ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর মলদ্বারে লুকানো চারটি ডিম্বাকৃতির বস্তু ও অন্তর্বাসে মাখানো পেস্ট থেকে প্রায় এক কেজি সোনাসদৃশ পদার্থ জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) কর্মকর্তারা।
রবিবার (১৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিন ভোর ৪টা ২৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় আসেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার হাসান মিয়া। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করেন সিআইআইডি কর্মকর্তারা।
এক্স-রে পরীক্ষায় হাসানের মলদ্বারে সোনাসদৃশ বস্তু লুকানো থাকার বিষয়টি ধরা পড়ে। পরে তার কাছ থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের ডিম্বাকৃতির চারটি সোনাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এছাড়া তার অন্তর্বাসের কাপড়ে মাখানো প্রায় ১০০ গ্রাম সোনাসদৃশ পেস্ট পাওয়া যায়।
সব মিলিয়ে জব্দ করা পদার্থের ওজন প্রায় এক কেজি, যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৮০ লাখ টাকা বলে জানিয়েছে সিআইআইডি।
অধিদপ্তর বলছে, জব্দ করা পদার্থ পরীক্ষা ও পরিশোধনের পর সোনার সঠিক পরিমাণ ও বিশুদ্ধতা নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চোরাচালান চক্র জড়িত থাকতে পারে বলে সিআইআইডি কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।
চক্রটিকে শনাক্ত করা এবং এর পেছনে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে অধিদপ্তর দেশের অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করবে।
প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী অধিদপ্তর বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতার কাঠামোর সহায়তাও চাইতে পারে।