রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বুধবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। এর প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের গেট তালাবদ্ধ করে সবাইকে হলত্যাগে বাধা দিচ্ছে আবাসিক শিক্ষার্থীরা।
এছাড়াও হলের প্রাধ্যক্ষকে অবরুদ্ধ করে রাজনীতিমুক্ত সোহরাওয়ার্দী হলের দাবি জানিয়েছে তারা।
শিক্ষার্থীরা বলছেন, ‘যে ছাত্র রাজনীতি আমাদের কোনো উপকারে আসে না উল্টো বিভিন্ন ঝামেলার মুখোমুখি হতে হয়, সেই ছাত্র রাজনীতি এই হল থেকে নিষিদ্ধ ঘোষণা করা হোক।’
এসময় হল ত্যাগ না করার সিদ্ধান্তও জানান শিক্ষার্থীরা।
শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, ‘যদিও আমি চাই ছাত্র রাজনীতি বন্ধ হোক, কিন্তু সবকিছু আমার হাতে নেই। আবাসিক শিক্ষকদের সঙ্গে কথা বলে আমি সিদ্ধান্ত নিতে পারব।'
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলসহ বেশ কিছু ছাত্রী হলে তালা দিয়েছে আবাসিক শিক্ষার্থীরা। হলের ভিতরেই অবস্থান নিয়েছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের অন্য আবাসিক হলগুলোর শিক্ষার্থীরা হল ত্যাগের নোটিশের বিপক্ষে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক জানান, ‘সরকারের পক্ষ থেকে নির্দেশনা আছে আবাসিক হলগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। সেক্ষেত্রে আমরা নিরাপত্তা দেওয়ার জন্য হলগুলো তালাবদ্ধ করে রাখব।'
হল বন্ধের বিষয়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পরবর্তী কোনো নির্দেশনা দেওয়া হয়নি।