শিক্ষা
ডাকসু নির্বাচন: ৭ থেকে ১০ সেপ্টেম্বর ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের কারণে আগামী ৭ থেকে ১০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং পরীক্ষা স্থগিত থাকবে। শনিবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।
৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচনের জন্য প্রার্থীরা বর্তমানে তাদের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পড়ুন: ডাকসু নির্বাচনে সেনা মোতেয়েন করা হবে না: আইএসপিআর
এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন; কমন রুম, রিডিং রুম এবং ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১ জন; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ১৪ জন; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১৯ জন; বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১২ জন; গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ৯ জন; ক্রীড়া সম্পাদক পদে ১৩ জন; ছাত্র পরিবহন সম্পাদক পদে ১২ জন; সমাজসেবা সম্পাদক পদে ১৭ জন; স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫ জন; মানবাধিকার ও আইন সম্পাদক পদে ১১ জন এবং ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবার নির্বাহী সদস্য পদের জন্য মোট ২১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
২৪৮ দিন আগে
জাকসু নির্বাচন: প্রগতিশীলদের ‘সংশপ্তক পর্ষদ’, স্বতন্ত্রদের ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ নামে প্যানেল ঘোষণা
আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সমর্থিত ‘সংশপ্তক পর্ষদ’ নামে এবং ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ নামে স্বতন্ত্র শিক্ষার্থীদের আলাদা দুইটি প্যানেল ঘোষণা করা হয়েছে।
শনিবার ( ৩০ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের সামনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ৮ সদস্যবিশিষ্ট ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ নামে একটি স্বতন্ত্র প্যানেল ঘোষণা করা হয়।
ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) হিসেবে প্রার্থী হয়েছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী এবং জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের মুখপাত্র মো. মাহফুজুল ইসলাম মেঘ।
পড়ুন: জাকসু নির্বাচন: ‘সম্প্রীতির ঐক্য’ নামে ছাত্র ইউনিয়ন সমর্থিত প্যানেল ঘোষণা
এছাড়াও এই প্যানেলে অন্যান্যদের মধ্যে সহ-সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. নাজমুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে সৈয়দা মেহের আফরোজ শাঁওলি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে সাহিদুল ইসলাম শিমুল, সাংস্কৃতিক সম্পাদক পদে সাদিয়া রহমান মোহনা, সহ-সাংস্কৃতিক পদে শেখ আল ইমরান, নাট্য সম্পাদক পদে তপু চন্দ্র দাস এবং পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে শাশ্বত পিকে মনোনীত হয়েছেন।
এর আগে দুপুর দেড়টায় জাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি সংসদ সমর্থিত "সংশপ্তক পর্ষদ" নামে আলাদা একটি প্যানেল ঘোষণা করা হয়েছে।
'সংশপ্তক পর্ষদ’ প্যানেলে থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাবি শাখার সভাপতি জাহিদুল ইসলাম ইমন এবং সহ-সাধারণ সম্পাদক (নারী) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্রফ্রন্ট, জাবি শাখার সংগঠক সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস।
এছাড়াও এই প্যানেল অন্যান্যদের মধ্যে তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক পদে সৈয়দ তানজিম আহমেদ, সহ সমাজসেবা ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে সাদিয়া ইমরোজ ইলা এবং শিক্ষা গবেষনা বিষয়ক সম্পাদক পদে তানজীল আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।
২৪৮ দিন আগে
জাকসু নির্বাচন: ‘সম্প্রীতির ঐক্য’ নামে ছাত্র ইউনিয়ন সমর্থিত প্যানেল ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ‘সম্প্রীতির ঐক্য’ নামে ২৫ সদস্য বিশিষ্ট প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের একাংশ।
শুক্রবার (২৯ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন সংসপ্তকের পাদদেশে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্যানেল ঘোষণা করা হয়।
ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) হিসাবে ছাত্র ইউনিয়ন জাবি শাখার সাবেক সভাপতি অমর্ত্য রায় (প্রত্নতত্ত্ব, ২০১৭-১৮ সেশন), সাধারণ সম্পাদক (জিএস) হিসাবে জাবি সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি শরণ এহসান, (নাটক ও নাট্যতত্ত্ব, ২০১৭-১৮ সেশন), যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) হিসাবে ফারিয়া জামান নিকি (নৃবিজ্ঞান ২০১৮-১৯ সেশন), যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) হিসাবে নূর এ তামীম স্রোত (নৃবিজ্ঞান, ২০১৯-২০ সেশন) প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ ছাড়াও প্যানেলে শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসাবে সুকান্ত বর্মণ, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক সোমা ডুমরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান জনি, সাংস্কৃতিক সম্পাদক মোছাম্মাৎ রাহাতুল ফেরদৌস রাত্রি, সহ-সাংস্কৃতিক সম্পাদক মায়মুনা বিনতে সাইফুল, নাট্য সম্পাদক ইগিমি চাকমা, সহ-ক্রীড়া সম্পাদক (নারী) হিসাবে প্রত্যাশা ত্রিপুরা, সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) হিসাবে রেং থ্রী ম্রো, তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক মো. মাহফুজ আহমেদ, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আবরার হক বিন সাজেদ, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) হিসাবে মায়িশা মনি, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ) পদে মো. তাজুল ইসলাম, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে লাবিবা মুবাশশিরা ইশাদি, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে সীমান্ত বর্ধন মনোনীত হয়েছেন।
পড়ুন: জাবি জাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
এর পাশাপাশি এই প্যানেল থেকে ৪ জন পুরুষ এবং ৩ জন নারী কার্যকরী সদস্য পদের জন্য লড়বেন।
কার্যকরী সদস্য (নারী) প্রার্থীরা হলেন— আরিফা জান্নাত মুক্তা, আনিকা তাবাসসুম ফারাবী, আদৃতা রায় এবং কার্যকরী সদস্য (পুরুষ) পদে লড়বেন নিহ্লা অং মারমা, সৈকত কুমার কানু, চুই থুই প্রু মারমা এবং মো. এরফানুল ইসলাম ইফতু মনোনীত হয়েছেন।
দীর্ঘ ৩৩ বছরের অচলাবস্থা ভেঙে আগামী ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে।
২৪৯ দিন আগে
ডাকসু নির্বাচনে সেনা মোতেয়েন করা হবে না: আইএসপিআর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনসহ অন্যান্য কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতেয়েন করা হবে না বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত সংবাদ প্রচারিত হচ্ছে, যা সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে এসব নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই।
বিদ্যমান আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনসমূহ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়।
পড়ুন: ডাকসু নির্বাচন: ছাত্রদলের ১০ দফা ইশতেহার ঘোষণা
এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাবি প্রশাসন জানায়, ডাকসু নির্বাচনের ভোটগ্রহণের দিন বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশপথে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রিটার্নিং অফিসারের সঙ্গে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের মধ্যে এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত জানানো হয়েছিল।
আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রশাসন জানায়, ৮টি ভোটকেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা থাকবে। প্রথম স্তরে বিশ্ববিদ্যালয় বিএনসিসির সদস্য ও প্রক্টোরিয়াল টিম থাকবে। দ্বিতীয় স্তরে পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। তৃতীয় স্তরে বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশপথে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে।
এই সিদ্ধান্তের পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
২৫০ দিন আগে
জবির দুই শিক্ষককে মারধরের ঘটনায় বহিষ্কার ও ক্যাম্পাসে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজমেন্ট বিভাগের দুই শিক্ষক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের তিন নেতার উপর হামলার ঘটনায় শাস্তিপ্রাপ্তদের ক্যাম্পাসে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ও শহিদ সাজিদ ভবনের নিচ তলায় সংঘঠিত অনাকাঙ্খিত ঘটনায় শিক্ষার্থীদের আবেদন ও অভিযোগকারী শিক্ষকদ্বয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং কমিটির প্রস্তাব অনুযায়ী শাস্তি প্রত্যাহার করা হলো।
