বাংলাদেশে ফারসি ভাষা ও সাহিত্যের চর্চা ও বিকাশে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি ও স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হচ্ছে ‘প্রথম ক্বান্দে ফারসি উৎসব-২০২৬’।
ফারসি ভাষা ও সাহিত্যপ্রেমী, গবেষক, লেখক, অনুবাদক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে এ উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশে অবস্থিত ইরানের দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আগামী ২১ ডিসেম্বর ‘শাবে ইয়ালদা-২০২৬’ উপলক্ষে এ উৎসব অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে যারা দীর্ঘদিন ধরে ফারসি ভাষা ও সাহিত্য নিয়ে কাজ করছেন ও সক্রিয় ভূমিকা রাখছেন, তাদের অবদান তুলে ধরা ও যথাযথ স্বীকৃতি দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
বাংলাদেশে ফারসি ভাষা ও সাহিত্যের সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করার পাশাপাশি এ বিষয়ে আগ্রহীদের মধ্যে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়াতে উৎসবটি ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।
উৎসবে অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ তারিখ ৩০ নভেম্বর।
আগ্রহীরা www.qandeparsi.bd ওয়েবসাইট ভিজিট করে নিবন্ধন ও আয়োজন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
প্রতিটি বিভাগে বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে, বিশেষ করে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অর্জনকারীকে ইরানের কোনো একটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য পূর্ণ স্কলারশিপ দেওয়া হবে।
উৎসবটি সফল করতে সার্বিক সহযোগিতায় রয়েছে আনজুমানে ফারসি বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ।