প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারের অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।
তিনি পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করে বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) কোয়ার্টারে আকস্মিক পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে জানিয়েছেন তার উপ-প্রেস সচিব হাসান শিপলু।
পরিদর্শনকালে তারেক রহমান আবাসিক এলাকা, হাঁটাচলার পথ ও আশপাশের পরিবেশ ঘুরে দেখেন।
পরিচ্ছন্নতার ঘাটতি নিয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশ্ন করেন এবং রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেন।
দুই সপ্তাহের মধ্যে আবাসিক এলাকার সার্বিক পরিচ্ছন্নতায় দৃশ্যমান উন্নতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এ সময় আবাসিক এলাকার বাসিন্দারা অপরিচ্ছন্ন পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
পরিবেশের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা।
প্রধানমন্ত্রী তাদের অভিযোগ শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
পরিদর্শনের সময় আবাসিক এলাকায় বসবাসকারী শিশুদের সঙ্গেও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম উপস্থিত ছিলেন।