রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পৌরসভা এলাকায় দুই দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করেন।
এতে বলা হয়, মঙ্গলবার বিকাল ৫টা থেকে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পৌরসভা এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
নেতাকর্মীরা জানান, আগামীকাল বুধবার পৌরসভা এলাকার মহিষালবাড়িতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিনের অনুসারীরা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করেন। কাকনহাট পৌরসভা বিএনপির ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা ছিল শরীফ উদ্দিনের। গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি থেকে কাকনহাট পৌরসভা দূরত্ব ১৯ কিলোমিটার।
অন্যদিকে, গোদাগাড়ী উপজেলা বিএনপি বুধবার বিকালে দলীয় কার্যালয়ের সামনে আলাদা কর্মসূচির ঘোষণা দেয়। এ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিলো বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট সুলতান ইসলাম তারেক।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকালে বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠানের প্রস্তুতির সময় শরীফ উদ্দিনের পক্ষের অনুসারীরা বাধা দেয়। তখন উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর পরই উত্তেজনা ছড়িয়ে পড়ায় প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে ইউএনও ফয়সাল আহমেদ বলেন, আগেই দুপক্ষ সভার বিষয়টি আমাদের অবগত করেছিল। যেহেতু দুই অনুষ্ঠানের দূরত্ব এক কিলোমিটার, সে কারণে অনুমতি দেওয়া হয়েছিল। তবে যেহেতু অনুষ্ঠানের আগের দিনই দুপক্ষ সংঘাতে জড়িয়ে পড়ে, তাই গোদাগাড়ী পৌর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।