এশিয়া
মিয়ানমারের বন্দিশিবিরগুলোতে নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ
জাতিসংঘ সমর্থিত একটি স্বাধীন তদন্ত দল মিয়ানমারের বিভিন্ন বন্দিশিবিরগুলোতে গত এক বছরে সুনিয়ন্ত্রিত নির্যাতন ও যৌন সহিংসতার ব্যাপক প্রমাণ পেয়েছে। নির্যাতনের ধরনগুলোর মধ্যে রয়েছে বৈদ্যুতিক শক, গলাকাটা, গণধর্ষণ ও যৌনাঙ্গ দাহসহ নানা অবর্ণনীয় বর্বরতা।
মঙ্গলবার (১২ আগস্ট) আন্তর্জাতিক এই স্বাধীন তদন্ত দলটির সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য জানান দলের প্রধান নিকোলাস কোউমজিয়ান। প্রতিবেদনে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয়েছে।
মিয়ানমার ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকার থেকে সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণের পর থেকে গৃহযুদ্ধের কবলে পড়েছে। শান্তিপূর্ণ প্রতিবাদের ওপর নির্মম নিগ্রহের পর সামরিক শাসনের বিরোধীরা অস্ত্র হাতে নিয়েছেন এবং বর্তমানে দেশটির বৃহৎ অংশে সংঘাত অব্যাহত রয়েছে।
তদন্ত দল নিরাপত্তা বাহিনীর সদস্যদের শনাক্তকরণে বেশ অগ্রগতি করেছে। এসব নিরাপত্তা বাহিনীর সদস্যরা বন্দি ক্যাম্পগুলো অভিযান চালিয়ে গ্রেপ্তার যোদ্ধা ও নিরীহ বেসামরিকদের নির্বিচারে হত্যা করেছে। এসব হত্যাকাণ্ডে সামরিক বাহিনী, যুক্ত সশস্ত্র গোষ্ঠী এবং বিরোধী সংগঠনের সদস্যরা জড়িত।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের আটক কেন্দ্রগুলোতে লাঠি দিয়ে মারধর, চালানো, বৈদ্যুতিক শক দেওয়া, গলাকাটা, গণধর্ষণ, যৌনাঙ্গ দাহসহ অন্যান্য যৌন সহিংসতার ঘটনা নিয়মিত ঘটছে।
নিকোলাস কোউমজিয়ান বলেন, ‘আমাদের প্রতিবেদনে দেখা যাচ্ছে মিয়ানমারে বর্বরতার মাত্রা ও ঘনত্ব বাড়ছে। আমরা প্রত্যাশা করি শীঘ্রই এই অপরাধীদের বিচারের মুখোমুখি হতে হবে। আমরা চোখ দেখা ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করেছি, যা মিয়ানমারের বন্দি ক্যাম্পগুলোতে নির্যাতনের প্রমাণে যথেষ্ট।’
পড়ুন: তহবিল সংকটে বর্ষায় স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিতে রোহিঙ্গারা: জাতিসংঘ
তদন্ত দল দেশটির রাখাইন রাজ্যের সংঘর্ষ ও নির্যাতনের বিষয়ে নতুন অনুসন্ধান শুরু করেছে, যেখানে বর্তমানে মিয়ানমারের সামরিক বাহিনী ও বিরোধী আরাকান আর্মির মধ্যে লড়াই চলছে।
২০১৭ সালে প্রায় ৭ লাখ রোহিঙ্গা নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। গত বছর রাখাইনের সংঘর্ষ বৃদ্ধির কারণে আরও প্রায় ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
২০১৮ সালে জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধীনে প্রতিষ্ঠিত ‘মিয়ানমার স্বাধীন অনুসন্ধান যন্ত্র’ মানবাধিকার লঙ্ঘনের তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে আসছে। এই দল আন্তর্জাতিক অপরাধ আদালত ও জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা সংক্রান্ত মামলার প্রমাণাদি সরবরাহ করেছে।
৩১১ দিন আগে
যুক্তরাষ্ট্রের নিষেধ সত্ত্বেও রাশিয়ার তেল কিনতে কেন অনড় ভারত
রাশিয়ার থেকে তেল কিনতে বন্ধু রাষ্ট্র ভারতকে নিষেধ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে ভারত তা শোনেনি। ফলে নয়াদিল্লির ওপর নেমে এসেছে ট্রাম্পের অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কের খড়গ। বিষয়টি নিয়ে বর্তমানে নানা মহলে চলছে বিভিন্ন আলোচনা।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে এক কঠিন ভারসাম্য রক্ষা করে চলেছেন নরেন্দ্র মোদি। একদিকে ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন, অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে নিরপেক্ষ অবস্থানে থাকার চেষ্টা করছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কাছে ভারতের এই দ্বিমুখী নীতি হতাশার। মস্কোর ওপর ইউরোপ-আমেরিকার অনেক দেশ নানাভাবে নিষেধাজ্ঞা আরোপ করলেও ভারতের মতো বিশাল অর্থনীতির একটি দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্য এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখায় তাদের সেসব নিষেধাজ্ঞা অনেকটা দুর্বল হয়ে যায় বলে মনে করে তারা। আর এসব বিষয় নিয়েই চটেছেন ট্রাম্প।
