দেশের বিভিন্ন জেলায় টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতি ও পাহাড়ধসের ঘটনায় সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, ‘আমাদের সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের কোনো আশঙ্কা আপাতত নেই।’
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
দেশজুড়ে বন্যা এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনায় সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যেসব জায়গায় বন্যা এসেছে, বিশেষ করে কক্সবাজারে ভূমিধসে গতকাল ৯ জনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছিল। তারা সেখানে সহযোগিতার হাত বাড়িয়েছে। আজকে আমি ব্যক্তিগতভাবে রাঙ্গামাটি, কক্সবাজার, খাগড়াছড়ি—প্রত্যেকটি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি।
মন্ত্রী বলেন, ইতোমধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য তিন জেলা—বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ২০০ টন করে চাল এবং ১০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে এই ধরনের দুর্যোগে আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতা প্রদানের জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের এ ব্যাপারে (দুর্যোগ) সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের কোনো আশঙ্কা আপাতত নেই। বড় ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা অবশ্যই তাৎক্ষণিকভাবে সেখানে সহযোগিতা দেব।
এছাড়া দেশের বাকি সব জেলার জন্যও ১০০ টন করে চাল এবং ৫ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী।