আইনশৃঙ্খলা
রাজধানীর শিশুমেলা থেকে এনবিআর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
রাজধানীর শেরেবাংলা নগর থানার শিশুমেলা থেকে আগারগাঁও রোডের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয় ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
আগামীকাল রবিবার (২২ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা কার্যকর হবে। শনিবার (২১ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক গণবিজ্ঞপ্তিতে এমন তথ্য দেওয়া হয়েছে।আরও পড়ুন: সচিবালয়-যুমনা এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
এতে বলা হয়েছে, ‘শেরেবাংলা নগর থানার অন্তর্গত শিশুমেলা থেকে আগারগাঁও রোডে অবস্থিত এনবিআর কার্যালয় (জাতীয় রাজস্ব বোর্ড), বিডা কার্যালয় (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) ও আশেপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।’
ডিএমপি জানিয়েছে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী রবিবার (২২ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে।
গণবিজ্ঞপ্তিতে সই করেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী।
৩৬৩ দিন আগে
শাবি শিক্ষার্থীকে নিপীড়ন ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ২
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক নারী শিক্ষার্থীকে যৌন নির্যাতনের পর ভিডিও ধারণের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে তাদের একজনকে ক্যাম্পাস থেকে এবং আরেকজনকে নগরীর সুরমা আবাসিক এলাকা থেকে আটক করা হয়। পরে নারী ও শিশু নির্যাতন এবং পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
গ্রেপ্তার দুজন বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদের আগে সুরমা আবাসিক এলাকার একটি মেসে ডেকে নিয়ে ভুক্তভোগী দাবি করা ওই শিক্ষার্থীকে অচেতন করে ধর্ষণ করেন অভিযুক্তরা। অভিযোগকারীর অজান্তে তারা ঘটনাটির ভিডিও ধারণও করেন এবং তা প্রকাশের হুমকি দিয়ে বিষয়টি গোপন রাখতে বাধ্য করেন।
তবে ঈদের ছুটির পর গতকাল (বৃহস্পতিবার) শাবি প্রক্টর বরাবর ধর্ষণের লিখিত অভিযোগ করেন ওই নারী শিক্ষার্থী।
অভিযোগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ডিজিটাল ট্র্যাকিং পদ্ধতিতে দুই অভিযুক্তকে আটক করে পুলিশ। আটকের পর প্রক্টর অফিসে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ। পরে প্রক্টরিয়াল বডির সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।
আরও পড়ুন: ফাঁকা আসনে তৃতীয় ধাপে ভর্তি নিচ্ছে শাবিপ্রবি
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘প্রাথমিক অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পুলিশে সোপর্দ করে।’
তিনি আরও বলেন, ‘আটকদের বিরূদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ৯ (৩) ধারা এবং পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ৮(১), ৮(২) ও ৮(৩) ধারায় মামলা হয়েছে। পরবর্তীতে আজ (শুক্রবার) দুপুরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুখলেছুর রহমান বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের আটকের পর জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পেয়েছি আমরা। বর্তমানে অপরাধীরা পুলিশ হেফাজতে আছেন এবং মামলার বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।’
৩৬৪ দিন আগে
পলাতক হাসিনা-শাকিলের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দিয়েছেন ট্র্যাইব্যুনাল
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনা ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পলাতক শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল গনি টিটুকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স কাউন্সেল) নিযুক্ত করা হয়েছে। এছাড়া এ মামলার শুনানিতে অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) হিসেবে মতামত প্রদানের জন্য সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার(১৯ জুন) বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল-১ এই আদেশ দেন। সেই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ জুন দিন ধার্য করা হয়েছে।
