লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ছয়জন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩০ মে) দুপুরে বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করা হয়।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে বুড়িমারী রেলওয়ে স্টেশনে ছয়জন ব্যক্তি সন্দেহজনক আচরণ করছিলেন। খবর পেয়ে পাটগ্রাম উপজেলার ৬১ বিজিবি তিস্তা-২ ব্যাটালিয়নের বুড়িমারী বিওপির সদস্যরা তাদের আটক করে।
আটকরা সবাই আসামের গোলাঘাট, দরং এলাকার বাসিন্দা। তাদের মধ্যে চার পুরুষ ও দুই নারী রয়েছেন।
আরও পড়ুন: দুই জেলায় আরও ২৭ জনকে ঠেলে পাঠালো বিএসএফ
বিজিবি জানায়, গত ২৫ মে বিএসএফ সদস্যরা তাদের হাতিবান্ধা উপজেলার দৈই খাওয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে।
এ ব্যাপারে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তারা সবাই আসামের নাগরিক। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।’