কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসানের বাবা আতাউর রহমান নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ জুন ) রাত ১০টার দিকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফুলবাড়ী-বালারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা মোটরসাইকেলটি আটক করেছে। মোটরসাইকেলের চালক উপজেলার কুরুষা ফেরুষা গ্রামের ইমান আলীর ছেলে লিমন মিয়া পালিয়ে গেছেন। তিনি ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ মোড় এলাকার আদি মোটরসাইকেল মেকানিক্সের কর্মচারী।
আরও পড়ুন: ঈদুল আজহার ছুটিতে সড়ক দুর্ঘটনায় ২৬২ জনের মৃত্যু: আরএসএফ
স্থানীয়রা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদে এশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আতাউর রহমান। এ সময় পিছন দিক মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে পাকা রাস্তার ওপর পরে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানভীর। পরে অ্যাম্বুলেন্সে রংপুরে নেওয়ার পথে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনায় হতাহত কমাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জাতিসংঘের