বিচারের মুখোমুখি হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরেও শেখ হাসিনা ও অপর অভিযুক্ত শাকিল হাজির না হওয়ার প্রেক্ষাপটে বিচারের স্বচ্ছতার স্বার্থে অ্যামিকাস কিউরি ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী যুক্ত করা হয়েছে বলে জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
আরও পড়ুন: সংবাদপত্রে শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ
জানা গেছে, ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি,’ বলে ‘শেখ হাসিনার দেওয়া বক্তব্যের’ একটি অডিও ভাইরাল হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ওই কথপোকথনের ফরেনসিক পরীক্ষা করে সেটি হাসিনার বলে সত্যতা পায়। পরবর্তীতে এই বক্তব্যের বিষয়ে আদালত অবমাননার আবেদন করা হয় ট্রাইব্যুনালে।
প্রসিকিউশনের করা সে আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল অভিযোগটি গ্রহণ করে ১৫ মের মধ্যে তাদের জবাব দাখিলের নির্দেশ দেন। কিন্তু ১৫ মে জবাব দাখিল না করায় তাদের ২৫ মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। তবে ২৫ মে তারা হাজির না থাকায় প্রসিকিউশনের আবেদনে শেখ হাসিনাসহ দুজনকে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে হাজির হওয়ার জন্য বহুল প্রচারিত দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর নির্দেশক্রমে ট্রইব্যুনালের রেজিস্ট্রার (সিনিয়র জেলা ও দায়রা জজ) এ এস এম রুহুল ইমরানের সই করা নোটিশটি ২৬ মে যুগান্তর ও নিউএজ পত্রিকায় প্রকাশিত হয়। নোটিশে ৩ জুন সকাল ১০টায় ট্রাইব্যুনালে সশরীরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে জবাব বা বক্তব্য দাখিল করতে বলা হয়। অন্যথায় তাদের অনুপস্থিতিতে অভিযোগের প্রেক্ষিতে বিচারকার্য সম্পন্ন হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। তবে গত ৩ জুন আদালত অবমাননার অভিযুক্তরা হাজির না হওয়া ট্র্যাইব্যুনাল পরবর্তী আদেশের জন্য ১৯ জুন দিন ধার্য করেন।
৩৬৫ দিন আগে
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালকসহ চার জনের বিরুদ্ধে মামলা
নভোএয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমানসহ চারজনের বিরুদ্ধে ঢাকার শ্রম আদালতে মামলা দায়ের হয়েছে। চাকরি থেকে বেআইনিভাবে অব্যাহতি দেওয়ার অভিযোগ এনে মামলাটি করেছেন প্রতিষ্ঠানটির চাকরিচ্যুত কর্মী তাসনিম ফারহানাজ।
বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকা প্রথম শ্রম আদালতে এ মামলা দায়ের করেছেন তিনি। আদালত বাদীর জবানবন্দি নিয়ে আসামিদের প্রতি নোটিশ জারি করেছে।
মামলায় অন্যান্য আসামিরা হলেন—নভোএয়ারের হিউম্যান রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান বিক্রয় ও বিপনন শাখার কর্মকর্তা মেসবাউল ইসলাম ও এইচআর বিভাগের জুনিয়র এক্সিকিউটিভ মশিউর রহমান শুভ। এ মামলার বাদীপক্ষের আইনজীবী সোমাইয়াদ শাহেরিয়া ফিদা এ তথ্য জানিয়েছেন।
মামলা সূত্রে জানা যায় , ২০১৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে প্রতিষ্ঠানটিতে ‘জুনিয়র এক্সিকিউটিভ, সেলস অ্যান্ড মার্কেটিং’ পদে চাকরি করছিলেন তাসনিম ফারহানাজ। পরবর্তীতে স্থায়ীকরণ ও পদোন্নতি পান।
২০২১ সালের ২৯ অক্টোবর তাকে সম্মানসূচকভাবে পদোন্নতি দেওয়া হয়। তবে ২০২৫ সালের ১১ মার্চ তাকে কোনো প্রকার লিখিত নোটিশ ছাড়াই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়, যা তিনি বেআইনি এবং অন্যায় বলে দাবি করেন।
এ ঘটনায় বাদী ৩০ এপ্রিল নভোএয়ার কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠান। জবাবে নভোএয়ার কর্তৃপক্ষ তাকে ক্ষতিপূরণ হিসেবে এক লাখ ৫৫ হাজার ৫৩৬ টাকা পরিশোধের প্রস্তাব দেয়।
