জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ের ১৬টি উন্নয়ন প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে ১৪টি নতুন ও দুটি সংশোধিত প্রকল্প।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রকল্পে অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন থেকে আসবে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা।
এদিন সর্বোচ্চ সাতটি প্রকল্পের অনুমোদন পেয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এরপর চারটি প্রকল্প অনুমোদন পেয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে।
উল্লেখযোগ্যভাবে নতুন অনুমোদন পাওয়া চারটি প্রকল্প জয়পুরহাট জেলাকেন্দ্রিক। এসব প্রকল্পে মোট ব্যয় হবে ৩ হাজার ৩৪৪ কোটি টাকা।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক সার্ভিস লেনসহ চার লেনে উন্নীতকরণ। সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে এ প্রকল্পে ব্যয় হবে ১ হাজার ৯৩৭ কোটি টাকা। ২০২৬ সালের নভেম্বর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের কথা রয়েছে।
জেলার অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে জয়পুরহাট গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধনী, যাতে ব্যয় হবে ৩৩১ কোটি ৭৬ লাখ টাকা; জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলাজুড়ে ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প, যাতে ব্যয় হবে ৬৪৮ কোটি ৫৫ লাখ টাকা; এবং জয়পুরহাট সড়ক বিভাগের অধীনে তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করার প্রকল্প, যাতে ব্যয় হবে ৪৭২ কোটি ৩৬ লাখ টাকা।
এদিকে অতীতে প্রকল্পের আঞ্চলিক বণ্টনে প্রভাবশালী মন্ত্রী ও নীতিনির্ধারকদের নিজ নিজ জেলা বেশি সুবিধা পেয়েছে উল্লেখ করে সমালোচক ও অর্থনৈতিক বিশ্লেষকরা সুষম উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মুস্তফা কে মুজেরী বলেন, উন্নয়ন কার্যক্রমের সুফল সবার মধ্যে ন্যায্যভাবে বণ্টন করতে হবে।
তিনি আরও বলেন, ‘যেসব অঞ্চলে প্রয়োজন সবচেয়ে বেশি এবং সুযোগ-সুবিধা কম, সেসব অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন উদ্যোগের মধ্যে ভারসাম্য রাখতে হবে।’
দেশের সব নাগরিকের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে রাষ্ট্রীয় নেতৃত্বকে আঞ্চলিক পক্ষপাতের বিষয়ে সতর্ক থাকতে হবে বলেও উল্লেখ করেন তিনি।