্যাপারে প্রশ্ন করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য জানানো হয়নি।
২৯০ দিন আগে
‘পুরনো বন্ধু’ পুতিনের সঙ্গে বৈঠকে ‘প্রিয় বন্ধু’ শি
নিজ দেশে আয়োজিত বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘পুরনো বন্ধু’ বলে স্বাগত জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আবার বৈঠকের শুরুতে শি-কে ‘প্রিয় বন্ধু’ হিসেবে সম্বোধন করে পুতিন বলেছেন, বেইজিং-মস্কো সম্পর্কে নজিরবিহীন উন্নতি ঘটেছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এই দুই নেতার মধ্যে বৈঠক শুরু হয়। এমন একটি সময়ে তাদের এই বৈঠক হচ্ছে, যখন এই দুই দেশেরই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন আর নানা চ্যালেঞ্জ চলছে।
আনুষ্ঠানিক আলোচনার পর শীর্ষ কর্মকর্তাদের কয়েকজনকে সঙ্গে নিয়ে একসঙ্গে চায়ের আড্ডায় বসার পরিকল্পনাও করেছেন তারা।
এর আগে, চীনের তিয়ানজিন শহরে সাংহাই কো-অপারেশন অরগানাইজেশনের (এসসিও) দুই দিনব্যাপী সম্মেলনে যোগ দিয়েছিলেন শি ও পুতিন। আগামীকাল (বুধবার) বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৮০ বছর উপলক্ষে এক বিশাল সামরিক কুচকাওয়াজেও একসঙ্গে অংশ নেবেন তারা।
আরও পড়ুন: চীনে এসসিও সম্মেলন ও সামরিক কুচকাওয়াজে অংশ নিচ্ছেন কারা
মঙ্গলবারের দ্বিপাক্ষীয় বৈঠকের আগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুখ উখনার সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করেছেন পুতিন ও শি। তৃণভূমি ও খনিজ সমৃদ্ধ স্থলবেষ্টিত এ দেশটি চীন ও রাশিয়ার মাঝে অবস্থিত। এই তিন প্রতিবেশি দেশের সম্পর্ক উন্নয়নে তাদের অভিন্ন স্বার্থ রয়েছে বলে মন্তব্য করেছেন পুতিন। ২০২৪ সালে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে পুতিনকে স্বাগত জানিয়েছিল মঙ্গোলিয়া সরকার।
রাশিয়া-চীন সম্পর্কের উন্নতি
সাম্প্রতিক সময়ে রাশিয়া ও চীনের সম্পর্কে ব্যাপক উন্নতি ঘটেছে। বিশেষত ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর পশ্চিমা বিশ্বে মস্কো যখন কোণঠাসা হয়ে পড়ে, সে সময় থেকে চীনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হয়েছে।
ইতিহাস ঘাটলে দেখা যায়, এশিয়া যুদ্ধের সময় ব্যাপক একটা সময়জুড়ে নিরপেক্ষ অবস্থানে ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। তবে ১৯৩০-এর দশকে জাপানের বিরুদ্ধে লড়াইয়ে চীনকে সহায়তা দিয়েছিল সোভিয়েত। এরপর দ্বিতীয় বিশ্বেযুদ্ধের সময় জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জাপান অধিকৃত চীনের উত্তর-পূর্বাঞ্চলে সেনা পাঠিয়েছিল সোভিয়েত।
এদিকে, ইউক্রেন যুদ্ধে কাগজে-কলমে নিরপেক্ষ অবস্থান নিলেও মস্কোর আগ্রাসনকে নিন্দা জানায়নি বেইজিং। বরং পশ্চিমা বিশ্ব যখন রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে গেছে, সে সময় মস্কোর সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখে তাদের অর্থনীতি সচল রাখতে সহায়তা করেছে চীন। এমনকি রাশিয়াকে অস্ত্রের যন্ত্রাংশ বিক্রির অভিযোগও রয়েছে চীনের বিরুদ্ধে।
এসসিও সম্মেলনে শি-পুতিনের সঙ্গে একত্রিত হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। দুই নেতার সঙ্গেই সম্মেলনের ফাঁকে সাইডলাইন বৈঠক করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী।
ডোনাল্ড ট্রাম্পের শুল্ক শাস্তি মোদিকে চীন ও রাশিয়ার দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক। যদিও চীনের সামরিক কুচকাওয়াজে থাকছেন না মোদি, তবে এসসিও সম্মেলনে এই তিন নেতার উপস্থিতি আন্তর্জাতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
২৯০ দিন আগে
আফগানিস্তানে ভূমিকম্প: নিহত ৮০০ ছাড়িয়েছে, আন্তর্জাতিক সহায়তার আহ্বান তালেবানের
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। এতে আড়াই হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক মহলে সহায়তার আহ্বান জানিয়েছে তালেবান প্রশাসন।