কিন্তু বাদীর দাবি, এই অর্থ যথেষ্ট নয় এবং তাকে বেআইনিভাবে চাকরি থেকে বাদ দেওয়ার ফলে তার কর্মজীবনের ধারাবাহিকতা ব্যাহত হয়েছে। তিনি পুনরায় চাকরিতে বহালের দাবিতে ডাকযোগে চিঠি দিলেও কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি। মামলায় তিনি তার চাকরিতে পুনর্বহালসহ সকল বকেয়া বেতন ও সুবিধা দাবি করেছেন।
আরও পড়ুন: আদালত থেকে পালালেন হত্যা মামলার আসামি
৩৬৫ দিন আগে
সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল গ্রেপ্তার
সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান ইউএনবিকে এমন তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ক্রিকেটার সাকিব আল হাসানসহ ২৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
পরিকল্পনা প্রতিমন্ত্রী হওয়ার আগে তিনি বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে সাধারণ অর্থনীতি বিভাগে সিনিয়র সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করেন। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) একজন সিন্ডিকেট সদস্য।
অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক দিয়েছে। ২০২১ সালের ১৮ জুলাই প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। ২০২২ সালের ২৪ মে তাকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।
৩৬৫ দিন আগে
পল্টনে মাদক কারবারিদের গুলিতে ২ পুলিশ সদস্য আহত
রাজধানীর পল্টন এলাকায় মাদক কারবারিদের ছোড়া গুলিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) দুই সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৮ জুন) দিবাগত রাত ১২ টা ২০ মিনিটের দিকে পল্টন থানাধীন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের (সিপিএইচ) বিপরীত পাশে এ ঘটনা ঘটে। এই ঘটনায় একটি প্রাইভেটকারসহ তিনজন সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় ৯ হাজার ৫০০ পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান।
আহত পুলিশ সদস্যরা হলেন— সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিক হাসান ও কনস্টেবল সুজন। তারা ডিবির লালবাগ বিভাগের দায়িত্বে ছিলেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ বলেন, গুলিবিদ্ধ দুজন চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
আরও পড়ুন: রাজধানীর শাহবাগে ছুরিকাঘাতে যুবক খুন
ঘটনার বিষয়ে পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত রাত ১২টা ২০ মিনিটের দিকে গোপন খবরের ভিত্তিতে ডিবির লালবাগ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েবের নেতৃত্বে সিপিএইচের বিপরীত পাশে রাস্তার ওপর একটি প্রাইভেট কারের গতি রোধ করার চেষ্টা করেন। এ সময় ভেতর থেকে মাদক কারবারিরা গুলি চালায়।
এতে এএসআই আতিক হাসানের পেটের বাঁ পাশে ও কনস্টেবল সুজনের বাঁ হাঁটুতে গুলি লাগে। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
আহতদের মধ্যে এএসআই আতিক হাসান কে গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সী সেন্টার (ওসেক) এ রাখা হয়েছে। আর সুজনকে ক্যাজুয়ালিটি বিভাগে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৩৬৫ দিন আগে
ডিএমপিকে পেশাদার ও মানসম্মত সেবা দিতে হবে: আইজিপি
পেশাদার ও মানসম্পনান সেবা নিশ্চিতে প্রতিটি পুলিশ সদস্যকে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
তিনি জোর দিয়ে বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বাংলাদেশ পুলিশের একটি গুরুত্বপূর্ণ ইউনিট এবং জনগণ এটি থেকে পেশাদার ও মানসম্পন্ন সেবা আশা করে।
বুধবার (১৮ জুন) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ২০২৫ সালের মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে তিনি এই এসব কথা বলেন।
আইজিপি বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করা পুলিশ বাহিনীর দায়িত্বের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত।
বাহারুল আলম কর্মকর্তাদের ভ্রাম্যমান টহল, কূটনৈতিক দায়িত্ব পালনের সময় সতর্ক থাকার মোবাইল ফোনের ব্যবহার বর্জনের নির্দেশ দেন—যাতে তারা দায়িত্ব পালনে পরিপূর্ণ মনোযোগ দিতে পারেন।
আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তিনি ডিএমপির কর্মীদের মানসিকভাবে প্রস্তুত থাকারও নির্দেশ দেন।
পড়ুন: কর্মদিবসে সড়কে সমাবেশ না করতে অনুরোধ ডিএমপি কমিশনারের
এতে আরও বক্তব্য দেন, ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী। তিনি গোয়েন্দা তথ্য-ভিত্তিক অপরাধীদের সনাক্তকরণের মাধ্যমে গ্রেপ্তারের হার বৃদ্ধির আহ্বান জানান। নগরবাসীর সুরক্ষায় গোয়েন্দা শাখাসহ (ডিবি) সকল ইউনিটের আরও সক্রিয়ভাবে কাজ করার গুরুত্বের উপর জোর দেন তিনি।
কমিশনার আরও বলেন, একটি সফল, অন্তর্ভুক্তিমূলক এবং উৎসবমুখর নির্বাচনী প্রক্রিয়ায় ভূমিকা রাখার জন্য পুলিশকে সম্পূর্ণ নিরপেক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, নির্বাচনকালীন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ডিএমপি সম্পূর্ণরূপে প্রস্তুত।
অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) ফারুক আহমেদ নিষিদ্ধ রাজনৈতিক দল এবং নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। যাদের এখনো গ্রেপ্তার করা হয়নি, তাদের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্যও জোর দেন তিনি।
অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) এসএন মো. নজরুল ইসলাম পরোয়ানা কার্যকরের হার বাড়াতে এবং সেন্ট্রাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমে (সিআইএমএস) ভাড়াটেদের তথ্য আপডেট করার জন্য মাঠ পর্যায়ের অভিযান জোরদার করার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
তিনি জুলাইয়ের আন্দোলনের সঙ্গে সম্পর্কিত মামলাগুলোর যথাযথ তদন্ত ও সময়মত নিষ্পত্তির পাশাপাশি আকস্মিক মিছিল প্রতিরোধে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন।
মে মাসের অপরাধ নিয়ন্ত্রণ, আইন প্রয়োগ এবং জননিরাপত্তায় অসাধারণ কর্মদক্ষতার জন্য বিভিন্ন পদের কর্মকর্তা ও স্বীকৃত কর্মীদের ডিএমপি কমিশনার বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন।
সভায় ডিএমপির সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য পদমর্যাদার কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৩৬৬ দিন আগে
মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার মৃত্যুদণ্ড
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবা মো. মোতাহারকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি মোতাহারকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার (১৮ জুন) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
এদিকে অর্থদণ্ড টাকা আদায়ে আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে ভিকটিমকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর এরশাদ আলম (জর্জ) বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে উপস্থিত করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামি মো. মোতাহার ভুক্তভোগী নারীর সৎ বাবা। ভুক্তভোগীর মা রোকসানার সঙ্গে আসামি মোতাহারের বিয়ের পর থেকে তিনি তার মা ও সৎ বাবার সঙ্গে একত্রে বসবাস করতেন। আলাদা ঘরের ব্যবস্থা না থাকায় সবাই একই ঘরে থাকতেন। সৎ বাবা মোতাহার বিভিন্ন সময় ভুক্তভোগীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন, তবে ভুক্তভোগী তাতে রাজি হননি।
আরও পড়ুন: মেজর সিনহা হত্যা: হাইকোর্টে ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
পরে ২০২১ সালের ২০ জুন রাত আনুমানিক ১০টায় আসামি মোতাহার ভুক্তভোগীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষণের সময় তিনি ভিকটিমকে হুমকি দেন যে, ঘটনা কাউকে জানালে তাকে হত্যা করবেন। ফলে ভুক্তভোগী প্রথমে বিষয়টি কাউকে জানাননি। পরবর্তীতে ২২ সেপ্টেম্বর আসামি পুনরায় জোরপূর্বক ধর্ষণ করেন মোতাহার। এ ঘটনার পর একই বছরের ২৪ সেপ্টেম্বর দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। গ্রেপ্তার হওয়ার পর আসামি স্বেচ্ছায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
