আইনশৃঙ্খলা
জনবান্ধব হতে পারলে পুলিশের কলঙ্ক মুছবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
পুলিশ জনবান্ধব হতে পারলে বাহিনীটির কলঙ্ক মুছে ফেলা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৩ জুন) বিকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি হয়।
রবিবার ঘটে যাওয়া মব হামলায় হতাশা প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে কেন্দ্র করে যারা ওই পরিস্থিতি তৈরি করেছেন, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া যায়—তাকেও আইনের আওতায় আনা হবে।’
তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেজন্য ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: সাবেক সিইসি নুরুল হুদার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
তিনি আরও বলেন, ‘গত ৫ আগস্ট থেকে পুলিশকে আরও জনবান্ধব করতে উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ এখন আর আগের মতো আচরণ করে না। জনগণ যদি পুলিশের আচরণে সন্তুষ্ট হয়, আমিও খুশি। জনগণকে সন্তুষ্ট রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।’
আগামী জাতীয় নির্বাচন এখনও অনেক দূরে হলেও পুলিশের প্রস্তুতি শুরু হয়ে গেছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, ‘দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো।’
সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক রেজা, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৩৬১ দিন আগে
সাবেক সিইসি নুরুল হুদার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
নির্বাচনে কারচুপির অভিযোগে দায়ের করা একটি মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
সোমবার (২৩ জুন) ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর হাকিম আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। এর আগে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে হাজির করা হয়েছিল বলে তিনি জানান।
রবিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকার তার বাসা থেকে নুরুল হুদাকে আটক করে পুলিশ।
রবিবার সকালে শেরেবাংলা নগর থানায় বিএনপির পক্ষ থেকে দায়ের করা মামলার কয়েক ঘণ্টা পরই এই আটক করা হয়। মামলায় আসামি করা হয় দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচন পরিচালনার সঙ্গে জড়িত সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের। এছাড়াও অন্যান্য কর্মকর্তাসহ ২৪ জনের বিরুদ্ধে অনিয়ম ও পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ আনা হয়েছে ওই মামলায়।
আরও পড়ুন: সাবেক সিইসি হুদার গণপিটুনিকে সমর্থন করে না বিএনপি: সালাহউদ্দিন
রবিবার জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করে।
অভিযোগে সাবেক সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ, কেএম নূরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়ালসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এতে বেশ কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
বিএনপির অভিযোগ, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের সাধারণ নির্বাচন কারচুপি এবং দলীয়ভাবে অনুষ্ঠিত হয়েছিল। সেসময় যদিও বারবার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং ভোটগ্রহণের সময় ম্যাজিস্ট্রেসি ক্ষমতাপ্রাপ্ত সেনা সদস্য মোতায়েনের দাবি জানানো হয়েছিল।
৩৬১ দিন আগে
শাবি ছাত্রীকে ধর্ষণ: দুই আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই শিক্ষার্থীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ জুন) অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক হারুন রশিদ এই আদেশ দেন। রিমান্ড শুনানির সময় গ্রেপ্তার দুই আসামি শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান (২৩) ও স্বাগত দাস পার্থ (২২) কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
এর আগে রবিবার মামলার তদন্ত কর্মকর্তা সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত পুলিশের পরিদর্শক মো. আহসান হাবিব আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
পুলিশ জানায়, গত ২০ জুন গভীর রাতে অভিযান চালিয়ে আদনান ও স্বাগতকে গ্রেপ্তার করা হয়। তার আগে, ভুক্তভোগী ছাত্রী ১৯ জুন কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, ঈদের আগে গত ২ মে একটি কনসার্টে যাওয়ার কথা বলে এক পরিচিত যুবক ওই ছাত্রীকে সুবিদবাজার এলাকার একটি মেসে ডেকে নেন। সেখানে কোমল পানীয়ের সঙ্গে কিছু মিশিয়ে পান করানো হয়। পরবর্তীতে অসুস্থ অবস্থায় ওই শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণ করা হয়।