শাস্তিমুক্ত হওয়া পাঁচজন হলেন-
ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা পাওয়া দুইজন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং রসায়ন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মো. মাহমুদুল এবং একই শিক্ষাবর্ষের দর্শন বিভাগের হাসান মো. জাহিদুল হাসান।
সাময়িক বহিষ্কার হওয়া তিন শিক্ষার্থী বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ইমরান হাসান ইমান, সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আবু হেনা মুরসালিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. ইয়াসিন হোসেন সাইফ।
উল্লেখ, গত ১০ জুলাই বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদের ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ তুলে মারধর শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এ কে এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলাম রক্ষা করতে গেলে তাদেরকে গালিগালাজ ও হামলা করে ছাত্রদলের নেতকর্মীরা। একই সঙ্গে শাখা বাগছাস সভাপতি, মুখ্য সংগঠক ও যুগ্ম-আহ্বায়ক যথাক্রমে মো. ফয়সাল মুরাদ, ফেরদৌস হাসান এবং ফারুককে ছাত্রলীগ ট্যাগ দিয়ে তাদের উপরও হামলা ও মারধর শুরু করে তারা।
এ ঘটনায় গত ১৪ জুলাই দুই শিক্ষক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের তিন নেতার উপর হামলার ঘটনায় তিনজনকে সাময়িক বহিষ্কার এবং দুইজনকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
২৫০ দিন আগে
৩৫ বছর পর চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ অক্টোবর
দীর্ঘ সাড়ে তিন দশক পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল ৩টায় নির্বাচনের তফসিল ঘোষণা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন নির্বাচন পরিচালনা কমিটি।
পড়ুন: ডাকসু নির্বাচন: ছাত্রদলের ১০ দফা ইশতেহার ঘোষণা
এই তফসিল ঘোষণা করার মধ্য দিয়ে ৩৫ বছর পর চাকসু সচল হতে চলেছে।
১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। প্রতি শিক্ষাবর্ষে নির্বাচন হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত হয়েছে ছয়বার।
সবশেষ ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ।
২৫০ দিন আগে
ডাকসু নির্বাচন: ছাত্রদলের ১০ দফা ইশতেহার ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল। এটি এবারের ডাকসু নির্বাচনে কোনো প্যানেলের প্রথম ইশতেহার।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে ছাত্রদল মনোনিত 'আবিদ-হামিম-মায়েদ পরিষদ' তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। ইশতেহারে মোট ৬৫টি প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।
সংবাদ সম্মেলনে ছাত্রদল মনোনিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিমের সঞ্চালনায় সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান লিখিত ইশতেহারটি পাঠ করেন। এ সময় প্যানেলের সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদী মায়েদসহ অন্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
ইশতেহারে শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক, আনন্দময়, বসবাসযোগ্য ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে। পাশাপাশি নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ ও স্বাস্থ্যসেবা, শিক্ষার্থীদের মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যবিমা, কারিকুলাম ও গবেষণার আধুনিকায়ন, পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণ ও শাটল সার্ভিস, হয়রানিমুক্ত প্রশাসনিক সেবা, শিক্ষাঋণ ও কর্মসংস্থান, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের সম্প্রসারণ, ডিজিটাল সুবিধা ও সাইবার নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ ও প্রাণীবান্ধব ক্যাম্পাস এবং কার্যকর ডাকসু প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
পড়ুন: ডাকসু নির্বাচন: সাইবার নিরাপত্তা শঙ্কায় প্রার্থীরা, প্রধান লক্ষ্য নারী প্রার্থীরা
ইশতেহারে আরও রয়েছে— গেস্টরুম-গণরুম সংস্কৃতি, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি ও দমন–নিপীড়নের মতো চর্চা বন্ধ করে ক্যাম্পাসকে সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত করা, নতুন আবাসিক হল নির্মাণ করে ভর্তির দিন থেকেই শিক্ষার্থীদের জন্য 'একটি সিট ও একটি পড়ার টেবিল' নিশ্চিত করা, ক্যান্টিন ও ক্যাফেটেরিয়ায় ভর্তুকি বৃদ্ধি ও খাবারের মান নিয়ন্ত্রণ।