ভারতের এই ‘গাছ থেকে খাওয়া, তলা থেকেও কুড়ানো’ নীতি নিয়ে আর ধৈর্য ধরতে পারছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ফলে মোদির কাছে তার স্পষ্ট দাবি, ভারতের নির্দিষ্ট একটি পক্ষ নিতে হবে।
নিজের এই দাবি জোরদার করতে রাশিয়ার থেকে ভারতের সস্তায় তেল কেনার বিষয়টিকে কাজে লাগাচ্ছেন ট্রাম্প। আর এখানে তিনি হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন তার বহুল আলোচিত বাণিজ্যনীতি। ফলে এতদিন ‘বন্ধু’ দাবি করে এলেও ধীরে ধীরে মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছেন ট্রাম্প ও মোদি।
রাশিয়ার থেকে তেল কেনার কারণে বুধবার (৬ আগস্ট) ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কারোপ করেছেন ট্রাম্প। এর ফলে আগের ২৫ শতাংশ পাল্টা শুল্কসহ ভারতীয় পণ্যে মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। বুধবার থেকে ২১ দিন পর এই নতুন শুল্কহার কার্যকর হবে।
এর আগে, এ বিষয়ে ভারতকে হুমকিও দিয়েছিলেন ট্রাম্প। তখন তার অভিযোগ ছিল, রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেনে হামলায় মস্কোকে সহায়তা করছে ভারত।
আরও পড়ুন: ভারতকে ট্রাম্পের শাস্তি, শুল্ক বেড়ে দাঁড়াল ৫০ শতাংশ
সামাজিক যোগাযাগামাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘কেবল বিপুল পরিমাণে রুশ তেল কিনেই থেমে থাকছে না ভারত, তারা সেই তেলের বড় একটি অংশ খোলা বাজারে বিক্রি করে বিশাল মুনাফা করছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাস্ত্র কত মানুষকে হত্যা করছে, এ নিয়ে তাদের কোনো মাথাব্যাথা নেই।’
এদিকে, অন্যান্য দেশ শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে যেখানে উঠেপড়ে লেগেছে, সেখানে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপকে ‘অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়েছে নয়াদিল্লি। কারণ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক দেশ রাশিয়ার কাছ থেকে এখনও সার ও রাসায়নিকসহ অন্যান্য পণ্য কিনছে বলে দাবি করেছে ভারত।
রুশ তেলের ওপর ভারতের এই নির্ভরশীলতা কেন
বহুদিন ধরেই রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করে আসছে ভারত। ভারতের ১৪০ কোটির জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই তেল আমদানি করা হয়ে থাকে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বর্তামানে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল ব্যবহারকারী দেশ হয়ে উঠেছে ভারত। এমনকি ২০৩০ সালের মধ্যে তেল ব্যবহারে তারা চীনকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন বিশ্লেষকদের অনেকে।
বাণিজ্য বিশ্লেষণ সংস্থা কেপলারের তথ্যমতে, চলতি বছরের প্রথম ছয় মাসে ভারতের মোট আমদানির ৩৬ শতাংশই হলো রাশিয়ার অপরিশোধিত তেল।
অন্য কোথাও থেকে কেন তেল কিনছে না দিল্লি
২০২২ সালে ইউক্রেনে হামলা শুরুর পর ইউরোপের অধিকাংশ দেশ রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয়। এরপর থেকে রাশিয়ার তেলের প্রধান ক্রেতা হয়ে ওঠে চীন, ভারত ও তুরস্ক।
জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের রাশিয়া ও মধ্য এশিয়া বিষয়ক কেন্দ্রের সহযোগী অধ্যাপক অমিতাভ সিং জানান, যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর নিষেধাজ্ঞায় পড়ে তেল বিক্রির ওপর বড় ধরনের ছাড় দেয় রাশিয়া। সেই ছাড়েই তেল কিনছে ভারত, অন্য কোনো দেশ থেকে এত কম মূল্যে যা সম্ভব নয়। এটি পুরোপুরি একটি ‘অর্থনৈতিক বা বাণিজ্যিক সিদ্ধান্ত’ বলে মনে করে ভারত। তবে ইউক্রেন ও তার মিত্ররা এটিকে তীব্র সমালোচনার চোখে দেখছে।
যদিও গত কয়েক বছর ধরে ভারত অন্যান্য উৎস থেকেও তেল কিনতে শুরু করেছে, তবে রাশিয়ার থেকে তেল কেনা পুরোপুরি বন্ধ করে দিলে সেই শূন্যতা সহজে পূরণীয় নয় বলে মনে করেন অমিতাভ সিং।
আরও পড়ুন: রাশিয়ার তেল আমদানি করায় যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ‘অন্যায্য ও অযৌক্তিক’: ভারত
কেপলারের জ্যেষ্ঠ তেল বিশ্লেষক মুইউ জু বলেন, নিজেদের মোট তেলের চাহিদার ৮০ শতাংশই আমদানি করে থাকে ভারত। বিশ্বের প্রধান তেল উৎপাদকদের জোট ওপেক কিছু বাড়তি উৎপাদন ক্ষমতা রাখলেও রাশিয়া দৈনিক সমুদ্রপথে যে পরিমাণ তেল রপ্তানি করে, সেই পরিমাণ তেল উত্তোলন করাটা তাদের জন্য কঠিন।
এর আগে, ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা ছিল ভারত। দৈনিক ৪ লাখ ৮০ হাজার ব্যারেল তেন কিনত দিল্লি।
অমিতাভ সিং বলেন, ‘আসলে আমাদের হাত এখন বাঁধা। তেলের বাজার পরিচালনার জন্য ভারতের খুব বেশি পরিসর অবশিষ্ট নেই।’
তার মতে, অন্তত এখনই ট্রাম্পের দাবির কাছে দিল্লির নত হওয়ার সম্ভাবনা কম। মোদি সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা চালিয়ে যাবে এবং আগের মতো মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানির পথ খুঁজবে। তবে রুশ তেলের বাজার থেকে রাতারাতি বেরিয়ে আসা সম্ভব নয়।
৩১৬ দিন আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যে চীন সফরে যাচ্ছেন মোদি
শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিয়ানজিন শহরে অনুষ্ঠিতব্য সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত তার চীনে অবস্থান করার কথা রয়েছে।
এর মাধ্যমে সাত বছর পর চীন সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী। এর আগে, এসসিও সম্মেলনে যোগ দিতেই ২০১৮ সালে সর্বশেষ চীন সফর করেছিরেন তিনি।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবারের সম্মেলনের আয়োজক। সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অংশ নিতে পারেন। চীন সফরের পর ভারত-জাপান সম্মেলনে অংশ নিতে টোকিও সফরে যাওয়ার কথা রয়েছে মোদির।
তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি ভারত সরকার।
টাইমস অব ইন্ডিয়া বলেছে, আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর দ্বিপাক্ষিক আলোচনার বিষয়গুলো নির্ধারণ করতে ভারত সফর করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। একইসঙ্গে সীমান্ত ইস্যুতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বিশেষ প্রতিনিধি পর্যায়ের আলোচনাও করবেন ই।
এসসিও সম্মেলনে ১০ সদস্য রাষ্ট্রের সঙ্গে সন্ত্রাসবিরোধী সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্য নিয়ে আলোচনা হতে পারে। যদিও ইউরেশীয় এই জোটকে পুরোপুরি সমর্থন করে না ভারত, তবে মধ্য এশিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষার এবং আফগানিস্তানে নিরাপত্তাজনিত উদ্বেগ মোকাবিলায়ে এটিকে গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হিসেবে দেখে নয়াদিল্লি। তাছাড়া ভারতকে তার কৌশলগত স্বাতন্ত্র্য তুলে ধরারও সুযোগ দেয় এসসিও।
এমন একটি সময়ে এই সফর হতে যাচ্ছে যখন চীনের প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে ভারতের টানাপোড়েন চলছে।
