ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে আবুল বাশার (৫৪) নামে এক হাজতি এবং আব্দুল কাইয়ুম (৬২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কারারক্ষী শহীদ জানান, হাজতি আবুল বাশারের বাড়ি চাঁদপুরের কচুয়া এলাকায়। তার বাবার নাম সেকান্দার আলী। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
তিনি জানান, রবিবার সকালে কেন্দ্রীয় কারাগারে আবুল বাশার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, কারারক্ষী হেমায়েত হোসেন জানান, একই সকালে কেন্দ্রীয় কারাগারে কয়েদি আব্দুল কাইয়ুম অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারারক্ষী হেমায়েত জানান, আব্দুল কাইয়ুমের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায়। তার বাবার নাম দুদুমিয়া। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে আবুল বাশার ও আব্দুল কাইয়ুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্ত শেষে কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।