খুলনার বটিয়াঘাটা উপজেলায় ছাত্রদলের এক সাবেক নেতা গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহত সোহেল শেখ (৩৬) উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমানে যুবদলের একজন কর্মী। তিনি বড় কড়িয়া এলাকার গনি শেখের ছেলে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের সামনে পাকা সড়কে মোটরসাইকেলে বসে ছিলেন সোহেল শেখ। এ সময় দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেলে করে এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান। এতে তার ডান হাত ও পেটের ডান পাশে গুলি লাগে।
স্থানীয় লোকজন সোহেলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহমান শরীফ ও বাইনতলা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়।
ওসি জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।