সম্পদ বিবরণী দাখিল না করা সংক্রান্ত দুদকের মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির সাবেক চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক।
প্রসিকিউশন ফারুকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এস এম জিয়াউর রহমান তাকে বেকসুর খালাস দেন।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন ফারুক।
তিনি বলেন, ‘এই রায়ের মাধ্যমে ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখা হলো। যারা ছাত্র আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনেছেন, তাদের উদ্দেশে এই বিচার উৎসর্গ করছি। আশা করি, আমাদের বিচার বিভাগ স্বাধীন থাকবে।’
আরও পড়ুন: বাংলাদেশের চুরি হওয়া অর্থ উদ্ধারে দুদককে সহায়তা করবে ইইউ
মামলার অভিযোগ থেকে জানা যায়, জয়নাল আবেদীন ফারুক নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য থাকাকালে ১৯৯৯ সালের ৯ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত দুদকের পক্ষ থেকে তার পরিবারসহ সবার সম্পদ বিবরণী দেওয়ার নোটিশ দেওয়া হয়।
বিবরণ দাখিল না করায় ২০০০ সালের ১৯ জানুয়ারী দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক আমিনুল ইসলাম তার নামে একটি মামলা করেন।
এরপর ২০০১ সালের ১৭ জুন ফারুকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক ইমদাদুল হক। পরবর্তী সময়ে ২০০৬ সালের ২৩ মার্চ তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।