সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা সমান করেছে সরকার। এখন থেকে দুই ধরনের স্কুলেই প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের বয়স কমপক্ষে ছয় বছর ও সাত বছরের কম হতে হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭ (সংশোধিত)’ প্রকাশ করা হয়েছে। এতে সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা সংশোধন করা হয়।
সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স ছয় বছর বা তার বেশি এবং সাত বছরের কম হতে হবে।
এ হিসাবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়া শিক্ষার্থীরা ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে।
নীতিমালায় আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের বয়স নির্ধারণের জন্য অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমায় পাঁচ বছর পর্যন্ত অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে বলে নীতিমালায় উল্লেখ রয়েছে।।
এর আগে সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স পাঁচ বছর নির্ধারণ করা হয়েছিল। অন্যদিকে বেসরকারি স্কুলে এ বয়সসীমা ছিল ছয় বছর।
একই শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে দুই ধরনের বয়সসীমা থাকায় অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এ পরিস্থিতিতে সরকারি স্কুলের ভর্তি নীতিমালা সংশোধন করে বেসরকারি স্কুলের সঙ্গে বয়সসীমা সমন্বয় করল সরকার।