আরও পড়ুন: রাশিয়ার তেল আমদানি করায় যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ‘অন্যায্য ও অযৌক্তিক’: ভারত
রাশিয়ার থেকে তেল কেনার কারণে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শুল্কারোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর ফলে আগের ২৫ শতাংশ পাল্টা শুল্কসহ ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
টাইমস অব ইন্ডিয়ার মতে, মোদি যদি চীন সফর করেন, তাহলে সেখানে পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার সম্ভাবনাও প্রবল। তাছাড়া এবার ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনের জন্য মোদি নিজেই রুশ প্রেসিডেন্টকে ভারতে স্বাগত জানাতে পারেন।
এদিকে, গালওয়ান উপত্যকায় চীন-ভারত সংঘর্ষের পর এটি হবে মোদির প্রথম চীন সফর। তবে ২০২৪ সালের অক্টোবরে কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি।
৩১৬ দিন আগে
রাশিয়ার তেল আমদানি করায় যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ‘অন্যায্য ও অযৌক্তিক’: ভারত
রাশিয়া থেকে তেল আমদানি করায় যুক্তরাষ্ট্র ভারতের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক আরোপ করেছে দাবি করে একে ‘অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়েছে নয়াদিল্লি।
বুধবার (৬ আগস্ট) এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি রাশিয়া থেকে তেল আমদানি করায় ভারতকে লক্ষবস্তু করেছে যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে বলা হয়, ‘এ বিষয়ে নিজেদের অবস্থান আমরা আগেই পরিষ্কার করেছি। বাজারের বাস্তবতার ভিত্তিতে এবং ভারতের ১৪০ কোটির জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই তেল আমদানি করা হয়ে থাকে। এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্রের এই শুল্কারোপ অত্যন্ত দুঃখজনক, বিশেষ করে যখন অনেক দেশই নিজেদের জাতীয় স্বার্থে একই কাজ করছে।’
আরও পড়ুন: ভারতকে ট্রাম্পের শাস্তি, শুল্ক বেড়ে দাঁড়াল ৫০ শতাংশ
‘আমরা আবারও জোর দিয়ে বলছি, এসব পদক্ষেপ অন্যায্য, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য।’
ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে বলেও বিবৃতিতে বলা হয়।
৩১৬ দিন আগে
ভারতকে ট্রাম্পের শাস্তি, শুল্ক বেড়ে দাঁড়াল ৫০ শতাংশ
রাশিয়া থেকে তেল কেনার ‘শাস্তি’ হিসেবে ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে দেশটির উপর যুক্তরাষ্ট্রের শুল্কের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে।
বুধবার (৬ আগস্ট) এক নির্বাহী আদেশে বাড়তি শুল্কারোপের ঘোষণা দেন তিনি।
বাড়তি এই শুল্ক ২১ দিন পর কার্যকর হবে। এই সময়ের মধ্যে ভারত ও রাশিয়া উভয় দেশই মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমঝোতার চেষ্টা করতে পারবে।
এর আগে, ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হয়।
ট্রাম্পের এই সিদ্ধান্ত ভারতের অর্থনৈতিক গতিপথকে বিপর্যস্ত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি পর্যন্ত মার্কিন কোম্পানিগুলোর চীন থেকে তাদের উৎপাদন কেন্দ্র স্থানান্তরের বিকল্প হিসেবে ভারতকে বিবেচনা করা হচ্ছিল। তবে এই নতুন শুল্ক ব্যবস্থা ভারতের সেই সম্ভাবনাকে হুমকির মুখে ফেলেছে।
রাশিয়া থেকে চীনও তেল আমদানি করে, তবে ট্রাম্পের আদেশে চীনকে অন্তর্ভুক্ত করা হয়নি। বরং বেইজিংয়ের সঙ্গে আলোচনার অংশ হিসেবে চীনের পণ্যে ৩০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা ভারতের উপর প্রস্তাবিত শুল্কের তুলনায় কম।
পড়ুন: চীনে চিকুনগুনিয়ায় আক্রান্ত ৭ হাজার, কঠোর অবস্থানে সরকার
