আইনশৃঙ্খলা
কাল থেকে আবারও হাইকোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
আগামী সোমবার (১৪ জুলাই) থেকে আবারও প্রধান বিচারপতির বাসভবনসহ হাইকোর্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর আগে, গত ১৪ জুন থেকে এই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল।
রবিবার (১৩ জুলাই) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় আগামী সোমবার (১৪ জুলাই) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট ভবনের সম্মুখে সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।
আরও পড়ুন: জরুরি অবস্থা ঘোষণায় প্রধানমন্ত্রীর সইয়ের বদলে লাগবে মন্ত্রিসভার অনুমোদন: আলী রীয়াজ
এতে, বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
এর আগে, গত ১৪ জুন হাইকোর্ট এলাকায় এবং ২৬ মে সচিবালয় ও যমুনা-সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
৩৪১ দিন আগে
জরুরি অবস্থা ঘোষণায় প্রধানমন্ত্রীর সইয়ের বদলে লাগবে মন্ত্রিসভার অনুমোদন: আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আজকের আলোচনায় জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত সংবিধানের বিদ্যমান ১৪১(ক) অনুচ্ছেদে কিছু সুনির্দিষ্ট বিষয় সংযোজনের প্রস্তাবে ঐকমত্য হয়েছে।
তিনি জানান, সংশোধনের সময় ‘অভ্যন্তরীণ গোলযোগের’ পরিবর্তে ‘রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি, মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ’—এই শব্দগুলো প্রতিস্থাপনের ওপর সব দল একমত হয়েছে। জরুরি অবস্থা ঘোষণায় প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন হবে।
রবিবার (১৩ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১২তম দিনের আলোচনায় এসব বিষয়ে সিদ্ধান্ত হয়। আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আলী রীয়াজ।
এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
এছাড়া জরুরি অবস্থা সম্পর্কিত মন্ত্রিসভার বৈঠকে বিরোধীদলীয় নেতা, অথবা তার অনুপস্থিতিতে বিরোধীদলীয় উপনেতাকে অন্তর্ভুক্ত করার বিষয়েও ঐকমত্য গঠিত হয়েছে বলে জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি।
অধ্যাপক রীয়াজ আরও জানান, জরুরি অবস্থাকালে সংবিধানের ৪৭(ক) অনুচ্ছেদের বিধান সাপেক্ষে কোনো নাগরিকের জীবনের অধিকার এবং বিচার ও দণ্ডসংক্রান্ত মৌলিক অধিকারসমূহ (সংবিধানের ৩৫ অনুচ্ছেদে বর্ণিত) খর্ব করা যাবে না।
পড়ুন: একসময় জঙ্গিবাদ নাটক ছিল: ডিআইজি রেজাউল করিম
তিনি উল্লেখ করেন, গত ৭ জুলাইয়ের আলোচনায় সংবিধানের ১৪১(ক) অনুচ্ছেদ সংশোধন এবং জরুরি অবস্থা যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহৃত না হয়—এই বিষয়টিতে সব রাজনৈতিক দল ও জোট একমত হয়েছিল।
অধ্যাপক আলী রীয়াজ জানান, রাজনৈতিক দল ও জোটসমূহ প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত সংবিধানের ৯৫ অনুচ্ছেদে কিছু সুস্পষ্ট বিষয় যুক্ত করার প্রস্তাবেও ঐকমত্য পোষণ করেছে।
এ বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেবেন। তবে, কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে এই বিষয়টি উল্লেখ করে জনগণের ম্যান্ডেট লাভ করলে, রাষ্ট্রপতি আপিল বিভাগের জ্যেষ্ঠতম দুই বিচারপতির মধ্যে যেকোনো একজনকে নিয়োগ দিতে পারবেন—এমন বিধান সংযোজনের সুযোগ থাকবে।
তবে শর্ত থাকে, অসদাচরণ বা অযোগ্যতার অভিযোগে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের আওতায় কোনো বিচারপতির বিরুদ্ধে তদন্ত চলমান থাকলে তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া যাবে না।
আজকের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
৩৪১ দিন আগে
হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাসের জামিন
জুলাই গণঅভ্যুত্থানের সময়কার রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাসকে জামিন দিয়েছেন আদালত।
রবিবার (১৩ জুলাই) শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্টেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান দশ হাজার টাকা মুচলেকায় এই জামিন আদেশ দেন।