রোববার (৩১ আগস্ট) এক বিৃবতিতে তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ৬ দশমিক শূন্য মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
ভূমিকম্পটি পাকিস্তানের সীমান্তঘেঁষা কয়েকটি প্রদেশে আঘাত হানে, এর মধ্যে দুর্গম কুনার প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের পাশাপাশি ভূমিধস ও বন্যার ঘটনাও ঘটেছে।
গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) আফগানিস্তানের অন্তর্বর্তী প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, কুনার প্রদেশ ও নানগারহার প্রদেশে ৮১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আড়াই হাজারের বেশি মানুষ।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার দূরত্ব এবং সেখানে পৌঁছানোর অসুবিধার কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তালেবান সরকার।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ওই ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর থেকে অন্তত আরও তিনটি কম্পন অনভূত হয়েছে। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।
আরও পড়ুন: আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ৬ শতাধিক মৃত্যু, আহত ১৫০০
ভূমিকম্পটি যেহেতু অগভীর ছিল, তাই ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
আফগানিস্তানের তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থা আনাদোলুকে জানিয়েছেন, কুনার প্রদেশের নুর গাল, সাওকি, ওয়াতপুর, মানোগি এবং চাপা দারা জেলায় হতাহতের খবর পাওয়া গেছে।
নুর গালে আহত ভাইকে সরিয়ে নেওয়ার সময় জাফর খান গোজার নামে এক তরুণ দ্য গার্ডিয়ানকে বলেন, ‘ঘরের দেওয়ালগুলো ধসে পড়েছে। অনেক শিশু নিহত হয়েছে, অন্যরা আহত হয়েছে।’
২৯০ দিন আগে
চীনে এসসিও সম্মেলন ও সামরিক কুচকাওয়াজে অংশ নিচ্ছেন কারা
চীনের বন্দরনগরী তিয়ানজিনে শুরু হয়েছে সাংহাই কো-অপারেশন অরগানাইজেশনের (এসসিও) দুই দিনব্যাপী সম্মেলন। দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের আমন্ত্রণে এসসিও সম্মেলনে যোগ দিয়েছেন পুতিন-মোদিসহ আরও প্রায় ২০টি দেশের নেতারা।
এরপর বুধবার (৩ সেপ্টেম্বর) বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৮০ বছর উপলক্ষে এক বিশাল সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। সেখানেও ২০ জনের বেশি বিশ্বনেতা অংশ নেবেন।
এসসিও সম্মেলন কোথায় হচ্ছে, কারা অংশ নিচ্ছেন
বোহাই সাগরের তীরে চীনের বন্দরনগর তিয়ানজিনে এ বছর এসসিও সম্মেলনের আয়োজন হয়েছে। ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বরে দুই দিনের এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
২০০১ সালে এসসিও প্রতিষ্ঠা হওয়ার পর এটিই জোটটির সবচেয়ে বড় বৈঠক হতে চলেছে। বিভিন্ন দেশের ২০ জনের বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান এবং ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রধানের এ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।
এই নেতাদের মধ্যে রয়েছেন এসসিও সদস্যদেশ—রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো, কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়য়েভ, কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ ও তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাহমন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, মিয়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লাইং, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুসহ আরও কয়েকজন নেতার এ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা আসিয়ানের মহাসচিব কাও কিম হর্নও সম্মেলনে অংশ নেবেন।
সবাই কুচকাওয়াজে থাকছেন না
বেইজিংয়ে বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে এবার প্রদর্শিত হবে চীনের সর্বাধুনিক দেশীয় অস্ত্রশস্ত্র, যার মধ্যে রয়েছে ১০০টিরও বেশি যুদ্ধবিমান এবং অসংখ্য ট্যাংক ও ক্ষেপণাস্ত্র।
এসসিও ফোরামের অনেক উচ্চপর্যায়ের অতিথি এক হলেও সামরিক কুচকাওয়াজে কিছু ভিন্নতা থাকবে।