এ ছাড়াও ধর্ষণের ফলে সৃষ্ট ভুক্তভোগীর গর্ভজাত মেয়ের ডিএনএ রিপোর্টে প্রমাণিত হয় যে, শিশুটির জৈবিক বাবা আসামি মো. মোতাহার। মামলাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ কেরাণীগঞ্জ থানার এসআই আবুল হাসান। এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে মোট ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
৩৬৬ দিন আগে
ফের রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল-মোশাররফ
রাজধানীর শাহবাগ ও পল্টন মডেল থানার পৃথক দুই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারীর রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে, আজ (বুধবার) তাদের আদালতে হাজির করা হয়। তারপর ঝুট ব্যবসায়ী মো. মনিরকে হত্যার অভিযোগে শাহবাগ থানায় হওয়া মামলায় আনিসুলকে গ্রেপ্তারসহ ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়।
এ ছাড়া গণঅধিকার পরিষদের কর্মী বদরুল ইসলাম সায়মনকে হত্যাচেষ্টা মামলায় মোশাররফ হোসেন ও বাবুল সরদার চাখারীর ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশের উপপরিদর্শক বিমান তরফদার।
এরপর শুনানি শেষে আদালত আনিসুলের পাঁচ দিনের ও অপর দুজনের প্রত্যেককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: অর্থপাচারে সাবেক ভূমিমন্ত্রীকে সহায়তা, তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মনির হত্যা মামলার অভিযোগসূত্রে জানা যায়, জুলাই অভ্যুত্থান চলাকালে গত বছরের ৫ আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ঝুট ব্যবসায়ী মো. মনির। ওই দিন দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই নিহত তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী গত ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা করেন।
অন্যদিকে, সায়মন হত্যাচেষ্টা মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের গুম, খুন, নিপীড়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সমাবেশ আয়োজন করা হয়। দেশের সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে বিএনপি ও গণঅধিকার পরিষদসহ অন্যান্য সমমনা রাজনৈতিক দল এই মহাসমাবেশের ডাক দেয়।
সমাবেশে ভুক্তভোগী বদরুল ইসলাম সায়মনও অংশ নেন। তবে শান্তিপূর্ণ সমাবেশে আসামিরা অতর্কিতভাবে হামলা করে। এ সময় আসামিদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে বাদী গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় গত ২৯ এপ্রিল ভুক্তভোগী বদরুল ইসলাম সায়মন বাদী হয়ে রাজধানীর পল্টন মডেল থানায় হত্যাচেষ্টা মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ২৪৫ জনকে আসামি করা হয়।
৩৬৬ দিন আগে
অর্থপাচারে সাবেক ভূমিমন্ত্রীকে সহায়তা, তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে-বেনামে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে পাচার করার সহায়তাকারী তিন জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (১৭ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন—চট্টগ্রামের উৎপল পাল, আবদুল আজিজ ও সৈয়দ কামরুজ্জামান।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।
পড়ুন: সাইফুজ্জামান চৌধুরীর বাড়িতে যেতেই কর্ণফুলী টানেল করা হয়েছে: প্রেস সচিব
আবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানে টাস্কফোর্স গঠন করা হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানকালে জানা যায়, সাইফুজ্জামান চৌধুরী নামে-বেনামে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ উত্তোলন করে তাদের সহায়তায় বিদেশে পাচার পাচার করেছেন—যা গোয়েন্দা তথ্য থেকে জানা যায়। এসব ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান চলছে এবং মামলার সম্ভাব্য আসামি হবেন বলে ধারণা করা হয়।
তাই এসব ব্যক্তিরা বর্তমানে পলাতক থাকায় তাদের জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তারা দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তারা বিদেশে চলে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হবে।
৩৬৭ দিন আগে