পরিবেশের অবক্ষয় বা পরিবর্তন একসময় মানব অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ পরিস্থিতি মোকাবিলায় পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আশপাশে দেখুন। এখন কি আর প্রজাপতি দেখতে পান? পান না। গাছপালা কেটে ফেলার কারণে প্রজাপতি হারিয়ে যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম, তখন এসব কীটপতঙ্গ দেখতে পেতাম। কিন্তু পুরো পরিবেশ পরিবর্তিত হয়ে যাচ্ছে। পরিবেশ এভাবে পরিবর্তিত হয়ে গেলে আস্তে আস্তে মানুষও ধ্বংস হয়ে যাবে।’
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত লালমনিরহাট আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় সংগঠনটির সদস্যদের একসঙ্গে কাজ করে নিজেদের এলাকা পরিচ্ছন্ন ও সুন্দর করা এবং পরিবেশ রক্ষার আহ্বান জানান তারেক রহমান।
তিনি বলেন, ‘আজকে আলোকিত লালমনিরহাটের সব সদস্যকে আমি অনুরোধ জানাব, আসুন আমরা আমাদের এলাকাটাকে সুন্দর করি। এলাকার পরিবেশ রক্ষা করি। পরিবেশ রক্ষার মাধ্যমে আমরা মানুষকে রক্ষা করি। আসুন আমরা আমাদের এলাকার সঙ্গে দেশকে রক্ষা করি, দেশকে সুন্দরভাবে গড়ে তুলি। আসুন, এই কাজগুলো করার মাধ্যমে শুধু এলাকা না, শুধু দেশ না, আমরা আমাদের পৃথিবীকে রক্ষা করি।’
পরিবেশের পরিবর্তন অব্যাহত থাকলে একসময় তা মানব অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে সতর্ক করে প্রধানমন্ত্রী সংগঠনটির সদস্যদের প্রকৃতি ও সব জীবের সুরক্ষায় কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, আল্লাহর সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের দায়িত্ব তার অন্য সব সৃষ্টির যত্ন নেওয়া।
আশপাশের এলাকা ও ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখা, বৃক্ষরোপণসহ সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে এসব উদ্যোগে সংগঠনটির সদস্যদের সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সেই সঙ্গে প্রতিটি জেলায় আলোকিত লালমনিরহাটের মতো সামাজিক সংগঠন গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
তারেক রহমান বলেন, সম্মিলিত সামাজিক উদ্যোগ সমাজের মূল্যবোধ ফিরিয়ে আনতে এবং এমন অনেক সমস্যা সমাধানে সহায়তা করতে পারে, যেগুলো শুধু আইন করে সমাধান করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ দীর্ঘ সময় ধরে ভয়ভীতি ও মানুষের অধিকার হরণের পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। এ সময়ে সমাজের সম্মানিত ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা বিভিন্নভাবে অপমানিত হওয়ায় সামাজিক মূল্যবোধও ক্ষতিগ্রস্ত হয়েছে।
গণঅভ্যুত্থানের পর আলোকিত লালমনিরহাটের মতো সংগঠনগুলোকে সারা দেশে সামাজিক মূল্যবোধ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এ সময় বিভিন্ন ধর্ম, পেশা ও রাজনৈতিক মতাদর্শের মানুষকে অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করার জন্য একত্র করার উদ্যোগের প্রশংসা করেন তারেক রহমান।