ভারত, মিসর ও তুরস্কের নেতারা এসসিও সম্মেলনে থাকলেও কুচকাওয়াজে অংশ নেবেন না। তবে কায়রোর একজন নিম্নপদস্থ কর্মকর্তা দেশটির প্রতিনিধিত্ব করবেন।
অন্যদিকে, এসসিও সম্মেলনে না থাকলেও সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এর মধ্যে দিয়ে ছয় বছর পর প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন কিম।
আরও পড়ুন: চীনে সামরিক কুচকাওয়াজে যোগ দেবেন কিম জং উন
২০১১ সালে ক্ষমতায় আসার পর এটিই হবে বহুপক্ষীয় আন্তর্জাতিক কোনো অনুষ্ঠানে তার প্রথম অংশগ্রহণ। তাছাড়া কিমের এ সফর ২০১৯ সালের পর চীনে তার প্রথম সফর হতে যাচ্ছে।
এমন একটি সময় শি, পুতিন ও কিম একসঙ্গে বসতে চলেছেন, যখন ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা ক্ষোভ বেড়েই চলেছে। তিয়েনআনমেন স্কয়ারের এই বৈঠক পশ্চিমা বিশ্বে একটি স্পষ্ট ঐক্যের বার্তা দেবে বলে ধারণা করছেন অনেক বিশ্লেষক।
কাগজে-কলমে নিরপেক্ষ অবস্থান নিলেও মস্কোর আগ্রাসনকে নিন্দা জানায়নি বেইজিং। এমনকি রাশিয়াকে অস্ত্রের যন্ত্রাংশ বিক্রির অভিযোগও রয়েছে চীনের বিরুদ্ধে। এদিকে, উত্তর কোরিয়া রাশিয়াকে যুদ্ধে সহায়তার জন্য সেনা পাঠিয়েছে।
এ ছাড়াও কুচকাওয়াজে যোগ দিচ্ছেন মিয়ানমারের সেনা সরকারপ্রধান মিন অং হ্লাইং। তিনি ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর দেশটির কার্যনির্বাহী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।
তাছাড়া কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ ক্যানেল এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ও জিম্বাবুয়ের নেতারাও কুচকাওয়াজে উপস্থিত থাকবেন।
এই আয়োজনে অংশ নেওয়া একমাত্র ইউরোপীয় রাষ্ট্রপ্রধান হচ্ছেন রাশিয়া-ঘনিষ্ঠ সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচ এবং স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো।
২৯১ দিন আগে
চীনে সামরিক কুচকাওয়াজে যোগ দেবেন কিম জং উন
ছয় বছর পর প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। আগামী সপ্তাহে বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে তিনি অংশ নেবেন।
স্থানীয় সময় বুধবার (২৭ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কুচকাওয়াজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ মোট ২৬ জন বিদেশি নেতা উপস্থিত থাকবেন। তবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা প্রধান দেশগুলোর কোনো শীর্ষ নেতা এতে যোগ দিচ্ছেন না।
২০১১ সালে ক্ষমতায় আসার পর এটিই হবে বহুপাক্ষিক আন্তর্জাতিক কোনো অনুষ্ঠানে কিমের প্রথম অংশগ্রহণ। তাছাড়া কিমের এ সফর ২০১৯ সালের পর চীনে তার প্রথম সফর হতে যাচ্ছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে কিম এ সফর যাচ্ছেন। তবে তিনি কতদিন চীনে অবস্থান করবেন কিংবা শি জিনপিং, পুতিন বা অন্য নেতাদের সঙ্গে বৈঠক করবেন কি না—সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
চীন-জাপান যুদ্ধের ৮০তম বার্ষিকী ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে আগামী বুধবার (৩ সেপ্টেম্বর) আয়োজিত এই কুচকাওয়াজে যোগ দেবেন ইরান, বেলারুশ, সার্বিয়া, কিউবা, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান ও মালয়েশিয়ার নেতারাও। কুচকাওয়াজে চীনের আধুনিক অস্ত্রশস্ত্র প্রদর্শন করা হবে এবং প্রেসিডেন্ট শি ভাষণ দেবেন।
তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ নেতা পুতিনের সঙ্গে মতপার্থক্যের কারণে বেশিরভাগ পশ্চিমা নেতার এ কুচকাওয়াজে উপস্থিত থাকবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যে চীন সফরে যাচ্ছেন মোদি
