পাবনায় ২৭ জন কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তার মাঝে দুই কোটি ৭০ লাখ টাকার ঋণ মঞ্জুরিপত্র ও চেক বিতরণ করেছে বিভিন্ন তফসিলি ব্যাংক।
বুধবার (২৮ অক্টোবর) পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক সভায় বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় এসব ঋণ মঞ্জুরিপত্র ও চেক বিতরণ করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ১০ হাজার কোটি টাকার স্কিম এবং উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব গড়ে তোলার লক্ষ্যে তিন হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের প্রচার ও বাস্তবায়ন ত্বরান্বিত করতে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার, পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, অগ্রণী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ফজলুল করিম ও পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. হারুন-অর-রশিদ।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পাবনা শাখা এবং অগ্রণী ব্যাংক পিএলসির পাবনা আঞ্চলিক কার্যালয় যৌথভাবে লিড ব্যাংক হিসেবে কর্মসূচিটি সমন্বয় করে।
সভায় পাবনায় কর্মরত বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তা ও শাখা ব্যবস্থাপক, তিন শতাধিক কৃষি ও এসএমই উদ্যোক্তা এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও যুব উন্নয়ন অধিদপ্তর।