শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলার রায় প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ট্রাইব্যুনাল কী রায় দেয় তা তো জানি না, তবে আগামীকাল সোমবার ট্রাইব্যুনাল রায় যা-ই দিক, তা কার্যকর হবে এবং জনগণ তা মেনে নেবে। এই রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরোপুরি প্রস্তুত।
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে বরিশালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে জেলা পুলিশ লাইন্সে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো বা খুবই খারাপ তা বলবো না, এখন যে পরিস্থিতি আছে তা মোটামুটি সন্তোষজনক। দেশ স্বাধীনের পর থেকে ৫৪ বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো—তা কেউ কোনোদিন বলেনি। দুই-চার দিন ধরে দুয়েকটা জায়গায় ঝামেলা হচ্ছে, তাও সকলের সহযোগিতায় নিয়ন্ত্রণে চলে আসবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে। এবার নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা করি।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া শুধু প্রশাসনের ওপর নির্ভর করে না। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, সর্বোপরি জনগণের কার্যক্রমের ওপরও নির্ভর করে। জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে কেউ তা থামাতে পারবে না।
বর্তমানে বিভিন্ন জায়গায় নির্বাচনি পোস্টার হচ্ছে, কিছু দল প্রার্থী ঘোষণা করেছে, যা ভালো দিক বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।