চীন দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার ও প্রধান সহায়তাকারী। তবে সাম্প্রতিক বছরগুলোতে তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে। উত্তর কোরিয়া বর্তমানে রাশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে। ইউক্রেন যুদ্ধে সৈন্য ও গোলাবারুদ সরবরাহের বিনিময়ে তারা অর্থনৈতিক ও সামরিক সহায়তা পাচ্ছে।বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়ালেও উত্তর কোরিয়ার অর্থনীতি টিকিয়ে রাখতে চীনের সহায়তা অপরিহার্য। তাই বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক জোরদার করতেই কিমের এ সফর।
কিমের চীন সফরের পেছনে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কূটনীতি শুরুর প্রচেষ্টারও ইঙ্গিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার কিমের সঙ্গে নিজের সম্পর্কের কথা উল্লেখ করেছেন এবং আলোচনায় ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। যদিও উত্তর কোরিয়া ট্রাম্পের প্রস্তাব এখনো প্রত্যাখ্যান করে চলেছে, তবে যুক্তরাষ্ট্র বড় ধরনের ছাড় দিলে পিয়ংইয়ং আলোচনায় ফিরতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
ট্রাম্প সম্প্রতি ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লিয়ের সঙ্গে বৈঠককালে অতীতের কিমের সঙ্গে নিজের বৈঠকের প্রসঙ্গ টেনে আনেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি সেটা ভীষণ উপভোগ করেছিলাম। মনে আছে, আমি যখন সীমান্ত রেখা পার হয়েছিলাম, সবাই তখন উত্তেজনায় ফেটে পড়েছিল।’
প্রথম মেয়াদে কিমের সঙ্গে তিনবার বৈঠক করেছিলেন ট্রাম্প। তবে মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞা নিয়ে মতানৈক্যের কারণে তাদের ঐতিহাসিক বৈঠক ব্যর্থ হয়। এরপর থেকে কিম তার পারমাণবিক অস্ত্রাগার আধুনিকীকরণ ও সম্প্রসারণে একাধিক অস্ত্র পরীক্ষা চালিয়েছেন।
২৯৫ দিন আগে
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ভয়াবহ বন্যায় নিহত ২২০
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কয়েকটি জেলায় ভূমিধস ও আকস্মিক বন্যায় ধসে পড়া বাড়িগুলো থেকে আরও ৬৩ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। শুক্রবার রাতভর উদ্ধার অভিযানের পর চলমান প্রাকৃতিক দুর্যোগে সেখানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০ জনে।
তবে গত ২ জুন থেকে এখন পর্যন্ত সেখানে প্রায় ৫৪১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক দুর্যোগ তত্ত্বাবধান কর্তৃপক্ষ। এই অস্বাভাবিক বৃষ্টিপাতের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা।
পাকিস্তানের জরুরি সেবা দপ্তরের মুখপাত্র মোহাম্মদ সুহেইল জানিয়েছেন, শুক্রবার প্রবল বর্ষণের ফলে খাইবার পাখতুনখোয়ার বুনার জেলায় বন্যার পানি ভয়াবহ আকার ধারণ করে। এ সময় বহু বাড়িঘর ভেসে গেছে।
বুনার জেলা প্রশাসক কাশিফ কাইয়ুম বলেন, পীর বাবা ও মালিকপুরা গ্রাম দুটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবারই এসব গ্রামে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: টানা বর্ষণে পাকিস্তানজুড়ে বন্যা, নিহত বেড়ে ১৮০
পীর বাবা গ্রামের ৫৩ বছর বয়সী মোহাম্মদ খান বলেন, ‘কোথা থেকে হঠাৎ করে বানের পানি চলে আসল, তা আমরা বুঝতেই পারিনি। মানুষ সরে যাওয়ার মতো সুযোগ পায়নি। এত দ্রুত চারদিক পানিতে ভরে যায় যে অনেকে ঘর ছেড়ে বের হতেই পারেনি।’
বুনার সরকারি হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ তারিক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই অনেকের মৃত্যু হয়েছে। তার ভাষ্যে, ‘নিহতদের মধ্যে অনেকই পুরুষ, শিশুও ছিল কিছু। তবে নারীরা ওই সময়র জ্বালানি কাঠ সংগ্রহ ও গবাদিপশু চরাতে পাহাড়ে গিয়েছিলেন বলে রক্ষা পেয়েছেন।’
প্রাদেশিক দুর্যোগ তত্ত্বাবধান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে শুধু খাইবার পাখতুনখোয়া ও উত্তরাঞ্চলের গিলগিট-বালতিস্তান অঞ্চলে বৃষ্টিজনিত দুর্ঘটনায় অন্তত ৩৫১ জনের মৃত্যু হয়েছে।
ওই অঞ্চল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরেও সাম্প্রতিক বন্যায় অনেক মানুষের মৃত্যু হয়েছে। সেখানেও শত শত মানুষ ঘরবাড়ি হারিয়েছেন।
ভারতের হিমালয় অঞ্চল ও পাকিস্তানের উত্তরাঞ্চলে এ ধরনের মেঘভাঙা বৃষ্টি ক্রমেই বেড়ে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ফলে এই প্রবণতা আরও তীব্র হয়েছে।
