সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘রাঙ্গা বাহিনী’র প্রধান নজরুল শেখকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।
রবিবার (২৬ অক্টোবর) সকালে সুন্দরবনের শিবসা নদীসংলগ্ন কালাবগি এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ সময় দুটি একনলা বন্দুক এবং ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করে কোস্টগার্ড।
আটক নজরুল শেখের (৪৮) বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলায়। নজরুল ‘রাঙ্গা বাহিনী’ নামে একটি বাহিনী গঠন করে দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, চাঁদাবাজি এবং জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল বলে জানিয়েছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘রাঙ্গা বাহিনী’র সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের কালাবগি এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।
কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখকে আটক করা হয়।
কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, রাঙ্গা বাহিনীর সদস্যরা চাঁদার দাবিতে গত ৩১ জুলাই সুন্দরবনের জঙ্গলবাড়ি ও বনবাড়ি রিসোর্টে চিঠি পাঠায়। এরপর থেকেই তাদের ধরতে কোস্টগার্ড অভিযান শুরু করে।
এর আগে, গত ১২ সেপ্টেম্বর কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে মুক্তিপণের দাবিতে অপহরণ করে রাঙ্গা বাহিনীর আস্তানায় জিম্মি রাখা চার জেলেকে উদ্ধার করে। এ সময় অস্ত্র ও গোলাবারুদসহ রাঙ্গা বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটক বাহিনী প্রধান নজরুল শেখের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।