এর আগে, গত ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান অপু বিশ্বাস। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী, তিনি গত বৃহস্পতিবার (১০ জুলাই) নিম্ন আদালতে হাজির হয়ে জামিননামা দাখিল করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছর ১৯ জুলাই আন্দোলেনের সময় এনামুল হক নামের এক ব্যক্তিকে ভাটারা থানার সামনে গুলি করা হয়। এতে, এনামুল পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন।
এ ঘটনায় চলতি বছরের মার্চ মাসে হত্যাচেষ্টার অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনকে আসামি করে ভুক্তভোগী এনামুল নিজেই বাদী হয়ে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে ভাটারা থানায় গত ২৯ এপ্রিল এজাহার হিসেবে লিপিবদ্ধ করা হয়।
আরও পড়ুন: সোহাগ হত্যা: বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে রিট
এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, নায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীকে আসামী করা হয়।
ছাত্র- বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া এ সব অভিনেতা-অভিনেত্রীদের আসামি করা হয়। মামলায় তাদের আওয়ামী লীগের ‘অর্থের জোগানদাতা’ বলা হয়েছে।এর পরিপ্রেক্ষিতে, গত ১৮ মে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে, ২০ মে আদালত নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন।
৩৪১ দিন আগে
সোহাগ হত্যা: বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে রিট
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।
রবিবার (১৩ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বাদী হয়ে এ রিট দায়ের করেছেন।
রিটে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করার নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।
বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামীকাল সোমবার (১৪ জুলাই) এ রিটটি শুনানির জন্য উঠবে বলে জানিয়েছেন আইনজীবী ইউনুছ আলী।
গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয় সোহাগকে। এ ঘটনায় জড়িত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পাঁচ নেতা–কর্মীকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি।
গত বৃহস্পতিবার (১০ জুলাই) এ ঘটনায় নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম (৪২) বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া, অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
আলোচিত এ হত্যা মামলায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাছাড়া, ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তাররা হলেন— টিটন গাজী, মাহমুদুল হাসান মহিন, তারেক রহমান রবিন, আলমগীর ও মনির ওরফে ছোট মনির।
এরপর সর্বশেষ আজ ভোরে নেত্রকোনা থেকে গ্রেপ্তার করা হয় সজিব ও রাজিব নামে দুই ভাইকে।
আরও পড়ুন: পুরান ঢাকায় সাম্প্রতিক হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত দাবি ফখরুলের
৩৪১ দিন আগে
দেশজুড়ে চিরুনি অভিযান শুরু হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ (রবিবার) থেকেই সারা দেশে একযোগে চিরুনি অভিযান শুরু করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (১৩ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, ‘জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি চালাবে। কোথাও কোনো অপরাধী বা বিশৃঙ্খলাকারীকে ছাড় দেওয়া হবে না। তবে আমরা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই—আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেন। আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাষ্ট্রের।’
মিটফোর্ড হত্যাকাণ্ডের পর দ্রুত তদন্ত শুরু করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এরইমধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৬ জনকে ঘটনার ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না। যারাই জড়িত থাকুক না কেন; তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
‘এসব ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর ও ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাচ্ছে এবং অপরাধীদেরকে গ্রেপ্তার করছে।’