এজাহারে আরও বলা হয়, ধর্ষণের সময় ছবি ও ভিডিও ধারণ করে তা ফাঁসের হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেইলও করা হয়।
ঘটনার পর গত ১৯ জুন ভুক্তভোগী ছাত্রী বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে, প্রক্টরের পরামর্শে আইনি সহায়তা নেওয়া হয়।
তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ শামছুল হাবিব এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ ও পেনড্রাইভ উদ্ধার করা হয়েছে। এসব ডিভাইসে ঘটনার ডিজিটাল প্রমাণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: রাজধানীর শিশুমেলা থেকে এনবিআর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
তদন্ত কর্মকর্তা জানান, আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পেছনের বিস্তারিত, প্রকৃত উদ্দেশ্য এবং অন্য কেউ জড়িত রয়েছে কিনা—তা জানার চেষ্টা করা হবে।
উল্লেখ্য, ঈদের পূর্বে সিলেট নগরীর রিকাবীবাজারে একটি কনসার্টে যাওয়ার পূর্বে অচেতন করে সহপাঠীর দ্বারা ধর্ষণ বা যৌন নির্যাতনের অভিযোগ তুলে গত বৃহস্পতিবার (১৯ জুন) বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান ভুক্তভোগী শিক্ষার্থী।
সহপাঠী ও সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থের বিরূদ্ধে অবিযোগ দেয় ওই ভুক্তভোগী। শুধু যৌন নির্যাতন নয়, তা ভিডিও ধারণ করে নিয়মিত অভিযুক্তরা ভুক্তভোগীকে ব্লাকমেইল করেছিল বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
এ ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়ায় ১৯ জুন রাতেই দুইজনকে আটক করে পুলিশ। পরে ২০ জুন সিলেট কোতোয়ালি থানায় আটক দুজন ও অজ্ঞাতসহ ৫ জনের বিরূদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী।
৩৬১ দিন আগে
সাবেক মন্ত্রী আনিসুল হক, শাজাহান খানসহ পাঁচজন ৫ দিনের রিমান্ডে
সাবেক মন্ত্রী আনিসুল হক, শাজাহান খান, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ পাঁচ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পল্টন থানায় করা রমজান মিয়া জীবন হত্যা মামলায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলামকে এবং মোহাম্মদপুর থানার হত্যা মামলায় কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আ. কা. ম. সরওয়ার জাহান (বাদশা) কে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন, ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু এবং চট্টগ্রাম বন্দরের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সোহাইল।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে সাজেদুর রহমান ওমর নিহতের মামলায় আনিসুল হক, শাজাহান খান এবং সালমান এফ রহমানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এদিকে একই থানার এলাকায় রিটন উদ্দিন নামে এক ব্যক্তি নিহতের মামলায় ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে এক দিনের রিমান্ড দেওয়া হয়েছে।
তবে যাত্রাবাড়ী থানায় করা রাসেল হত্যা মামলায় তার রিমান্ড আবেদন নামঞ্জুর করা হয়েছে।
পল্টনে বিএনপির মহাসমাবেশে গণঅধিকার পরিষদের কর্মী বদরুল ইসলাম সায়মনকে হত্যাচেষ্টা মামলায় চট্টগ্রাম বন্দরের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সোহাইলের তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
ঢাকার মমেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম সোমবার শুনানি শেষে এ আদেশ দেন।
আনিসুল হক, শাজাহান খান, সালমান এফ রহমানের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন পিবিআইর এসআই আমিরুল ইসলাম মীর।
মনিরুল ইমলাম মনুর দুই মামলায় পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড আবেদন করে তদন্ত সংস্থা পিবিআই।
আরও পড়ুন: ফের রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল-মোশাররফ
সোহাইলের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই বিমান তরফদার।
পল্টন থানায় করা রমজান মিয়া জীবন হত্যা মামলায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলামকে এবং মোহাম্মদপুর থানার হত্যা মামলায় কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আ. কা. ম. সরওয়ার জাহানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন সোমবার ধার্য করেন।
এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত আসামিদের রিমান্ড এবং গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