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় ট্রাম্প বলেন, ‘শিগগিরই রাশিয়ার সঙ্গে আমাদের একটি বৈঠক রয়েছে। ইউক্রেন যুদ্ধ শেষ করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কী হয়, দেখা যাক। আমরা তখনই সিদ্ধান্ত নেব।’
মার্কিন জনশুমারি ব্যুরোর তথ্যানুযায়ী, ২০২৪ সালে ভারতের সঙ্গে পণ্য বাণিজ্যে যুক্তরাষ্ট্রের ৪ হাজার ৫৮০ কোটি ডলারের ঘাটতি ছিল।
ভারতের জনসংখ্যা ১৪০ কোটি ছাড়িয়ে গেছে এবং এটি এখন বিশ্বের বৃহত্তম দেশ। চীনের প্রভাব মোকাবিলায় এশিয়ায় ভারতের সঙ্গে অংশীদারত্বকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করে যুক্তরাষ্ট্র। কিন্তু রাশিয়ার উপর ইউক্রেন যুদ্ধ-সংক্রান্ত পশ্চিমা নিষেধাজ্ঞায় ভারত সমর্থন দেয়নি।
এদিকে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য আলোচনা চলছে। ওয়াশিংটন চীনা পণ্যে ৩০ শতাংশ শুল্ক আরোপ করেছে, এর জবাবে বেইজিং আমেরিকান পণ্যে ১০ শতাংশ পাল্টা কর বসিয়েছে।
৩১৭ দিন আগে
চীনে চিকুনগুনিয়ায় আক্রান্ত ৭ হাজার, কঠোর অবস্থানে সরকার
চীনজুড়ে ফের ছড়িয়ে পড়েছে ভাইরাস। এবার মশাবাহিত চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশটির ৭ হাজারেরও বেশি মানুষ। এই পরিস্থিতিতে ব্যাপক সংক্রমণ এড়াতে কঠোর অবস্থানে রয়েছে দেশটির সরকার।
মশার উৎপত্তিস্থল অনুসন্ধানে ড্রোন ব্যবহার, মশারি, জীবাণুনাশক স্প্রে থেকে শুরু করে জড়িতদের জরিমানা করার মতো বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে চীন।
বুধবার (৬ আগস্ট) পর্যন্ত এ রোগে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। এর অধিকাংশই হংকংয়ের নিকটবর্তী ম্যানুফ্যাকচারিং হাব ফোশান শহরে। তবে কর্তৃপক্ষের দাবি, বর্তমানে নতুন আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমছে।
চিকুনগুনিয়া মূলত মশাবাহিত একটি রোগ। এই ভাইরাসের কারণে ডেঙ্গুর মতো জ্বর ও জয়েন্টে ব্যথা হয়। বিশেষ করে শিশু, বয়স্ক এবং পূর্ববর্তী স্বাস্থ্য সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের ঝুঁকি তুলনামূলক বেশি।
চীনা রাষ্ট্রীয় টেলিভিশনে শহরের সড়ক, আবাসিক এলাকা, নির্মাণস্থলসহ অন্যান্য স্থানে জীবাণুনাশক স্প্রে করার খবর দেখানো হয়েছে। এমনকি কর্মীরা অফিস ভবনে প্রবেশের আগে কিছু জায়গায় স্প্রে করা হচ্ছে।
পড়ুন: প্লাস্টিক দূষণে বছরে দেড় লাখ কোটি ডলারের স্বাস্থ্যঝুঁকি
দেশটিতে মশারোধে খালি বোতল, ফুলদানি বা অন্যান্য স্থানে জমাট পানি ফেলে না দিলে ১০ হাজার ইউয়ান (প্রায় ১,৪০০ ডলার) পর্যন্ত জরিমানা এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে বলে জানানো হয়েছে।
মহামারির কারণে যুক্তরাষ্ট্র চীনের গুয়াংডং প্রদেশে, যেখানে ডংগুয়ানসহ অন্যান্য শিল্পকেন্দ্র অবস্থিত, ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছে। একই সঙ্গে বোলিভিয়া ও ভারত মহাসাগরের কিছু দ্বীপরাজ্যও বিপৎসীমার মধ্যে রয়েছে। ব্রাজিলও ভাইরাসের প্রভাব ব্যাপক দেখেছে।
চীনে ভারী বৃষ্টি ও উচ্চ তাপমাত্রা পরিস্থিতি আরও অবনতি করেছে। ২০০৩ সালের মারাত্মক সার্স মহামারির পর থেকে চীন কঠোর ব্যবস্থা গ্রহণে অভ্যস্ত হয়ে উঠেছে। এবার ফোশানে রোগীদের ন্যূনতম এক সপ্তাহ হাসপাতালে থাকতে বাধ্য করা হচ্ছে।
মশার লার্ভা খাওয়া মাছ ব্যবহার ও বড় মশাদের মাধ্যমে ভাইরাসবাহী মশাদের শিকার করার চেষ্টা নিয়েও খবর এসেছে। জাতীয় পর্যায়ে সভা হয়েছে এবং প্রোটোকল গৃহীত হয়েছে, যা চীনের ভাইরাস সংক্রমণ থামানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
৩১৭ দিন আগে
ভারতে আকস্মিক বন্যায় নিহত চার, নিখোঁজ শতাধিক
