বিএনপি
যুবদল নেতা নয়নের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বিরোদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
গত বুধবার (৮ এপ্রিল) রাজধানীর বেইলী রোডে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহসভাপতি বায়েজিদ হোসাইনের নেতৃত্বে ২০-২৫ জন এ বিক্ষোভে অংশ নেন।
এ সময় রবিউল ইসলাম নয়নকে কটাক্ষ করে ‘নয়নের চামড়া, তুলে নেব আমরা’ স্লোগান দেন তারা।
২৫ দিন আগে
সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন বিএনপি।
শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা দলের মনোনয়ন ফরম সংগ্রহ করতে এসেছেন। আপনাদের প্রাণের একটি আকুতি আছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে এটা নিয়ে যাবেন এবং দলের যে পার্লামেন্টারি বোর্ড, সেই বোর্ড সিদ্ধান্ত নেবে। সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে।
রিজভী বলেন, আন্দোলনে আপনাদের ভূমিকা, বিগত ১৬-১৭ বছরের আন্দোলনে ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার দক্ষতা এবং অন্যান্য সমস্ত যে যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই দলের নীতিনির্ধারণী ফোরাম বা পার্লামেন্টারি বোর্ড তারা সিদ্ধান্ত নেবেন।
পার্লামেন্টারি বোর্ড যে সিদ্ধান্ত দেবে, তা সবাইকে মানার আহ্বান জানিয়ে এ বিএনপি নেতা বলেন, এটা (মনোনয়ন) আমি পেলাম না এবং ও পেল বলে এক ধরনের পরিবেশ তৈরি করা, বিশ্রি পরিবেশ তৈরি করা, এইটা করা যাবে না।
তিনি আরও বলেন, আপনারা এই দলের জন্য অনেক দুঃখ-কষ্ট সহ্য করেছেন, অনেক বেদনা আপনাদের পোহাতে হয়েছে। সুতরাং দলীয় সিদ্ধান্ত আপনারা সবাই মান্য করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস।
তিনি জানান, আজ শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে, চলবে ১২ এপ্রিল পর্যন্ত। এ সময়ের মধ্যেই তা জমা দিতে হবে।
ফরম সংগ্রহের জন্য সকাল থেকেই কয়েকশ নারী নেত্রী দলীয় কার্যালয়ে ভিড় জমান। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। এ সময় উৎসবমুখর ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
প্রথম মনোনয়ন ফরমটি জেরিন দেলোয়ার হোসেনের হাতে তুলে দেন রিজভী। দ্বিতীয় ফরমটি তুলে দেন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামান আসাদের স্ত্রী ফাতেমা আসাদের হাতে।
এর আগে, গত বুধবার নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। সেখানে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ মে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল, বাছাই ২২-২৩ এপ্রিল এবং আপিল দায়েরের শেষ তারিখ ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি করা হবে ২৭-২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ১২ মে সংসদ সদস্যদের ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংরক্ষিত নারী আসনগুলো ৩০০টি সাধারণ আসনে রাজনৈতিক দলগুলোর আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে পরোক্ষ নির্বাচন ব্যবস্থার মাধ্যমে পূরণ করা হয়। যদি কোনো আসনে একের অধিক প্রার্থী থাকে তবেই সংসদ সদস্যদের ভোট দেওয়ার প্রয়োজন হয়। তবে দলগুলো সাধারণত তাদের জন্য বরাদ্দকৃত আসনের সমান সংখ্যক প্রার্থী মনোনীত করে বলে ভোটের প্রয়োজন পড়ে না।
ইসির তথ্যমতে, ৩০০ আসনের আনুপাতিক হারে বিএনপি ও তার মিত্ররা ৩৬টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার জোটসঙ্গীরা ১৩টি এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা ১টি আসন পাবেন।
আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।
২৫ দিন আগে
মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিউরোসার্জিক্যাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে ১৯ দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর কেবিনে স্থানান্তর করা হয় তাকে।
শুক্রবার (৩ এপ্রিল) বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। আজ সকালে আমি ভাবির (মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস) সঙ্গে কথা বলেছি। ধীরে ধীরে উনার অবস্থার উন্নতি হচ্ছে। আজই তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কেবিনেই চিকিৎসকরা উনাকে উন্নত ফিজিওথেরাপি দেবেন। যেহেতু ব্রেইনের জটিল অস্ত্রোপচার হয়েছে, সেজন্য চিকিৎকদের নিবিড় পর্যবেক্ষণে উনার চিকিৎসা চলছে, চালিয়ে যেতে হবে। পুরোপুরি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা আব্বাসের পরিবারের সদস্যরা।
গত ১৫ মার্চ ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপি নেতা মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
এর আগে, ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অচেতন হয়ে পড়লে মির্জা আব্বাসকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসার জন্য দেশের শীর্ষস্থানীয় নিউরোলজিস্টদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। তাদের সিদ্ধান্ত অনুযায়ী তখন তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য অস্ত্রোপচারের ৭২ ঘণ্টার মধ্যে গত ১৫ মার্চ তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
৩২ দিন আগে
অন্তর্ভুক্তিমূলক ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
অন্তর্ভুক্তিমূলক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, এবারের স্বাধীনতা দিবসের অঙ্গীকার হোক, সমাজের কেবল একটি অংশ নয়, বরং আমরা সবাই মিলে যেন ভালো থাকতে পারি। আমরা সবাই মিলে ভালো থাকার চেষ্টা করব এবং ইনশাআল্লাহ আমরা তা সফল করব।
তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের দ্বারা গঠিত এবং এটি জনগণেরই সরকার। জনগণের আকাঙ্ক্ষা বিশাল হলেও দেশের সম্পদ সীমিত, ফলে জাতির প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে একটি ব্যবধান রয়ে গেছে।
তারেক রহমান বলেন, একজন নাগরিক এবং রাজনৈতিক কর্মী হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই এবং দেশের জন্য একযোগে কাজ করি, তবে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে সক্ষম হব। এই মহান স্বাধীনতা দিবসে আমি দেশের সকল গণতন্ত্রকামী মানুষ এবং আমার রাজনৈতিক সহকর্মীদের প্রতি এই বার্তাই পৌঁছে দিতে চাই।
লক্ষ্য অর্জনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষের কল্যাণে সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খনন কর্মসূচির মতো নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেগুলোর বাস্তবায়নও শুরু হয়েছে।
বিকেল ৩টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভাটি শুরু হয়। প্রধানমন্ত্রী বিকেল ৩টা ৫৭ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছান। বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদ।
৩৯ দিন আগে
তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন নির্বাসনে থেকেও তিনি (তারেক রহমান) দলকে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তার নেতৃত্বে দেশকে নতুনভাবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ সময় ধরে দেশে গণতান্ত্রিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং জনগণের অধিকার হুমকির মুখে পড়ে। এ পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যায়। নানা দমন-পীড়নের মধ্যেও জনগণ লড়াই অব্যাহত রাখে।
তিনি বলেন, বিগত বছরগুলোতে বিপুলসংখ্যক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গুম ও হত্যার ঘটনা ঘটেছে। তবে সব প্রতিকূলতা অতিক্রম করে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার সুযোগ সৃষ্টি হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন প্রবাসে থেকেও দলকে নেতৃত্ব দিয়েছেন এবং বর্তমানে তার নেতৃত্বে দেশ পুনর্গঠনের কাজ এগিয়ে যাচ্ছে। নির্বাচন, সরকার পরিচালনা এবং উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, আমরা জানি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড হবে, খাল খনন কর্মসূচি, কৃষকদের সুদ মওকুফ এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, পাদ্রী—তাদের যে ভাতা দেওয়া হচ্ছে, সেটা একটা নতুন কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও বলেন, আমরা তারেক রহমানের প্রতি দেশের মানুষ আশাবাদী, আস্থাশীল। তার নেতৃত্বে অবশ্যই বাংলাদেশ একটি গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ হবে—এই বিশ্বাস আমাদের সবার আছে।
৪০ দিন আগে
শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মব সৃষ্টি করতে দেব না আমরা। যেকোনো মব শক্ত হাতে দমন করা হবে।
সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
নিজ দলের নেতা-কর্মীসহ সবাইকে সতর্ক করে তিনি বলেন, ‘ইরান-আমেরিকা যুদ্ধে আমাদেরও অনেক ক্ষতি হয়েছে। জ্বালানি তেল নিয়ে সমস্যা তৈরি হয়েছে। কদিন আগে দেখলাম তেল না পেয়ে কিছু লোক পেট্রোল পাম্প ভেঙে দিয়েছে। এভাবে মব সৃষ্টি করতে দেব না আমরা। যেকোনো মব শক্ত হাতে দমন করা হবে।’
‘খাল কাটা হলে সারা, দূর হবে বন্যা খরা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘দেশব্যাপী নদী নালা খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির আওতায় এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
সভায় মির্জা ফখরুল বলেন, ‘আমরা কাজ করতে এসেছি। কাজ করে, আরও পরিশ্রম করে বেহেশতে যাব।’
সততার সঙ্গে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, সারা বাংলাদেশে ২০ হাজার খাল খনন করা হবে। ১৯৭৬ সালে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম খাল কাটা শুরু করেছিলেন। সে খাল কাটা যদি অব্যাহত থাকত, তাহলে আজ পানির সমস্যা হতো না দেশে।
তিনি আরও বলেন, আমি উদ্বোধন করে দেওয়ার পর এই কার্যক্রম যেন থেমে না যায়। অতীতে এমন কাজ আমরা অনেক দেখেছি। সুষ্ঠুভাবে যেন কাজ সম্পাদন হয়, এ বিষয়ে প্রশাসনকে নির্দেশ দেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আমরা নারীদের হাতে যে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছি, তাতে প্রতিটি পরিবারে নারীর ক্ষমতা বেড়ে যাবে। একইভাবে কৃষকদেরও কৃষক কার্ড দেওয়ার আমরা ব্যবস্থা করছি, যাতে কৃষকরা আর অবহেলায় পড়ে না থাকেন।
এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাকারিয়া মণ্ডলসহ আরও অনেকে।
৪৩ দিন আগে
স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে দুই দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
রবিবার (২২ মার্চ) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৫ মার্চ বুধবার বেলা আড়াইটায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। এতে দলটির জাতীয় নেতৃবৃন্দসহ দেশের বরেণ্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন।
২৬ মার্চ স্বাধীনতা দিবসের ভোরে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। ওইদিন ভোর ৫টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
