কুমিল্লা নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ১৮ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রাত থেকে ভোর পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের খুতবা চলাকালে নগরীর নুরপুর-তেলিকোনা সড়কে ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ। ঘটনার পরপরই ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এতে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়। পরে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মিছিলে নেতৃত্বদানকারী কাইয়ুমসহ ১৮ জনকে আটক করে।
আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।