আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করার লক্ষ্যেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নব্বইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদী দুঃশাসনের কড়া গ্রাসে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। এর সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে।
গণতন্ত্রের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে অপেক্ষাকৃত কার্যকর বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ একসময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করলেও ক্ষমতায় এসে তা বাতিল করে। মূলত ক্ষমতা কুক্ষিগত করার লক্ষ্যেই তারা এই ব্যবস্থা বাতিল করেছিল।
রিজভী বলেন, পৃথিবীর সব দেশের গণতন্ত্রের চেহারা এক নয়। কাঠামো অনুযায়ী গণতন্ত্র একেক দেশে একেক রকম। ১৭ বছর ফ্যাসিস্টকে টিকিয়ে রেখেছিল নব্বইয়ের স্বৈরাচাররা। জাসদের গণতন্ত্রবিরোধী চিহ্নিত ইতিহাস আছে।
তিনি বলেন, দেশে নিরপেক্ষ বিচারব্যবস্থা, স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হলে শহীদ ডা. মিলনের আত্মত্যাগ সার্থক হতো। ডা. মিলনের চেতনার ওপর ভর করেই পরবর্তী সময়ে বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে সবাই উদ্দীপ্ত হয়েছেন।
তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠানের জন্য ন্যূনতম একটা পদ্ধতি তৈরি হয়েছিল, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। কমপক্ষে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা হলে সে নির্বাচনটা যতটুকুই হোক, সর্বোচ্চ মাত্রায় একটা নিরপেক্ষ নির্বাচন হতো। আপনারা দেখেছেন যতবারই ইন্টেরিম গভর্নমেন্ট বা আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট যেটাই বলি না কেন, তার মাধ্যমে যে নির্বাচনটা হয়েছে, একটি রাজনৈতিক দলের কিন্তু পুনরাবৃত্তি হয়নি। তো এটা একটা গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য একটা ভালো একটা মানে পদ্ধতি হিসেবে আমরা গ্রহণ করেছিলাম।’
রিজভী বলেন, পৃথিবীর সব গণতন্ত্রের চেহারা তো এক না। গণতন্ত্রের মূল অন্তর্নিহিত শক্তিটা হচ্ছে যে জনগণের শাসন। জনগণের মতামতের শাসন—এটা হলো মূল বেসিক। কিন্তু এর মেথডোলজি এবং এর কাঠামোটা একেক দেশে একেক রকম। কোথাও পার্লামেন্টারি, পার্লামেন্টারিয়ান শাসন, কোথাও প্রেসিডেন্সিয়াল সিস্টেম, কোথাও আবার প্রেসিডেন্সিয়াল সিস্টেম এবং পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে একটা ভারসাম্য ব্যবস্থা আছে, কোথাও ডেমোক্র্যাটিক মনার্কি আছে—এ ধরনের নানা পদ্ধতি আছে।
তিনি বলেন, আমাদের এখানে একটি পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকার, কারণ যেহেতু বিশ্বাস পাওয়া যাচ্ছে না যে একটি রাজনৈতিক দল ক্ষমতায় থেকে নির্বাচন করলে ওটা নির্বাচন মানে নিরপেক্ষ নির্বাচন হবে না। তো সেই ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন হলোই, তাহলে এটাকে স্থায়িত্ব দেওয়া দরকার ছিল।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এবং দুঃখজনক ঘটনা হচ্ছে, মর্মান্তিক ঘটনা হচ্ছে, যারা আন্দোলনের দাবি করলেন, যারা উপরে-উপরে, তারাই আবার এই পদ্ধতিকে একেবারে নিষিদ্ধ করে দিলেন। কিন্তু আমার কথাটা ওইটার ওই জায়গাতে আরেকটি কথা আমার কাছে যেটা সবচেয়ে বিস্ময়কর মনে হয়, যে ডাক্তার শামসুল আলম মিলন জীবন দিলেন এবং তিনি যে রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট ছিলেন বা যে মতবাদে বিশ্বাস ছিলেন, সেই রাজনৈতিক দলের নেতা ওই ফ্যাসিবাদ, যারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উচ্ছেদ করে দিয়ে চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার একটা নীলনকশা করল, তাদের সাথে আঁতাত করলেন এবং অত্যন্ত নির্লজ্জভাবে আঁতাত করলেন।
‘যতদিন মন্ত্রী ছিলেন, যতদিন এই জোটের মধ্যে ছিলেন, সবচাইতে গণতন্ত্রবিরোধী নিকৃষ্ট কথাবার্তা এবং বিরোধী দলের যারা থাকেন, তাদের বক্তব্যের সমালোচনা করা যায়, তাদের কর্মসূচির সমালোচনা করা যায়, কিন্তু ব্যক্তিগতভাবে আজেবাজে কথা বলা যায় না। এটা একটি গণতান্ত্রিক সভ্য সমাজে সেই ধরনের কথাবার্তা হয় না। এটা চলে না। কিন্তু তিনি সেটাও করেছেন, ব্যক্তিগতভাবে আজেবাজে আক্রমণ করতেন। এটা সত্যিকার অর্থেই অত্যন্ত মানে দুঃখজনক, বিস্ময়কর ব্যাপার।’
১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ডা. মিলনের আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, ডাক্তার শামসুল আলম খান মিলন তো একটা বৃহত্তর কাজে আত্মদান করেছেন। এটা এখন তার এই শহীদি আত্মদান, আর তিনি কোনো রাজনৈতিক দলের হিসেবে চিহ্নিত নন। তিনি পেশাজীবী, তিনি একটি বাংলাদেশের একটা বড় আলমা ম্যাটার, একটা মহিমান্বিত শিক্ষা প্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা করেছেন। সুতরাং আমিও একমত, তার নামে একটা কিছু হওয়া উচিত, যেটার একটা বড় ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি থাকতে হবে।
উল্লেখ্য, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ডা. শামসুল আলম খান মিলন গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। তার আত্মত্যাগ তৎকালীন গণঅভ্যুত্থানকে আরও বেগবান করেছিল।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন এবং স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবিরসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।