সাভার থেকে ফিরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন দলের জাতীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতা-কর্মীরা। একইসঙ্গে সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষে ইতোমধ্যে পোস্টার প্রকাশ করা হয়েছে এবং বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া সারা দেশে জেলা, মহানগর, উপজেলা ও পৌরসহ সব ইউনিটে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হবে। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও নিজস্ব উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করবে।
ঘোষিত এসব কর্মসূচি সফল করার জন্য সারা দেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী।
৪৪ দিন আগে
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চুয়াডাঙ্গায় দুই বিএনপি নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলীয় কর্মকাণ্ডের পরিপন্থী কার্যকলাপের অভিযোগে চুয়াডাঙ্গায় বিএনপির দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) চুয়াডাঙ্গা জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।
বহিষ্কৃতরা হলেন— দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির এবং আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু।
জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলের শৃঙ্খলাভঙ্গসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু এবং সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে।
৪৮ দিন আগে
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে
উন্নত চিকিৎসার জন্য বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।
মির্জা আব্বাসের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান সোহেল জানান, একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে রবিবার (১৫ মার্চ) তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। এটি আজ বেলা সোয়া ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর পৌঁছাতে প্রায় চার ঘণ্টা লাগতে পারে।
সোহেল আরও জানান, চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে।
এদিন সকাল ৯টা ১০ মিনিটের দিকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছায়। মির্জা আব্বাসকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরে নেওয়া হয় এবং সেখান থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে স্থানান্তর করা হয়।
যাত্রাপথে তার সঙ্গে রয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসির আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জাফর ইকবাল।
উল্লেখ্য, গত শুক্রবার মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রায় চার ঘণ্টার অস্ত্রোপচার শেষে রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।
গত বুধবার সন্ধ্যায় ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে বিএনপির এই বর্ষীয়ান নেতাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার চিকিৎসার জন্য দেশের শীর্ষস্থানীয় নিউরোলজিস্টদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
৫১ দিন আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ
আজ ৭ মার্চ বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস। ২০০৭ সালের এই দিনে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে কোনো ওয়ারেন্ট, মামলা বা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই গ্রেপ্তার করে।
শনিবার (৭ মার্চ) গ্রেপ্তারের দুই দশক পূর্ণ হওয়ায় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করছে।
গ্রেপ্তারের পর তারেক রহমানকে বেশ কয়েকটি মামলায় রিমান্ডে নেওয়া হয়েছিল। বিএনপি নেতাদের অভিযোগ, রিমান্ডে থাকাকালীন তিনি অমানুষিক নির্যাতনের শিকার হন, যার ফলে তিনি গুরুতর শারীরিক আঘাত পান।
দলের মতে, তৎকালীন সরকার বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে একের পর এক মামলা করেছিল।
গ্রেপ্তারের পর তারেক রহমান প্রায় ১৮ মাস কারাগারে ছিলেন। তার বিরুদ্ধে করা সব মামলায় জামিন পাওয়ার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি মুক্তি পান। এরপর ১১ সেপ্টেম্বর তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে লন্ডনে যান।
বিএনপির যুগ্ম মহাসচিব ও পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের পদাঙ্ক অনুসরণ করে তার বিরুদ্ধে অসংখ্য মামলা করেছিল। তিনি বলেন, সব মামলাই ছিল মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, যার লক্ষ্য ছিল বিএনপিকে দুর্বল করা এবং তারেক রহমানকে হেয় প্রতিপন্ন করা।
এ্যানি বলেন, রাজনৈতিক জীবনের নানা চ্যালেঞ্জ সত্ত্বেও তারেক রহমান দলকে নেতৃত্ব দিয়ে গেছেন এবং শেষ পর্যন্ত দলকে ক্ষমতায় নিয়ে এসেছেন।
দিবসটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আলোচনা সভা, দোয়া মাহফিল এবং অন্যান্য স্মরণসভার আয়োজন করেছেন।
২০২৫ সালের ২৫ ডিসেম্বর তারেক রহমান লন্ডনের ১৭ বছরেরও বেশি সময়ের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরে আসেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে ২০৯টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এরপর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
৫৯ দিন আগে