ভারতের উত্তরাখন্ড রাজ্যে আকস্মিক বন্যায় অন্তত চারজন নিহত হয়েছেন। বানের তোড়ে অসংখ্য বাড়িঘর ভেসে গেছে। এই দুর্যোগে এখন পর্যন্ত শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) হিমালয় পাদদেশে অবস্থিত উত্তরাখন্ডের উত্তরকাশী জেলার ধরালি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় টেলিভিশন চ্যানেলর বরাত দিয়ে বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বলেছে, পাহাড়ি ঢাল বেয়ে প্রবল বন্যার পানি নেমে এসে এই হতাহতের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে, অনেকে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন।
ঘটনার সময় ধারণ করা এক ভিডিওতে দেখা গেছে, আকস্মিক বন্যায় সড়কের ওপর থাকা মানুষজনসহ সবকিছু ভেসে যাচ্ছে। ভয় ও আতঙ্কে মানুষজন নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াচ্ছে।
গ্রামের বহু মানুষ একটি উৎসব উপলক্ষে মন্দিরে জড়ো হয়েছিলেন। ওই সময়েই প্রবল বেগে ধেয়ে আসা বানের পানি সেখানে আঘাত হানে।
আরও পড়ুন: টেক্সাসে বন্যায় নিহত বেড়ে ৮২, দশ কিশোরীসহ নিখোঁজ বহু
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সঞ্জয় শেঠ দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, এ ঘটনায় এখনো ৪ নিহতের খবর পাওয়া গেছে। তবে সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি বলেন, যু্দ্ধকালীন প্রস্তুতি নিয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। আকস্মিক ও তীব্র মেঘ বিষ্ফোরণের (ক্লাউডবার্স্ট) কারণে এই বন্যার সৃষ্টি হয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তরাখন্ডের কিছু এলাকায় প্রায় ২১ সেন্টিমিটার পর্যন্ত ‘অতি ভারী’ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, রাতভর বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়েছে। তাছাড়া অনেক গুরুত্বপূর্ণ সড়ক ধসে পড়ায় দুর্গম এলাকাগুলোতে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।
বুধবার (৬ আগস্ট) উত্তরাখন্ডের নদীগুলোতে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। ফলে এসব এলাকায় নতুন করে ভূমিধস ও দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে।
ভারতের কেন্দ্রীয় পানি কমিশন জানিয়েছে, পাঁচটি স্থানে চারটি নদী ‘চরম বন্যা পরিস্থিতিতে’ রয়েছে।
আরও পড়ুন: মুষলধারে বৃষ্টিতে টেক্সাসে বন্যা, অন্তত ২৪ জনের প্রাণহানি
ভারতের সেনাবাহিনীর মুখপাত্র সুনীল বার্তওয়াল জানান, উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। যারা এখনও আটকে রয়েছেন, তাদের খুঁজে বের করে সরিয়ে নিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘সহায়তা দেওয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি রাখা হচ্ছে না।’
সাম্প্রতিক বছরগুলোতে বর্ষা মৌসুমে ভারতে প্রাণঘাতী বন্যা ও ভূমিধস সাধারণ ঘটনা হয়ে উঠেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু সংকট ও নগরায়নের কারণে এসব দুর্যোগের ঘনত্ব ও তীব্রতা দিন দিন বেড়ে চলেছে।
৩১৭ দিন আগে
হিরোশিমায় হামলার ৮০ বছর, বিশ্বনেতাদের ভূমিকায় উদ্বিগ্ন হিবাকুশারা
আজ ৬ আগস্ট, এই দিনটি বিশ্ববাসীকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াহতা মনে স্মরণ করিয়ে দেয়। জাপানের হিরোশিমাতে পারমাণবিক বোমা ফেলার ৮০তম বার্ষিকী আজ।
ভয়াবহ ওই হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিরা স্থানীয়ভাবে হিবাকুশা নামে পরিচিত। ভয়াবহ স্মৃতিবিজড়িত এই বিশেষ দিনে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বিশ্বনেতাদের সমর্থনে হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
হিরোশিমা হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। বেশিরভাগ হিবাকুশাই অশীতিপর হয়ে পড়েছেন।