আরও পড়ুন: ভারতে আকস্মিক বন্যায় নিহত চার, নিখোঁজ শতাধিক
পাকিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত সারা দেশের বন্যাকবলিত এলাকা থেকে সাড়ে ৩ হাজারের বেশি পর্যটককে উদ্ধার করা হয়েছে। সরকার বন্যাকবলিত এলাকা এড়িয়ে চলার ব্যাপারে সতর্ক করলেও সেই সতর্কবার্তা অনেকেই উপেক্ষা করেছেন বলে জানিয়েছেন তারা।
২০২২ সালে পাকিস্তানে ভয়াবহ মৌসুমি বৃষ্টিপাতের ঘটনায় ১ হাজার ৭০০–এর বেশি মানুষের মৃত্যু হয়। সেবার প্রায় ৪০০০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছিল।
৩০৭ দিন আগে
রক্ত ও পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না: স্বাধীনতা দিবসে মোদি
পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু পানিচুক্তি একতরফাভাবে বন্ধ করার পর সেই সিদ্ধান্ত অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, রক্ত ও পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না।
শুক্রবার (১৫ আগস্ট) ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লায় দেওয়া ভাষণে এ কথা বলেন মোদি।
ভাষণে মোদি ইঙ্গিত দেন, এপ্রিলে কাশ্মীরে হামলার ঘটনার প্রতিক্রিয়ায় ভারতের পক্ষ থেকে সিন্ধু পানিচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত অব্যাহত রাখা হবে।
তিনি বলেন, ‘যে সময় আমাদের কৃষকরা পানির অভাবে ভুগেছেন, সে সময় ভারতের নদীগুলোর পানি দিয়ে শত্রু দেশ সেচ দিয়েছে। তবে এখন ভারতের পানিতে কেবল ভারত ও তার কৃষকদেরই অধিকার থাকবে।’
কৃষকদের স্বার্থ ও জাতীয় স্বার্থ নিয়ে আর আপস করা হবে না উল্লেখ করে মোদি বলেন, ‘রক্ত ও পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না।’
পাকিস্তানে পানির প্রবাহ আটকানো বা অন্যদিকে সরিয়ে দেওয়ার যেকোনো প্রচেষ্টা তারা ‘যুদ্ধের ঘোষণা’ বলে গণ্য করবে বলে জানিয়েছে ইসলামাবাদ।
আরও পড়ুন: ভারতকে কি চীনের দিকে ঠেলে দিচ্ছেন ট্রাম্প?
এ সময় সন্ত্রাসী ও সন্ত্রাসবাদকে সমর্থনকারীদের মধ্যে ভারত কোনো পার্থক্য করে না বলে পাকিস্তানকে সতর্ক করেছেন মোদি। তাছাড়া, ভবিষ্যতে পাকিস্তান যদি কখনো ভারতে হামলা চালায় তাহলে তাদের শাস্তির দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।
মোদি বলেন, সন্ত্রাসী ও সন্ত্রাসবাদকে সমর্থনকারীদের মধ্যে কোনো পার্থক্য করে না ভারত। তাছাড়া ইসলামাবাদের ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেইল’ সহ্য করা হবে না।
তিনি বলেন, ‘ভারত সিদ্ধান্ত নিয়েছে, আর কোনো পারমাণবিক হুমকি সহ্য করা হবে না। অনেক দিন ধরে পারমাণবিক ব্ল্যাকমেইল চলছিল, কিন্তু এখন আর এই ব্ল্যাকমেইল সহ্য করা হবে না।’
তবে আগেও ভারতের পারমাণবিক ব্ল্যাকমেইলের অভিযোগকে উসকানিমূলক ও উত্তেজনাপূর্ণ বলে প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।
২২ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়ে ২৬ পর্যটককে হত্যা করে সন্ত্রাসীরা। এই হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। এরপর ৬ মে দিবাগত রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাল্টা হামলা চালায় পাকিস্তানও। এতে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় জড়ায় প্রতিবেশি দুই দেশ।
এ ছাড়া, শুক্রবারের ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপ নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও তার দেশের কৃষকদের স্বার্থ নিয়ে কোনো আপস না করার কথা জানিয়েছেন তিনি।
নিষেধ সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় মোদির ওপর চটেছেন ট্রাম্প। সে কারণেই ভারতের ওপর নেমে এসেছে যুক্তরাষ্ট্রের শুল্কশাস্তি। দিল্লির ওপর প্রথমে ২৫ শতাংশ, পরে আরও ২৫ শতাংশসহ মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প।
তবে যুক্তরাষ্ট্রের চাপের মুখেও ভারত সাড়া দেয়নি। মোদি উল্টো বলেছেন, ‘ভারত কৃষকদের স্বার্থে কোনো আপস করবে না।’
৩০৮ দিন আগে