সাজেদুর রহমান ওমর হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২১ জুলাই দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ী থানার কাজলা ফুটওভার ব্রিজের নিচে ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন সাজেদুর রহমান ওমর।
বিকালে আসামিদের আক্রমণে মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট মারা যান তিনি।
এ ঘটনায় ৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় সৈয়দ তানভীর আহমেদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮১ জনকে আসামি করে মামলা করেন।
বদরুল ইসলাম সায়মনকে হত্যাচেষ্টার মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর শেখ হাসিনা সরকারের গুম, খুন, নিপীড়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সমাবেশ আয়োজন করা হয়। এতে দেশের সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে বিএনপি ও গণ অধিকার পরিষদসহ অন্যান্য সমমনা রাজনৈতিক দল মহাসমাবেশের ডাক দেয়। ভুক্তভোগী গণঅধিকার পরিষদের কর্মী বদরুল ইসলাম সায়মনও সমাবেশে অংশ নেন।
শান্তিপূর্ণ সমাবেশে আসামিরা অতর্কিত হামলা চালায়। এ সময় আসামিদের ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে সায়মন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘদিন চিকিৎসা নেন তিনি।
এ ঘটনায় গত ২৯ এপ্রিল ভুক্তভোগী বদরুল ইসলাম সায়মন বাদী হয়ে রাজধানীর পল্টন মডেল থানা হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ২৪৫ জনকে আসামি করা হয়।
৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হন রিটন উদ্দিন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই দিন সকাল ৮টার দিকে যাত্রাবাড়ী ফুটওভার ব্রিজের নিচে গুলিবিদ্ধ হন রাসেল। পরে তিনি মারা যান।
৩৬১ দিন আগে
চুয়াডাঙ্গা সীমান্তে স্বর্ণ পাচারের অভিযোগে যুবক গ্রেপ্তার
চুয়াডাঙ্গার জীবননগরের গয়েশপুর সীমান্ত দিয়ে বাইসাইকেলে করে স্বর্ণ পাচারের সময় এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২২ জুন) রাতে ইসলামপুর পিচমোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক যুবকের নাম মমিন। তিনি জীবননগরের গয়েশপুর গ্রামের ধোপাখালি এলাকার তেতুল মণ্ডলের ছেলে।
এ বিষয়ে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মো. মুন্সি ইমদাদুর রহমান জানান, বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তার শরীর তল্লাশি করে ৮টি স্বর্ণের বার ও একটি ছোট টুকরো উদ্ধার করা হয়, যার মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম।
আরও পড়ুন: ১০ দিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম
উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৩ লাখ টাকা বলে জানানি তিনি।
এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
৩৬১ দিন আগে
মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিজ করা হয়েছে তা কাম্য নয় জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২৩ জুন) সকালে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গতকাল (রবিবার) সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালকে গ্রেপ্তারের যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়; তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তার হয়েছেন নুরুল হুদা।’
আরও পড়ুন: সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা আটক
‘তবে তাকে গ্রেপ্তারের সময় যেভাবে মব জাস্টিজ করা হয়েছে তা কাম্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ ধরনের বিশৃঙ্খলা ঘটেছে। এ ঘটনার তদন্ত হবে। আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কৃষিজমি দখল রোধে কৃষিজমি সুরক্ষা আইন করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, ‘বিদেশি ফলের পাশাপাশি দেশীয় ফলের উৎপাদন বাড়াতে হবে, যেন এসব ফল হারিয়ে না যায়।’
পরিদর্শনের সময় গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ, হর্টিকালচার সেন্টারের এনামুল হকসহ পুলিশ ও কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় উপদেষ্টা হর্টিকালচার সেন্টারের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং নানা দিক নির্দেশনা দেন।
৩৬১ দিন আগে
নুরুল হুদাকে গ্রেপ্তার ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা সরকারের
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদার গ্রেপ্তারকে কেন্দ্র করে ‘মব’ সৃষ্টি করে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সবাইকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে অন্তবর্তী সরকার।