৯৪ বছর বয়সী মিনোরু সুজুতো নামে এক হিবাকুশা বলেন, ‘আর ১০ বা ২০ বছর পর এই দুঃখ ও যন্ত্রণার অভিজ্ঞতা জানানোর মতো কেউ বেঁচে থাকবে না। তাই যতটা পারি, আমি আমার গল্পটা সবাইকে বলতে চাই।’
১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র। ওই হামলা শহরটিকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছিল এবং তাৎক্ষণিকভাবে ১ লাখ ৪০ হাজার মানুষ নিহত হয়। তিন দিন পর নাগাসাকিতে দ্বিতীয় বোমা হামলায় আরও ৭০ হাজার মানুষ নিহত হয়।
এ দিনটি উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ বছর ১২০টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিসহ অন্তত ৫৫ হাজার মানুষ অংশ নিয়েছেন। ১৯৪৫ সালের মার্কিন বি-২৯ বোমারু বিমান থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ‘লিটল বয়’ নামক বোমাটি ফেলা হয়েছিল। সেকারণে এই দিনের ওই সময়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শান্তির ঘণ্টা বাজানো হয়।
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, হিরোশিমা শহরের মেয়র ও অন্যান্য কর্মকর্তারা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। মেয়রের ভাষণের পর শান্তির প্রতীক হিসেবে ডজনখানেক সাদা কবুতর অবমুক্ত করা হয়।
পারমাণবিক অস্ত্র নিয়ে জাপানের উদ্বেগ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তার অজুহাতে সামরিক সক্ষমতা বৃদ্ধি ও পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রতি বিশ্বজুড়ে যে গ্রহণযোগ্যতা বাড়ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হিরোশিমার মেয়র কাজুমি মাতসুই।
তিনি বলেন, ইতিহাসের এসব মর্মান্তিক ঘটনা থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের শিক্ষা নেওয়ার কথা থাকলেও, তাদের এই প্রবণতা সেই শিক্ষাকে ঘৃণাভরে উপেক্ষা করছে। পারমাণবিক অস্ত্রের ব্যবহার বহু মানুষের কঠোর পরিশ্রমে গড়ে তোলা শান্তি প্রতিষ্ঠার কাঠামোগুলোকে ধ্বংস করে দিতে পারে বলেও সতর্ক করেন তিনি।
আরও পড়ুন: মার্কিন হামলার শিকার ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পর্কে যা জানা প্রয়োজন
পারমাণবিক বোমা হামলা–বেঁচে যাওয়া ব্যক্তিদের নিয়ে জাপানের তৃণমূল সংগঠন নিহান হিদানকিয়ো আশঙ্কা প্রকাশ করে বলেছে, ইতিহাসের সবচেয়ে বড় পারমাণবিক হুমকির মুখোমুখি হওয়ার বেশি দূরে নেই আমরা।
এক বিৃবতিতে সংগঠনটি আরও বলেছে, বর্তামানে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলোর মনোভাব সামান্য হলেও পরিবর্তন করা।
৩১৭ দিন আগে
পাকিস্তানে ডাকাত দলের হামলায় ৫ পুলিশ সদস্য নিহত
পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে পুলিশের একটি তল্লাশিচৌকিতে সশস্ত্র ডাকাতদের হামলায় অন্তত পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাতে পাঞ্জাবের রহিম ইয়ার খান জেলায় ঘটনাটি ঘটে।
জানা যায়, আধুনিক অস্ত্রে সজ্জিত বেশ কয়েকজনের একটি ডাকাত দল পুলিশের এলিট ফোর্সের একটি তল্লাশিচৌকিতে হামলা চালায়।জেলা পুলিশ কর্মকর্তা ও পুলিশের মুখপাত্র ইরফান আলী সামো বলেন, ‘ডাকাতরা রাতের আঁধারে আধুনিক অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমাদের সাহসী সদস্যদের হত্যা করেছে।’
ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ ফোর্স ও সাঁজোয়া যান পাঠানো হয় এবং পুরো এলাকা ঘিরে ফেলে অভিযান শুরু করা হয়।
সামো বলেন, ‘ডাকাতদের গোপন আস্তানাগুলোর দিকে যাওয়ার সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখনও ব্যাপক অভিযান চলছে।’
আসামিদের ধরতে আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। নিরাপত্তা বাহিনী ভারী অস্ত্র ও সাঁজোয়া যানের সহায়তা নিয়ে অভিযানে অংশ নিচ্ছে বলে জানান তিনি।
৩২২ দিন আগে
