‘স্বাধীনতা পুরস্কার, ২০২৬’ প্রদান অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্ব নির্ধারিত ৯ এপ্রিলের পরিবর্তে অনুষ্ঠানটি এখন আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ এপ্রিল বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনিবার্য কারণবশত পূর্বঘোষিত তারিখ পরিবর্তন করে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
এতে আরও বলা হয়, পুনর্নির্ধারিত অনুষ্ঠানের জন্য নতুন করে কোনো আমন্ত্রণপত্র ইস্যু করা হবে না। ৯ এপ্রিলের অনুষ্ঠানের জন্য পূর্বে পাঠানো আমন্ত্রণপত্র দেখিয়েই অতিথিরা ১৬ এপ্রিলের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর সরকার এই সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে থাকে।
এ বছর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’-এর জন্য মনোনীত করা হয়েছে।