রবিবার (২২ জুন) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুকে পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আজ ২২ জুন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে একটি সুনির্দিষ্ট মামলায় রাজধানীর উত্তরা থানা পুলিশ গ্রেপ্তার করে। এসময় ‘মব’ কর্তৃক সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি ও অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি সরকারের নজরে এসেছে।
আরও পড়ুন: সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা আটক
সরকার দেশের সকল নাগরিকের প্রতি আবারও আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানাচ্ছে। অভিযুক্ত সব ব্যক্তির বিচার দেশের আইন মেনে হবে এবং বিচারাধীন বিষয় ও ব্যক্তির ব্যাপারে আদালত সিদ্ধান্ত দেবেন।
বিবৃতিতে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তির ওপর আক্রমণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ। ‘মব’ সৃষ্টি করে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সবাইকে চিহ্নিত করে আইনশৃঙ্খলাবাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।
ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে সব নাগরিককে সহনশীল ভূমিকা পালনের জন্য অনুরোধ জানিয়েছে সরকার।
৩৬১ দিন আগে
সাবেক সংসদ সদস্য সাবিনা তুহিন ও ফয়সাল বিপ্লব গ্রেপ্তার
রাজনৈতিক সহিংসতা, দুর্নীতি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন ও মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (২৩ জুন) সকালে ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এর মধ্যে দুর্নীতি, রাজনৈতিক সহিংসতায় উসকানি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ অন্যতম। এসব অভিযোগের ভিত্তিতেই নবাবগঞ্জের ষোল্লা ইউনিয়নের গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, গতকাল (রবিবার) রাত ১০টার দিকে রাজধানীর ফার্মগেটের মনিপুরীপাড়ার একটি আবাসিক ভবন থেকে ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করে ডিবির আরেকটি দল।
তার বিরুদ্ধে জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা আটক
ডিবি কর্মকর্তারা জানান, সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও হত্যার ঘটনায় তুহিন ও বিপ্লব—উভয়েই গোয়েন্দা নজরদারিতে ছিলেন। বিশেষ করে, গত বছরের জুলাই আন্দোলনের সময় ফয়সাল বিপ্লবের প্রত্যক্ষ ভূমিকা ছিল বলে দাবি পুলিশের।
নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রাজনৈতিক হয়রানির জন্য নয়, যথাযথ প্রমাণ ও মামলার ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।
দুজনেরই রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে এবং তদন্তে জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিবির কর্মকর্তারা।
৩৬১ দিন আগে
সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা আটক
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে রবিবার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকার নিজ বাসা থেকে আটক করেছে পুলিশ। আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরা সেক্টর-৫ এর একটি বাসায় অভিযান চালিয়ে কে এম নূরুল হুদাকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল।
শেরেবাংলা নগর থানায় বিএনপির দায়ের করা একটি মামলার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে আটক করা হয়। ওই মামলায় দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারসহ মোট ২৪ জনের বিরুদ্ধে অনিয়ম ও পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ আনা হয়েছে।
উপ-কমিশনার হাফিজুর রহমান বলেন, ‘নিরাপত্তার কারণে তাকে ডিবি কার্যালয়ে (মিন্টো রোড) হস্তান্তর করা হয়েছে। তিনি শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে।’
এর আগে, আজ (শনিবার) সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন খানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করে।
আরও পড়ুন: মেধাপাচার রোধ ও শিক্ষা পুনর্গঠনের অঙ্গীকার বিএনপির
মামলায় সাবেক সিইসি কাজী রাকিবউদ্দিন আহমদ, কে এম নূরুল হুদা, কাজী হাবিবুল আউয়ালসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।
বিএনপি অভিযোগ করেছে, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনগুলো একতরফাভাবে এবং দলীয় সরকারের অধীনে অনিয়মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। তারা বলেছে, বারবার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এবং সেনাবাহিনী মোতায়েনের দাবি জানানো হলেও তৎকালীন নির্বাচন কমিশনগুলো কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।
