বাংলাদেশের পানি সংকট মোকাবিলা ও জলবায়ু-সহনশীল পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্ট গবেষকরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এম এ লতিফ মিলনায়তনে দুই দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ গুরুত্ব তুলে ধরেন।
ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে ‘বাংলাদেশে জলবায়ু-সহনশীল পানি ব্যবস্থাপনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন।
ড. সালাম বলেন, পানি ব্যবস্থাপনার গুণগত মান ও পরিমাণ—উভয় দিক থেকেই বাংলাদেশ চ্যালেঞ্জের মুখে রয়েছে। নদীদূষণ, ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের উপস্থিতি বৃদ্ধি এবং পানির স্তর ক্রমাগত নেমে যাওয়ার মতো সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গবেষণার বাস্তব প্রয়োগের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, কেবল গবেষণাপত্রের সংখ্যা না বাড়িয়ে দেশের পানি সমস্যার সরাসরি সমাধানে অবদান রাখতে সক্ষম মানসম্মত গবেষণা করতে হবে।
এ কর্মশালা পানিসম্পদ ব্যবস্থাপনায় দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরিতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়, কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো (ইউ-অব-টি) ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেছে।
এতে সহায়তা করছে কানাডিয়ান ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চ, ইউনিভার্সিটি অব টরন্টোর ভেক্টর ইনস্টিটিউট ও পেল ব্লু এআই।
ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বদরুদ্দোজা মিয়া।
এছাড়া আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের চেয়ারম্যান বি এম রাব্বী হোসেন, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক ড. মোহাম্মদ লুৎফুর রহমান ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিন বক্তব্য দেন।
অনুষ্ঠানে কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোর অধ্যাপক রিচার্ড টেলর ‘বাংলাদেশে জলবায়ু-সহনশীল পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার টুলস তৈরিতে পর্যবেক্ষণের মৌলিক ভূমিকা’ বিষয়ে বক্তব্য দেন।
ইউসিএলের অধ্যাপক মোহাম্মদ শামসুদ্দোহা কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন।
বিভিন্ন সরকারি সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ জন গবেষক, বিজ্ঞানী ও প্রতিনিধি এ কর্মশালায় অংশ নিচ্ছেন।
ইউসিএল ও ইউ-অব-টির গবেষকরা এতে রিসোর্স পার্সন হিসেবে অংশ নিচ্ছেন।
আয়োজকদের আশা, কর্মশালায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা অ্যানালিটিক্স বিষয়ে প্রশিক্ষণ জলবায়ু-সহনশীল পানি ব্যবস্থাপনাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’-এর তথ্যনির্ভর বাস্তবায়নে সহায়তা করবে।