নির্বাচনের আগে মিয়ানমারের জান্তা সরকারের ক্ষমতা হস্তান্তর
আগামী ডিসেম্বরে পরিকল্পিত জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি বেসামরিক অন্তর্বর্তী সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেছে মিয়ানমারের সেনাবাহিনী। তবে অন্তর্বর্তীকালীন সরকারেরর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকবেন জান্তাপ্রধান মিন অং হ্লাইং নিজেই।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২০২১ সালের অভ্যুত্থানের পর সেনাবাহিনীকে যে ফরমানের (ডিক্রির) মাধ্যমে ক্ষমতা দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে। সেইসঙ্গে একটি তত্ত্বাবধায়ক প্রশাসন গঠন করা হয়েছে। পাশাপাশি আসন্ন নির্বাচন তত্ত্বাবধানের জন্য একটি বিশেষ কমিশনও গঠন করা হয়েছে।
অবশ্য এ পদক্ষেপে মিয়ানমারের বাস্তব পরিস্থিতির কোনো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছে সিএনএন। কারণ হিসেবে সংবাদমাধ্যমটি বলছে, অভ্যুত্থানের নেতা মিন অং হ্লাইং এখনো কার্যত রাষ্ট্রপতি ও সামরিক প্রধান হিসেবে সব ক্ষমতার দখলেই রয়েছেন।
আরও পড়ুন: ভূমিকম্প নতুন বিপর্যয় নিয়ে এসেছে যুদ্ধবিধ্বস্ত দেশ মিয়ানমারে
সরকারের মুখপাত্র জাও মিন তুন জানান, অভ্যুত্থানের পর দেশে যে জরুরি অবস্থা জারি করা হয়েছিল, গতকাল তা প্রত্যাহার করা হয়েছে। জরুরি অবস্থা জারির পর তা সাত দফা নবায়ন করার পর অবশেষে বৃহস্পতিবার তা বাতিল করা হয়।
মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমকে এই মুখপাত্র বলেন, অন্তর্বর্তী প্রেসিডেন্ট ও সেনাপ্রধান বলেছেন, আগামী ছয় মাস নির্বাচন আয়োজনের প্রস্তুতির সময়।
২০২১ সালে নির্বাচিত নেতা অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে উৎখাতের পর থেকেই চরম বিশৃঙ্খলার মধ্যে রয়েছে মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি। ওই সময় থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে চলছে গৃহযুদ্ধ। এই বিদ্রোহ দমন করতে গিয়ে সেনাবাহিনী ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ উঠেছে।
চলতি বছরের জানুয়ারিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অভ্যুত্থানের পর থেকে সেনাবাহিনী ৬ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে এবং ২০ হাজারের বেশি মানুষকে যথেচ্ছভাবে আটক করেছে। এ ছাড়া, দেশজুড়ে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৩৫ লাখ ছাড়িয়েছে, যদিও জান্তা সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে।
এই নির্বাচনকে পশ্চিমা দেশগুলো একপ্রকার প্রহসন বলে প্রত্যাখ্যান করেছে। তাদের মতে, এই নির্বাচনের মাধ্যমে জেনারেলরা কেবল নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার চেষ্টা করছেন।
নির্বাচনে সেনাবাহিনীর মদদপুষ্ট দলগুলোই প্রভাব বিস্তার করবে বলেও আশঙ্কা করা হচ্ছে। কারণ, বিরোধী দলগুলোকে হয় নির্বাচনে অংশ নিতে নিষিদ্ধ করা হয়েছে, নয়তো তারা নিজেরাই অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে।
মিয়ানমার-বিষয়ক স্বাধীন বিশ্লেষক ডেভিড ম্যাথিসন বলেন, ক্ষমতায় যে রদবদল করা হয়েছে, তা লোক দেখানো। যারা ক্ষমতায় আছেন, তারা আগের মতোই অত্যাচারী ও দমনমূলক আচরণ চালিয়ে যাবেন।
তিনি আরও বলেন, ‘তারা কেবল পুরনো মোড়কে নতুন নাম দিচ্ছেন। এটি এমন এক নির্বাচনের প্রস্তুতির অংশ, যেটি সম্পর্কে আমরা খুব একটা জানি না।’
এদিকে, রাষ্ট্রীয় টেলিভিশন এমআর টিভিতে জানানো হয়েছে, নিরাপত্তাজনিত কারণে ডিসেম্বর ও জানুয়ারিতে বিভিন্ন এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মিন অং হ্লাইং।
অন্যদিকে, মিয়ানমারের জান্তা সরকাররে সিদ্ধান্তকে সমর্থন করেছে চীন।
৩২২ দিন আগে