শুধু পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ না থেকে খেলাধুলা, শিল্প ও সংস্কৃতি চর্চা এবং দেশ ও জাতির ইতিহাস সম্পর্কে জানার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই সঙ্গে একজন বিবেকবান মানুষ হিসেবে নিজের পাশাপাশি সমাজ, পরিবেশ ও দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার নবাবগঞ্জের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া ৫০ জন শিক্ষার্থী জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
শিক্ষাপ্রতিষ্ঠান তিনটি হলো কলাকোপা উচ্চ বিদ্যালয়, বান্দুরা হলিক্রশ হাই স্কুল অ্যান্ড কলেজ ও সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, পড়ালেখা শেষ করে তারা একদিন বড় হবে এবং বিভিন্ন পেশায় যোগ দেবে। কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ আইনজীবী, কেউ বিজ্ঞানী কিংবা শিক্ষক হবে।
তিনি আরও বলেন, তবে যে পেশাতেই যাক না কেন, নিজের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্বের কথা সব সময় মনে রাখতে হবে।
তারেক রহমান বলেন, প্রত্যেক মানুষের নিজের প্রতি যেমন দায়িত্ব রয়েছে, তেমনি তার চারপাশের মানুষ, সমাজ ও পরিবেশের প্রতিও দায়িত্ব রয়েছে।
এ সময় একজন বিবেকবান মানুষ হিসেবে রাষ্ট্র, সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
তার মতে, সবাই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে চেষ্টা করলে সমাজের কল্যাণে ভূমিকা রাখা সম্ভব।
শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশ নেওয়া এবং শিল্প-সংস্কৃতি সম্পর্কে জানারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘পড়ালেখার পাশাপাশি কিন্তু খেলাধুলা করতে হবে। পড়ালেখার পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।’
শুধু মুখস্থ করে পরীক্ষা দেওয়া কিংবা ভালো ফল অর্জন করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয় উল্লেখ করে সরকারপ্রধান বলেন, এর বাইরেও অনেক কিছু জানার ও শেখার রয়েছে।
তিনি আরও বলেন, এসব বিষয়ে জ্ঞান অর্জন করলে শিক্ষার্থীদের জীবন আরও সমৃদ্ধ হবে এবং তারা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।