তিনি বলেন, এ হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরইমধ্যে খুলনার হত্যাকাণ্ডেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার বিশ্বাস করে, অপরাধী অপরাধীই—তা সে যে-দলেরই হোক না কেন। রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না। কোনো অপরাধীকেই পুলিশ প্রশ্রয় দেবে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমরা কোনো আপস করব না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।’
নির্বাচন নিয়ে উপদেষ্টা বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে আমরা নির্বাচনকে ঘিরে যেসব নিরাপত্তা ও প্রশাসনিক দায়িত্ব পালন করছি, তা ডিসেম্বর মাসের মধ্যেই শেষ করতে পারব বলে আশা করছি। আমাদের অংশটুকু যথাসময়ে ও সুচারুভাবে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর।’
৩৪১ দিন আগে
মিটফোর্ড হত্যাকাণ্ড: এক আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর, আরেকজনের দায় স্বীকার
রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) হত্যা মামলায় গ্রেপ্তার মো. টিটন গাজীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে, আরেক আসামি ছাত্রদল নেতা তারেক রহমান রবিন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
শনিবার (১২ জুলাই) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ গিয়াসের আদালত এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক মো. নাসির উদ্দিন আসামিকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এদিন আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামি টিটন গাজী ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তিনি ঘটনায় জড়িত অন্যান্য আসামির পরিচিত। এজাহারের অন্যান্য আসামিসহ অজ্ঞাতনামা আসামিদের শনাক্তে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
আরও পড়ুন: মিটফোর্ড হত্যায় ভিডিও থাকার পরেও হামলাকারীদের ধরা হচ্ছে না কেন, প্রশ্ন তারেকের
বিচারক শুনানি শেষে আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
জিজ্ঞাসাবাদের পর মামলার ঘটনার ধারাবাহিকতা, পরিকল্পনা, প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্র-সরঞ্জামাদি উদ্ধার করা সম্ভব হবে বলে আবেদনে বলা হয়।
আদালতে রবিনের দায় স্বীকার
রাজধানীর পুরান ঢাকায় মো. সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যার ঘটনায় করা অস্ত্র মামলায় ছাত্রদল নেতা তারেক রহমান রবিন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
আজ বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ গিয়াসের আদালতে স্বেচ্ছায় এ জবানবন্দি দেন তিনি।
এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। জানা যায়, আসামি তারেক রহমান রবিন রাজধানীর চকবাজার থানার ৩০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
৩৪২ দিন আগে
মব ভায়োলেন্স করে দেশের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা যাবে না: র্যাব মহাপরিচালক
র্যাবের মহাপরিচালক (ডিজি), অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান বলেছেন, মব ভায়োলেন্স বা মব সন্ত্রাস করে এ দেশের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা যাবে না। অপরাধী যেই হোক বা যে দলেরই হোক, আমরা তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করব।
শনিবার (১২ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ঘটে যাওয়া ব্যবসায়ী হত্যাকাণ্ডে ব্যবস্থা গ্রহণের অগ্রগতিসহ আরও কয়েকটি ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার প্রসঙ্গে প্রেস ব্রিফিং করেন র্যাবের ডিজি। ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
এ কে এম শহিদুর রহমান বলেন, ‘র্যাব এবং দেশের আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো ধরনের অপরাধ সংঘটনের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের বিষয়ে তৎপর রয়েছে। দেশে বিগত কয়েক মাসে ঘটে যাওয়া অপরাধের সঙ্গে জড়িতদের র্যাব গ্রেপ্তার করেছে। তাদের যেন শাস্তির ব্যবস্থা করা হয়, সে ব্যাপারে আমরা দ্রুত পদক্ষেপ নিচ্ছি। মব ভায়োলেন্স সৃষ্টির অপরাধে এ পর্যন্ত প্রায় ২০ জন অপরাধীকে র্যাব আইনের আওতায় নিয়ে এসেছে।’
