কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি খাদ্য সহায়তা বিতরণ করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
শুক্রবার (২৮ নভেম্বর) ডব্লিউএফপি’র গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানানো হয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম), ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং অংশীদার সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর সহযোগিতায় সংস্থাটি ক্ষতিগ্রস্ত ১ হাজার ৯০০ পরিবারকে হাই এনার্জি বিস্কুট (এইচইবি) বিতরণ করেছে।
প্রতিটি পরিবারকে ৫ কেজির একটি করে কার্টন দেওয়া হয়েছে। রান্না ছাড়াই খাওয়া যায় এসব এইচইবি জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক পুষ্টি সরবরাহে কার্যকর। এতে রয়েছে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, প্রোটিন ও কার্বোহাইড্রেট। আজকের সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তিন দিনের পুষ্টি চাহিদা পূরণে সহায়ক হবে।
ডব্লিউএফপি বাংলাদেশে ১৯৭৪ সালে কার্যক্রম শুরু করে, এরপর থেকে জরুরি সহায়তা ও দুর্যোগ-সহনশীলতা বৃদ্ধিতে নানা উদ্যোগ পরিচালনা করে আসছে। দেশের স্কুল মিল কর্মসূচিতেও বহু বছর ধরে ব্যবহার হচ্ছে এই বিস্কুট। শুধু ২০২৪ সালেই সাইক্লোন রেমাল ও বিভিন্ন বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ লাখ মানুষের কাছে জরুরি খাদ্য, নগদ সহায়তা ও পুনর্বাসন সহায়তা পৌঁছে দেয় সংস্থাটি।
ডব্লিউএফপি জানায়, আজকের বিতরণ কর্মসূচির পরও তারা স্থানীয় প্রশাসন ও মানবিক সহায়তাকারীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজন হলে অতিরিক্ত সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
এর আগে গত ২৫ নভেম্বর সন্ধ্যায় কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। একে একে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট গিয়ে পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বস্তিটিতে অগ্নিকাণ্ডের ফলে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।