পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের বাবা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের সাবেক ডিন মো. নূরুল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম।
রবিবার (১ নভেম্বর) এক শোকবার্তায় প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘মো. নূরুল আলম তার বর্ণাঢ্য শিক্ষকতা পেশায় কলেজের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের ডিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। একজন শিক্ষাবিদ হিসেবে তার অবদান অপরিসীম।’
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরেক শোকবার্তায় প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘মো. নূরুল আলম তার কর্মজীবনে মহান শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার অসংখ্য ছাত্র-ছাত্রী বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত রয়েছেন।’
এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান শামা ওবায়েদ।
মো. নূরুল আলম বার্ধক্যজনিত কারণে গতকাল (শনিবার) ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।