মামলার বাদী সালাহউদ্দিন খান সাংবাদিকদের বলেন, ‘তিনটি নির্বাচনেই ব্যাপক অনিয়ম হলেও সে সময়ের সিইসিরা কোনো সংশোধনী উদ্যোগ নেননি। আমরা আশা করি, বর্তমান নির্বাচন কমিশন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ বিরোধী দলগুলো ভোট বর্জন করায় আওয়ামী লীগের ১৫৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ওই নির্বাচন অনুষ্ঠিত হয় সিইসি কাজী রাকিবউদ্দিন আহমদের নেতৃত্বে।
২০১৮ সালের একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে, সিইসি কে এম নূরুল হুদার অধীনে বিএনপি অভিযোগ করে যে, ভোটগ্রহণের আগের রাতে ব্যালট বাক্স ভরাট করা হয়।
২০২৪ সালের দ্বাদশতম জাতীয় নির্বাচন, সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে অনুষ্ঠিত হয়, যা বিএনপি ‘নকল নির্বাচন’ বলে প্রত্যাখ্যান করে।
এ মাসের শুরুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ওই তিনটি বিতর্কিত নির্বাচনে সম্পৃক্ত ব্যক্তিদের ভূমিকা তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশ দেন।
৩৬২ দিন আগে
ইউআইইউ শিক্ষার্থীদের মারধরের অভিযোগ অস্বীকার ডিএমপির
বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের মারধরের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
তাদের দাবি, পুলিশ শান্তিপূর্ণভাবে বলপ্রয়োগ ছাড়াই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছে।
শনিবার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে ডিএমপি। এতে বলা হয়, ‘ইউআইইউ শিক্ষার্থীদের একাংশের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল সাড়ে ৮টার দিকে নতুনবাজার মোড়ে ৩০-৪০ জন শিক্ষার্থী অবস্থান নেন। এসময় তারা শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে রাস্তা অবরোধ করে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘কর্মসূচির শুরুতে কয়েক দফায় আন্দোলনকারীদের সাথে দায়িত্বরত পুলিশ সদস্যরা আলোচনা করেন এবং জনগণের চলাচলের পথে বাঁধা সৃষ্টি না করে রাস্তা ছেড়ে দিতে অনুরোধ করেন।’
‘বারবার অনুরোধ করার পরেও জনগণের চলাচলের রাস্তা না ছাড়ায় জনগণের ভোগান্তি কমাতে সকাল সাড়ে ১০টার দিকে দায়িত্বরত পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে একপর্যায়ে পুলিশের সাথে ধাক্কাধাক্কি হয় এবং পুলিশ আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়।’
ডিএমপি জানিয়েছে, ‘পরবর্তীতে বেলা পৌনে ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা পুনরায় রাস্তা দখল করে আন্দোলন শুরু করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও শিক্ষার্থীদের সাথে আলোচনা করে উদ্ভূত সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত আছে।
‘পুলিশ শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে এবং কোনোরূপ বলপ্রয়োগ ছাড়াই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবুও, কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছেন যা একেবারেই ভিত্তিহীন।’
এমন পরিস্থিতিতে, ঘটনা নিয়ে অহেতুক বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে ডিএমপি। বাড্ডা-কুড়িল রোডের এক পাশে যানবাহন চলাচল অব্যাহত আছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
আরও পড়ুন: রাজধানীর শিশুমেলা থেকে এনবিআর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
এদিকে ঢাকার ভাটারার নতুন বাজার এলাকায় সকাল থেকে সড়ক অবরোধ করে রাখে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) একদল শিক্ষার্থী। শনিবার সকাল সাড়ে আটটা থেকে তারা সড়ক অবরোধ করেন।
সড়ক অবরোধ থেকে শিক্ষার্থীদের সরে আসার অনুরোধ জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে শিক্ষার্থীরা সড়ক অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে ২৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। তা না হলে আন্দোলন চলবে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে পুলিশ।
শিক্ষার্থীরা বলেন, ‘জুলাই অভ্যুত্থানে যে শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন, তাদের ২৬ জনকে বহিষ্কার করেছে ইউনাইটেড ইউনিভার্সিটি। তারা জুলাই অভ্যুত্থানে জড়িত শিক্ষার্থীদের প্রশ্নের মুখে ফেলেছে। শিক্ষার্থীরা তাদের অধিকার রক্ষার জন্য আন্দোলন করেছিল, তাদের আশ্বাস দিয়ে আট মাস বসিয়ে রাখা হয়।’
তারা বলেন, পরে তারা ভিসির পদত্যাগসহ তাদের অধিকার রক্ষায় ফের আন্দোলনে নামে। ওই আন্দোলন দমানোর জন্য ২৬ জনকে বহিষ্কার করা হয়েছে। আমরা তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার চাই।
৩৬৩ দিন আগে