প্রথমবারের মতো মালয়েশিয়া ও প্রবাসী আর্ট মেলা-২০২৪ এ অংশগ্রহণ করছে বাংলাদেশ। কুয়ালালামপুরে প্যাভিলিয়ন দামানসারা হাইটসে ২২ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত চলমান এই মেলায় বাংলাদেশসহ ১১টি দেশ অংশ নিচ্ছে।
শুক্রবার(২৬ জুলাই) এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনার মো. শামীম আহসান। অনুষ্ঠানে কর্পোরেট কমিউনিকেশন ট্যুরিজম মালয়েশিয়ার পরিচালক মোহাম্মদ শাহরীর মোহাম্মদ আলী , কাতার দূতাবাসের কাউন্সিলের ইব্রাহীম আল-শেরাইম, প্যাভিলিয়নের পরিচালক ম্যাডাম সুয়ান ওয়াই, আর্ট মার্কেট মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা রিতা হাত্তা, বিভিন্ন দেশের শিল্পী ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারী দেশগুলো হলো- কাজাখস্তান, হাঙ্গেরি, চীন, ভিয়েতনাম, কোরিয়া, ভারত, পাকিস্তান, মালদোভা, উগান্ডা এবং স্বাগতিক মালয়েশিয়া।
সোরিয়াতা রিসোর্সেস এবং আর্ট মার্কেট মালয়েশিয়া এ মেলা আয়োজন করে। মেলায় আর্ট, কারুশিল্প, পণ্যদ্রব্য এবং চিত্রপ্রদর্শনী হচ্ছে।
মেলায় বাংলাদেশ হাইকমিশনের তত্ত্ববধানে ‘উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট’, মালয়েশিয়া চ্যাপ্টার অংশগ্রহণ করছে। দু’টি প্রদর্শনী বুথে বৈচিত্র্যময় পরিসরে বাংলাদেশি হস্তশিল্প, গৃহসজ্জা, ঐতিহ্যবাহী পোশাক, গহনা, খাবার এবং প্রাণ ফুডসের খাদ্য ও পানীয় পণ্য প্রদর্শন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে হাইকমিশনার মো. শামীম আহসান বাংলাদেশের সমৃদ্ধ শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন এবং মালয়েশিয়ায় শিল্প -সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্যেসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশিদের সম্পৃক্ততার ওপর আলোকপাত করেন। বাংলাদেশকে এ মেলায় অংশগ্রহণের সুযোগ দেওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান হাইকমিশনার।
শামীম আহসান মেলায় সক্রিয় অংশগ্রহণের জন্য বাংলাদেশের ‘উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট’, মালয়েশিয়া চ্যাপ্টার, প্রাণ, মৈত্রীসহ অন্যান্য প্রতিষ্ঠানকে আন্তরিক ধন্যবাদ জানান।
বাংলাদেশ-মালয়েশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া, মালয়েশিয়া বাংলাদেশে বিশ্বের অষ্টম বৃহত্তম বিনিয়োগকারী দেশ। মালয়েশিয়ায় প্রায় ১৪ লাখ প্রবাসী এবং প্রায় ৫ হাজার বাংলাদেশী শিক্ষার্থী রয়েছেন।