আরও পড়ুন: নির্বাচনের সব প্রস্তুতি আছে, মব মোকাবিলায় সচেষ্ট সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
‘গত ২ জুলাই লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় সন্ত্রাসী কর্তৃক মব সৃষ্টির মাধ্যমে পুলিশ সদস্যদের আহত করে আসামিদের ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে আমরা ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছি। এ ছাড়াও গত ৩ জুলাই কুমিল্লার মুরাদনগরে ট্রিপল মার্ডারের ঘটনায় একই পরিবারের মা ও দুই সন্তানের ওপর মব ভায়োলেন্সের অযাচিত ঘটনায় ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’
সলিমুল্লাহ মেডিকেলের সামনে হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে র্যাব কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ঘটনার সঙ্গে জড়িত এজাহারনামীয় ৪ নম্বর আসামি আলমগীর (২৮) এবং ৫ নম্বর আসামি মনির ওরফে লম্বা মনিরকে (৩২) আমরা গতকাল (শুক্রবার) রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’
আরও পড়ুন: মব সন্ত্রাস জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থি: অ্যাটর্নি জেনারেল
‘এ ঘটনায় আমরা ছায়া তদন্ত করছি, আর পুরো বিষয়টি দেখছে ডিএমপির তদন্ত বিভাগ।’
র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
৩৪২ দিন আগে
মিটফোর্ডের সামনে ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিক্ষোভ
রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পাথর মেরে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং সারা দেশে অব্যাহত চাঁদাবাজি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার (১১ জুলাই) রাত ৯টার দিকে বিক্ষোভ মিছিল করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। এ ছাড়া প্রায় একই সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিলটি শহিদ মিনার থেকে শুরু হয়ে রায় সাহেব বাজার, তাঁতিবাজার, নয়াবাজার ও মিডফোর্ড হাসপাতাল ঘুরে ক্যাম্পাসের ভাষা শহিদ রফিক ভবনের নিচে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে কয়েকশ’ শিক্ষার্থী অংশ নেন।
মিছিলে শিক্ষার্থীদের ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘যুবদলের অনেক গুণ, পাথর মেরে মানুষ খুন’, ‘বিএনপির অনেক গুণ, দশ মাসে দেড়শ’ খুন’, ‘যুবদলের চাঁদাবাজরা, হুঁশিয়ার সাবধান’, ‘বিএনপি, ভুয়া ভুয়া’, ‘আমার ভাই খুন কেন, তারেক রহমান জবাব দে’, ‘জিয়ার সৈনিক, চাঁদা তোলে দৈনিক’, ‘চাঁদা তোলে পল্টনে, ভাগ যায় লন্ডনে’ ইত্যাদি এসব স্লোগান দিতে শোনা যায়।
সমাবেশে চাঁদা না দেওয়ায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে নৃসংসভাবে হত্যাসহ সারা দেশে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন বিক্ষোভকারীরা।
এ সময় পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জবি শাখার আহ্বায়ক মাসুদ রানা বলেন, ‘৫ আগস্টের পর আমরা চেয়েছিলাম সাম্যের ও শান্তিপূর্ণ একটি বাংলাদেশ, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ। কিন্তু হাসিনা যাওয়ার দিন বিকাল থেকেই একটা দল চাঁদাবাজি শুরু করেছে। শহিদ আবু সাঈদ, শহিদ ওয়াসিম, শহিদ সাজিদের ভাইয়েরা মারা যায়নি। প্রয়োজনে আবার জুলাই হবে।’
আরও পড়ুন: ঢাকায় ব্যবসায়ীকে হত্যার ঘটনায় যুবদলের ২ নেতাকে আজীবন বহিষ্কার
বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শশিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নূর নবী বলেন, ‘এই পাথরটা আমার ভাইয়ের ওপরে নয়, মনে হয় আমার বুকের ওপর পড়ে। এই ক্যাম্পাসে যেমন ছাত্রলীগ বিশ্বজিৎকে হত্যা করেছে, ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি মিলফোর্ডে ঘটেছে। ১০ মাস না যেতেই আপনারা আপনাদের দলের লোকদেরই হত্যা করছেন। হাসিনার দায়িত্ব আপনাদের ওপর দিয়ে যায়নি। ৫ আগস্টে ফ্যাসিস্টকে যেভাবে প্রতিহত করেছি, তাদেরও প্রতিহত করতে বাধ্য হব।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের এক বছরও পূরণ হয়নি। এরই মধ্যে চাঁদা না দেওয়ায় জনসম্মুখে পাথর দিয়ে মানুষ খুন করার মতো ঘটনা ঘটছে।’