নারী শিক্ষার্থীদের জন্য প্রতিটি হলে স্বাস্থ্যসেবা ইউনিট, মেডিকেল সেন্টারে নারী চিকিৎসকের উপস্থিতি, সান্ধ্য আইন বিলোপ ও পোশাকের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতিও ইশতেহারে রাখা হয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার আধুনিকায়ন, সার্বক্ষণিক চিকিৎসক ও অ্যাম্বুলেন্স সুবিধা, জরুরি ওষুধ বিনা মূল্যে সরবরাহের অঙ্গীকারও করা হয়েছে।
কোর্স কারিকুলাম নিয়মিত পর্যালোচনা, ক্রেডিট ট্রান্সফারের সুযোগ, কেন্দ্রীয় লাইব্রেরি ডিজিটালাইজেশন, নতুন বাস রুট, মেধাভিত্তিক বৃত্তি ও শিক্ষাঋণ, ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণ এবং প্রাণীবান্ধব ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতিও তারা দিয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের অলিম্পিয়াড, সিম্পোজিয়াম, সেমিনার ও একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ বাড়ানো এবং প্রয়োজনীয় তহবিল গঠনের প্রতিশ্রুতিও ইশতেহারে অন্তর্ভুক্ত রয়েছে।
২৫০ দিন আগে
জাবি জাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অংশ নিতে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২৪ অদম্য এলাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্যানেল ঘোষণা করেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু আহসান মোহাম্মদ ইয়া হিয়া।
ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচন করবেন শেখ সাদী হাসান, সাধারণ সম্পাদক (জিএস) পদে তানজিলা হোসাইন বৈশাখী এবং যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন নারী প্রতিনিধি আঞ্জুমান আরা ইকরা। ২৫ সদস্যের এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তারা ‘২৪ অদম্য’ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
আরও পড়ুন: জাকসু নির্বাচন: সাইবার বুলিং ও সামাজিক হেনস্তা, প্রার্থিতায় অনাগ্রহ নারীদের
এদিকে আজ ছিল জাকসু নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এ পর্যন্ত প্রায় আটজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানা গেছে। বিকেল ৪টায় চূড়ান্ত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল ইসলাম।
২৫০ দিন আগে
দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ ‘কমপ্লিট শাটডাউন’
তিন দফা দাবিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) পূর্ণ কর্মবিরতি বা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এই ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘প্রকৌশল অধিকার আন্দোলন’। সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে শাহবাগ অবরোধ না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের একাডেমিক কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেন আন্দোলনের নেতারা।
বৃহস্পতিবার সকালে রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট, কুয়েট ও চুয়েট) শ্রেণিকক্ষ ও পরীক্ষা হল ফাঁকা দেখা যায়। একই অবস্থা দেশের অন্যান্য প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানেও লক্ষ্য করা যায়।
এক শিক্ষার্থী বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দাবি পূরণ না হলে কোনো ক্লাস বা পরীক্ষা হবে না।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো— ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিসম্পন্ন হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।
আরও পড়ুন: তিন দাবিতে আজও বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ
এর আগে, বুধবার রাতে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে যান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় দুঃখ প্রকাশ করেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন এই পুলিশ কর্মকর্তা।
তিন দফা দাবিতে গত মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল থেকে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন বুয়েটের শিক্ষার্থীরা।
এরপর বুধবার রাজধানীর শাহবাগে পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নেওয়া প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে। দুপুর দেড়টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে।ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে অগ্রসর হতে চাইলে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। একপর্যায়ে সংঘর্ষ বেঁধে গেলে পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী ও সাংবাদিক আহত হন।
