প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বলেন, গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে অনুষ্ঠিত হবে। কোন শক্তি তা পেছাতে পারবে না।
শুক্রবার বিকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মত মন্তব্য করছে। আমরা এটিকে হুমকি হিসেবে দেখছি না। যেটা সবচেয়ে উত্তম, সেটাই প্রধান উপদেষ্টা করবেন।
তিনি আরও জানান, ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন জানাবেন।
২৪-এর গণঅভ্যুত্থানে পুরুষদের পাশাপাশি নারীদের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচার পতন ও গণঅভ্যুত্থানে পুরুষ ও নারীরা একসাথে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। এখন নারীরাও পিছিয়ে নেই এবং সব ক্ষেত্রেই তারা প্রতিনিধিত্ব করছে।
তরুণদের জ্ঞান ও মেধার বিকাশকে উৎসাহিত করার লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হলো ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন ২০২৫’।
সকালে নোবিপ্রবি কেন্দ্রীয় অডিটোরিয়ামে জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমির সভাপতিত্বে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার জেলা অতিরিক্ত প্রশাসক ইসমাঈল হোসেন।