বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের যে চাপ কমে গিয়েছিল, তা আবার বৃদ্ধি পেয়েছে। মহেশখালীর ভাসমান টার্মিনালের ত্রুটি সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেছে।
তিনি আরও বলেছেন, এলএনজি-ভর্তি কারগো ইতোমধ্যে এসে পৌঁছেছে। ফলে লোডশেডিং অনেক কমে গেছে।
রবিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
রুহুল কবির রিজভী বলেন, মহেশখালীতে ভাসমান টার্মিনালের যে ত্রুটি হয়েছিল সেটা সম্পূর্ণরূপে গতকাল সারাই করা হয়েছে, ঠিক হয়ে গেছে। এছাড়া, এলএনজি-ভর্তি কারগো ইতোমধ্যে এসে পৌঁছেছে এবং সরবরাহ চলছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের যে চাপ কমে গিয়েছিল, তা আবার বৃদ্ধি পেয়েছে।
সরকারের দ্রুত পদক্ষেপ ও আন্তরিকতার কারণে লোডশেডিং এবং গ্যাসের চাপ-সংক্রান্ত সমস্যা সমাধান সম্ভব হয়েছে বলে জানান তিনি।
সরকারের ভাবমূর্তি তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকার একটি জনকল্যাণমুখী ও সামাজিক সুরক্ষাবান্ধব সরকার। অতীতে ফ্যাসিস্ট আমলে মেগা প্রজেক্টের নামে যে ভয়াবহ মেগা দুর্নীতি হয়েছে, সেখান থেকে বের হয়ে বর্তমান সরকার দুর্নীতিমুক্ত পরিকাঠামো গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে।
তিনি বলেন, সরকারের প্রতিটি কাজ ও সিদ্ধান্তের জবাবদিহি জাতীয় সংসদ, দলের নেতাকর্মী এবং গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরা হবে।
এ সময় দেশের চলমান ধারা অব্যাহত রাখতে ও সব ধরনের চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রিজভী।