২৫০ দিন আগে
বরখাস্ত শিক্ষককে পুনর্বহাল দাবিতে ভিকারুননিসার বসুন্ধরা শাখায় বিক্ষোভ
হিজাব পরতে বাধা দেওয়ার অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করার জেরে আন্দোলন শুরু করেছেন প্রতিষ্ঠানটির বসুন্ধরা শাখার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। তারা বরখাস্ত শিক্ষক ফজিলাতুন নাহারকে পুনর্বহাল, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপপ্রচারকারীদের শাস্তির দাবি জানাচ্ছেন।
বুধবার (২৭ আগস্ট) সকাল থেকে ক্লাস বর্জন করে তারা বিক্ষোভ শুরু করেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা মিছিল নিয়ে ক্যাম্পাসের আশপাশের সড়ক প্রদক্ষিণ করেন।
এর আগে মঙ্গলবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সই করা নোটিসে ছাত্রীদের ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগে ওই শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়।
আন্দোলনরত নবম শ্রেণির ছাত্রী রোকাইয়া বিনতে মাজহার বলেন, ‘আমাদের আপা হিজাব পরতে নিষেধ করেননি, তিনি সঠিকভাবে হিজাব পরতে বলেছিলেন। প্যানেল শিক্ষার্থীরা যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলেন, তারা শেষ পিরিয়ডে ওই ক্লাসে গেলে আপা তাদের বলেছিলেন বাইরে গিয়ে বিষয়টি মিটিয়ে নিতে। প্যানেল শিক্ষার্থীরা ড্রেসকোড না মানা ছাত্রীদের বাইরে নিয়ে ৮-১০ মিনিট কথা বলেন।
‘এই ১০ মিনিটের জন্য আমাদের শিক্ষকের নামে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয়েছে। আমরা আপার পুনর্বহাল এবং অপপ্রচারকারীদের শাস্তি চাই।’
আন্দোলনরত দশম শ্রেণির ছাত্রী মেহের আফরোজ কনক বলেন, ‘আমাদের শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। তিনি ছাত্রীদের ড্রেসকোড মানতে বলেছিলেন। তাই তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।’
প্রতিষ্ঠানটির সাবেক ছাত্রী আনিসা করিম বলেন, ‘আমি ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি। শুধু নাহার আপা নয়, অন্যান্য শিক্ষকরাও কখনো আমাদের হিজাব নিয়ে কোনো কথা বলেননি। আমার বিশ্বাস আপার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হচ্ছে, সেগুলো ভিত্তিহীন। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। যেসব গণমাধ্যমসহ যারা আপার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়িয়ে তার মানহানি করার চেষ্টা করছেন, তাদের বিচার চাই।’
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা প্রভাতি শাখার ষষ্ঠ শ্রেণির একটি শ্রেণিকক্ষ থেকে ২২ জন শিক্ষার্থীকে হিজাব পরার কারণে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং অ্যাডহক কমিটির (অস্থায়ী কমিটি) সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নোটিসে উল্লেখ করা হয়।
তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তার কারণ সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতেও বলা হয়েছে নোটিসে। অভিযুক্ত শিক্ষক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন।
অভিযুক্ত শিক্ষক ফজিলাতুন নাহার বলেন, ‘আমি এই কাজটাই করিনি। আর এই ক্লাসে ২২ জন মেয়ে হিজাব পরে না। নয়জন বা ১১ জন পরে। আমি মেয়েদের বলেছি, তোমরা হিজাব পরে স্কুলে আসবে। হিজাব কীভাবে পরতে হবে তার নিয়মও ছাত্রীদের উদ্দেশে বলেছিলাম।’
দেড় দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটির বসুন্ধরা শাখায় কর্মরত ওই শিক্ষক সেদিনের ঘটনার প্রসঙ্গে বলেন, ‘আমি যখন ক্লাসে গেলাম, গিয়ে দেখি ভলান্টিয়াররা বাচ্চাদের চেক করছে—পোশাক ঠিক আছে কি না, নখ বড় কি না, চুল বাঁধা ঠিক আছে কি না।
‘তখন আমি ওদের (ভলান্টিয়ারদের) বললাম, তোমরা সারাদিন কী করলে? বলে, আপা আমরা সময় পাইনি। তখন বললাম, তাই বলে লাস্ট পিরিয়ডে চেক করবে? তা ঠিক আছে, যাও, তোমাদের যা যা কাজ তোমরা বাইরে নিয়ে যাও এদের, বাইরে নিয়ে তোমাদের দায়িত্ব পালন করো। এটা বলেছি, মেয়েদের বেরও করিনি।’
তাকে সাময়িক বরখাস্ত করার আগে কোনো শোকজ করা হয়নি দাবি করে তিনি বলেন, ‘আমি আইনি পদক্ষেপ নেব।’
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বুধবার দুপুরে বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা একটি তদন্ত পরিচালনা করছি। আমাদের বিশ্বাস, তদন্তে সত্য ঘটনা উঠে আসবে। সে অনুসারে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাব।’
২৫১ দিন আগে