সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটক ও আশপাশে অবস্থানে নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৫ পুলিশ সদস্যসহ ১৬ শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়া একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সোয়া ১টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের দখল নিতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় দুপক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয়। বর্তমানে শাবিপ্রবির গেটের সামনে পুলিশ অবস্থান নিয়েছে।
এর আগে, বেলা ১১টা ২০ মিনিট থেকে শিক্ষার্থীরা মদিনা মার্কেটসহ সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন। এরপর থেকে মাঝে মাঝেই পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে।
পুলিশ গুলি-টিয়ার শেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় একজনকে আটক করা হয়েছে।
প্রায় আধা ঘণ্টার এই সংঘর্ষে পুলিশসহ প্রায় ১৬ জন আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কোটা আন্দোলন: সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ শিক্ষার্থীদের
আহতরা হলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিইপি বিভাগের শিক্ষার্থী রাফিদ, বাংলা বিভাগের শিক্ষার্থী নাঈম, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী রাহিম, আইপিই বিভাগের শিক্ষার্থী শাফায়েত, জিওগ্রাফি বাংলা বিভাগের শিক্ষার্থী ও বাম দলের নেতা লুবনা, রসায়ন বিভাগের শিক্ষার্থী রহিম, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিম, ফরেস্ট্রি বিভাগের শিক্ষার্থী মাহিদ। এছাড়া তৌফিক নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন, তবে তিনি কোন বিভাগের শিক্ষার্থী তা জানা যায়নি। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের নাম জানা যায়নি।
এদিকে, সংঘর্ষের ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ‘শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকলে পুলিশ তাদের প্রতিহত করে। তাদের হামলায় আমাদের ৫ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে একজনের মাথায় আঘাত লেগে তার অবস্থা গুরুতর।’
তিনি বলেন, ‘এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং একজনকে আটক করা হয়েছে। তবে তিনি বহিরাগত। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। এসময়ে জরুরি পরিষেবার যানবাহন ও অফিস ছাড়া সব পরিষেবা বন্ধ রাখতে আহ্বান জানিয়েছেন তারা।
আরও পড়ুন: সিলেটে ‘কমপ্লিট শাটডাউন’, যান চলাচল কম