সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ডিএসসিএসসি কোর্স-২০২৫-এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি কমপ্লেক্সে এই সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সামরিক শিক্ষায় উৎকর্ষতার স্তম্ভ হিসেবে ডিএসসিএসসির প্রতি নেতৃত্ব গঠনে জাতির আস্থা পুনর্ব্যক্ত করেন তিনি।
গ্র্যাজুয়েশন সম্পন্নকারী সকল অফিসারকে অভিনন্দন জানিয়ে তিনি তাদের এই কোর্সে অর্জিত জ্ঞান, প্রজ্ঞা ও সংকল্পকে জাতির অগ্রগতিতে কাজে লাগানোর পরামর্শ দেন। এ ছাড়াও, শীর্ষস্থানীয় সামরিক প্রতিষ্ঠান হিসেবে ডিএসসিএসসির বিশ্বব্যাপী অর্জিত সুনামের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানের শুরুতে কমান্ড্যান্ট, মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। দীর্ঘ এক বছর কঠোর প্রশিক্ষণে অর্জিত জ্ঞান নিজ নিজ বাহিনীকে আরও শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ডিএসসিএসসি কোর্স ২০২৫-এর সাফল্য নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাহিনী সদর দপ্তরসমূহ, সশস্ত্র বাহিনী বিভাগ এবং সকল অংশীজনের প্রতিও নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আইএসপিআরের তথ্যমতে, ডিএসসিএসসি কোর্স ২০২৫-এ বাংলাদেশ সেনাবাহিনীর ১৭০ জন, নৌবাহিনীর ৪৫ জন এবং বিমান বাহিনীর ৩৬ জন কর্মকর্তা গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এছাড়া বাংলাদেশ পুলিশের ৩ জন কর্মকর্তা এবং চীন, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, জর্ডান, কেনিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, লাইবেরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, তানজানিয়া, তুরস্ক ও উগান্ডা থেকে আগত ৫৮ জন কর্মকর্তা অংশ নেন। সব মিলিয়ে এ বছর মোট ৩১১ জন প্রশিক্ষণার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। এতে বাংলাদেশ পুলিশের একজন নারী কর্মকর্তাসহ মোট ১৪ জন মহিলা কর্মকর্তা গ্র্যাজুয়েশন অর্জন করেন, যা নারীর অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নে প্রতিষ্ঠানের প্রতিশ্রুতির প্রতিফলন।
সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি শিক্ষা প্রতিষ্ঠান, যা মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের উচ্চতর দায়িত্ব ও নেতৃত্ব প্রদানের জন্য প্রস্তুত করতে অঙ্গীকারবদ্ধ। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৫,৩২৯ জন কর্মকর্তা, ২০ জন পুলিশ কর্মকর্তা এবং বন্ধুপ্রতিম ৪৫ দেশের ১,৪৬৫ জন বিদেশি সামরিক কর্মকর্তাসহ মোট ৬,৮১৪ জন অফিসার এখানে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
অনুষ্ঠানে সেনা ও নৌবাহিনী প্রধান, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা (চাকরিরত এবং অবসরপ্রাপ্ত), বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যাপক, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের মিলিটারি/ডিফেন্স অ্যাটাচি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।