তিনি বলেন, ‘আমরা মনে করি যারা এই খুনের সঙ্গে জড়িত, তারা জুলাইকে ধারণ করতে পারে না। যদি বিএনপি এই ঘটনার বিচার না করে, তবে বাংলাদেশে তাদের রাজনীতি নিয়েও আমরা প্রশ্ন তুলব। আর ইন্টেরিম (অন্তর্বর্তীকালীন) সরকার জনগণের ম্যানডেট নিয়ে বসেছে, কোনো দলের ম্যানডেট নয়। আমরা এর বিচার চাই।’
৩৪৩ দিন আগে
সোনারগাও থানায় পদায়নের ৩ দিনের মধ্যে ওসিকে প্রত্যাহার
পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা না মেনে নারায়ণগঞ্জের সোনারগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দেওয়া পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। পদায়নের তিন দিনের মধ্যেই তাকে সরিয়ে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।
বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিকের সই করা এক অফিস আদেশে তাকে প্রত্যাহার করা হয়েছে।
এর আগে ৫৪ বছর বয়সী পরিদর্শক মো. ইসমাইল হোসেনকে ৭ জুলাই সোনারগাঁও থানায় ওসি হিসেবে পদায়ন করা হয় এবং তিনি যোগদান করেন।
গত ১৭ জুন পুলিশ হেডকোয়ার্টার থেকে সকল রেঞ্জ ডিআইজি ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের চিঠির মাধ্যমে একটি নির্দেশনা দেওয়া হয়। যেখানে বলা হয়েছে, ৫২ বছরের উপরে কোনো পুলিশ পরিদর্শককে থানায় ওসি হিসেবে দায়িত্ব দেওয়া যাবে না। এরপরও নারায়ণগঞ্জ জেলার এসপি প্রত্যুষ কুমার তাকে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে ৭ জুলাই অফিস আদেশ জারি করে ।
ওসি ইসমাইল হোসেনের পদায়নের ক্ষেত্রে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা লঙ্ঘন করা হয় মর্মে বার্তা সংস্থা ইউএনবি একটি প্রতিদেন প্রকাশ করে ৮ জুলাই। এরপর আজ তাকে প্রত্যাহার করে অফিস আদেশ জারি করেছে পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি।
৩৪৪ দিন আগে
নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘ কনভেনশনে যোগদানের প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন
নিষ্ঠুর নির্যাতন, অমানবিক বা অপমানজনক আচরণবিরোধী জাতিসংঘের কনভেনশনের ঐচ্ছিক প্রটোকল (ওপি-ক্যাট)-এ বাংলাদেশের যোগদানের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
এ ছাড়া, সভায় বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় স্থাপনের খসড়া সমঝোতা স্মারক, জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) খসড়া অধ্যাদেশ, মালয়েশিয়ার বাংলাদেশের নতুন কনস্যুলেট স্থাপনের প্রস্তাব, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫’র খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৩৩তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০০২ সালে নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘ কনভেনশনের ঐচ্ছিক প্রটোকলটি ঘোষিত হয়। এর মূল লক্ষ্য হলো— নির্যাতন ও নিষ্ঠুর, অমানবিক বা অপমানজনক আচরণ থেকে সুরক্ষা নিশ্চিত ও জোরদার করা।
১৯৯৮ সালে বাংলাদেশ জাতিসংঘের নির্যাতনবিরোধী সনদে যুক্ত হয়েছিল বলে বৈঠকের পর জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।
আরও পড়ুন: অধ্যাপক ইউনূসের নির্দেশে দ্রুত নির্বাচনের প্রস্তুতি নেবে ইসি, আশা ফখরুলের
উপদেষ্টা পরিষদের সভায় বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) স্থাপনে খসড়া সমঝোতা স্মারকের (এমওইউ) চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর হচ্ছে সংস্থাটির মানবাধিকার সংক্রান্ত প্রধান নীতিনির্ধারণী ও তত্ত্বাবধানকারী দপ্তর।
এ ছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে মালয়েশিয়ার জহুর বাহরুতে নতুন একটি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল স্থাপনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় ‘মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াকে আইন ও সংসদবিষয়ক বিভাগের চূড়ান্ত যাচাই সাপেক্ষে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
‘জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’র খসড়াও ওই সভায় নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়াও, ফেনী ও নোয়াখালীতে অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি নিয়েও সভায় আলোচনা হয়। সংশ্লিষ্ট উপদেষ্টারা বন্যা পরিস্থিতি এবং সরকারের গৃহীত ব্যবস্থা সম্পর্কে বৈঠকে অবহিত করেন।
৩৪৪ দিন আগে