আওয়ামী লীগ সরকারের আমলের অব্যবস্থাপনা, লুটপাট ও বিশৃঙ্খলায় বিপর্যস্ত দেশ পুনর্গঠনে বিএনপি সরকার কাজ করছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জনঅধিকার পার্টি আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে অব্যবস্থাপনা, লুটপাট ও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে দেশ যে ভয়াবহ অবস্থার মধ্যে পড়েছে, সেখান থেকে দেশকে বের করে পুনর্গঠনে কাজ করছে বিএনপি সরকার।
জ্বালানি সংকট মোকাবিলা এবং আগের সরকারের রেখে যাওয়া সমস্যাগুলো সমাধানের পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনে সরকার কাজ করছে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
তিনি বলেন, অতীতের নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে বিএনপি সরকার। আগের সরকারের কাছ থেকে ব্যাংক লুটপাট, অর্থপাচার এবং আর্থিক খাতে চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা উত্তরাধিকারসূত্রে পেয়েছে বর্তমান সরকার।
বিএনপি নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ব্যাংক, বিমাসহ বিভিন্ন খাতে বিশৃঙ্খলা রেখে গেছে।
এছাড়া আওয়ামী লীগ ও শেখ হাসিনার ঘনিষ্ঠরা ঋণের নামে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের পরিবারের সদস্যরা বিদেশে বিলাসী জীবনযাপন করছেন।
রিজভীর অভিযোগ, ক্ষমতাচ্যুত সরকারের সমর্থকরা অবৈধভাবে অর্জিত অর্থ ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন।
তিনি বলেন, তাদের অবৈধ টাকা আছে বলেই তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে এবং আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। তারা বিদেশে বিপুল অর্থ পাচার করেছে, আর কিছু অর্থ দেশের ভেতরেও লুকিয়ে রেখেছে। এসব অর্থ ব্যবহার করে তারা নৈরাজ্য সৃষ্টি, বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। সরকারকে ব্যর্থ করে দেওয়ার পরিস্থিতি তৈরি করাই তাদের লক্ষ্য।
আসন্ন দুর্গাপূজাকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্রের আশঙ্কার কথাও বলেন রিজভী।
শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে সবাইকে সার্বক্ষণিক সতর্ক থাকার এবং পূজামণ্ডপগুলোতে নজরদারি রাখার আহ্বান জানান তিনি।