আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর রাজধানীতে ককটেল বিস্ফোরিত হয়েছে। হাইকোর্টের বিপরীতে গণপূর্ত অধিদপ্তরের সামনের সড়কে এ বিস্ফোরণ হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে বিস্ফোরণের পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
চব্বিশের জুলাইয়ে গণহত্যায় জড়িত থাকার দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে মৃত্যুদণ্ড দিয়ে ট্রাইব্যুনাল রায় ঘোষণার ১৫ থেকে ২০ মিনিট পর বিস্ফোরণটি ঘটে।
বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে কেউ কেউ বিভিন্ন দিকে দৌড়াতে শুরু করে। ব্যস্ত সড়কে বিস্ফোরণের কারণে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কে বা কারা ককটেলটি বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ আলামত সংগ্রহ করেছে। জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে পুলিশ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং তদন্ত চলছে।